মিঠু মল্লিক বৈদ্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মিঠু মল্লিক বৈদ্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

এই ভাবেই বেঁচে থাকা

✍️ মিঠু মল্লিক বৈদ‍্য 

মেঘলা আকাশ, সুনসান ঘর
মৃদু গর্জনে শিহরিত মন
টিনের চালাটা ফুঁটো করে
গড়িয়ে পড়ছিল দু একফোটা জল।
শুরু লড়াই, বাঁচার লড়াই।

সহস্র লড়াই নিয়েই আমাদের বেঁচে থাকা
ভাতের লড়াই ,শিক্ষার লড়াই
চাকরীর লড়াই,ভোটের লড়াই
বাসস্থানের লড়াই, স্বাধীকারের লড়াই
সেদিনও ছিল এমনিই এক লড়াই, ভাবনা প্রকাশের।

মায়ের আঁচল পাতা মাটির বুকে,
কল্পনার আকাশে কালো মেঘ,
ভাবনা প্রকাশের মাধ‍্যম যে ভাষা
তার উপর অভিঘাত,, অগ্নিগর্ভজাত সন্তানেরা 
নামলো লড়াইয়ে,মর্যাদার লড়াই।

বুক বিঁধে বেরিয়ে যায় রক্তমাখা বুলেট
ঊনিশ রক্তাক্ত,আঁচলে লুটিয়ে পড়ে নিথরদেহ, 
তবুও টিকে যায় মর্যাদা,
হাসে জয়ের হাসি শুধু মায়ের চোখে বন‍্যা
হারানোর তালিকা ছোট হয় ফেরত পাওয়ার উল্লাসে।

তারপর! শহীদের শিরোপা,
আর এইভাবেই বেঁচে থাকা
লড়াই করেই বাঁচিয়ে রাখা।

বলছি কবর থেকে

 


               ✍️ মিঠু মল্লিক বৈদ‍্য


তোমার প্রেমের প্রেমিক আমি,ঘুরছি শুধু হন‍্যি হয়ে

চারদিকেতে শত স্বাদের মিষ্টি মধুর ডাকটি আসে।


হরেক রকম বর্ণমালা,কত স্বপ্ন কত আশা

তবুও তোমার মাঝেই স্বর্গসুখ,তোমার মাঝেই মজা।।


প্রথম যেদিন দেখেছিলাম আলো,শুনেছিলাম ডাক

সেদিন থেকেই প্রেমিক হয়ে দিচ্ছি তোমায় হাঁক।


তোমার মাঝেই নাড়ীর বাঁধন তোমার মাঝেই শাসন

তোমার বর্ণেই প্রথম বুলি তোমার সাহসেই চলন।


তুমিই আমার প্রথম ভরসা প্রথম দিনের আকুলতা 

তোমার মাঝে শৈশব তোমায় নিয়েই মরণযাত্রা।


তাই তো তোমার কান্নায় আমার ছটফটানি

তোমার মুক্তির দাবীতে রাজপথে বুক পেতে বসি।


একুশ কিংবা উনিশ তোমার লাগি কাঁদে

কবর থেকে আমি আজও দেখি বারে বারে।


বলছি তাই 

তোমার মাঝেই স্বর্গসুখ তোমার মাঝেই বাঁচা।

দিব‍্যলোকের পথে


✍️ মিঠু মল্লিক বৈদ‍্য

কখনো দেখেছো কি আকাশকে তার
বিশালতা ছেড়ে সংকীর্ণতায় বিলীন হতে ?
দেখেছো কি শত উত্থান পতনেও
সূর্যকে  দীপ্ততা হারাতে?

চাঁদকে মোহনীয় আভায় না হারিয়ে
চিরান্ধকারে বিলীন হতে ?
দেখেছো কি সমুদ্রকে 
জলোচ্ছ্বাস হারিয়ে থমকে যেতে?

ঠিক তেমনি মিথ‍্যার  অন্ধকারে 
ভালোবাসার বিশালতা যায়না তলিয়ে ,
আলোকস্নাত চোখে  কেবলই স্বপ্ন বুনে
প্রভাতী রবির নির্মল আভায়।

নদীর ধর্ম বহমানতা, 
মোহনায় মিশবে বলে
এগিয়ে চলে  চির অনন্তকাল
সাগর বুকে আঁচড়ে পড়ে পরিতুষ্টির চেতনে।

তেমনি করেই ভালোবাসার স্নেহার্দ্রতা
বিদ্রূপতার সকল গলিপথ পেরিয়ে
এগিয়ে চলে শেষ যাত্রার পানে
শান্তির সোপান বিছানো দিব‍্যলোকের পথে।

রক্ত আগুন

✍️ মিঠু মল্লিক বৈদ‍্য

কি এমন করেছিলাম ? বাঁচার আর বাঁচানোর 
অভীষ্পায় পথেই তো নেমেছিলাম !
অসুস্থ বাবার কাতরতা,মায়ের না বলা ইচ্ছা ,
সন্তান মুখে খাবার তুলে দিতে না পারায়
স্ত্রীর অস্ফুট কান্না , আমায় করেছে অসহায় ।

প্রতি রাতের অন্ধকার পেরিয়ে 
ভোরের সূর্যে  আলোকিত পৃথিবী ,
আমিও বিনিদ্র চোখে স্বপ্ন বুনি, হয়তো 
আগামী প্রভাতে আসবে ভাসি কোন এক নতুন সুর 
পাব ফিরে খোয়ানো বীণার তার।

কিন্তু নির্ঘুম রাতের বিবশতা আমায় বাধ‍্য করে 
পথে নামার ,ক্ষুধার্ত হৃদয় জেগে উঠে
অন‍্যদিনের মতো ;খাবারের অধিকারে 
ন‍্যায‍্যতার দাবীতে ;বাঁচার তাগিদে
ফিরি রাজপথে ;পোড়ানো  স্বপ্নের ছাই উড়িয়ে।

আর পথের ধারে পরে থাকে অগুনিত স্বপ্নের লাশ, সরকারি আমলার বুটের অভিঘাতে রক্তাক্ত দেহ ,
চোখে তখন উসখুস করে বারুদ
ইচ্ছে করে নিমেষেই  সকল বর্বরতা জ্বালিয়ে
মিশে যাই মাটিতে আর সেই মাটিতে ফুটবে আলো।

কিন্তু অস্তরাগের পথে ঢলে যায়  রক্ত আগুন
চোখের সামনে ভেসে উঠে কয়েকটা শুকনো মুখ
পিছুটান  ফিরায় ঘরে;রাতের নিয়ন আলোয় 
মুখলুকাই বালিশে,বিনিদ্র চোখে জেগে উঠে 
এক আকাশ স্বপ্ন...... আবারও।

তোমায় বুঝে কয় জনায়

✍️ মিঠু মল্লিক বৈদ‍্য

স্বাধীনতা ;কে তুমি? কি বা পরিচয়?
আচ্ছা সবাই কি তোমায় জানে,চেনে, বুঝে?

ঐ যে ফুটপাতে শুয়ে আছে চাদর মোড়ে,
বড়লোক বাবার বখাটে ছেলেটা 
মাতাল হয়ে ,হুঁচোট খায় যার 'পরে 
তবুও চুপটি করে শুয়ে থাকে পাশ ফিরে
সে জানে স্বাধীনতার মানে?

যে  শিশুটা রাস্তার মোড়ে হাত পেতে খাবার খোঁজে,
আবর্জনার স্তুপে কুকুরের সাথে রুটি ভাগ করে
ক্ষিধের জ্বালায় হন‍্যি হয়ে ছুটে বাবুদের পাশে
দশটা টাকার প্রত‍্যাশায়,সে কি বুঝে
স্বাধীনতা কারে কয়?জানে স্বাধীনতার পরিচয়?

যে মেয়েটি কৈশোরে খুঁইয়েছে সম্ভ্রম
সমাজের লুলোপ দৃষ্টির রোষানলে 
জ্বলেছে আত্মা,ধর্ষিতার তকমা নিয়ে 
আছে বেঁচে,আদমরা,সে কি অনুভব করে
স্বাধীনতার মর্যাদা?

যে মেয়েটা নিষিদ্ধ পল্লীতে গুমরে কাঁদে;
সমাজের অবিচারে সকল স্বপ্নের বিসর্জনে,
প্রতি মুহূর্তে বেঁচে থাকে বিবেকের দংশনে,
সে কি বুঝতে চায় স্বাধীনতার বিশালতা?
চিনতে চায় স্বাধীনতার অস্তিত্ব ?

তুমি যে চিরদীপ্ত,চিরায়মানা
সাগরের চেয়েও সুবিপুল তোমার গভীরতা
আকাশের চেয়েও সুবিশাল তোমার মর্যাদা
কিন্তু তোমায় বুঝে কয়জনা? স্বাধীনতার মানে বুঝে
কেবল আকাশ, সূর্য,তারা ।

স্বপ্ন নীড়


✍️ মিঠু মল্লিক বৈদ‍্য

বর্ষায় ভরা নদী,পূর্ণ যৌবনা
রূপে আত্মহারা মাঝিমোল্লা,
শুক পাখিরা সুর তোলেছে
অনন্ত প্রেমের মাধুরী মিশিয়ে।

একে অপরের কাছাকাছি 
দূর পানে  আবীর রাঙ্গা আকাশ,
কত হাসি,কত কথা,
কত গান, কত প্রত‍্যাশা।

স্বপ্নের গহীন দেশে দুজনে
একসাথে পাশাপাশি ;
কোন নূতন ভুবন গড়বে বলে
গানে গানে স্বপ্ন বুনন।

সকল সন্নিবদ্ধতার গন্ডি পেরিয়ে
ওরা হেঁটেছে পৃথিবীর পথে
প্রেম বাঁশুরীর মিষ্টি সুরে
হারিয়েছে স্বপ্ননীড়ে।

দাঁড়াক তবে শিরদাঁড়া সোজা করে

    ✍️ মিঠু মল্লিক বৈদ‍্য

এই লজ্জা রাখবো কোথায়?
অকাদেমির এতো অধঃপতন দেখে
দাবানলের মতো জ্বলছে কবিতারা।

আগামী প্রজন্মের তীর্যক প্রশ্নবাণে হতাশগ্রস্থ শব্দপ্রেমিক, "হাম্বা বাম্বাও বুঝি যোগ‍্য পথদর্শী?"

ওপারে  রবীন্দ্র,বঙ্কিম,শরৎ,জীবনানন্দ
শব্দের চমকে রচেছিলেন যাঁরা বাংলার ভিত
খুঁজে খুঁজে অস্থির হাম্বা বাম্বার মর্মার্থ।

কলঙ্কিত বাংলার ইতিহাস, ব্রাত‍্যের পরাক্রম
আকাদেমির সার্বভৌমত্ব হরণ।

কলুষিত বাংলা ,বিকৃত মস্তিষ্কে প্রাঞ্জলতার অপহরণ,
দীর্ঘ বছরের সুখ‍্যাতি ভূলুণ্ঠিত,মনের কোণে
তীব্র অভিযোগ,অহসনীয় খ‍্যাপামীতে বিপর্যস্ত শিল্পশৈলী।

চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নির্লজ্জতা
ক্ষমতায়ন,লোভ আর সততাহীন মানুষদের মুখ।

অপমানিত নোবেলজয়ী ঠাকুর,
দিনে দিনে দুষিত  প্রাণের ভাষা
মেধা মননে তীব্র ক্ষয়, অপদস্থ কলম।

আবেগহীন,দিশাহীন,প্রেরণাহীন কবিতারা
লজ্জায় মুখ লুকায়,গুমরে মরে নির্জনে।

অথচ লোভী বুদ্ধিজীবী! গর্ববোধে 
হাসে নির্লজ্জের হাসি। পৃথিবীর কোণায় কোণায়
যার তিরস্কার,লজ্জায় অবনত শির।

রাজনীতির নক্কারতার ঘটুক অবসান
আকাদেমী হউক সততা আর জ্ঞানের পূজারী,
আগামীর সমুখে  দাঁড়াক সোজা শিরদাঁড়া নিয়ে।

চিঠি

   ✍️ মিঠু মল্লিক বৈদ‍্য 

আধুনিকতার রঙ্গীন ছোঁয়া,
মুঠোফোনের একচেটিয়া বাজার,
স‍্যোসাল মিডিয়ার সুবিপুল চাহিদা,
ভুলতে বসেছি তোমায়।

এখন আর নেই সেই প্রতীক্ষা,
ডাক বাক্সে নেই ভীড়,
রানারের ছোটাছুটি,পোষ্টকার্ড,সুবহ -
পীতরঙ্গা খামটি চোখেও পরেনা আজকাল।

লালরঙা বাক্সটি কেমন যেন বুড়িয়ে গেছে,
অনুভূতি,সুখানুভব,আবেগ
সবটাই সীমাবদ্ধ ঐ মুঠোফোনে।
তোমায় লেখার অনন্ত ভালোলাগা লুপ্তপ্রায়।

মায়ের সোহাগ,বাবার নিঃস্বার্থ প্রেম
বোনের খুনসুটি,ভাইয়ের অভিমান
প্রেয়সীর সুনির্মল ভালোবাসার প্রেমময় সুবাস
তোমার বুকে আঁচড় কাটে না আর।

ভীষণ অনুভূত তোমার শূন‍্যতা,
আগামী প্রজন্মের কাছে হয়তো-
হয়তো বা তুমি একটি ইতিহাস,
তোমার অস্তিত্বের লড়াই বড্ড যাতনার।

চির অক্ষয়জ্যোতি


          ✍️ মিঠু মল্লিক বৈদ্য

কতকাল পড়ি না,শুনিনা নতুন করে
দ্রোহের ঝংকার,কবিতার চরণে
কিংবা গানের কলিতে,শুনিনা 
শুনিনা,সেই ভৈরব নিনাদ।

ধূমকেতুর মতো এসেছিল সে-ই প্রাতে
অগ্নিবীণায় চেতনার বাণী নিয়ে।
রাতের আঁধারে জ্বালিয়ে অনল
দুর্দিনে দেখিয়েছিলে সুদিনের স্বপন। 

ঝড়তোলা তোমার "কান্ডারী হুশিয়ার"
ছিন্ন করে পরাধীনতার শৃঙ্খল 
এগিয়ে চলার মন্ত্রে করেছে জাগ্রত 
উড়িয়েছে অবচেতন মনে চেতন কেতন।

ব্যাথিত জনের মর্মর রোদন
ফুটিয়েছিলে তোমার করুণ কথামালায়।
মেটাতে জাতীর বিদ্বেষ,গেয়েছিলে 
সাম‍্যের গান,খুলেছিলে সুপ্ত মনের দুয়ার।

বাঙ্গালী  মনে জ্বালিয়ে দাবানল 
বাংলার পটে  গড়েছিলে হোমকুন্ড।
পরাধীনতার জরাজীর্ণতা যত হোত্রী সেজে
ঐ কুন্ডে দিয়েছিলে আহুতি। 

হে কবি,লোহার গারদ ভেঙ্গেছিলে
পাষাণ বেদীতে,রুদ্ধ মনের দ্বারে
সজোরে করেছিলে করাঘাত-বিদ্রোহী সেজে।
হে "বিদ্রোহী" তুমি চির অক্ষয়জ্যোতি। 

সে জ্যোতিতে দীপ্ত হউক মহান ভারতের 
আগামীর সূর,ঘুচে যাক সামাজিক নৈরাশ্যতা।
তোমারি দ্রোহের গানে আবারো লাগুক মুক্তির ফাগুন
মুছে যাক সমুদয় অবক্ষয়, সুখ হাসি হাসুক ভারতী।