সংহিতা ভট্টাচার্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সংহিতা ভট্টাচার্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

গাহি তব জয়গান

✍️ সংহিতা ভট্টাচার্য

তুমি বিদ্রোহী মহা বিদ্রোহী নজরুল...
বিশ্ব তাকিয়ে তোমার পানে মশগুল।
তুমি মানবতার পূজারী করো সাম্যের গান।
কান্ডারী! লহ প্রণাম তুমি, জাগো হে মহীয়ান।

তোমার মহান সৃষ্টি সম্ভার ভূভারতের সম্পদ,
বাঙালির হৃদয়ে তুমি মহীয়ান, তুমি শ্রদ্ধাস্পদ।
তোমার শানিত কলমের আঁচড় ছুঁয়ে যায় মনপ্রাণ
রচিয়াছো কতো বিরহ ব্যথা অভিযোগ অভিমান।

দ্রোহের কবি সাম্যের কবি তুমি চির নির্ভীক উদার,
ঈশ্বর প্রেরিত মানব তুমি প্রেমের স্নিগ্ধতায় এনেছো জোয়ার।
অকূতভয় উজ্জ্বল তুমি বাঙালির হৃদয় মন্দিরে
জন্মদিনে শ্রদ্ধা জানাই প্রণাম করজোড়ে।

জীবনবোধ

 ✒️সংহিতা ভট্টাচার্য 

চায় না হতে  ইঞ্জিনিয়ার 
কিংবা  ব্যারিস্টার 
'বড় হয়ে বোকা হবো'
সরল শিশুর জবাব।

শপথ নিয়েছে ঠকাবে না সে 
থাকবে  সবার পাশে 
সত্যিকারের মানুষ হয়ে 
জীবনকে ভালোবেসে।

সহজ সরল সত্য  মানুষ 
সমাজে অতি বিরল
হৃদয়ে তাদের  ফুলের বাগান 
নেই কোথাও গরল।

সমাজ সংসার কেমন হতো 
বলতো আন্দাজে?
বোকা মানুষ দিয়েই যদি
 এই পৃথিবী সাজে?

দোষ চাপাবে কে কার ঘাড়ে? 
টুপি পরাবে কে?
বোকা বানানোর ফন্দি এঁটে 
ধড়িবাজ হবে কে?

ঐ শিশুর মতো সবাই যদি 
জীবনের পাঠ শেখাও 
ঠকে গিয়ে কাঁদবে না কেউ 
ঠগবাজ হবে  উধাও।

আজও খুঁজি তোমায় স্বাধীনতা


   ✍️ সংহিতা ভট্টাচার্য্য

৭৫ তম স্বাধীনতার সকাল। 
তেরঙ্গা উড়ছে পত পত করে।
সুউচ্চ হিমালয় স্ব গর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দেশের উত্তর পূর্ব প্রান্তে।
কল কল শব্দে  বইছে গঙ্গা পাহাড় পেরিয়ে সমতলে।
আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে দেশবন্দনার গান...
রাজপথ জুড়ে সুসজ্জিত শোভাযাত্রা...
নেতাজী মহাত্মা ক্ষুদিরাম 
বিনয় -বাদল- দীনেশ, 
ঝাঁসির রাণী... নানা সাজে সুজজ্জিত কিশোর কিশোরী। 

এরই মাঝে অনেক প্রশ্নচিহ্নের ভীড়ে স্বাধীনতা আজও অসহায় কাঁদে... 

যখন দেখি.... 
বিশাল অট্টালিকার পাশে দু' মুঠো অন্নের জন্য আধপেটা মানুষের বাঁচার লড়াই..
কনকনে ঠান্ডা শীতের রাতে কুয়াশার চাদর জড়িয়ে থরথর করে কাঁপছে অভাগী মা।

দুর্বল অসহায় মানুষের করুন আর্তনাদ,খুন,ধর্ষণ
ধর্মের নামে স্বজন পোষণ... 
দাঁতে দাঁত চেপে পাথর হয়ে বসে থাকা  আশি পেরিয়ে যাওয়া  অসহায় বৃদ্ধ পিতা। 

স্বাধীনতা তুমি কোথায়!..
বহু শহীদের রক্তে রাঙানো রাজপথ! 
মহাত্মার অহিংস অসহযোগ... 
আজাদ সুভাষের বিপ্লব বলিদান.. 
আজ কোথায় হারিয়ে গেলো সেই  স্বাধীনতার মান ?

এই তো জীবন

    ✍️ সংহিতা ভট্টাচার্য

 পৃথিবীটা বড়ই অদ্ভুত !! 
সাদাকে সাদা, কালোকে কালো বলে না! 
ভালোকে ভালো, মন্দকে মন্দ বলে না! 
দুর্দন্ড প্রতাপে শত্রু দমন করে না।


 পৃথিবীটা বড় খেয়ালি 
সুখের ঠিকানায় বাসা বাঁধে না
মুক্ত আকাশে পায়রা ওড়ায় না
স্নেহের পরশে জড়িয়ে ধরে না।

তবুও স্বপ্নের সিঁড়ি বেয়ে  
জীবনের গান গেয়ে 
জীবন বয়ে চলে ... 
যোগ বিয়োগের ভুলে 
এক পা দু' পা ফেলে। 

কিছু কথা


            ✍️ সংহিতা ভট্টাচার্য 

কিছু কথা বিষ 
অশান্তি ছড়িয়ে দেয়  অহর্নিশ। 

কিছু কথা ধরায় জ্বালা 
যুক্তিহীন, কান ঝালাপালা। 

কিছু কথায় ঝরে  দম্ভ আর অহং
চিনিয়ে দেয় জীবনের নানা রঙ।
 
কিছু কথা শেখায় জীবন সংগ্রাম 
আবেগ ভুলে ছুটে চলা অবিরাম। 
 
কিছু কথা ছুঁয়ে থাকে মন সারাক্ষণ 
রামধনু রঙে আকাশ সাজে যেমন। 

কিছু কথার পরশে জুড়ায় বুক 
সাজে কতো  স্বপ্ন, খুঁজে পাই সুখ।

কিছু কথা দেখায় আলোর পথ.... 
হতাশা ভুলে করি বাঁচার শপথ।.

এভাবেই নানা কথায় জড়িয়ে ক্ষয়িষ্ণু জীবন 
কথা দিয়েই শুরু কথাতেই সমাপন।

মা

    ✍️ সংহিতা ভট্টাচার্য 
......................................
তোমার গলা জড়িয়ে ধরে 
সুখ সাগরে ভাসি
মুক্ত মনে ছন্দ বেঁধে 
স্বপ্নে বাজাই বাঁশি।

তোমার শাসন সোহাগ মেখে
জীবনতরী ভাসে
ঝড় ঝাপটা সামলে নিয়ে 
তুমিই থাকো পাশে।

তোমার চোখে আকাশ দেখে 
রামধনু পথে হাঁটি
জীবন বাঁকে নানান স্রোতে 
খুঁজে বেড়াই খাঁটি। 

তোমার খুশি আমার খুশি 
এক্কা দোক্কা খেলে 
ভালোবাসার পরশ মেখে 
সময় বয়ে চলে।