সুবর্ণা চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সুবর্ণা চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

দিনান্ত


                    সুবর্ণা চক্রবর্তী
দিনান্তের শেষ আভাটুকু শুষে নিয়ে 
কোনো এক অচেনা নগরীর ভগ্ন প্রায় রাস্তা জুড়ে
বিদায় বেলার শেষ ঘনিয়ে আসে
প্রখর রৌদ্র তাপে জঠরের জ্বালা ক্রমশ 
পাল্লা দিয়ে বাড়ে।

নিকষ অন্ধকার বাদ সাধে
প্রখর তেজের তীব্রতায় 
নগন্য হয়ে যায় স্বপ্ন গুলো 
প্রগাঢ় সংশয় নিয়ে
ধুলিসাৎ করে পথিকের পথচলা।


বরষার আগমনে স্নিগ্ধ হতে চায় বারংবার 
নীরবে নিভৃতে ভিজাতে চায় রুক্ষ পদতল
মায়াময় ছায়ায় রুক্ষ জমির গভীরে 
বপন করতে চায় একমুঠো আশ্রয়ের 
ঝমঝমিয়ে আসুক তবে শান্তির বরষা 
ভিজুক পথিক,  ভিজুক মহানগরীর রুক্ষ রাস্তা।

কখনও...

✒️সুবর্ণা চক্রবর্তী

কখনও এমনি ভাবে 
       মেঠো পথে হাঁটবো দু'জনা
 বৃষ্টি কে সাথে করে।
      মেঘলা আকাশে চেয়ে রব
      রামধনু কে ছুঁয়ে ।
দিগ দিগন্তে ছুটে ছুটে বেড়াবো 
হারাবো দু'জন দু'জনাতে।
ফেনীল সমুদ্রের হাতছানিতে
         হারিয়ে যাবো স্বপ্নের অতলে।
কখনও বা হিমেল পরশ গায়ে মেখে
    উষ্ণ প্রেমে রোদ পোহাবো, 
কখনও বা শিশিরের ভেজা ঘাসে 
   কিংবা মাটির সোঁদা গন্ধ মেখে 
    আদুরে আব্দার রাখবো।
 কখনও বা বিহানবেলায় খুলে বসবো  
  এক নাম না জানা গল্পের ঝুলি।
কখনও বা তুমি আর আমি রয়ে যাবো শুধু
অখ্যাত কোনো উপন্যাসের শেষের পাতা অবধি ॥
কখনও .....!

আনন্দধারা


                    ✍️ সুবর্ণা চক্রবর্তী

বৃষ্টিভেজা স্নিগ্ধ সকালে 
     পাখিদের কলতানে
বারতা দিচ্ছে এক নবদিনমানের।।

 সুখের পসরায় সেজে উঠেছে
       মনময়ূরীর  হৃদয় গহীনে
   আনন্দ গান আর সুরতানের ।।

মৃদুমন্দ সুরের দোলায় 
     বরষার প্রেমের সতেজ ছোঁয়ায় 
    পাল তুলেছে জীবন তরী ।।

উদাত্ত কন্ঠে আহ্বান জানায় 
অঙ্গীকারে আবদ্ধ হতে
 নিশ্চুপে জাগে অপেক্ষার বারি ।।

ছন্দে ছন্দে তা‌লে তালে 
পাল তোলা নৌকা 
শুধায় বারেবারে।। 

ধরা দিক একবার 
শ্রাবণের বারিধারা 
তৃষিত হৃদয়ের অন্তরে।। 
             

একটি বার্তা

✒️সুবর্ণা চক্রবর্তী
       
উষ্ণতায় মোরা আদুরে সকাল 
আলতো ছুঁয়ে যাওয়া বসন্তের দোলা,
অতীতের আভাস যেনো রেশ রেখে যায়।
অভ্যাস মতো ঘুম ভাঙে
তবে বার্তা থাকে না আর।
শব্দেরা উঁকি দেয় তবুও, আনমনে করে বিচরণ। 
ছন্দ কেটে গেলেও অভ্যাসের মোড়কে গুছিয়ে নিতে চায়। 
ঝরা পাতায় পলাশী বনে আজও
পিছু ধরে টানে কিঞ্চিত উষ্ণতার অন্বেষণে।
শেষ অধ্যায়ের প্রেমটাই না হয় রয়ে যাক,
সূচনা নাই বা রইলো উপসংহার হয়ে থাক।
           

মনন

  ✍️ সূবর্ণা চক্রবর্তী
                          
ঘুম ভাঙা ভোরে স্নিগ্ধ বাতাসে
ছুঁয়ে যায় কোনো অজানা সপন।
এমনই এক শীতের শুরু 
আদুরে উষ্ণতা মাখা অভ্যাস নিয়ে।
রন্ধ্রে রন্ধ্রে শিরা- উপশিরায় 
মনের অলিন্দে 
হাজারো শব্দেরা ভিড় জমায়েত করে,
পূর্ব প্রতিশ্রুতির জীবাশ্ম হয়ে,
কিংবা নির্জন একাতিত্ত্বের  সাথে
খুঁজে ফেরে  সুখ।
অসমাপ্ত রজনী 
বলে যায় আমার  নির্ঘুম  জীবনের কাহিনী।
কখনওবা চুপিসাড়ে  পাড়ি দেয় 
উদাসী হাওয়ায় ভর করে
 আপণ খেয়ালে।
পড়ন্ত বেলায়  সামলে রাখি
জোছনার ডালি 
যতনে, সংগোপনে।
সকল ভাবনার অবসান ঘটিয়ে
নিজেকে আগলে রাখি নিজের সমাধিস্থলে। 
পার্থক্যগুলো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর....
বিলীন হয়ে গেছে চিরতরে।

ইচ্ছে


           ✍️ সুবর্ণা চক্রবর্তী

তোমার সাথে গোধুলিবেলায় 
পাড়ি দেবো মাঝদরিয়ায়। 
যদি হাত টি  ধরে বলো, 
নীল আকাশে যাবো চলো। 
ছুট্টে যাবো বহুদূরে , 
দিগন্তের পারাপারে। 
কখনো বা ভিজবো বৃষ্টির ছোঁয়ায় 
জড়িয়ে ধরবো বেঁচে থাকার আকুলতায় । 
আদুরে ছোঁয়ায় জোছনার সাথে
পা মেলাবো তোমাতে আমাতে। 
শ্রাবনের ধারায় 
সবটুকু ভাসিয়ে দেবো ইচ্ছেপূরণের ভেলায়। 
ফিরে আসবো বারবার ,
জন্ম মৃত্যুর আবর্তনে মিলন হবে আবার। 
                      *****

সত্ত্বা


                 ✍️সুবর্ণা চক্রবর্তী 
             
সম্পর্কটা কে আর নেহাৎ পোক্ত বলা যায় না ,
আবার ফেলনা ও সে নয়। অদ্ভুত এক যন্ত্রণা সদা বিরাজমান 
ব্যাখ্যা বিশ্লেষণ করা বোধ করি সম্ভব নয়। 
ছারখার করে দেয় সকল মুহূর্ত কে। 
নির্বাক হাসনুহানা ছুঁতে চায় 
     ছুঁয়ে দেখতে চায় 
     মিথ্যে আধুনিকতা কে। 
সুদূরে পাড়ি জমায় নিজেকে 
মেকী সাজে সাজিয়ে। 
পারেনি কো তবু বোঝাতে সত্ত্বাকে, 
মনখারাপের ভিজে চোখে 
শুষে নিতে চায় সে অদৃশ্য প্রেমের অনুভূতি। 
তবু কোথা যেনো রয়ে যায় 
ক্ষীণ সূতোয় জড়িয়ে সম্পর্কের ওঠানামা। 
         

আগমনী

    ✍️ সুবর্না চক্রবর্তী

এ যেনো শরৎরাণী
মেলে দিয়েছে তার রূপের ডালি। 
মৃদুমন্দ বাতাসে আজি শিউলি ফুলের সুবাস, 
কাশবন আর পেঁজা তুলোর আকাশ 
হাতছানি দেয় মেঘবালিকা কে কোন অজানা পথে।
 
ঢাকের তালে, ধুনুচি নাচে 
নতুন জামায় খুশির আমেজ। 
আকাশে বাতাসে পূজোর সাজ
ধরণী আজি মেতে উঠেছে আগমনীর সুরে। 

শরৎ আসুক সকল হৃদয়ে 
প্রেমের  বারিধারা হয়ে
দূর হোক তব সকল প্রতিবন্ধকতা 
জাতপাত আর বৈষম্য। 
মৃন্ময়ী দেবী চিন্ময়ী রূপে 
অনুপ্রেরণার প্রতীক। 

নবজাগরণে,  নবছন্দে
ঐক্য সম্প্রীতির মিলন মেলায় 
হর্ষ উল্লাসে মাতৃবন্দনায় 
মেতে উঠুক ভুবন 
সর্বমঙ্গলার আশীষ তব 
বিরাজ করুক সকল ভুবনবাসীর আঙ্গনে। 

৪।১০।২০২১