চন্দ্রিমা বণিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চন্দ্রিমা বণিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

তোমায় নমি

✒️চন্দ্রিমা বণিক

হে নারী,তুমি যুগে যুগে কত গড়েছ ইতিহাস, 
তোমায় ছাড়া আজো অসম্পূর্ণ এই অর্ধেক আকাশ। 
কখনো মা, কখনো বোন, কখনোবা দুহিতা রূপে,
স্নেহ মায়ায় আগলে রেখেছ এই বিশ্ব জগতটাকে,
অর্ধাঙ্গিনী হয়ে পুরুষের পাশে তুমি ধর সংসারের হাল 
শক্তি রূপে শক্তি জোগাও,দূর কর আপদ জঞ্জাল। 
বেদ পুরাণের যুগ থেকে তুমি ছিলেনাতো পিছিয়ে! 
অপালা ঘোষা বিশ্ববারা এরই দৃষ্টান্ত দেয় স্মরণ করিয়ে, 
মহাকাশ থেকে সমুদ্রের তলদেশে তুমি জমিয়েছ পাড়ি
স্মৃতির কোঠায় অবিস্মৃত কল্পনাকে আজো নমন করি।
ঘরের লক্ষ্মী তুমি ঘরে, সাহসে লক্ষ্মীবাই,
যুদ্ধক্ষেত্র থেকে এভারেস্ট বিজয়ে তোমাকেইতো আমরা চাই। 
শিল্পকলা বিজ্ঞান থেকে নেই তুমি যে দূরে 
যুক্তিতর্ক প্রযুক্তিতেও চলেছ একই সুরে।
প্রাণদায়ী তুমি কল্যানময়ী চিকিৎসকও বটে,
তোমার সেবায় রাতেদিনে কতনা চমৎকার ঘটে। 
তুমি গায়িকা, তুমি নায়িকা, রাজনীতিতেও সেরা,
বহুমুখী প্রতিভা তোমার, তুমি সেরার সেরা।

               
                

পান্থ


                   ✍️চন্দ্রিমা বণিক

দোল দোল দোল..
রঙ্গমঞ্চের মহাযজ্ঞে আত্মহা রায়ে।

বাজে মাদল বাজে মৃদঙ্গ... 
তাথৈ তাথৈ পদধ্বনিতে নৃত্য ছন্দে, 
দোল দোল দোল...

ঐ শোনা যায়, 
বিশ্ব পিতার ডঙ্কা বাজে,
মেঘের আড়ালে বজ্রনাদে,
গুরুগম্ভীর প্রতিধ্বনিতে অস্তিত্বের সুর প্রকাশে।

ঐ দেখা যায়, 
আঁকাবাঁকা বিদ্যুৎ রেখার আনাগোনা, 
দেখাযায় ধ্বংস সৃষ্টির মিলন মেলায় ঘাত প্রতিঘাতের তুলি টানা।

বজ্র বিদ্যুৎ বিদ্ধ ধরণী বিচার মাগে মুক্ত গগনে শূন্য  হাতে...

গগনের নীল আর সাগরের নীল মিশে গেছে যে রেখায়,সেই রেখারই রেশ ধরে কি রঙ্গনাট্য গন্তব্য পায়?

সেই রেখার রেশ ধরে  বুঝি রক্তিম সুরে গাঁথা মালা,

অসীমের পানে অনন্তের টানে চলা...
এই পথ চলা...

      

রূপায়ণ


চন্দ্রিমা বণিক ✍️

সভ্যতার ভ্রুকুটি উপেক্ষা করে   
এক রত্তি প্রাণ যখন জয় করে নিল হৃদয়ের মণিকোঠা,
আলোর রোশনাই তখনও দেওয়াল বেয়ে ক্রমশই ঝরে পড়ছে।
নিষ্পাপ ঠোঁটের কোণে দেখা গেল এক ঝলক বক্রতা।
চোখ দুটি তখনও নিষ্পলক। 
কল্পনার গন্ডি এড়িয়ে বাস্তবতা ধরা দিল মুহূর্তে,
শীতল শিরা উপশিরা ক্রমশই উষ্ণতার আবেশে মিলেমিশে হয়ে গেল একাকার। 
খুশির প্লাবন বইতে লাগলো করতালি আর আতশের হাত ধরে। 
            
           

অনন্যা


✍️ চন্দ্রিমা বণিক

টানা টানা চোখ দুটো 
কত কথা বলে, 
চুপটি করে মুখটি বুজে 
স্বপ্নে জেগে চলে,
কল্পনাতে বেড়ায় ঘুরে 
দোলনচাঁপার সাথে, 
বৃষ্টিফোঁটা হাতে ধরে 
মনটি উড়ায় নীলে। 

হঠাৎ আবার থমকে দাঁড়ায় 
রাঙা মনের চলন, 
টানা চোখের চাউনিতে
কত প্রশ্নের ভীড়,
গেঁয়ো পথে মনটি ঘুরে 
বিরহী গানের সুরে, 
করুণ চোখে জল ছলছল 
ঝাপসা আশার নীড়। 

এমনি চলে নববধূর
অবোধ প্রাণের খেলা, 
নতুন প্রেমে অন্ধ বধূ
স্বপ্নে ভাসায় ভেলা,
অন্ধমন মানেনা বারণ 
শহিদ স্বামীর টানে,
নববধূ নবসাজে
অপেক্ষায় দিনগুনে। 

জ্বালা

🖋 চন্দ্রিমা বণিক 

এইতো সেদিন, কর্তা আমার আনল শিঙি জ্যান্ত,
ঘরে এসেই হাঁকাহাঁকি খুশির যে নেই অন্ত! 
"গিন্নি দেখো তাজা শিঙি নাচছিল গামলাতে, 
দেখে গিন্নি লোভ যে আমার পারিনা সামলাতে!
কষ্ট হলেও প্রিয় আমার রেঁধোগো রাগটি ভুলে, 
হারানো স্বাদ ফিরে পাবো যদি খাই ঝালে ঝোলে।"
ছেড়েদে মা কেঁদে বাঁচি... পুরোনো সেই  আপদে, 
উড়ে এসে বসল জুড়ে সারাদিনটাই আদতে!
মনে পড়ল গত বছর ঠিক এমনি দিনে,
কর্তা আমার এনেছিল একই জিনিস চিনে,
দেখে আমার মাথাটা কেমন গোল গোল ঘুরছিল, 
পরে জানলাম রক্তের চাপটা হঠাৎই বেড়েছিল। 
শিঙি লাফাতে পালাই আমি সকাল গড়িয়ে দুপুর, 
শেষ অবধি শেফালীর মা কষ্টটা করল দূর। 
ভদ্রতার খাতিরে অর্ধেক  মাছ দিলাম শেফালীর মাকে,
আজ আর তাই ডাকছিনা বাপু যতনা পড়ি বিপাকে। 
লাঠি বটি নুনের বাটি সব নিয়ে তাই বসেছি, 
যেভাবেই হোক এই জ্বালা আজ আমিই  শেষ করছি।

হৃদনদী

হৃদনদী

হৃদনদী আজ শুকিয়ে গেছে চর জেগেছে তাতে, 
বিন্দু হয়ে উড়ে গেছে উষ্ণ অশ্রুপাতে ... 

কত বর্ষা আসে যায় , কত ময়ূর নাচে! 
বর্ষা বারি উধাও সব চরের বালির প্যাঁচে। 

নদীর বুকের ফাটল যত এদিক ওদিক ঘিরে, 
কত ছবি আঁকে বল শূন্য বক্ষ জুড়ে! 

এককালে এই হৃদ তটিনী ছিল দিশেহারা, 
উথাল পাথাল ধিতাং বোলে যেন পাগলপারা ... 

কত ডিঙ্গি ভেসে যেত প্রিয়ার মিলন আশে! 
কত মাঝি ধরত যে তান ক্লান্ত দিবা শেষে! 

কত প্রাণী বাঁধত বাসা গভীর জলের তলে! 
কত জেলে জাল পাত্ ত  স্তব্ধ ঊষা কালে! 

হৃদনদী আজ চরেই বিলীন,কাদায় কাঁটায় বাস, 
অতীত দিনের স্মৃতি শুধু বেঁচে থাকার আশ।