দীপ্তি চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দীপ্তি চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ছায়াতরু

✒️দীপ্তি চক্রবর্তী

জীবন যুদ্ধে হেরে যাওয়া - 
আমি দিগন্ত পথযাত্রী।
আমি এক কুহকের কুহুতান, 
হৃদয়ের সুতো দিয়ে মালা গাঁথি
হৃদয়ে-হৃদয়ে।
পথ-প্রান্তরে দলে যাই আমি-
অনাহূত অভিমান।
আমি আকাশের টানে- 
নীল সাগরের বুকে আনি বান।
আমি নিঃশব্দে ডানা মেলি,                    
বিধ্বস্ত বিহঙ্গের মতো,
মুক্তির স্বাদ কেড়ে নিতে। 
আমি বৈশাখী ঝড় হয়ে 
তান্ডবে মাতি।
গ্লানি মাখা পরাজয় হতে- 
তমস-রাক্ষস রূপ ক্লেশ নিবারিতে।
মমতার সুধা মাখা, 
অসীম সৌন্দর্যে ঢাকা 
জীবন পথে,
আজও চেয়ে দেখি-
বিশ্ব চরাচরে,
জেগে আছে সেই চির দিবসের 
নির্লিপ্ত, নিরাসক্ত অভিমানী চোখ।
দুই ফোঁটা অশ্রু মুছে,
শান্ত নদীর মতো ফিরে যাই, 
দু-বাহু বাড়িয়ে থাকা, 
তৃষিত বক্ষের তলে, 
আজন্ম ব্যাকুলিত, 
স্নেহ-সুধা বিগলিত মাতৃক্রোড়ে।

নূতন পথের সন্ধানে

✒️দীপ্তি চক্রবর্তী

রোদ-কুয়াশার নরম আলোয়
সোহাগ ছোঁয়া পাখি,
যা পেয়েছি, তাই আমি
আঁকড়ে ধরে থাকি।
আকাশ মেঘের কল্প কথার
অনেক দূরের পথে,
স্বপ্নগুলো উড়িয়ে ফিরি 
বাস্তবতার সাথে।
যা ছিল না,
যা হবে না,
যা রবে না আমার,
তার সাথে চির আপোষ করেই বাঁচি।
সকাল সাঁঝে, সবার মাঝে,
নিত্য নূতন সুরের ভাঁজে,
আমার দেখা স্বপ্নগুলোর
মর্মকথা যাচি।
যে সুবাসে দ্বন্দ্ব আমার
তার সাথে চির আপোষ করেই
নূতন করে বাঁচি।
হতাশ ভরা শেষ যামিনীর 
রুদ্ধ দোয়ার পিছন ফেলে
নূতন পথের সন্ধানে আজ
নূতন করে হাটি।

ইচ্ছেরা সব ।


                   দীপ্তি চক্রবর্তী 

সাঁঝের বেলায় মেঘলা আকাশ,
কেমন করে মন,
ইচ্ছে করে ছুট্টে পালাই,
যেথায় কাশের বন।
পাগলা হাওয়ার শীতল ধারায়,
পাহাড়ি পথ শেষে,
ইচ্ছে করে প্রেমের ছোঁয়ায়,
একটু চলি ভেসে।
চোখে আমার স্বপ্ন হাজার,
যুথিকা করপুটে,
দু-হাত তখন অঞ্জলীতে,
তোমার পানেই ছুটে।
চোখের কোনে স্বপ্ন বোনে,
ঘোড়সওয়ারী মন,
পলাশ রঙে রঙিন হলে,
অস্তাচলের ক্ষণ।
সীমান্তের ওই স্বপ্নপুরে,
হৃদয় বীণার মাঝে,
বাজবে সানাই, নাচবে শিখী,
নিত্য-নূতন সাজে।
হৃদয় দুয়ার খুলবে তোমার,
মেঘমালিকার সাথে,
বসবো দুজন নীল দিগন্তে,
হাত রেখে দুই হাতে।

বিনিময়


✍️ দীপ্তি চক্রবর্তী

 আমার জীবনের সকল সুখের বিনিময়ে, 
আমি তোমার সুখ কিনেছি। 
তোমার ঝুলি ভরে দিয়েছি, 
ছোট ছোট সুখের টুকরোগুলো দিয়ে। 
বিনিময়ে নিয়ে এসেছি এক অব্যক্ত যন্ত্রণার ভার, যে ভার প্রতিনিয়ত আমার হৃদয়টাকে রক্তাক্ত করে, 
টেনে হিচড়ে বুকের গভীর থেকে- আমার আহত হৃদয়কে আছড়ে ফেলে। 
ক্ষত-বিক্ষত হৃদয়ের আর্তনাদ আমার অশ্রু বয়ে আনে। 
আমি চিৎকার করি, 
আমি ভীষণভাবে চিৎকার করি। 
চিৎকার করে আমি মুক্ত আকাশকে বলি, 
আমার হৃদয়ের ভার তুলে নাও,
 আমাকে তোমার মতো হালকা হওয়ার শক্তি দাও। 
বহমান বাতাসকে বলি, 
তোমার শক্তিতে আমাকে আছড়ে মারো। 
হে বর্ষা, তুমি আমাকে ভাসিয়ে নিয়ে চলো।
 আমার আর্তনাদ কেউ শুনতে পায় না, কেউ না। ঠিক তোমার'ই মতো মুখ ফিরিয়ে চলে যায়,
 কোনো এক অজানা ঠিকানায়। 
আবছা অন্ধকার ঘিরে থাকে আমার চারপাশ।
 ঠিক যেমনটা তুমি চেয়েছিলে।