গোবিন্দ ধর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গোবিন্দ ধর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রিমেল

✍️ গোবিন্দ ধর

আমার শহর কুমারঘাটে
এসছে রিমেল ঢুকছে ঘরে।
আমরা আছি কর্ণাটকে
মন ভালো নয়,অল্পাহারে।

দুদিন কেমন লণ্ডভণ্ড
আঘাত আনলো ঘরদোয়ারে
পথে ঘাটে জল থইথই
জল থইথই পুকুরপারে।

রাস্তাঘাটে ক্ষেতে-মাঠে
পড়ছে ভেঙে গাছগাছালি।
আমার শহর কুমারঘাটে
চলছে জোর জোড়াতালি।

রিমেল এখন চলে গেলেও
ভয় ঢুকেছে লোকের মনে
ঘূর্ণিঝড়ে জলোচ্ছ্বাসে
ভয়ে ছুটে পশুও বনে।

বড়মুড়া ইকোপার্ক, চাঁদ মুখ, ডেমছড়া

গোবিন্দ ধর ✍️

চাঁদ মুখের মুখোমুখি হলে

যদি চন্দ্রপুকুর নদীর তীরে একটু আড্ডা হয়

তবে বসবে চল? 


পাশাপাশি বসি চাঁদ মুখ থেকে 

আলো শুষে নেবো,চুমু খাবো

বিশ্রাম নেবো চন্দ্রপুকুর নদীর তীরে। 


তুমি চাঁদমুখ,তুমি রূপকথা

বুকের মাঝে লাফিয়ে ওঠা গোপন লাব ডুব। 
__________
চারদিকে সবুজ আর সবুজ

মাঝে একটি কাঠের ঘর

চলো বহুক্ষণ তাকিয়ে দেখি প্রকৃতি।


নিচে জলপ্রপাত। প্রবাহিত।পাখির কলকাকলি 

আর একটু ফিরে দেখার অবসর।


আমাদের দুপুর গিলে খাওয়া মোবাইল 

আর দিনরাত এক করার সিঁড়ি বেয়ে 

উঠছে নামছে মধ্যবিত্ত জীবন।


নিঝুম সন্ধ্যায়, একটু তো নিকটে আসি

চলো তুমি বাজাও হাওয়াইন গিটার। 
__________
আরোগ্য যোজনা প্রকল্প এবং 

খুব নির্ভরতায় আঘাত এলে চৌচির হয়ে যায় বিশ্বাস। 

বিশ্বাস অর্জনের সীমা সীমানা নেই। 

একে অপরের নিকট সমর্পনের পাশাপাশি 

সিংহ দরজার গোপন চাবি কোথায় লটকে আছে 

পরস্পর চোখ মুদে হাত যখন ঠিকঠাক জায়গায় যায়


বিশ্বাস পেকেছে বুঝুন লাভ ডুব সই।


একান্তে একটি রুটি ছুড়ে বললে ভালোবাসি? 

এরও অধিক গোপন জেবলাইনে 

কুশলেই তো আছে-দিকবিদিক।


সমস্ত ওম ও ওংকার মিশিয়ে বুকের ভেতর

একটি পায়রা পুষেছিলাম।

তারও চাই আরো আরো আরোগ্য যোজনা প্রকল্প!


আরোগ্যেরও আরো আরোগ্যের দরকার

তিনিও তেমন হাসপাতাল থেকে আরো এক

আরোগ্য নিকেতনেই শুয়ে আছেন।


আরোগ্য যোজনা প্রকল্পের শেষ নেই 

কারণ আরোগ্যেরও আরোগ্য চাই

যার প্রকৃত অসুখ -তারও চাই সুস্থতা অহর্নিশ।

অনেক তো হাঁটলাম


✍️ গোবিন্দ ধর 

পথ কোথায়?কে যেন কংক্রীট বিছিয়ে রাখে।
এতেও সুখ ওদের।এতেও আনন্দ ওদের।
বেপথে চালিত করে আনন্দ বাজার অব্দি যাওয়া
কঠিন বাস্তব। পথে আরো চলমান যান 
চলাচল গলে ঠিক লক্ষ্যে পৌঁছা পর্যন্ত 
আপনাকে কঠিন একাকীত্বের ভেতর হাঁটতে হয়।
তখনই সামনে একটি সরু পথ মিলে গেলে
নিশ্চিত আপনি ঠিকঠাক রাস্তা পাবেন।
পথের বিকল্প শুধুই পথ।সামনে যেতে যেতে
ঠিক একদিন রাস্তা মিলবেই। 

ধানের পাঁচালি


                 ✍️গোবিন্দ ধর 

এক.
মা ধান সেদ্ধ করেন উঠোনের কোণে 
খড়ের আগুন নিভে ধোঁয়া বেরুচ্ছে 
বাঁশের চোঙে ফু দিতে দিতে
মায়ের চোখ রক্তবর্ণ জবা।

দুই.
মায়ের স্বপ্ন সেদ্ধ হয়।
কলার মোচাও।
সকালের পাত পাড়তে পোকমরিচ জুম থেকে লাফিয়ে চলে আসে 
বাবার বাজারের থলে ভরে।

তিন.
আমাদের পূর্ব প্রজন্ম ধান ভানতে 
কখনোই শিবের গীত গাইতেন না।
সকলেই ধান চাষা চাষাবাদ পেশা।

চার.
ধানের আগাচার মতো বাবার কয়েকজন আগাছা বন্ধু ছিলেন।
বন্ধুদের অধিকাংশই ধানের আগাছা। 
বিকল্প এখন অব্দি তুমিই মেধা।

পাঁচ.
উঠোনে শুকাতে দেওয়া ধান
গোরুমোষ খেত
আমাদের অতিবৃদ্ধ পিতা উদাসীন। 
তিনি দেখেও না দেখার ভাণ করতেন।
বলতেন কত খাবে।

ছয়.
হালচাষে আমিও বাবার মতোই অপটু।
বাবা ও আমি তবুও চাষার পুত।
ধানগাছ পরিচর্যায় কেটে গেলো
গোটা এক ফতুর জীবন।

সাত.
ধানছড়া জমাতে জমাতে আমাদের এক সের ধান হলে
বিনিময়ে ঠাকুরদাস মুড়ি দিত।
মা মোয়া গড়তেন।
মুখে পুরে সোনালী মায়ায় ধানছড়া খুঁজতাম।

আট.
ধানে দুধ এলে ঘরে ঘরে লক্ষ্মী আসতেন।
চালতাপাতায় সাধ বেঁধে ধান গাছে রাখা হতো।
তারপর অগ্রাণে ঘরে উঠতো গোলাভরা লক্ষ্মীধান।

নয়.
মাড়াই ঝাড়াই সেদ্ধকালে
তুমি নেই। 
চাল হয়ে ধান গেলোহাড়িতে।
ভাত হয়ে নেমে গেলো অম্ল ভরা উদরে।

দশ.
সারা জীবন চাষার পুতের গালগল্প 
বাবার মৌনতায় প্রশ্রয় সূচক সম্মতি
আজও ধানের মায়াবি দোলন
আমাদের একমাত্র ধান যাপন। 


‌‌

আত্মক্ষরণ

   ✍️ গোবিন্দ ধর

নেই নেই করেও আমাদের একপাল গরুছিলো।
আর বাতানে কয়েকটি দুধেল মহিষ।

 সব্জির বিছরা ছিলো।আর ছিলো ধানি জমি।

কোনোকালেই ছাগল আমাদের পোষে স্বাচ্ছন্দ পায়নি।

কিন্তু বরাবরই আমাদের ক্ষেতের ফসল 
খেয়ে দিব্বি তারা মাঠে চরতো।

আজো ছাগল আমার পিছু পিছু ধানপাতা মুড়িয়ে খায়।

নাগরিলিপি


                 ✍️গোবিন্দ ধর 

আমিও শ্রীহট্টীয়জাতক।
আমাদের পূর্ব পুরুষের নিজস্বলিপি ছিলো।
লিপি হারিয়েছি আমরা।
দেশ হারিয়েছি ঠাকুরদা যখন মিঞারপাড়া 
প্রাথমিক বিদ্যালয়ের হেডস্যার থেকে
এক কাপড়ে ইন্ডিয়ায় চলে এলেন সেদিনই। 

এক তো লিপি হারানো বালক।
তার উপর উদ্বাস্তু। বাস্তু হারানো আমিও।

আমাদের দেশ ছিলো সিলেট। 
আমাদের দেশ হলো একাত্তরের মুক্তিযুদ্ধে 
স্বাধীন বাংলাদেশ। 

ইন্ডিয়ায় আসা আমাদের মাথার উপর লটকে আছে ভয়।
কখন কাগজ নেই বলে টেনে নিয়ে যায় রাষ্ট্র। 

ডিটেনশন ক্যাম্পে আতঙ্কিত মানুষের ছবি দেখে 
উদ্বাস্তু ভুত মাথায় ঢুকে 
পুনরায় কামড়ে ধরে বিলুপ্ত নাগরিলিপি।

আত্মজার জন্য

    ✍️ গোবিন্দ ধর

এক.

মেয়েটি বড় হয়ে গেলো তার বেড়ে ওঠা দেখিনি।
মেয়েটি বড় হয়ে যায় আমি থাকি অনেকদূরে।
মেয়েটি অনেক অনেক দূরে বড় হয়ে গেলো।
মেয়েটিকে আমি মা বলি।
মেয়েটি আমাকে বাবা ডাকে।
মেয়েটি মা।
মেয়ে তো  মা-ই।
মা-টি বড় হয়ে যায় আমি তাকে ছুঁতে পারিনি।
মেয়েটি থাকে দূরে সে আমাকে ছুঁতে পারেনি।
দূরে অনেক দূরে তাকে আমি দেখিনি।
সে আমাকে দেখেনি।
আমি বুড়ো হই একা।
সে বড় হয় একা।
পরস্পর দূরত্বে আরো দূরত্বে 
বুড়ো ও বড় করে এই সময়। 

২৯:০৯:২০২১
রাত:১টা
কুমারঘাট।


দুই.

মেয়েটি আমার মা।
মেয়েটি গৈরিকা।
মেয়েটি আধস্বরে বাবা ডাকলে
আমি এক আকাশ স্বপ্ন আঁকি
বুকে রাখি লাভডুব রক্ত পতাকা।

৩০:০৯:২০২১
সকাল:১০:১৮মি
বৃক্ষরাম সিপি।

তিন.

সে দূরে বহুদূরে, আমি নেই, তার মনে।
তবুও বাবার ভেতর অচিনপাখি ডাকে
মা আয় মা আয়
বুকে থাক রক্তে-মাংসে তুই
আমার নিজস্ব পতাকার মতো।


৩০:০৯:২০২১
স্থান:১১টা
বৃক্ষরাম সিপি।

চার.

তিলতিল করে দূরত্ব বাড়িয়েছে,সময়।
মেয়েও বড় হয় তিলতিল।
একদিন সময় এলে জানবে-তার বাবা
অবহেলা আর অসম্মানে এখন পাথর।

৩০:০৯:২০২১
বেলা:১২:৫২মি
বৃক্ষরাম সিপি। 


পাঁচ.
বাবা তার মেয়ের থেকে দূরে নয়।
দূরে রাখে উপেক্ষা। 
সে ফাঁকে সুকৌশলে তাকে যতই
গড়ে নিতে চায় সময়।
সাময়িক রূপভেদে তারও মাথায় ঢুকে যাবে বাজার।
বাজার আমাদেরকে যেরকম গড়তে চায়
সময় পেরিয়ে গেলে শূন্য পড়ে থাকে থলে।

৩০:০৯:২০২১
বেলা:১২:৫৬মি
বৃক্ষরাম সিপি।

ছয়.

সময় বিরুদ্ধে গেলে সামান্য খড়কুটো 
লেগে যায় পায়ে।
টেনে নামায় পথে,পথ ভিন্ন হলে
গন্তব্য ভিন্ন হয়।আমার মেয়েটি
অতিসাধারণ। তার সে মতি নেই জানবে।
তারপরেও একদিন সব অন্ধকার দূর হবে
মেয়ে জানবে কে ছিলো পথের কাঁটা। 

৩০:০৯:২০২১
সময়:দুপুর-২টা।
কুমারঘাট।

সাত.

মেয়েরা সাধারণত বাবার নিকট ঘুরঘুর করে।
বাবা তাদের আইকন।
মেয়েটি জানলো না প্রকৃতপক্ষে, বাবা কে!

বাবার অভাব ওর নেই। বাবা তার নিকট
কেউ নয়।বাবা কিছু নয়।

বাবা সংসারের কেউ নয়,জেনে
বড় হয়। বয়স বাড়ে,তারও।

৩০:০৯:২০২১
বেলা:৩টা
কুমারঘাট।

আট.

রোদে শুকাতে শুকাতে রোদসহ্য করানো ছিলো রুটিনওয়ার্ক।
সে চেয়ে থাকতো, বুঝতে চাইতো। 
চোখের বিশ্ময় চোখে লেগে আছে।

এরকম রোদ সহ্য করা শিখে গেলো।

এখন ঝড়ের সময় ঝিলিক দিলে
ঝাপটে ধরে না,বাবাকে।

মেয়েটি একলা একচিলতে দুতলায় 
ভাড়া বাড়ি বড় হয়।


ভয়ডর কত অনুভূতি সব একা একা তার।

৩০:০৯:২০২১
রাত:০৬:৩০মি
কুমারঘাট।

সময় গড্ডালিকা

.....✍️ গোবিন্দ ধর 


সেই কবিতাটি লিখে ফেললে পড়ে নিও।
তারণ্য তো কোথাও ফেসে গেছে বিপদতামী পথের ঠিকানায়।
হয়তো তরুণদের অভিভাবকও তেমনই চেয়েছিলো বলে 
দীর্ঘ নিরবতায় দমিয়ে দিতে দিতে
তারণ্যের মনের কোঠর থেকে বিশ্বাস নামক পাখিটি 
আর ভোরের কিচিরমিচির ডাকে না।
লুল পড়া সেই অভিভাবক তেমনই চেয়েছিলেন 
দীর্ঘ নিরবতা থাকবে যাবার সময়।কেউ কাঁদবে না। 
কারো বিবেকের ঘর থেকে প্রতিবাদে ডাকবে না পাখি।
সময় চলছে বেশ গড্ডালিকায় 
নতুন করে পথ দেখাতে চাইলে দেগে দেবে বুড়োভেড়াশাবক।
মূল স্রোত বলে চালিয়ে দেওয়া পেচ্ছাপকরণই 
আমাদের মেধাস্বত্ববিকাশের অদ্বিতীয়ম বটিকা।
সুতরাং সেই কবিতা কে লেখবে আর।
সবই গড্ডারিকা। 
তা থেকে কোন পাখি ভোরবেলা জাগিয়ে দিলে তা-ই হবে প্রতিস্রোত।সেখানেই দেগে দেওয়া হবে কবিতাকে, কবিকে।
মানুষ মুখচোখকান সব মাস্কের ভেতর আটকে রেখে বেশ তো ক্রান্তিকালে মরে মরে হাঁটছে খাচ্ছে অফিশ যাচ্ছে। 
আবার বাড়ি আসছে খাচ্ছে ঘুমাচ্ছে। মুখে মুখোশ।চোখ বন্ধ। কানবধির।দিব্যি বেশ তো আছে।এই সময়ই তো চেয়েছিলেন আমাদের প্রাজ্ঞ অভিভাবক।


১৩:০৮:২০২১
ধর্মনগর।

কালখণ্ড :৩ চৈতন্য ফকির


               ✍️ গোবিন্দ ধর

নিজেকে সুপার মুন ভাবতাম।এখন দেখি আমিই অমানিশা।নেশায় ঘুরপাক খেতে খেতে একটি লাঠিম আমি।বৃত্তের জ্যা ও পরিমিতি বোধ না জানা আমাকেই অতিক্রম করতে করতে বুঝেছি সারাক্ষণ ঘুরপাকই   জীবন।দেওয়ালে লেগে থাকা কাদামাটি টপকে হাঁটতে হাঁটতে দীর্ঘ পথ পাড়ি দিতে চেয়েছি নিরাপদ সড়ক সপ্তাহের সতর্কতায়।
আমারই বৃত্তে ঘুরপাক খেতে খেতে আমিই লাঠিম।আমিই নষ্ট শশা।আর৷ সব শশধর।আর সব কুমারী প্রতিমা।প্রতিমা নিরঞ্জন হলে শশধর শশব্যস্ত খরগোশ। আর সবই চৌকাঠে লেগে থাকা পদধূলি। জীবন হয় মাঞ্জা সুতোয় কেটে যাওয়া মুণ্ডু নয়তো উড্ডীয়মান ঘুড়ি।