রেহানা বেগম হেনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রেহানা বেগম হেনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সূর্যোদয় দেখবো বলে

✒️রেহানা বেগম হেনা

সূর্যোদয় দেখবো, তাই
পাহাড়ের গা ঘেঁষে দাঁড়াই।
দেখি, ভোরের সূর্যটি 
পাহাড়ের গা বেয়ে বেয়ে
হামাগুড়ি দিয়ে দিয়ে
আকাশ ধরে,
লাল গোলাপী কোমল আভা দেয় ছড়িয়ে,
সেই আভা মেখে নিই সারা শরীরে।
কবিতা ও আমি,
আমি আর কবিতা,
ইচ্ছে মতো
দুজনে হাত বাড়িয়ে দিই সামনের দিকে,
নরম আলো ছুঁয়ে প্রতিজ্ঞা করি -
মানুষ হওয়ার
আপ্রাণ চেষ্টা চলছে
সূর্যের মতন সত্যের আলোয়।
ধীরে ধীরে মানুষ হয়ে ওঠার চেষ্টা...

মানবতাই মানুষের ধর্ম

✍️ রেহানা বেগম হেনা ____________________ 

কেন টেনে হিছড়ে নিয়ে যাওয়া হচ্ছে
কোমলমতি শিশুদের
ওই ধর্মালয়ের দিকে!
ছাড়ো ওদের হাত,
ওরা বেড়ে উঠুক আলোকিত মানুষ হয়ে।
ফুল যেভাবে প্রস্ফুটিত হয় বৃন্তে,
মাতৃবৃন্তে প্রস্ফুটিত হোক শিশু।

কেন বপন করছো ওদের নিষ্পাপ
পবিত্র মস্তিষ্কে ধর্মের বিষাক্ত বীজ?
মানুষে মানুষে ভেদাভেদ, দ্বেষ বিদ্বেষ?

বরং ওদের নিয়ে যাও বিদ্যালয়ে,
নিয়ে যাও গ্রন্থাগারে,
খুলে দাও গ্রন্থের সম্ভার।
খুলে দাও উন্মুক্ত আকাশ।

ওদের শেখাও গণিত বিজ্ঞান ইতিহাস সাহিত্য।
ওদের মগজের বিকাশ হতে দাও,
ফুলের মতন ফুটে উঠুক ওদের মগজ,
ওদের মন, ওদের আচরণ বিশ্বের জ্ঞানের বৃন্তে।

বড়ো হয়ে ওরা বেছে নিক মানুষের ধর্ম।
ওরা মানবতার সেবায় নিয়োজিত করুক নিজেদের প্রাণ, নির্ভীক কণ্ঠে উচ্চারিত হোক -- মানবতাই মানুষের ধর্ম।

চলো না

✒️রেহানা বেগম হেনা

চলো না, দুজনায়
আজ ভিজে যাই
গোধূলির সেই লাল আভায়,
ভিজে ভিজে দেহ
কাঁধে কাঁধ গৃহ
হেঁটে হেঁটে যাই
লক্ষ আলোকবর্ষ চূড়ায়।

একান্তে চলো যাই
আকুল পাগলপারায় --
হাতে হাতে দুটি হাত
মনের জলপ্রপাত
বয়ে বয়ে চলা নদী মোহনায়।

ভালোবেসে-বেসে স্নিগ্ধ জ্যোছনায় স্নান
স্নান সেরে নিই জীবনের।
যা ছিল না পাওয়া
শুধু তুলে তুলে নেওয়া
গ্রীষ্ম বর্ষা ফাগুনের।

এমনই করে এ পথে পথচলা
যেন কখনও না ফুরায়,
না ফুরায়!
চলো না গো আজ দুজনায়
শুধু ভালোবেসে-বেসে যাই
অজানার কোনও ঠিকানায়।

প্রশ্নবাণ

 


✍️ রেহানা বেগম হেনা

__________________


তীরন্দাজ নই আমি,

তবু তীক্ষ্ণ প্রশ্নবাণ ছুঁড়ে দিলাম

তোমাদের অন্ধ বিবেকের দিকে।

বিদ্ধ হোক তোমাদের হৃদয়

ক্ষত বিক্ষত হোক বিবেক বুদ্ধি চেতনা,

তোমাদের বিবেক থেকে উদ্গারিত -

নোংরা কালো ধোঁয়া গ্রাস করে নিচ্ছে -

প্রতিটি গ্রাম শহর জনপদ।

তোমাদের এই ধর্মান্ধতার বিষাক্ত কালো ধোঁয়ায়

শ্বাস নিতে কষ্ট হচ্ছে কোমলমতি শিশুদের,

ওদের নিষ্পাপ হৃদয় জুড়ে 

   শুধুই তোমাদের প্রতি ধিক্কার।

তোমরা কিভাবে ছড়াচ্ছো এমন বিষবাষ্প?

এতোটুকুও লজ্জা বিবেকবোধ নেই তোমাদের?

এখনও সময় আছে - 

  মুক্তি দাও ওদের,

        বাঁচতে দাও, 

ওরা বাঁচুক নিজের মতো করে,

নির্মল হাসি আর মানুষ হয়ে।

এসো ভোরের স্বপ্ন হয়ে


                 ✍️রেহানা বেগম হেনা 

কতো দিন কতো কতো  রাত
গেছে বয়ে
কতো যে বছর আমার গেছে হারিয়ে,
শুধু তোমার,
 শুধু তোমারই কথা ভেবে ভেবে।
ভাবনার স্রোতের সঙ্গে সময় নিয়েছো কেড়ে।

তুমি এসেছিলে জীবনে আমার
কোনও এক গোধূলি বেলায়,
প্রেমের কবিতার পঙক্তি হয়ে
তারপর...
পঙক্তির পর পঙক্তি শব্দের মিছিলে ছন্দ তুলে তুলে
ঢেউয়ের পর ঢেউ তুলেছ
আমার নিভৃত মনে, নির্জনে গোপনে।
কতো শত আলাপনে।
সেই ঢেউয়ের রেশ ধরে
ছন্দে ছন্দে সুরে সুরে 
এখনও রয়ে গেছো তুমি 
তবে, তবে তা ভোরের স্বপ্ন হয়ে।

তুমিই আমার প্রেরণা -
অজস্র কবিতা লেখার,
তুমিই আমার জীবনের সুখ-
আমার দুঃখ ব্যথা যন্ত্রণা,
আমার জীবনের দুপুরবেলার নীরবতা।
আমার শ্বাস প্রশ্বাসের বরতা।

এখনও কতো দিন কতো রাত কেটে যায়
শুধু তোমার কথা ভেবে ভেবে,
তুমি রোজ এসো একবার আমার ভোরের স্বপ্ন হয়ে।

পেছনে পড়ে থাক প্রান্তর

✒️রেহানা বেগম হেনা

চলো দুজনে হাতে হাত রেখে
হেঁটে যাই হাজার আলোকবর্ষ পথ
ভালোবেসে বেসে যাই আরও দূরে
কোনও এক অজানা জগৎ।
 আপন খেয়ালে কূজনে দুজনে
চলো যাই মিলিয়ে ঐ অন্ধকার নির্জনে,
চলো যাই বিলীন হয়ে
 দুজনে দুটি মনের মাঝে,
চিরদিন চিরকাল
সকাল বিকাল দুপুর সাঁঝে।

মনে করো,
তুমি ভোরের নরম আভায় দূর্বা কোমল
আমি তোমার চিকন ঠোঁটে
                        সিগ্ধ শিশিরের জল
নয়তো,
তুমি কোনো এক ভোরে ফোটা বেলিফুল
 আমি তোমার সমস্তটা জুড়ে মিষ্টি সৌরভ,

কিংবা..
তুমি রাতের অন্ধকার এক আকাশ
আমি তোমার বুকে মিটিমিটি কোন একটি তারা!

অথবা..
তুমি যদি হও কোনো এক নদী
আমি তোমার বুকের উতলা ঢেউ
তুমি যদি চাঁদ হও পূর্ণিমার
আমি তোমার বুকে ঝরা জোছনা
তুমি যদি হও বিকেলের ক্লান্ত পাখি
আমি তোমার অপেক্ষায় থাকা 
শান্তির নীড়।

এভাবেই হোক না জানা অজানার স্পর্শ,
চলো না, এভাবে হেঁটে হেঁটে যাই হাজার হাজার আলোকবর্ষ।

নব দিশার পৃথিবী

               ✍️রেহানা বেগম হেনা

কালের বিবর্তনে সদ্য ভূমিষ্ঠ শিশুর এক হাতে হাতুড়ি উঠুক, 
অন্য হাতে তুলে দাও তুমুল শানিত তরবারির ধারালো কলম , 
মুষ্টিবদ্ধ একজোড়া হাতে ওসব ছুঁয়ে শিশুটি বেড়ে ওঠুক অস্ত্র সীমানায়!
ওকে গড়ে উঠতে দাও, 
পৃথিবীর প্রতিটি সমকোণ ভরে আছে আগাছা জঞ্জালের স্তূপীকৃত মনন।
বোধহীন প্রান্তরের নাগপাশে
মানুষে মানুষে হানাহানি,
চলছে কল্প কথার অহেতুক 
গল্প ছুড়ি,
আত্মিক মেলবন্ধনের আকাশ ছেয়েছে ঘনঘটার বিষাক্ত মেঘে,
এ কালো পুঞ্জ সরাতেই হবে।
এসব দোর গোড়ায় আঘাত হানতে দাও শিশুকে,জাগৃতির
হাতুড়ি আঘাতে চুরমার হোক যাবতীয় কুক্ষিগত চিন্তন,
ধূলিসাৎ হয়ে যাক হিংসা ঘৃণা দ্বেষ।
জাতপাত ধর্ম বকলমে যতো প্রাচীর মিনার সরে মনোনিবেশে নামুক এক প্রাঞ্জল আগামী। 
আপামর শিশু কণ্ঠে নিঃসৃত হোক সম্প্রীতির মহার্ঘ বাণী।
গড়ে উঠুক নব দিশার পৃথিবী,বেদনাবিধুর পরিবেশ উবে অঙ্গীকারে থাক সহাবস্থানের পূর্ণতা।
না-হলে কিসের---
চকলেট,হাগ,গোলাপ, ভালোবাসা দিবসের অহেতুক উদযাপন!
শিশুই পারে এ বিশ্ব হতে জঞ্জাল সরিয়ে সুস্থ মননের মানচিত্র উপহার দিতে।

আগামী সংস্কৃতির সম্ভাবনা


✒️রেহানা বেগম হেনা

হে ঘুমন্ত নারী তোমরা 
তোমরা আড়মোড়া ভেঙে
নবাগত সূর্যে দু'পাতা মেলো,
ফেলে আসা ক্যানভাসে তাকাও অতীতের পানে।

পৃথিবীর পুণ্য জন্ম লগ্নে যেথা ছিলো উষ্ণতার পরশ 
উভয়ের একসাথে মেলবন্ধন, 
ছিলো না নরনারীর অমানবিক ভেদাভেদ,
সময়ের হাত ধরে ছিলো একসাথে পথচলা।
অজস্র বন্ধুর সময় ডিঙিয়ে 
মিলেমিশে একাকার উচ্ছ্বাসী ক্ষণে থাবা গেড়েছে শিকারী জীবন! 

অজানা দুর্বিপাকে
হঠাৎ ঘনিয়ে আসে ওরা আমারা'য়
        চরম বৈষম্যের কালোমেঘ!
কোন্ মস্তিষ্কপ্রসূত নারীত্বের সত্তা পিছনের সারিতে,
দুর্বলতার নামাবলীতে অসহায় অশুচির গণ্ডি?
যে নারীর পাল তোলা নৌকোয় 
বয়ে চলে পুরুষের সাথে মিলে সৃষ্টির ধারা,
কোন্ ছলনায় হল নারী একা গতিহারা ?

জ্ঞানী গুণী পুরুষ হয়তো বলে 
নারী অবলা, দুর্বল! 
কোন্ অভিধানে কোথা সে তেমন?
সমাজ উত্তরণে জল স্থল অন্তরীক্ষে নারী আজ সমান বেগে।
সৃষ্টির ধারক লম্বা বিনুনিরা আজ প্রাসঙ্গিক সমালোচনায় অজস্র পথে প্রান্তরে অবিচল শীর্ষে,
নানান অবতারণায় কঠিনতম দৃশ্যে।
সব খোয়ানো বিচিত্রিতায় জেগে ওঠা অদম্য সম্ভাবনা, 
পার্থিব জগতে বহু কৃষ্টি মাঝে আগামী সংস্কৃতির উদ্ভাবনা।

বিবর্ণ মানচিত্রের অমানিশায়


                 ✍️রেহানা বেগম হেনা 

বয়স আশি ছুঁইছুঁই এক বৃদ্ধের স্যাঁতসেঁতে ঘরের ছাল ওঠা দেয়ালে টাঙ্গানো দেশের কবেকার তেলচিটে ফুটিফাটা এক মানচিত্র!

দরজায় খোলামেলা কপাটের শিরা-উপশিরায় আলতো
ছুঁয়ে যায় মৃদুমন্দ হাওয়া,
সে হাওয়ার আবেগী দোলায় 
এদিকওদিকে নড়ে ওঠা কম্পিত সময়ের আলপথে হোঁচট খায় মানচিত্রের বিদগ্ধ দৃষ্টি,হয়তো আর ক্ষতিকর সম্ভবনা নেই। 
অশীতিপর স্থির চাউনিতে লক্ষ্য রাখে,পলক ফেলতেই বাতাসে জোর লাগে,রূপ নেয় ঝড়ো বৈচিত্র্যের।
বেয়াড়া পূর্বাভাসের লুকোচুরি খেলায় নড়েচড়ে বসার চেষ্টা বৃদ্ধের, 
সাদা চুলে কোঁচকানো অভিজ্ঞতায় নতজানু বয়সের চৌকাঠে আত্মসমর্পণ বাধ্যতায়। 
চোখের সামনে বেমক্কা হাওয়ার গতি দুমড়ে মুচড়ে দেয় মানচিত্র, 
খেই হারা সুতোয় নামেমাত্র ভরে দেয়ালের খানাখন্দে ঝুলে থাকে।
বিবর্ণ রূপের স্মৃতিপাতা যেন আরো বিবর্ণ,শতছিন্ন।

নবাগতদের উদ্দেশ্যে শেষ বারের মতো বৃদ্ধের কম্পিত কণ্ঠে চিৎকার আসে,
নিমেষে  ছুটে আসা সস্নেহ পুত্র প্রপৌত্রর দল..
সম্মিলিত চেষ্টার আন্তরিকতায়
কাঠি,সুতো,আঠা,নতুন কাগজে আবারও সেজে ওঠলো -উঠলো মানচিত্র।
ঠকঠকে হাতের লাঠি যেতে যেতে বলে গেলো---
সবে খেয়াল রেখো ঐ অর্বাচীন হাওয়ার কপাটের পানে,
দমকা মুহূর্ত হাওয়া যেন আর কখনো না টানে।
ভেজা আকাশ লুকিয়ে রেখো না দু-চোখের পাতায়,
হাজারো বিপত্তি আসুক থেকো না মহাশূন্য বুকে পথ হাঁটায়।

খুলে দেখি ঝরাপাতা

রেহানা বেগম হেনা ✒️

খুলে দেখি ঝরাপাতার ওড়না-
হাজারো বোবাকান্না সয়ে
হাওয়ায় থেমে থেমে যায় বয়ে,
পাহাড়ের বুক চিরে গুমরে নামে ঝর্ণা,
অভিমানী পাথরের প্রান্ত ছুঁয়ে ছুঁয়ে
 ধীরে মন্থরে গড়ায় মিঠে জলের ধারা ।
সামনের অগণিত হোঁচট
,নুড়ি ঠেলে এগিয়ে চলে আপন খেয়ালে ।

কাকডাকা ভোরের আকাশ 
চঞ্চল উদ্দাম সাহসী,
কৌতুহলী দৃষ্টিতে দেখে মেঠো আলপথ
দুপাশের ছোট ছোট কৃষকের চৌকাঠ
, পাইন আর দেবদারুর মাটির দাওয়া। 

রঙিন মাছের নানান জলকল্লোল কসরত
 সামনের দিকে এগিয়ে চলে ।
মন্থর গতির ধীরে লয়ে জমে পলি
হৃদয়ের ভিটের ওপরে রাশি রাশি
উঁচু হয় স্তরে স্তরে মোহনার কাছাকাছি,
সামনে সৈকত 
শুধু অন্তহীন অপেক্ষা..
কিছু পরেই মিশে যাবে মিঠে জলের ধারা
মিলবে গো সমুদ্রের নোনা জলে
সেখানেই তার আগামীর অস্তিত্ব।
মেঘ যাদের ভাসতে শেখায়, বৃষ্টি শেখায় ঝরা,
তাদেরই ঋণ থেকে যায় সময়টুকু ছাড়া ।

হাট

রেহানা বেগম হেনা ✍️

বেশ জমে উঠেছে হাট
ভিড় ঠাসাঠাসি, হাঁকডাক,
চলছে দাপাদাপি,
জাঁকজমক, জমজমাট।
পদযুগল ফেলা বড় দায়,
অনেকে বাইরে ঠায় অপেক্ষায়।

যে যার মতো সাজিয়েছে পসরা
দর কষাকষি, কোলাহলে মুখরিতেরা।
কেউবা হাঁকে চড়া দাম,
কেউবা নীরব – মূল্য কম
নীতি, নিয়ন্ত্রণ উঠেছে শিকেয়
অবাধে জিনিস মানুষ বিকয়।

দু' চারজন অবশ্য এখনও আছে স্থির
         ন্যায় নীতি বোধ আঁকড়ে স্থবির।
 বিকায়নি মেরুদন্ডহীনের ভিড়ে,
         প্রলোভন সাগর গভীরে।

যাক না সময় গড়িয়ে আরও কিছু,
       ওরা বদ্ধ পরিকর,
        নিজেদের বিবেকের প্রতি নিচু,
  নিয়েছে কঠোর ব্রত —
সময় বদলের অপেক্ষায়
    আজও আছে ওরা সদা জাগ্রত।

শীত

✍️ রেহানা বেগম হেনা

শীত তুমি এসেছো, আবারও আমাদের ছোট গাঁয়ে,
হেমন্তের শিশির ভেজা, কোমল ঘাসের সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে।
তোমার আগমনে -
হিমেল সিংহাসনে হয়েছে আসনখানি পাতা,
তোমার রাজ্যাভিষেকের সাথেই হবে গরিবের হৃদয়ে ব্যথা।
তোমার আগমনে -
বনে বনে, ডালে ডালে শুরু হয় পাতা ঝরা,
ফুলে ও ফসলে তবু সেজে ওঠে আমাদের বসুন্ধরা।
তোমার আগমনে - 
রেশমী পোশাকে ধনীদের দেহ হয় মোড়া,
অভিশপ্ত জীবন কাটায় অসহায় দরিদ্ররা।
তোমার আগমনে -
বিদায় হয়ে যায় -
শিউলির ঘ্রাণ, কাশের মেলা, তা ছিল পথের বাঁকে বাঁকে,
প্রকৃতি আবারও নতুন করে ধরা পালকে রঙিন আলপনা আঁকে।
তোমার আগমনে -
ধনীদের মুখে ফোটে হাসি,
পিঠে পুলি, খেজুরের রস --- খাবে বসে দিনরাত দেশবাসী।
গরিব তবু অসহায়! হিমেল হাওয়ায় কাঁপে থরথর,
রাত্রি যাপনে একটুকু উষ্ণতা পাওয়ার নেই উষ্ণ ঘর।
শীত -
তুমি এসো না কখনও গৃহহীন গরিবের দ্বারে,
তোমার দাপটে ওরা পথেঘাটে, ফুটপাতে পড়ে মরে।
ছিন্ন বস্ত্র, বস্তা, পলিথিন জড়িয়ে থাকে ভিখারির বেশে,
তোমার হাতের কোমল পরশে কত যে চলে গেছে চিরঘুমের দেশে।
তাই তো আমি তোমার কাছে মিনতি করি হায়,
ভুল করেও তুমি এসো নাকো আমাদের ছোট গাঁয়ে।

প্রতীক্ষা


✍️রেহানা বেগম হেনা

একটা সময় ছিল আমার ----
     থাকতাম শুধু তোমার প্রতীক্ষায়!
ফোনের দিকে মন প্রাণ দৃষ্টি নিবদ্ধ ---
কখন উঠবে বেজে তোমার আগমন বার্তা ---
                ক্রিং ক্রিং ক্রিং,
     ডিসপ্লেতে তোমার নাম!
শুধু প্রতীক্ষা ---
  ওপার থেকে ভেসে আসবে তোমার
             চির সবুজ কণ্ঠস্বর,
   বলবে আমায়,
    "বড্ড ভালোবাসি তোমাকে!
এমনি করেই ভালোবেসে যাব চিরকাল।"
   চলবে গল্পের মিছিল;
            সংবাদ সমাচার,
   আরও কত কী
     মন দেওয়া নেওয়া আনমন,
      খুনসুটিপনা, স্বপ্ন-বন্ধন!
হৃদয়ের স্পন্দন বাড়িয়ে দিতে
     ওপার থেকে ভেসে আসা চুম্বনের কম্পন।
   তোলপাড় শুরু আমার হৃদয় জুড়ে।
স্বপ্ন নেমে আসতো আমার দুয়ারে।

তারপর,
কেটে গেছে দিন মাস বছর
    নদীর উত্তাল স্রোতের মতন,
     প্রতি পলে পলে জীবনের স্পন্দন।

কিন্তু, সব নদী সমুদ্রে হারায় না
                          উত্তাল সঙ্গম সৈকতে।
অনেকেই হারিয়ে যায় মাঝ পথে,
যেমন তুমি আমি আমাদের দুটি মন
   আমাদের কত কত স্বপ্ন-বন্ধন!

তাই, এখন আর কোনও অনুভূতি হয় না।
নাহ্,
এখন আর তোমার প্রতীক্ষায় থাকি না।
মন নেই ফোনের রিংটোনে,
   প্রতীক্ষার প্রহর গুনে গুনে।
এখন শুধু আছি অপেক্ষা ক'রে,
কীভাবে ভুলে যাব তোমারে।
দুই মেরুতে যে তুমি আমি করি বসবাস
তাই, প্রতীক্ষা নেই আর,
   আছে শুধু অপেক্ষা
                       নিরবকাশ।

নির্জনতার খোঁজে

   ✍️ রেহানা বেগম হেনা 

একটুখানি  নির্জনতার খোঁজে
কতো পাহাড় ,গুহা , মরু প্রান্তর
দিয়েছি পাড়ি-
কোথাও পাইনি দেখা।

খুঁজেছি অজন্তা ইলোরা 
 গেছি গোবি সাহারায়  
কতো সৈকত , বেলাভূমির -
বুকে কাটিয়েছি একা।

কতো দুর্গম পথঘাটে
হেঁটেছি দিবা নিশি,
একটুখানি নির্জনতার খোঁজে-
লোকালয় ছেড়ে বহুদূরে।

সব খুঁজে খুঁজে 
তোমারই বুকে এসে 
নিশ্চিন্তে মাথা গুঁজে
পেয়েছি স্বস্তির নির্জনতা ।

বিশ্বাস


        ✍️রেহানা বেগম হেনা

একটা গাছ পুঁতেছিলাম আঙ্গিনায়,
সকাল বিকেল যত্নও নিতাম।
সময়মতো জল সার সবই দিতাম,
বেড়েও উঠেছিল তরতর করে।

পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক পেয়ে 
কচিপাতা , ডালপালায় ভরে উঠেছিল।
আঙ্গিনায় ছড়িয়েছিল শীতল ছায়া,
মনেও এসেছিল বিরাট প্রশান্তি।

সবই চলছিল ঠিকঠাক মতো,
দু'চারটা ফুলও আসতে শুরু করেছিল।
ডালপালা গুলোতে বইলো আনন্দের বন্যা,
সুন্দর ভবিষ্যৎ কল্পনায় হলো মগ্ন।

হঠাৎ দেখলাম আঙ্গিনায়  প্রখর রৌদ্র,
মাথা তুলে তাকিয়ে দেখলাম গাছটাকে।
কবে কখন তার ডালপালা শুকিয়ে গেছে
ফুলগুলো ঝরে গেছে খেয়ালই করিনি।

তাড়াতাড়ি ঘড়া ঘড়া জল ঢাললাম ,
কৃষিবিদ এর পরামর্শে 
নানা রঙের সার ঔষধ দিলাম,
তবুও বাঁচানো গেলো না গাছটাকে ,
জানলাম এগাছ একবারই বাঁচে, 
    এ যে বড়ো অদ্ভুত গাছ ---
       নাম তার 'বিশ্বাস' ।


কালবৈশাখী

    ✍️ রেহানা বেগম হেনা

কালবৈশাখী তুমি এসো ভয়ঙ্কর ধ্বংসাত্মক রূপ ধারণ করে,
তুমি এসো ,আমফান ,যশ এর গতিকেও পেছনে ফেলে, প্রলয়ঙ্করী, বিনাশকারী হয়ে।
তুমি সব কিছু ভেঙ্গে তছনছ করে দাও-
আমার দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম।
গুড়িয়ে দাও, চূর্ণবিচূর্ণ করে দাও, ভাসিয়ে নিয়ে যাও-
দেশের যতো নোংরা ধর্মের ভেদাভেদ, হিংসা, ঘৃণা, বিদ্বেষ।
ধূলিসাৎ করে দাও মৌলবাদের ভিত, দেশের যতো ভ্রষ্টাচার , দুর্নীতি,অন্যায় অবিচার।
ভাসিয়ে নিয়ে যাও- নারী বিদ্বেষ, মানুষ রূপী ধর্ষক।
ঝড়ের বেগে বয়ে এনো পুরুষে নারীতে সমতা, সমানাধিকার, মানবতা, মানুষে মানুষে ভ্রাতৃত্ব বোধ।
তোমার ঝড়ের তাণ্ডবের ছোঁয়া যেন লাগে সব মানুষের গায়।
স্কুল কলেজ থেকে অফিস আদালত,
শিক্ষিত থেকে অশিক্ষিত, ধনী গরীব, কৃষক শ্রমিক, মেহনতি দিনমজুরের মস্তিষ্ক ছোঁয়ে যাক তোমার পরশ।
কালবৈশাখী তোমার ঝড়ের প্রথম তাণ্ডবে, প্রথম বিদ্যুৎ চমকে, বৃষ্টির প্রথম ফোঁটায় যেন এদেশের মানুষের মস্তিষ্কে নতুন চেতনার কুঁড়ি ফোটে।
সমস্ত কুসংস্কার তুমি ধোয়ে মুছে পরিষ্কার করে দাও।
বিজ্ঞান মনষ্ক হয়ে উঠুক তোমার শীতল হাওয়ার দোলায়।
ক্ষতি করো না তুমি কৃষকের ফসলের মাঠ, 
কেড়ে নিও না স্বজন, 
ভেঙ্গে দিও না গরীব, মেহনতি, বস্তিবাসীদের সুখের গৃহখানি ।
অক্ষত রেখো আমার দেশের সকল মানুষের সুন্দর হৃদয়খানি।

কালবৈশাখী

🖋রেহানা বেগম হেনা

কালবৈশাখী তুমি এসো ভয়ঙ্কর ধ্বংসাত্মক রূপ ধারণ করে,
তুমি এসো ,আমফান ,যশ এর গতিকেও পেছনে ফেলে, প্রলয়ঙ্করী, বিনাশকারী হয়ে।
তুমি সব কিছু ভেঙ্গে তছনছ করে দাও-
আমার দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম।
গুড়িয়ে দাও, চূর্ণবিচূর্ণ করে দাও, ভাসিয়ে নিয়ে যাও-
দেশের যতো নোংরা ধর্মের ভেদাভেদ, হিংসা, ঘৃণা, বিদ্বেষ।
ধূলিসাৎ করে দাও মৌলবাদের ভিত, দেশের যতো ভ্রষ্টাচার , দুর্নীতি,অন্যায় অবিচার।
ভাসিয়ে নিয়ে যাও- নারী বিদ্বেষ, মানুষ রূপী ধর্ষক।
ঝড়ের বেগে বয়ে এনো পুরুষে নারীতে সমতা, সমানাধিকার, মানবতা, মানুষে মানুষে ভ্রাতৃত্ব বোধ।
তোমার ঝড়ের তাণ্ডবের ছোঁয়া যেন লাগে সব মানুষের গায়।
স্কুল কলেজ থেকে অফিস আদালত,
শিক্ষিত থেকে অশিক্ষিত, ধনী গরীব, কৃষক শ্রমিক, মেহনতি দিনমজুরের মস্তিষ্ক ছোঁয়ে যাক তোমার পরশ।
কালবৈশাখী তোমার ঝড়ের প্রথম তাণ্ডবে, প্রথম বিদ্যুৎ চমকে, বৃষ্টির প্রথম ফোঁটায় যেন এদেশের মানুষের মস্তিষ্কে নতুন চেতনার কুঁড়ি ফোটে।
সমস্ত কুসংস্কার তুমি ধোয়ে মুছে পরিষ্কার করে দাও।
বিজ্ঞান মনষ্ক হয়ে উঠুক তোমার শীতল হাওয়ার দোলায়।
ক্ষতি করো না তুমি কৃষকের ফসলের মাঠ, 
কেড়ে নিও না স্বজন, 
ভেঙ্গে দিও না গরীব, মেহনতি, বস্তিবাসীদের সুখের গৃহখানি ।
অক্ষত রেখো আমার দেশের সকল মানুষের সুন্দর হৃদয়খানি।