মৌসুমী গোয়ালা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মৌসুমী গোয়ালা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

স্বপ্নের উড়ান

 
                ✍️ মৌসুমী গোয়ালা

স্বপ্নগুলোকে কল্পনার ডানায় উড়িয়ে দিয়েছি
চলে গেছে ধরা ছোঁয়ার বাইরে,
হয়ে উঠেছে অমর্ত্যচারী।

বহুকাল গৃহহারা, ধরবার ছলে শেকলে বাঁধবার আকাঙ্ক্ষায়,
চাইছি নিজ নিকেতনে ফিরিয়ে আনতে,
আত্যন্তিকতায় নয় আন্তরিকতায়।

কাল থেকে কালে প্রসারিত আর্তির বিস্তার
অন্তর নিঙড়ানো আকুলতা, বিড়ম্বিত ভাগ্যে,
এক লহমায় মূলছিন্ন।

প্রবঞ্চনা প্রতারণায় ক্ষতবিক্ষত মনোজগত,
এফোঁড় ওফোঁড় করছে প্রতিনিয়ত বেদনাবোধ,
অদ্ভুত যন্ত্রনাজাত উপলব্ধি।

ফিরে পাবার উদগ্র কামনায়, শিকড় সন্ধানে
প্রশান্ত অনুভূতি কাজ করে চলে,
স্বতন্ত্র মনস্বত্বের একমূখীতায়।

ভয়ার্ত জীবন

🖋মৌসুমী গোয়ালা

জীবনের স্রোত বয়ে চলে নগর সভ্যতায়,
অন্ধকার করে তোলে ভয়ার্ত,
হায়নার মত হেঁটে আসে মৃত্যু,
নাগরিক, রাত্রির বুকে দাঁড়িয়ে।

প্রতিদিনের নিয়ন বাতি জ্বলে ওঠে,
গোধূলি হারিয়ে যায় তমসায়,
অলি-গলি সড়ক বিবর্ণ নিশ্চুপ,
বোবা যন্ত্রনায় গুমরায় তারারা।

জীবিকার দুঃসহ পৌনঃপুনিকতায় ঘেরা প্রান,
এক প্রহেলিকাময় ধাঁধার মত,
দূরারোগ্য ব্যাধির চলমান মৃত্যুর স্রোতে,
অনুষঙ্গী হয়ে বাঁচে জীবন ৷