দিব্যেন্দু নাথ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দিব্যেন্দু নাথ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

নন্দীনির সংগ্রাম

✒️দিব্যেন্দু নাথ 

ভোরের আলতো আলোয় কুয়াশায় ভেঙ্গে দেওনদীর চর দেখা যাচ্ছে। নন্দীনি সাত সকালে এসে দেখে যেত, নদীর হাসি-কান্না গড়ানোর পথ। যেন কোনো বিস্মৃত কবিতার পঙ্‌ক্তি নিয়ে চলে এই নদী। চারদিকে শিউলি আর ধানের সুবাস, বাঁশঝাড়ের ফাঁকে ফাঁকে রোদের ফোঁটা পড়ে ধুলোর মত, আর দূরে কোথাও এক নামহীন পাখির সুর ভেসে আসে—যেন কোনো প্রাচীন কষ্ট ফিসফিস করে ডাকছে।

এই স্বপ্নজাল ঘেরা নন্দনগ্রামে জন্মেছিল নন্দীনি একদিন। চোখে ছিল কোনো এক অচেনা পৃথিবীর প্রতিচ্ছবি - যেখানে ভালোবাসা মানে শুধুই স্পর্শ নয়, আশ্রয়, সম্মান আর নিজেকে চিনে নেওয়ার স্রোত।

একদিন হাটফেরা পথে দেখা হয়েছিল নিখিলের সঙ্গে। সে ছিল আগুনে চোখের বিদ্রোহী এক যুবক। বলেছিল - তোর চোখে নদীর শান্তি আছে নন্দীনি... তুই আমার স্বপ্নের মত।

নন্দীনি ভেবেছিল, হয়তো এটাই প্রেম।
সে স্বপ্ন দেখেছিল একটি ছোট্ট ঘরের, যার ছাদ ফুটো, মেঝেতে জল, কিন্তু অন্তরে ভালোবাসার দীপ্তি। নিখিলকে বলেছিল - চেষ্টা করব, তুই আগে রোজগার কর। 

কিন্তু প্রেম কি কেবল প্রতিশ্রুতি আর ত্যাগের নাম?

কিছুদিন পর দুজনের বিয়ে হয়। মানুষের ভাষায় ভালোবাসার বিয়ে। পাঁচ বছরের মধ্যে দুই কন্যা সন্তান জন্ম।
 
হঠাৎ একদিন নিখিল হারিয়ে গেল। ঠিক যেমন শুকিয়ে যাওয়া নদী একদিন নিঃশব্দে হারিয়ে যায় দিগন্তে। সমাজ বলল, - স্বামী ফেলে গেছে? দুই মেয়ে নিয়ে কোথায় যাবে? আইন বলল, - তোমরা আর স্বামী-স্ত্রী নও।

নন্দীনি কাঁদল না। চোখের জলে না ভিজিয়ে, শুধু বেদনা সেলাই করল বুকে।

এরপর এলো নির্মল সরকারি চাকুরে, শান্ত মনের মানুষ। নন্দীনির ক্লান্ত দৃষ্টিতে সে দেখেছিল নতুন আশার আলো। বলেছিল, - তোমার মেয়েরা আমারও হবে... যদি তুমি রাজি থাকো।

নন্দীনি ভেবেছিল, এবার বুঝি আশ্রয় মিলেছে।
কিন্তু নির্মলের সংসারে ছিল প্রথমা - প্রথম স্ত্রী।
সে মেনে নিতে পারেনি নন্দীনির অস্তিত্ব। দুই সংসারে চলত দ্বন্দ্ব, নির্মল ছুটত দুই ঘর। যখন প্রথমা জানতে পারে, নন্দীনি পোয়াতি হচ্ছে। চরম আকার ধারণ করে ঝগড়া। তার বাপেরবাড়ির লোক এসে শাসিয়ে যায় নির্মলকে। আত্মগ্লানিতে ভুগতে থাকে। পৃথিবীর সব ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে এক ঝড়ের রাতে, ফ্যানের দড়িতে দুলতে থাকে নির্মলের স্তব্ধ দেহ। পেটের সন্তান ও সমাজের কাঁটা নিয়ে একা দাঁড়িয়ে রইল নন্দীনি নদীর ঘাটে। 

মা এসে বলেছিলেন- তুই মরলে তিনটে প্রাণ মরবে। আর না মরলে, সমাজ তোকে ছিঁড়ে ফেলতে পারে, কিন্তু বিচার করার অধিকার একমাত্র তোর।

নন্দীনি আবার মাথা তুলে দাঁড়াল। একদিন এক পত্রিকায় ছোট্ট একটি বিজ্ঞাপন চোখে পড়ল। “স্ত্রী-সন্তানহীন পেনশনার, পরিচারিকা চান। সন্তান থাকলেও চলবে, যদি বিবাহে রাজি থাকেন।”

নন্দীনি দেখা করতে গেল। লোকটি ছিল আশি বছরের বৃদ্ধ। তাঁর ক্লান্ত চোখ, শান্ত মুখ। বললেন, - জীবনের শেষ প্রান্তে আমি কাউকে কিছু দিয়ে যেতে চাই।

নন্দীনি দাঁড়িয়ে আছে, পুরনো মাটির ঘরের বারান্দায়। দূরে সূর্য হেলতে হেলতে হারিয়ে যায় সোনালি ধানের ক্ষেতে। গোরু ফিরে যাচ্ছে গোয়ালে, পাখিরা বাসায়, আর একলা নারীটি আপন আলো-ছায়ায় ভাবছে - নিখিল চেয়েছিল শরীর, নির্মল দিয়েছিল ভালোবাসার প্রতিশ্রুতি, কিন্তু একমাত্র এই বৃদ্ধ....। ছায়ার মতো নিরাপত্তা বিনিময়হীন এক ভরসা, সন্তানদের পদবি। তাদের হাসিই তো একমাত্র উৎসব হতভাগীর। হৃদয়ের সেই আগুন আর লুকাবে না, কাঁন্নাও আসছে না আর মুখ তুলে দাঁড়িয়ে আছে। সমাজ প্রশ্ন করবে! - তিনবার বিয়ে? উত্তর দেয় -না, তিনবার বাঁচা। নারীরা শুধুই ভাঙে না, গড়েও। শুধু সহ্য করে না, নিজেই ইতিহাস লেখে।

জম্পুই ও তার সিঞ্চন


 ✍️ দিব্যেন্দু নাথ

উত্তর ত্রিপুরার জেলাশহর ধর্মনগর বা পেচারথল স্টেশনে নেমে,  ম্যাক্স (প্যাসেঞ্জার) বা ছোট গাড়ি রিজার্ভ নিয়ে আসা যায় দেওনদীর পারে অবস্থিত; নীল পাহাড়ের প্রান্তিক শহর কাঞ্চনপুর। এখান থেকে পূর্ব মুখিয়ে দাঁড়ালে চোখ ঝলসে যায়। প্রেম


বিষে নীল হয়ে ওঠা যুবতির শরীরের মতো হৃদয় কাতরে ভরা শায়িত, আর কেউ নয়! আমার-ই জম্পুই। কাঞ্চনের বুক থেকে কুড়ি কিলোমিটার আঁকাবাঁকা পাহাড়ি চড়াই উঠলেই তার জানুদেশ, মুনপই। উত্তরে নিতম্ব বেয়ে নেমে গেছে তার আলতা পরা পা, তুঙছুরাই পর্যন্ত। সেখানে থেকে চাইলে সদাইহাম পাড়া ঘেঁষে পূনরায় কাঞ্চনপুর আসা যায়।


জানুদেশ থেকে দক্ষিণে নাভি পেরোলে ডায়েবায়ে সুগভীর খাল। ক্লান্ত হৃৎপিণ্ডের মতো উঠানামা করা সড়ক পথ চলে গেছে  ক্লাঙতালাঙ পর্যন্ত। তারপর কাঁটা তার। নীল কন্যার এক পাশ বিঁধে রাখলেও মন তার খোলা আকাশে নীলময়। 


অনন্যার দুর্বিনীত স্তনযুগলের একটি ভাঙমুনের চার্চে রেখে দিলেও আরেকটি ফুলদুংসাইএর সুগভীর জঙ্গলে, শিবরাইখুং পাথর খণ্ডে। যার বংলা অর্থ শিব মন্দির। মাত্র আশি বছর আগের এই শিবরাইখুং।  মিজোরামের খ্রিস্টান রাজা খাতিন চাওম্যুএর রাজত্ব কালেও মিজোরা এই স্থানটিকে 'থাইদর' নামে জানত। মিজো ভাষায় 'থাই' শব্দের অর্থ, সন্তানহীন বিবাহিত মহিলা আর দর - পূজা। অর্থাৎ সন্তান প্রাপ্তির আশায় তারা এখানে পূজা দিত। 


১৯৪৩ সালের রিয়াং বিদ্রোহের অধিনায়ক সাধু রতনমণি এখানে একটি পাথর খণ্ড দ্বারা এই শিবরাইখুং স্থাপন করে ছিলেন। কিন্তু কে বা কারা এক ঐতিহাসিক রাতের অন্ধকারে, সাধুর পাথর খণ্ড সরিয়ে ক্রশ বসিয়ে দেয়। এটা বিতর্কিত বিষয়; তা নিয়ে নাড়াচাড়া না করাই ভালো। হয়েছে তো ঈশ্বরের কোনও পয়গম্বরের স্থান।


পরবর্তীকালে সরকারি সার্ভে অনুসারে এই স্থানটি ত্রিপুরার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ পরিচিতি লাভ করে এবং নাম হয় বেতলিংশিব। আজও ফুলদংশাই পাহাড়ের কোলে ঘন জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে নিঃসঙ্গ একাকী। তবে আজকেরণ অদৃশ্য ঘণ্টাপাখির ডাকে উন্মত্ত নীল-দুহিতার মুখরিত অঙ্গ আরেক সুরেলা বিহঙ্গের গানে আমোদিত হতো একসময়। ঘণ্টা পাখির কথা সব পর্যটক জানলেও এই পরোপকারী বিহঙ্গের কথা অনেকেই জানেন না। কারণ তারা আর বেঁচে নেই। ঘণ্টাপাখির গানের মতো তাদের গান আর শোনা যায় না। ঘণ্টাপাখির বিদুরিত আওয়াজ, প্রথমে কৌতুকপ্রদ মনে হলেও দীর্ঘক্ষণ বিচরণের পর মনে হয় খুব বিরক্তকর। কিন্তু সেই  সুরেলা বিহঙ্গের গান ছিল মধুময়। তারা শুধু গান করত না! এক পরাগ সংযোগকারী পতঙ্গের জন্য সুস্বাদু খাবার প্রদান করত। তা মুলত তাদের বিষ্ঠা। এই বিষ্ঠা খেয়ে পরোপকারি পতঙ্গরা বেঁচে থাকত। সর্বক্ষণ তারা নীল দুহিতার কমলা রঙা উরুতে ব্যস্ত থাকত পরাগ সংযোগে। আধুনিক বহরতায় ডুবে থাকা এক শ্রেণির সর্বভূক তাদের  পৈচাশিক খাবারের চরিত্রার্থ করতে গুলিবিদ্ধ করে ধ্বংশ করেছে এই বিহঙ্গকে। 


মুক্ত বিহঙ্গকে শূন্য করে নগ্ন করেছে নীল দুহিতার শরীর। যারজন্য লজ্জায় সে, আর কমলা ঠোঁটে হাসে না। শুধু বাঁচার তাগিদে সবাইকে আপ্লুত দেখাতে, সাঁতকরা আর সুপোরির নেশায় আসক্ত হয়ে পড়েছে এখন। মাতাল হয়ে বিচরণ করে কংকীটের কংকালসার বাসরে। প্রায় ভুলতে বসেছে, বাঁশবেতের গাইরিংয়ে( টংঘর) বাধা কাঠের সানসিতে (সিঁড়ি) পা রাখতে। যেন উন্মাদ যুবতী। একদিন যার সুবাসিত কমলা গন্ধে মনে উঠত - বিনোদ আর আহ্লাদ। যার আওলা কেশের সুগন্ধ ছড়িয়ে যেত নীলদিগন্তে। আজ আর সেই সুবাস নেই। নেই সেই বিহঙ্গের সুরেলা গান। তবে আছে জানুদেশে, সুরেলা ঝর্ণার শীতল ঢেউয়ের হাতছানি আর সারা গায়ে সবুজ ভরা কিছু মৌতাতের ডাক। 


বিধাতার বড় প্রিয় এই নীলাম্বরী এখনও। ত্রিপুরার অন্যান্য পাহাড়গুলিকে প্রাকৃতিক সৌন্দর্যের পরিপূর্ণতা দিলেও জম্পুইকে করেছেন রাজরাণী। বিহঙ্গহীন প্রিয়তমা করেও তার মতো কাউকে এতটা শিক্ষা-দীক্ষায়, ধনসম্পদে সমৃদ্ধ করেননি তিনি। কেন তাঁর এই নিষ্ঠুরতা, এই দ্বিচারিতা। আজও সকল পর্যটকের মনে প্রশ্নের বহর তুলে। 


ফুলদুংশাই থেকে আরও কিলোমিটার দশেক এগোলে ইন্দ-বাংলা বর্ডার। এখানে থেকেই আবার মিজোরাম রাজ্যের লুংলে জেলা শুরু। পাহাড়ের  গগনচুম্বী গাছগুলি আকাশের নীল ছুঁতে ছুঁতে পশ্চিমে ঢলে পড়ে। বাতাস বয়ে নিয়ে যায় শাখানের কাছে। ঘন কালো বিনুনীর কমলা সুবাসে মাতাল হয় সে। যুবতীর ঘামেলু কামুক গন্ধে শিউরে ওঠে তার তন্ময় দেহ।  


মৌতাত-ভরা নারীর প্রেম, যুবক কেন কোনও পুরুষ-ই ফিরিয়ে দিতে পারে না। শাখান তো এক সটান চির যুবক! কিছুতেই নীরব থাকতে পারল না। আপ্লুত হয়ে সুমু বাজাতে লাগল মনকাড়া সুরে। একদিন অনুনয় হাতছানি দিয়ে প্রেমের বহরতা মাপতে ধীরে ধীরে নামতে লাগল পাদদেশে।


মায়াময় ইশারায় জম্পুই টগবগে।  সাড়া না দিয়ে পারে? সে-ও প্রেমসিঞ্চনে নামতে লাগল পুরুষ শাসিত সমাজের সব অপবাদ ভুলে।  আদৌ কি সেকথা  ভুলে গেছিল সে? নাকি উন্মাদিনী হয়ে ছিল? নিজকে ভাসিয়ে দিল প্রাগৈতিহাসিক যুগের এক তারা ছাড়া জ্যোৎস্না ভরা সন্ধ্যায়।  তার কমলা রঙা পায়ে কি সেদিন  নূপূরছন্দা ছিল! কে জানত। 


মেয়েদের গোপনে রাখা অন্তর বিকশিত প্রেম সিঞ্চন, অজান্তেই বনানী কল্লোলিত করে দিল। পুরুষ শাসিত সমাজে, কোনো মেয়ে কি আর জানলে? তার অহংকার বিলিয়ে দেয়! অচেনা সুমুর সুরের টানে ছুটে যায়? - যায়, প্রেমের মাধুর্য তো এখানেই। অজান্তেই নিজের সবকিছু হারিয়ে যায়। পাখিরা মিলনের গানে ভরে দিল সবুজ গাছগাছালির ডাল। আলিঙ্গন অভিলাশে তারা অনুসন্ধান করতে করতে দুজন একদিন একত্রিত হল। একে অপরকে ভালো করে দেখার আগেই এক দৈত্য গিলে ফেলল দুজনকে। কোন শাপ থেকে নাকি মুক্তি পেতে! সে কুমারী জম্পুই আর কুমার শাখান দেখে বসেছিল এই পবিত্র উপত্যকায়। তাদের ছোঁয়া পেয়ে শাপমুক্ত হবে। আজ হল তার প্রায়শ্চিত। কাঙ্ক্ষিত প্রেম সিঞ্চনে সুন্দর হতে লাগল তার বিদঘুটে দেহ। প্রেমের অনুরণে বিকশিত হল স্বার্থপর হৃদয়। স্নিগ্ধ উপত্যকা, বিশুদ্ধ বাতাস আর আলো জল পেয়ে তৈরী করল আদর্শ জলবায়ু। তকতকে পলিতে ভরে উঠতে লাগল পাড়। ধীরে ধীরে সবুজে আচ্ছাদিত হল নতুন মাটি। জন্মনিল অগণিত ইতর প্রাণী। কত মাস কাল যুগ পেরিয়ে কত জল গড়াল তার বুক দিয়ে, - কে জানে!


শুরুহল মানুষের আনাগোনা। উপত্যকা দিয়ে প্রথম নাকি হালামদের যাতায়াত ছিল। পাহাড়দ্বয়ের নির্যাসিত প্রেম-সিঞ্চনকে তারা দেওপানী নামে ডাকত। এমনকি প্রায়ই মোহনায় এসে দেখে যেত 'দেও' এখন এক নারীর প্রেমে হাবুডুবু খাচ্ছে। কী অপূর্ব সুন্দরী সে। নাম তার মনু। পিতামহ ভীষ্মর ন্যায় সেখাকার পাড়ে ঠায় দাঁড়িয়ে আছে এক বপুর শিমুল। প্রাগৈতিহাসিক যুগে তার তলা নাকি কুলষিত হয়েছিল, সিলেটের গারো পাহাড় থেকে আগত একদল দৈস্যু দ্বারা। তারা পটিয়ান পূজার নামে মানুষ বলি দিত। ইতিহাস যাদেরকে  নি-র্মুন্ড জাতি হিসাবে আখ্যায়িত করেছে আজ। 


জম্পুই শাখানের অমর প্রেমগাঁথা মিলনস্থল অশুদ্ধ হয়েছে ভেবে তদানীং মহারাজ ধরম-ফা, শ্রীহট্টীয় পাঁচ বেদজ্ঞ পণ্ডিত এনে যজ্ঞ করেছিলেন মোহনার খানিকটা উজানে জয়পর্ব্বতের পাদদেশে। কেউ কেউ মনে করেন মহারাজের এই প্রাগৈতিহাসিক যজ্ঞ নাকি ত্রিপুরার রাজবংশের প্রথম হিন্দু ধর্ম গ্রহণের সোপান। কিন্তু 'রাজমালা'-য় বর্ণিত আছে ত্রিপুরার মহারাজগণ চন্দ্রবংশী। এই বিতর্কিত বিষয়ে যাচ্ছি না; ফিরছি মুল বিষয়ে।


রমণীর মৌতাতে বিলিয়ে যাওয়া 'দেও' প্রথমে - 'দেওপানী'। অনেকযুগ পরে চাকামাদের কাছে 'দেরগাঙ' হল। সর্বশেষ বিবর্তন বাংলার আগ্রাসন - 'দেওনদ' বা 'দেওনদী'।  


যাইহোক, নামে আর কি যায় আসে! 'দেও' তো দেও-ই রইল। জম্পুই-শাখানের অমর প্রেমভরা সিঞ্চনে কল্লোলিত হচ্ছে  আজও। মোহনায় কান পাতলে এখনও শোনা যায় পাঁচ বেদজ্ঞ পণ্ডিতের সুরেলা মন্ত্র উচ্চারণে চাপিয়ে যাওয়া নরবলি প্রথা।


কবি পরিচিতি : দিব্যেন্দু নাথ।

পিতা: শ্রীযুক্ত ইন্দুভূষণ নাথ।

মাতাদেবী: শ্রীমতি বীনাপাণি নাথ।


গ্রাম - শান্তিপুর, 

পো: কাঞ্চনপুর, 

জেলা: ত্রিপুরা (উঃ) কবিতা উপত্যকা; ভারত।

চলভাষ : ৯৮৬২৬০৩৬৪০

জন্ম : ৫ ই মে ১৯৭৭ ইং 

পেশা : পরামর্শদাতা (ভারতীয় জীবন বীমা নিগম)       

 নেশা : সাহিত্য চর্চা।

সম্পাদিত ম্যাগাজিন:  'দোপাতা' সাহিত্য পত্রিকা। 

প্রকাশিত উপন্যাস: - 'আইলাইনার'।

প্রকাশিত গল্প: - জমিন আসমান।

একটি সকাল


দিব্যেন্দু নাথ ✍️

যে ক'টা রাত 
শিশির ঝরে আকাশ হাল্কা হয় 
সে-ই তো শীতকাল 

তোমার শুষ্ক ঠোঁট 
প্রেমরঙা আলিঙ্গনে
সতেজ হয়ে উঠে লতা ভেজানো কুয়াশায়

আমি শুধু চেয়ে রই ধানভাঙা
নীল হারানো ধুয়াশাভরা মাঠে

টুস্-টাস্-হুস্ শব্দে 
শিশির বিন্দু ভেঙে 
বেজে উঠে পাতায় পাতায়
বিষাদের গান নাকি - মনভোলানো তান ওঠে
বুঝা মুশকিল !

প্রভাতী আর আজানের সুরে 
সূর্যটা-ও কেমন ভয়ে ভয়ে জাগে

তবুও 
গানে গানে মুগ্ধতা ছড়িয়ে 
পাখিরা-ভরবী গায় 

নৃত্যালাপে অলির সঙ্গে বিহঙ্গও সাজে
শিশির কণার নূপুর পায়ে

আমি শুধু চেয়ে থাকি
যান্ত্রিক কোলাহল ভুলে
তোমার নীল হারানো ধূসর রঙা আঁচলে।

স্বপ্নেরা

✍️ দিব্যেন্দু নাথ

যদি তোমার দেখা পাই, বলবো 
আজও ভুলতে পারিনি

ধানভাঙা সোনালি বিকেলে 
তোমাকে পাওয়া যেত
 শিষধানের আলে

মিঠেল রোদ মাখতে-মাখতে,
কখন কুয়াশার চাদর লেপ্টে নিতো দুজকে

আজও আমন আসে গন্ধ মেখে,
শিশিরও ঝরে, সূর্যও ঝুলে
লংতরাই পাহাড়ের ডালে
ম্লান আলোয় ভাসে পাকাধানের মাঠ।

ধুসর কুয়াশা শুষে নেয় 
হৃদয়ের আলেয়া স্বপ্নগুলো। 

চলন্ত ট্রেনে ঝাঁপ দিলেও
স্টেশন ছাড়া হয় না।

'স্বরূপ'

               ✍️ দিব্যেন্দু নাথ

- আমি যদি আবার নাইনের ছাত্র হই, তুমি কি  সেভেনের ছাত্রী হবে?
- না। 
- কেন?
- দাদাদের মাঝে! দাদা দাদা বলে আবার তোমাকে খোঁজাবো?
- এও তো ঠিক! তবে এখন পর্যন্ত তো সেই দাদা-ই ডাকো।
- সে তো তোমার জন্য!
- এছাড়া আমার আর কি করার ছিল?
- হ্যাঁ। পালিয়ে গিয়ে বংশের আভিজাত্য বাঁচানো-ই ছিল তোমার সঠিক সিদ্ধান্ত।
- যাইহোক! সাতকাহন গল্পের পর তো এখনও একটা সম্পর্ক টিকে আছে। কথাটা শুনে আঁখির এতদিনের শুষ্ক বাঁকা নয়ন বেয়ে দু-ফোটা অশ্রু টপ-টপ করে ঝরে গেল। স্বাভাবিক ভাবে বলতে চাইল, পরল না। অনেকটা গোঙানির মতো আওয়াজ বের হল গলা থেকে, - আমার অভিমানটা কোনদিন বুঝতে পারোনি তুমি।
- কে বলল সে কথা?
- কেন টুপুর পরতে গেছিলে আমাকে রেখে?
- সেদিন তো তুমি পরিস্কার-ই বলে দিয়ে ছিলে...!
- পেছনটায় কে ছিল! মনে আছে? 
- আছে।
- আমি আর মনের প্রলাপ ছড়িয়ে লোক হাসাতে চাই না দিব্যদা। অধরা ব্যথায় আক্রান্ত আঁখি একটু মুচকি হাসি দিয়ে আবার বলল, - সমাজের মিথ্যে অহমিকায় ভরা আমার দাদা! কেন যে নিজকে এত সংস্কারসম্পন্ন মনে করে। এবার যেন দিব্যর গলাটা কেঁপে উঠল। তবে সেটা ভয়ে নয়! হারানো বিরহে।
- তুমিও তো সায় দিয়ে ছিলে দাদাকে।
- এছাড়া কি করার ছিল আমার! 
- প্রতিবাদ করা।
- তোমাদের পুরুষতান্ত্রিক সমাজে অবলা নারীর কণ্ঠে কি এত সাহস আছে?
- পক্ষে একটি মাত্র ধনাত্মক সংকেত দিতে আমাকে, দেখতে কি করি!
- মারডাঙা করতে?
- করতাম।
- লোকে হাসতো! ভালোবাসায় হিংসা...। কথা বলে আঁখির চোখমুখ উদাস হয়ে যায়।
- তুমি রাধার অন্তর, পিঞ্জরে নিয়ে জন্মিলেও... আমিও কিন্তু কৃষ্ণর মতো প্রভাস নদীর পারে বসে আছি এখনো...।
- ছাড়ো না গো বিরহ! কি আর হবে এসব ভেবে। আমার তো ঠিকানা-ই বদলে গেছে।
- হ্যাঁ। তুমি তো মায়ের তকমায় রঞ্জিত হয়ে গেছো।  পৃথিবীতে এই একটাই সম্পর্ক আছে সব সম্পর্ককে  ফিকে করে দেওয়ার জন্য। 

এবার মৌনতা আকড়ে ধরে আঁখিকে। বিষ্ময় না আকুলতায় ছেয়ে গেছে, বুঝা গেল না। প্রলাপ সুরে  বলতে লাগল দিব্য, - আমিও চাই না.... মা সম্পর্কটা কোনো দিন পৃথিবীতে কুলোষিত হোক। সহজ পৃথিবীর জটিল করা নিয়মানুযায়ী তো, ভুলটা সবসময় পুরুষদের-ই হয়! এই কলঙ্কটা আমারই থাক! অশ্রু পান করতে শিখে গেছি এখন। চোখের জল ছাড়া সমাজের সমস্ত ভার বইতে পারি। 
- হ্যাঁ গো। মেয়েরা তো কেঁদে হালকা হয়, লোকসমক্ষে। পাঁচমিশালি আহা-উহু তাও পাওয়া যায় শ্বান্তণা স্বরূপ! তাতে যদিও দুঃখ কমে না। কিন্তু সমব্যথী ধরে নেয়া যায়। অথচ পুরুষদের এমন এক যোদ্ধা হিসেবে চিহ্নিত করে রাখে 'সময়', যেন কাঁদাটাও লজ্জার। ওদেরও মন আছে, স্বাভাবিক কান্না আছে এটা মনে-ই থাকে না। মানসিক নির্যাতনে পুরুষরাই বেশি কোণঠাসা হয়ে পড়ে। আঁখির কথা শুনে অজস্র দুঃখের মাঝে পুলকের ছোঁয়া পেল  দিব্য। কেমন জানি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আঁখি আবার বলতে লাগল, - মৌনব্রত ভেঙে ফেলো। বেশি চুপ থেকো না! তোমার কথা মতো বেনারসি পড়েছিলাম ঠিকই। ভেবে না তাতে তুমি 'দোষী' এটাই আমাদের ভাগ্য ছিল। আজ যে অবতারের পূজা করছি! গোপনে তুমিই তো ঢেলে দিয়েছো হাতে ফুল। 

দিব্য পুরুষ হয়েও ভুলে গেছে, সে পুরুষ; বাউল হয়ে ভুলে গেছে তার স্বরূপ। না হলেও কি দুচোখ একসাথে ভেঙে গলে যেত! বাউল ধর্মে কারো প্রতি কোনো খেদ থাকতে নেই। তবুও কেন জানি আঁখির বারবার মনে হচ্ছে, দিব্য পথ ভ্রান্ত...!! প্রশ্নটা করবে কি করবে না, না ভেবেই সুধালো, - আজ একটা সত্য বলবে?
- কি গো?
- আমারে সংসারি বানিয়ে তুমি কেন বাউল হলে!
- ওঃ, সে-কথা! উত্তর জানা প্রশ্নটা করে কেন লজ্জা দিচ্ছো। 

আঁখি নীরব হয়ে যায় কিছুক্ষণের জন্য। বিনয় ভরা বিলাশিতার হাসি দিয়ে বলে, - ইজ্জত! সেটা বাঁচাতেই তো এখনো দাদা বলে ডাকি...। নাহলে তোমার সঙ্গী হয়ে চলে যেতাম সাধন মার্গে। কথাটা দিব্য না শুনলেও অনুমান করতে পারল। মনে মনে বলল, - তোমার ওজন এত বেড়ে গেছে যে; আর পারছি না! বুকে নিয়ে বইতে...।