চন্দ্রিমা বনিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চন্দ্রিমা বনিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

হেমন্ত


✍️চন্দ্রিমা বণিক 

ঋতুর রাণী তোমায় জানি 
শুনি তোমার আগমনী 
বছর আধেক গেলে, 

শিশির ভেজা কাশের দোলায় 
শিউলি কামিনী গন্ধ বিলায়
ধিনাক তিনাক বোলে।

আকাশ জুড়ে রঙের মেলা
মেঘ নয়, যেন সাদা ভেলা
কত ছবি আঁকে, 

দুখের রবি অস্ত গেল 
চাষির সাধের শস্য এল
সুখের সময় ডাকে। 

প্রাণবন্ত প্রকৃতি আজ
নবান্নে আজ নতুন সাজ
মুখে ফুটায় হাসি, 

কৃত্তিকা আর আর্দ্রা তারা
ধরায় ঢালে আলোক ধারা
বাতাস বাজায় বাশিঁ।

তুষ্টি

          ✍️চন্দ্রিমা বণিক

না, এপথে নয় ... 

এপথে আছে নরম ঘাসের গালিচা, 
আছে ঘাসের মাথায় বিন্দু বিন্দু শিশির তাজ, 
যার নরম শীতল স্পর্শ গা হিম করে এক রোমাঞ্চকর আবেশে। 
আছে ভ্রমরের গায়ে জড়ানো মাধুরী সুবাস, 
আছে পাখামেলা প্রজাপতির তৃপ্তির সন্ধান, 
শৈশবের লুকুচুরি খেলার সাথে অবাক করা এক সাদৃশ্য। 

কিন্তু এপথেই যে আছে চেনা অচেনার ফাঁদে এক নাটকীয় রসিকতা! 
বিশ্বাসের মুণ্ডচ্ছেদ করা এক অবিশ্বাস্য বিড়ম্বনা! 

আমার পথে... 

অনেক চড়াই উতরাই ... 
সমতলেও আছে কাঁকর নুড়ির চাদর বিছানো, 
প্রতি পদক্ষেপে আছে বিদ্ধ করা কিছু অনুভূতি। 
আছে বার বার হোঁচট খেয়ে আহত হওয়ার অভিজ্ঞতা, 
আছে ধৈর্যকে অসীম করার অবিচল প্রয়াস, 
রক্তাক্ত হৃদয়কে নিজ হাতে সারানোর পুণরাবৃত্তি। 

কিন্তু সঙ্গে আছে এক স্বচ্ছ উদ্দেশ্য  ... 
আছে বিশ্বাসের অনড় খুঁটি, 
প্রাণভরা স্নেহ ভালবাসার সরল আলিঙ্গন আর আত্মতুষ্টি।