সুধীর রায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সুধীর রায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

জীবন পথে


                       সুধীর রায় ✍️

নিয়েছি জনম আমি ধরার বুকে,
সময় বয়ে যায় সুখে দুখে;
উত্থান পতনের অবিরত খেলা!
প্রতি মুহূর্ত আসছে কাছে 
জীবনের সন্ধ্যা বেলা!

বুকের ভেতরে জমানো ব্যথা গুলো
পাথর চাপা দিয়ে-
চলেছি জীবন পথে......
কোনো এক অন্তিম মুহূর্তের অপেক্ষায়।

কেউ জানে না সে দিন আসবে কবে?
অথবা কখন?
কিছু স্মৃতি রেখে যেতে চাই, মানুষের তরে;
যেন ভেসে উঠে, আমি রইবো না যখন।

হাজারো কষ্ট বুকে, পাহাড় সম ব্যথা;
তবুও হাসি মুখে থাকি,কবর দিয়ে দুঃখ-ব্যথা!
অথচ কষ্ট গুলো জীবনের সাথে ছুটে!
কষ্টের এলোমেলো শব্দ গুলো কখনো বা কবিতা হয়ে ফোটে!!

মানুষ

        ✍️ সুধীর রায়

মানুষ বন্ধু, মানুষ শত্রু, মানুষ স্বার্থপর!
মানুষেই মানুষ গড়ে,মানুষেই ভাঙ্গে ঘর!!

মানুষেই শান্তি,মানুষেই অশান্তি,মানুষেই করে যত্তসব...!
মানুষই খুনি, মানুষই গুণী, মানুষেই বৈভব!!

মানুষেই ভগবান, মানুষেই ভক্ত, মানুষ আপন পর!
মানুষে মানুষে বিভেদের খেলায় মেতে থাকে চরাচর!!

মানুষই ঘৃণা,মানুষেই ভালোবাসা,মানুষেই করে পরিহাস!
মানুষ নষ্টা, মানুষ স্রষ্টা, মানুষেই লিখে ইতিহাস...!!

সুখের নীড়

                       
                  ✍️সুধীর রায়

কোথা গেলে পাবে তুমি ছোট্ট সুখের নীড়?
এ দুনিয়ায় হিংসা, নিন্দা, হানাহানির ভীড়!
চায় না কেহ কারো ভালো, করে কানাকানি!
গুণের চেয়ে মন্দে বেশী, করে টানাটানি!

কে, কাকে জব্দ করবে, কৌশল খোঁজে ছলে!
সুখের নীড়ে দুঃখের আগুন ছড়িয়ে দেবে বলে!
তোমায় যদি নিঃস্ব করে দিতে পারে সে!
তার থেকে আর বেশী খুশী হবে বলো কে?

সত্য এখন দুর্বল হয়ে শুইয়ে কাঁদে ঘরে!
মিথ্যা বুলি দাপিয়ে বেড়ায়, শক্তি হয়ে ঝরে....
যাও না তুমি জাহান্নামে! কার কী আসে যায়?
তোমায় জব্দ করে  সে বড় হতে চায়!

ঠকবাজদের এ দুনিয়ায় কোথা সুখের নীড়?
চৌদিকে তে হানাহানি ধান্দাবাজের ভীড়!
সব কিছু দেখে শুনে তাই তো মনে হয়,
দুঃখের নীড় খোঁজে পাবে, সুখের নীড় নয়!

দ্বন্দ্ব ভুলে যাও রে সবে,
হানাহানি আর নয়;
ভালোবাসার প্রাচীর গড়ো,
যেন, দুনিয়াটা শান্ত সুখের নীড় হয়।

মেঘ বালিকা


                ✍️সুধীর রায়

মেঘ বালিকা!মেঘ বালিকা!
কোথায় তুমি যাও?
মন ভোলানো পাখি তুমি!
একটু দাঁড়াও।

কোন সুদূরে উড়ে বেড়াও-
কোথায় তোমার বাড়ি?
ডানা মেলে উড়তে পারো!
নিষ্প্রয়োজন গাড়ি!

এই ভুবনে তোমার মতো-
কজন আছে সুখি!
ইচ্ছে মতো উড়ে বেড়াও-
আমরা চেয়ে থাকি!

কভু পরো সাদা শাড়ি!
____কখনো বা কালো!
তোমার সাজে রূপের পরী!
____ভীষন লজ্জা পেলো!

রূপের বাহার দেখে তোমার-
_____মনটা যে যায় ছুটে!
তোমার সাথে ভাব জমাতে-
_______ মনে আলো ফুটে!