জনার্দন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জনার্দন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ইনফ‍্যাচুয়েশন"


✍️ শ্রীজনার্দন


রাতের গভীরে ঘুম, তার গভীরে স্বপ্ন ;

কালোনিদ্রায় স্বপ্নভঙ্গ, এক আকাশ বিরক্তি ;

পিরামিডের মতো অশান্ত বলয়;

যাকে ঘিরে শুধু বাসনা,

দিবারাত্র শুধু প্রলয়ের হুঙ্কার।


এই তো বেশ আছি,

যেচে গিয়ে মোহগ্রস্ত হয়েছি;

বেলে পথে চলতে গিয়ে,

হোঁচট খেয়েছি কতবার;

আপাদমস্তক ডুবিয়েছি সহস্রবার।


এবার হয়তো একটা ধাপ পিছিয়ে,

শোধনের এক ধাপ এগিয়ে,

ডেকোনা শুধু আমায়;

তোমরাই করে নাও তোমাদের মতো,

জয়জয়কার হোক তোমাদের।


একটু ঠিকঠাক হও,

কল্পনাপথে আড়ি দিয়ে ;

চলতে থাকো দুর্বার গতিতে,

হয়ো না মোহগ্রস্ত আমারই মতো;

তারপর, বিন্ধ‍্যাচলে শুয়ে দেখো,

সবই একটা ইনফ‍্যাচুয়েশন।

দুমুটো অন্নের জন‍্য"


           

              ✍️জনার্দন

একটা অন্তবিহীন পথ,
যে পথ খুঁজে বেড়ায় ;
সহস্র আলোকবর্ষের মায়ারেখা।

আমি শুধু কিনারা খুঁজে যাই।

অথৈ জল;
হাবুডুবু খাচ্ছে গেরুয়া সন্ন‍্যাসীরা।

চারদিকে শুধু কৃত্রিম ভালোবাসা;
রাতের জোনাকিরাও খুঁজে যায়,
পায় না কোনো আশ্রয়।

সন্ধ‍্যা ঘনিয়ে এলো,
জীবন নামে যে নৌকাটা এখনো চলছে;
তাও বোধহয় থেমে যাবে।

রাতের পরীরা 
এখন দিবসেও উঁকি দিচ্ছে,
এদিক-ওদিক।

অপরাজিতার বেশে ডাক দিচ্ছে;
এই যে বাবুমশাই, 
আমাদের তো চাই, 
দুমুটো অন্নের জন‍্য 
একটু সহযোগিতা চাই।

এই ভিড়ের মাঝে
আমাদের ঠেলে দিও না,
ক্ষুদার রাজ‍্যে;
আমাদের নাও,
ভাসিয়ে দিও
স্রোতের মাঝে, প্রেমের সাগরে।

তোমার সাথেই চলে যাবো

 ✒️ জনার্দন

তুমি কি একপ্রস্ত জোনাকীর আলোর মতো?
তাহলে রাতের অন্ধকারেই এসো;
অন্ধকারে তোমাকে দারুন দেখায়।

আমি হয়তো ততটা বুঝতে পারি নি;
কিন্তু লোকে বলে তুমি নাকি ভীষন সুন্দর,
আকাশের তারাগুলোও তোমাকে দেখতে চায়;
তোমার সৌন্দর্য্য ওরা উপভোগ করতে চায়।

যদি পারো একটু সময় দিও;
আর যদি না-ই পারো
তবে স্বপ্নে আসতে একটুও ভুলবে না।

আমি শিউলী বাগানটাকে ঘুচিয়ে রাখবো,
কাঁটায় ভরা গোলাপের বাগানে হয়তো না-ই গেলে;
শিউলীর আলতো ছোঁয়া,
তোমার কোনো বাধা হবে না।

বসন্তের আগুন অনেকটাই নিভে গেছে
এখন শ্রাবণী ধারার জন‍্যে অপেক্ষায় আছি
যখন বৃষ্টি নামবে,
তখন মধুস্নানে পরিশুদ্ধ হয়েই তোমার সাথেই চলে যাবো;
আসতে কিন্তু একটুও ভুলবে না।

ঊনপাঁজুরে

জনার্দন ✒️

কতটুকু দূরত্ব মাপার পর তুমি আপন হবে, 
বলে দিও; 

আমি এখনও একাই আছি,  
শরৎ কিংবা বসন্তের পর' আমি আরো একা হয়ে যাবো। 

তুমি যদি প্রণয়ের পরিধি বাড়াতে না' পারো,
সে'টা আমার মন্দভাগ‍্য, 
আমি না'হয় দূরত্বটা কমিয়ে নেবো। 

যতটুকু পরিধি তুমি মেপেছো, 
আমি ঠিক ততটুকুর হিসেব গুছিয়ে রেখেছি। 

তোমার ইচ্ছের জঠরে আমি অনন্তকাল;
আমার সুলেখনগুলোতে, 
তোমার ইচ্ছেগুলোকে সাজিয়ে রেখেছি। 

একা জীবনটাও যে একটা অনুভূতি! 
সেরকমই কিছু একটা মনে হয়, এখন;
হোক 'না সেটা ব‍্যথার অনুভূতি। 

বুকের গভীরে শুধু খরা,
গ্রীষ্মের কাঠফাটা রোদের মতো ;
নিঃসঙ্গতায় শুধু, তোমার ইচ্ছেগুলো নিয়ে ভাবি। 

এখনও একই ভাবে, একই জায়গায় আছি,
এতটাই মন্দভাগ‍্য যে' আমার 
আর কিছু বলার অপেক্ষা রাখে না।

শুধু শুধু কেউ আসে না


✍️ জনার্দন

আমি দেখছি, তুমিও দেখো, তোমরা সবাই দেখো;
ভালো কিছু তো দেখছি না!
তারপরও বলছো, হ‍্যাঁ' এটা ভালো।

আমি সহজভাবে কিছু একটা বলতে চাই;
এটা কোনো অনুভূতি নয়, 
একটা কাহিনী মাত্র।
বুকের যন্ত্রনা, সবটাই খোলাখুলি।

শুধু শুধু  কেউ আসে না,  
নিজেকে তুলে ধরার জন‍্যে আসে, 
ওরা আসলে সাহায্যপ্রার্থী।

প্রলুব্দ করার যতরকমের সামগ্রী আছে সবটাই  নিয়ে আসে;
আসলে' নিয়ে আসে একটা বঁড়শি।

প্রয়োজনে দাদা-বৌদি, কাকা-কাকি, পিসি-মাসি,....
ব‍্যর্থ হলে ননসেন্স, স্কাউণ্ড্রাল।

জমে থাকা কষ্টগুলির ভাগ, কেউ নিতে আসে না; শুধু আসে, শেষবেলার টোপ  আর অনাগত ভবিষ্যতের গল্প শোনাতে।    
কত দরদ! 

কাল্পনিক একটা গল্প শুনিয়ে মনকে বশ করে নেয়,
ঠেলে দেয় একটা অনিশ্চিত ভবিষ্যতে।

প্রথমবেলায় ওরা সবচেয়ে বেশী আপন;
এই মানুষগুলোই শেষবেলায় সরে দাঁড়ায়।

একটু স্বাধিকার


  জনার্দন ✍️

তুমি যা' খুশি বলতে পারো;
আজ একা হাঁটতে মন্দ লাগছে না।

আমার একটু খোলা বাতাস চাই;
কোনো কথাই আজ শুনতে ইচ্ছে করছে না।

মেঘ ডাকছে একনাগাড়ে;
মনটা আজ বৃষ্টিতে নাচতে চাইছে।

মেঘলা বিকেলে আজ দু-চোখ আন্তরিক ;
একরাশ ঝড়কে যেন আটকে রেখেছে।

বাতাসের আছে স্বাধিকার, বইছে জোরে জোরে;
পথচারী ছুট লাগিয়েছে,যেন কতদিনের চেনা।

পাতাগুলি সব নেচে বেড়ায় , বৃষ্টি নামার আগে;
মেঘ জমেছে ঘন,যেন সাঁঝ বিকেলের আলপনা।

অগ্নিবাসরে পর্ণমোচী


✍️জনার্দন

এই জনপদের খবর কেউ রাখে না, 
এখানে পর্ণমোচীদের বসবাস,
সবাই শুধু আড়ালে জানতে চায়;
আসলে কেউ কেউ জানতেও চায় না।

ওরা মাঝে মাঝে আসে, 
আবছা অন্ধকারে বেহায়াপনার শিকার হয়, শুধুমাত্র দুমুটো অন্নের খোঁজে।

বুকফাটা চিৎকারেও কেউ খবর নেয় না;
শুধু জন-নেতারা একটা সময় ওদের খোঁজ নিয়ে যায় ।

কেউ তাদের অমৃতবাণী শোনায় না।
শুধু অগ্নি বাসরে ঠেলে মজা লুটতে আগ্রহী।

পৃথিবীতে যদি কেউ তাদের আপন হয়; সে'তো সময়ই বলে দিচ্ছে, কতটুকু আপন!

কালের বিবর্তনে ওরা পরিধি বাড়াতে থাকে, 
কিন্তু সম্পর্কের আধিক্যটা ওরা একটা মূল‍্যে মেপে নেয়।