বিশ্বজিৎ মানিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিশ্বজিৎ মানিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

চলন্ত ট্রেন

✒️বিশ্বজিৎ মানিক

চলন্ত ট্রেন সময় যার চালক
গন্তব্য রহস্যময় এক স্টেশন
যেখানে কেউ উৎরায় কেউ চড়ে
কেউ জানালার পাশে বসে গল্প জুড়ে।

পথের ধুলো চাকায় মেখে
গতি বদলায় ট্রেন
কখনো প্রচন্ড কখনো ধীর
কখনো সংকেতে স্থিতিশীল।

বাইরের ভূদৃশ্য পাল্টায়
সবুজ মাঠ, ইটের শহর,
বৃষ্টির পরশ, কুয়াশার পর্দা,
রোদে পোড়া গা বাতাসে মেলে শান্তি।

কেউ টিকিট কেটে বসে
আবার কেউ বিনা টিকিটে
সিট খুঁজে নেয় যাত্রীদের ভিড়ে
কারোর গন্তব্য নির্দিষ্ট, কারোর অস্পষ্ট।

স্টেশন আসে, স্টেশন যায়,
নামার সময় কেউ বোঝে, কেউ বোঝে না,
কেউ বলে,"এখনো বাকি অনেক পথ"
কেউ নেমে বলে,"এই তো আমার ঠিকানা।"

চলন্ত ট্রেন চলতেই থাকে
কেউ নামুক বা কেউ উঠুক
সময়ের গতিতে চলে পথ,
জীবনের ট্রেন তবু জানে না তার গন্তব্য।

মনের উৎসব বড়দিন

✒️ বিশ্বজিৎ মানিক

দিন পাল্টায় সময় বদলায়
এন্টোনি কবিয়ালের গান মনে রাখল কই,মানুষ! 
কেক,কমলালেবু, জয়নগরের মোয়া
ক্রিকেট মাঠের বাঁধনে বড়দিন পালন 
এখন শুধু স্মৃতি হয়ে রয়।

সান্টাক্লজ,ডে আউট, নাইট ক্লাবে রাতের আড্ডায় 
মহুয়ার গ্লাসে ভাসে মানুষ
কিন্তু মানুষের মন বদলালো কই! 
ঝলমলে আলো,গির্জার ঘণ্টায় পালন করা বড়দিনে 
ছোট হয়ে আসছে মানুষের মন, সাম্প্রদায়িকতার বিষে।

সাম্প্রদায়িকতায় ভরে উঠলেও 
প্রীতির মানুষ চায় একদিন এক উৎসব,
বড়দিনে শুধু নয়-- 
মানুষ খুঁজে যায় বাঁধনের ছোঁয়া 
মনের উৎসবে চায় ভালোবাসার আবেশ।

দিন বড় হোক বা ছোট
মনের আকাশে থাক সম্পর্কের সম্প্রীতি, 
মন্দির মসজিদ গির্জা পেরিয়ে 
শুধু একটাই গান হোক--
"সবাই মিলে থাকি ভালো, পাশে থাকি চিরকাল"।

বিদ্রোহী কবি স্মরণে

✍️ বিশ্বজিৎ মানিক

আজ রক্ত নিশি ভোরে
বিদ্বেষ শোষণ অপশাসনের দ্রোহ,
যে দুঃখ যাপিত বাঙালি মানুষটি
বন্দিনী মায়ের শৃঙ্খল মুক্তির কোলাহলে
আবির্ভাব হয়েছিল চুরুলিয়ায়
সেই বরেণ্য কবিকে স্মরণ করি মনের গহীনে ।
ইসলামিক শিক্ষায় দীক্ষিত ধর্মনিরপেক্ষ
বিদ্রোহী সত্তায় দুর্দিনে অহিংস
অসহযোগ মিছিলে নির্ভীক চিত্তের
মানবতাবাদী যে মানুষটি উচ্ছল
দরাজ কন্ঠে পরাধীনতার অগ্নিবীণা মূর্ছনায়
কারারুদ্ধ হয়ে শুনিয়েছিল জীবনের জয় গান
সেই সাম্যবাদী সংগ্রামী কবিকে স্মরণ করি ।
সর্বহারা পথবাসী চিরপথিকের মুক্তির
অগ্রদূত বলিষ্ঠ ভাবমূর্তির
যে মানুষটি মহাবিদ্রোহী রণক্লান্তহীন
ব্রিটিশের বিষ জ্বালা নিয়ে
আনন্দময়ীর আগমনে দৃঢ় একা উন্নত
শিরে ধূমকেতুসম অগ্নিশলাকা হয়ে
ফণী তুলেছিল সেই চিরবিদ্রোহী বীর কবিকে
স্মরণ করি, স্মরণ করি প্রত্যহ
এখন রক্তনিশির স্বাধীন ভোরে ।

তোমায় নব রূপে পাবো বলে

   ✒️বিশ্বজিৎ মানিক

তোমায় নব রূপে পাবো বলে
সাজালাম কত পুষ্প মালিকা
দিনযাপনের গ্লানি ভুলে ।
কত রাত দিলাম পাড়ি
একাকিত্ব দূরে ঠেলে ।
তোমায় নব রূপে পাবো বলে
অন্ধকার পথে দিলাম পা
জোনাকীর আলো ফেলে ।
পথের ধুলোয় বানালাম বাড়ি
থাকব দু'জন মিলে ।
তোমায় নব রূপে পাবো বলে
মনের ভাবনাগুলো বেড়ায় ঘুরে
হৃদয়সাগরে ঢেউ তুলে।
ভাবের ভুবন পূর্ণ হবে
স্বপ্নের পাপড়ি মেলে ।
তোমায় নব রূপে পাবো বলে
লেখার পাশে তুমি বসো
লক্ষতারার প্রদীপ জ্বেলে ।
চাঁদের আলোয় জ্যোৎস্না ঝরে
তোমার চরণ তলে ।

স্বাধীনতা উত্তরে বলেছিল


           ✍️ বিশ্বজিৎ মানিক

স্বাধীনতাকে প্রশ্ন করা হয়েছিল--
স্বাধীনতা তুমি কেমন আছ?
স্বাধীনতা উত্তরে বলেছিল,
আমার দিবসে আমি খুব ভালোই থাকি
কিছু সুখী মানুষের নাচে গানে,ভাষণে উপাচারে,
বিজলি পটকা আর মাইকে ধ্বনিত শ্লোগানে
মুখরিত গ্রামে গঞ্জে,শহরে বন্দরে বর্ণাঢ্য শোভাযাত্রায়।
বাকী দিনগুলোতে কেমন আছি তাও বলব
কিন্তু,রাগ করবে না তো!
শোন তাহলে--
যাঁদের আত্মবলিদানে তোমরা আমাকে এনেছ
তাঁদের বাঞ্ছিত লক্ষ্য আজও করোনি পূরণ ।
তোমরা কথায় কাজে একমন হতে নির্ভীক নও
বরং আইন সংহিতার গণতন্ত্রকে অনেকের নিরাশ্রয়ে
কালসিটে ক্ষত করে রেখেছ মলাটের বাইরে ।
আমার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে
আড়ালে রেখেছ অসাম্য উন্মার্গ প্রতিহিংসার মরণব্যাধি।
উন্নত করো তোমাদের নির্মম মনুষত্ব,
তোমরা কালজ্ঞ হলে সেরে উঠবে আমার মরণ ব্যাধি
আমাকে ভালো রাখলে তোমরাও থাকবে ভালো॥