মে সংখ্যা

    ✍️ মে সংখ্যা

প্রকাশিত হল নবোন্মেষ পত্রিকার মে মাসের বিশেষ সংখ্যা। সবাইকে নবোন্মেষ পত্রিকায় স্বাগত। 

সম্পাদকীয়

    সম্পাদকীয়...................................✍️

 "আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে,
কাঁচা ইঁট পাকা হয় পোড়ালে তা আগুনে ।
রোদে জলে টিকে রঙ পাকা কই তাহারে ।
ফলারটি পাকা হয় লুচি দই আহারে ।"
------সুকুমার রায়

বৈশাখ-জৈষ্ঠ্য মাস আসলে শিশু সাহিত্যিক সুকুমার রায়ের কবিতা আজও মনে করিয়ে দেয় এই মাসগুলো কত রসের। মে মাস তথা বাংলা বৈশাখ এবং জৈষ্ঠ্য মাসের মিলন মাস। এই সময়ে শুধু যে আম পাকে তা নয়, এই মাসে কত সাহিত্যিক, সমাজ সংস্কারক আবির্ভূত হয়েছেন আমাদের মাঝে! রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, রাজা রামমোহন রায় আরো প্রমুখ ব্যক্তিরা। তাঁদের ছাড়া সাহিত্য ও সমাজ কল্পনা করা যায় না। নবোন্মেষ তাঁদের পুষ্প স্তবকের সাথে সম্মান জানিয়ে এবং যারা মে মাসের সংখ্যাতে হাতে হাত রেখে লেখা উপহার দিয়ে সাজিয়েছেন তাঁদের প্রতি এই সংখ্যাটি উৎসর্গ করা হল। সবার জন্য রইলো গভীর মনের প্রাণভরা শুভেচ্ছা। 
ধন্যবাদান্তে-
গৌরাঙ্গ সরকার
(সম্পাদক, নবোন্মেষ পত্রিকা)
শিবশংকর দেবনাথ
(সহ-সম্পাদক, নবোন্মেষ পত্রিকা)

ঝড়

    ✍️ সুস্মিতা দাস

আজ ঝড় উঠবে এ তো জানা কথাই
আজ যে ঝড় উঠারই দিন 
সকল ভালবাসার নদী আজ কূল  ছাপিয়ে যাবে,
সাথে নিয়ে পৃথিবীর যাবতীয় সভ‍্যতা
আকাশ ও আজ নুয়ে পৃথিবীর বুকে জীবন জিজ্ঞাসায়,
পৃথিবীতে অযাচিত যা কিছু আছে সব যেন আজ ধুয়ে মুছে নিশ্চিহ্ন হয়ে যায়,
বুক বেঁধে রাখ সন্তানেরা 
মায়ের স্নেহও কিন্তু অযাচিতই
অফুরন্ত,সব হিসেব - নিকেশের বাইরে।

জটিল সমীকরণ

রাহুল দেবনাথ

বেকারত্বের ক্লান্ততা পেরিয়েও,
খানিকটা বিরতি লাগে।
এক, দুটো খুচরো আবদার,
শুধু তুমি।
সীমিত শাসনের আদরে,
যেখানে তোমাতে আমি পূর্ণ পায়।
ভুলে যায়, ফেলে আসা রাতকে!
কিন্তু ব্যথারা সব জানে,
পাঁকা হাতের জটিল সমীকরণে,
সীমিত সম্ভাবনারা বালি চাপা।
তখন মনে হয়, আশাগুলো ঠিক পরিমিত।
দীনতার চৌখাট পেরিয়ে,
সময়কে খানিকটা সময় দিয়ে,
পৃথিবীর সমস্ত নিয়মকানুন ভেঙে 
স্মৃতির অগোচরে বলতে ইচ্ছে করে না?
আমি তোমায় ভালোবাসি.....

৫ই জ্যৈষ্ঠের ভালোবাসাবাসি

ইন্দ্রানী ভট্টাচার্য

প্রেমে পড়ার আরেকটি মাস 
হচ্ছে জৈষ্ঠ্য,
প্রেমে ভাসবার আরেকটি জায়গা হচ্ছে রেল ষ্টেশন ।
প্রেমের আরেকটা ঋতু 
হচ্ছে গ্রীষ্ম ….
ভালোবাসার জিওন কাঠি নিয়ে
বাংলা ভাষায় মাখামাখি হয়ে
কাঠ ফাটা রদ্দুরে 
রক্ত ছড়িয়ে দিয়েছিল 
এগারোটা আলো ।
ত্রিযামা শেষে 
যেখানে জীবন অপেক্ষা করেছিল 
এক আপোষহীন দিনের,
সেখানে গর্জে উঠেছিল..
আগুন…. আগুন !
নৃশংসতার লেলিহানে মাখামাখি হয়েছিল
এগারোটি রংমশাল...

আমরা এখনো ভেসে বেড়াই
ফিনিক পাখীর মতো
জ্যৈষ্ঠের অবগাহনে...