কৃষ্ণ ধন শীল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কৃষ্ণ ধন শীল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মাধবী প্রভঞ্জনে

✍️ কৃষ্ণ ধন শীল

মাধবী প্রভঞ্জনে---
রঙ্গনে রঙ্গনে মধুপের মাধুরী,
অতল নদীতে মনোরমা লহরী,
নবীন কিশলয় ভরা বিটপীর শাখে,
মধুসখা ডাকে কেবল শাখীর কাঁখে।

মাধবী প্রভঞ্জনে---
চৈতি ঝর নামে উড়িয়ে ধুলোবালি,
কালো যবনিকার অহমিকার পালী,
তৃণাঙ্কুরে সঞ্চারে রস নির্ঝর ঝর্ণা,
সেজে ওঠে ধরণী পাহাড়ী সুপর্ণা।

মাধবী প্রভঞ্জনে---
অঞ্জনে অঞ্জলি ধরায় কেবল সুধা,
মহীরূপে দূর হয় জীবের মনন ক্ষুধা,
আসে বাসন্তী যে পাড়াগাঁয়ের মাঠে,
রস নানা যায় ভরে নিত্য সভার হাটে!

ইচ্ছে করে

                                      
                  ✍️ কৃষ্ণ ধন শীল

        ইচ্ছে করে         আদর করে
              তোমায় কিছু বলি,
       কোন শহরে         কতো দূরে 
               সে তুমি মনচলি?
       ভালোবাসা          কতো আশা 
                জমিয়ে এ বুকে,
       বলবো সেদিন      পাবো যেদিন 
                 আমি পরম সুখে। 

       স্বপ্ন বুনি            দিন যে গুনি 
                 আসবে কখন তুমি,
      তোমায় পেলে     মনের জেলে 
                  করবো রানি আমি।
      তোমার আশায়     স্বপ্ন নেশায় 
                   কতো ছন্দ বুনি,
      কতো গানে             রঙীন তানে 
                   সুর ধরে যে আনি।

প্রেম বার্তা

✒️কৃষ্ণ ধন শীল 

তুমি এসেছো তাই-
ফুটেছে ফুল সৌরভ আসে ভেসে, 
এসেছে ফাগুন যেন জ্বলছে আগুন 
গহীন মরূর দেশে !

তুমি এসেছো তাই -
কল্পনায় তোমার ছবিটি আঁকি,
হাতে রেখেছি হাত দু'চোখে চোখ 
তবুও মন দেয় ফাঁকি! 

তুমি এসেছো তাই- 
ঘুরে আসে মন স্বপ্নীল শহরে, 
কতো স্বপ্ন বুনে রাখি পুষে 
আমার হিয়া- গহ্বরে! 

তুমি এসেছো তাই-
আজ যেন উদাসী আকাশ-বাতাস,
পাখির কলতান ভ্রমরের গুঞ্জন
ফুটেছে যে বাহারি কাশ।

তুমি এসেছো তাই- 
মেঘেরা আজ গুরু গুরু ডাকে, 
বর্ষায় পানি রুনু ঝুনু তানে 
শতদলের কাঁখে! 

তুমি এসেছো তাই-
আমি লিখে যাই কবিতা আবার, 
গেয়ে যাই গান কোনো অচিন সুরে 
যা প্রেম-বার্তা আমার।

অভিজ্ঞ বই


                        ✍️কৃষ্ণ ধন শীল 
                 

পুরনো,নানা জ্ঞানে পূর্ণ  বই গুলির মধ্যে অনেক গুলি এখন আর দেখতে পাইনা,
হয়তো তারা অনেকেই শতাব্দী প্রাচীন!
আর অবশিষ্ট কিছু আছে যাদের ভাষা 
এখন প্রায় বোধগম্য নয় বার্ধক্যের কারণে,
কিন্তু তাদের শৈশব-যৌবন ছিল খুব রঙীন।

আজ গ্রামের পথের মোড়ে কিংবা হাঁটে 
কোনো কীর্তন আসরে বা বাড়ির ঘাটে,
বড়োই করুণ বেশে দেখা হয় আমাদের!
কতকিছু আমার অজানা রয়ে গেছে হায় 
সময় আর ইতিহাসের প্রত্যক্ষদর্শী তারা, 
সুন্দরী-বলবান যত শয্যায় জৌলুস হারা। 

অভিজ্ঞতার সাহিত্যে তারা সত্যিই রত্নাকর
আমার গ্রামের বিজ্ঞ চেহারার বই গুলি 
একে একে হারিয়ে যাচ্ছে কালের প্রকোপে!
কত কথা গল্প ছড়া আর কত জীবন গাঁথা 
কত ডঙ্কা ঘৃণা ভালোবাসা আর আশঙ্কা, 
সঙ্গে যে হারিয়ে যাচ্ছে মৃত্যু বনের ঝোপে।

বসন্তাগমন


                        ✍️কৃষ্ণ ধন শীল 
                  

এসেছে বসন্ত, এসেছে ফাগুন, 
দূর পলাশ বনে যেন ছেয়েছে আগুন। 
কৃষ্ণচূড়া রাঙা হয়ে খিল খিল হাসে, 
অঙ্গ আমার পোড়ায় যেন বসন্ত বাতাসে।

অশোক রক্তকাঞ্চন হিমঝুরি আর মহুয়া, 
হাওয়ার নেশায় হৃদয়ে দাগে আলতো ছোঁয়া।
কুসুম কলির বাহার আর কোকিলার কুহুতান,
ভরে ওঠে আঁখি আমার জুড়ায় গো পরান। 

ছোট নদীটির ধারে মৃত্তিঙ্গা ঐ বাঁশের ঝারে, 
ঝিরি ঝিরি পাতা রবে তার নির্জনতা হরে।
আম্র মুকুলে মৌ মৌ করে জুড়ে যত অলি,
শুষ্ক মাঠে ছাড়ে নি:শ্বাস চিকন রোদের ফালি!

সজিনার শুভ্র ফুল যেন হিম সাদা তার বাহার,
অলি ভ্রমরা যত নৃত্য গীতে ফুলে ফুলে করে যে আহার। 
বসন্তের মধুর সমীরণ মন্দ মন্দ প্রতি প্রভাতে,
মিলনের আশা জাগে গো মনে মধুর এ চৈতে।

বসন্ত মানেই  আনন্দ গর্বের একুশের ফেরি,
শ্রদ্ধাভরে চিত্তপটে  শহীদ বীরদের স্মরণ করি। 
পতত্রী দলের  গীতে দোল-হোলী এসে যায়,
যার জন্য মন আমার থাকে অপেক্ষায়।

 নব মুকুল নব কুঁড়ি আর নব নব কিশলয়,
বসন্ত পাখীর নব তানে যেন  মুখরিত  মলয়।
নভের ছায়া পড়ে সলিলে,আসে সিক্ত মাটির ঘ্রাণ,
আমার বসন্ত মানেই  কূজন কলতান আর কুহুতান।

মূহুর্ত

    ✍️ কৃষ্ণ ধন শীল 
                রানীর বাজার, পশ্চিম ত্রিপুরা

মুহূর্তকে ছোঁয়া যায় না, 
এমনকি দেখাও যায় না, 
তবুও নিশ্চিত সে আছে, 
খুব দামী আমাদের প্রত্যেকের কাছে।

মুহূর্ত শুধু একটি শব্দ মাত্র নয়, 
সে নির্ধারণ করে জয়-পরাজয়, 
সে কখনো খিলখিল হাসায়, 
কখনো বা নিদারুণ কষ্টে আমাদের কাঁদায়।

মুহূর্তেই মুহূর্ত হয়ে যায় শেষ, 
গতি তার যে দুর্বার অনিমেষ,
জন্ম-মৃত্যু আর যত চলন-গমণ, 
মুহূর্তেই হয় শুরু মুহূর্তেই দমন।

মুহূর্তেই যে সৃষ্টি হয় মুহূর্তেই ধ্বংস, 
মুহূর্তেই সম্পূর্ণ আবার মুহূর্তেই অংশ, 
মুহূর্তেই রঙীন স্বপ্নরা হিয়ায় মেলে ডানা, 
মুহূর্তেই হাজারো স্মৃতি করে আনাগোনা।

ঘুম

✍️   কৃষ্ণ ধন শীল

কায়া ক্লান্ত হিয়া ক্লান্ত
ক্লান্ত যেন এই সময়,
নিশাধারে তাই কেটে গেছে 
যত আশা আর ভয়!
আবেগ যত চিন্তা যত আর যত অনুভূতি,
ছেড়ে গেছে মুছে গেছে ছিল যত আকুতি!

দিনের আলোর শেষে 
এই আঁধারের আঙ্গিনায়, 
ফিরে আসা সুখের স্মৃতিগুলি 
যেন বড়োই অসহায়!
ক্লান্তি শ্রান্তি অবসাদ যত সবই বাহানা শুধু, 
জানি ঘুমিয়ে পড়লে এ জীবন মরু ধূ ধূ!

নব যুদ্ধবাজদের প্রতি


    ✍️ কৃষ্ণ ধন শীল 
                   
হে বীর যুদ্ধবাজ,
জেগে ওঠো আজ, 
এসেছে সময়,
তুচ্ছ করে মৃত্যু ভয়,
জেগে ওঠো জেগে ওঠো শুভের সাথে, 
সত্যব্রত হয়ে উজ্বল আলোক হাতে,
অহিংসা মনে আনো আর হও নিষ্ঠাবান,
হৃদয়ে একতার ধরো সুর-তান।

ভাঙতে হবে আজ যত বেড়াজাল,
প্রাচীর ভেদাভেদের,স্বার্থের মায়াজাল, 
অন্যায়কে করতে হবে আজ নিমেষে দমন,
সুখ বিলিয়ে দুঃখ জনের করতে হবে যে হরণ, 
হে প্রস্ফুটিত বীর তোমার হবে জয়, 
হিংসার আজ দেখি আমি নিশ্চিত পরাজয়,
ভীষণ যুদ্ধ করে সব যুদ্ধের শেষ টানো, 
প্রাচীন জটলা শিকড়ে ভয়ংকর আঘাত হানো।

প্রশান্তি

   ✍️ কৃষ্ণ ধন শীল

প্রথমে তাকিয়ে ছিলাম ঐ নীল আকাশ পানে, 
শুভ্র মেঘপুঞ্জের মতন স্বপ্ন জেগেছিল প্রাণে, 
তারপর হঠাৎ কালো যবনিকা করে নিল গ্রাস, 
স্তম্ভিত আমি ভয়ভীত,ভেঙ্গে গেল স্বপ্ন একরাশ।
নব শ্রাবণের ধারার উত্তেজনায় গা ভাসালাম, 
শঙ্কা কাটিয়ে এক রোমাঞ্চকর অনুভূতি পেলাম,
বর্ষা যেন বর্ষায় অমৃত কণা দেহ আর প্রাণে, 
সিক্ত হল শুষ্ক আর রিক্ত ধরা নব সুরের গানে। 

ভয়ভীত হলাম আবার পিছোল খাওয়ার ভয়ে, 
হোঁচট খেয়ে পড়লাম ঘুরে কাদার উপর শুয়ে,
পেলাম তখন সোঁদা গন্ধ বৃষ্টি ভেজা দিনের,
ঐ একই সুবাশ আমার ভেজা নির্জীব প্রাণের। 
উঠে দাঁড়ালাম কাঁদা ধুয়ে গেল বৃষ্টির জলে, 
হাসলো মিহির অপরান্হে মেঘেরা গেল চলে, 
তারপর মুছে গেল শুষ্ক কায়ে আমার যত ভ্রান্তি,
নির্ভয়ে পেলাম নীলিমা,স্বপ্ন আর এক প্রশান্তি।

পাষাণ

🖋কৃষ্ণ ধন শীল 

পাষাণ,নামেই সে পাষাণ-
যার লোনাশ্রু ঝরে ঝর্ণা হাসে, 
ঝলমলে উপল দল ভাসে, 
ধ্বনিতে শকুন্ত দল গায় গান।

হ্যাঁ, সে তো সত্যিই পাষাণ-
ধরনী যার শোভে কাঁধে,
বারি ধারা যে পলকে বাঁধে,
শাখিতে পতত্রী দল ধরে তান। 

ভাগ্য দোষে চূর্ণ-বিচূর্ণ সে,
তবু গড়ে তুলে বালি-মাটি,
ফাঁপা নয় যেন সোনা খাঁটি,
নিষ্প্রাণ উদাহরণ হয় নিমেষে। 

মূর্তি গড়ে তুলে কষ্টি পাথরে,
দেব-দেবী কিংবা স্মৃতির,
ঘর-বাড়ি অট্টালিকা সমৃদ্ধির,
বিলিয়ে নিজেকে অকাতরে।

পরিবর্তিত হয়ে আবহবিকারে, 
করে সর্ব কল্যাণ, 
যদিও নিথর নিষ্প্রাণ, 
অবনীর তিন তল গড়ে। 

তাই তো সে পাষাণ, 
তাকে আঘাত করে মুনাফা লুটে, 
সর্ব শ্রমিক-মালিক জুটে, 
অসহ্য যে তার বড়ো বেমানান। 

ভীড়ের শহর

    ✍️কৃষ্ণ ধন শীল

ভীড়ের শহর,
কৃত্রিম আলোয় উষ্ণ প্রবাহমান বায়ু, 
ভেদাভেদের দেয়াল গুলি সদর্পে খাড়া, 
আর কয়েকটি জীর্ণ নতজানু!

কোলাহল দিনভর,
নিশীথের আঁধারে মাঝে মাঝে, 
অলক্ষ্মী প্যাঁচার ভয়ার্ত ডাক ওঠে, 
ব্যাধ আসে, বাদ্যি বাজে!

শ্রেষ্ঠ ঢংবহর,
ক্ষুধার্ত হায়না-শৃগাল স্পষ্ট দিবালোকে, 
রঙ মেখে সঙ সেজে ফন্দি আঁটে,
নিঃস্ব কাক-চিল ব্যর্থ তাকে!

তাপ প্রখর, 
তবু ভীড় জমে,অদৃশ্য হাহাকারের স্রোতে,
লোভ-লালসা পূর্ণ চোখ,জিভে জল,
ঈগল-বাজদের প্রতি প্রভাতে!

"ট্রেন "

                         কৃষ্ণ ধন শীল 
                    
                         
চলছি ট্রেনে কালের টানে ধূসর কালো ধোঁয়া,
নেই যে মনে কোন স্টেশনে নিয়ে ছিল হাওয়া!
চলছে গাড়ি শব্দ ভারি উঁচু নিচু পথে, 
হাসি সুখে কান্না দুঃখে আছে একই রথে!
উর্ধ্ব গামী ছুটছে হয়ে বিশাল পারাবারে, 
কেউ ভর পেট কেউ উপোস কেউ অর্ধাহারে।

পিছন পড়ে স্মৃতি কত ভীষণ চলার পথে, 
নেই যে সময় ভাবনা করার আগুয়ানের ব্রতে। 
ছোট বগি ছোট কামরা সূক্ষ্ম ছোট ঘরে, 
থাকছে বসে অন্ধ হয়ে চির সুখের তরে! 
বাইরে কত আলোক ধারা সবুজ কত প্রান্তর, 
অন্ধ কোণে আলোক খুঁজে মিছা ভোলা অন্তর। 

পাহাড় নদী সাগর দ্বীপে চড়ি নামি চলে, 
হারিয়েছে শান্তি নীড় সে গতির কথা বলে, 
ছুটছে যত হচ্ছে ক্ষত ফুরছে তার আয়ু, 
ছাড়ছে নিঃশ্বাস জীবন আশ্বাস বিষিয়ে প্রান বায়ু!
বেলার শেষে জড় বেশে পড়বে ছিটকে যাত্রী, 
সময় শেষে বিলীন হবে যত পাত্র-পাত্রী।