মায়া রানী মজুমদার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মায়া রানী মজুমদার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

অসুস্থ রোগী

✍️ কলমে: মায়া রানী মজুমদার

রোগী অসুস্থ হয়ে যদি
     পড়ে রোগের কবল,
স্নায়ুগুলোকে করে দেয়
    একেবারেই দুর্বল।
ইউনিটি যায় কমে
    রোগীর দেহ হতে,
শরীরটাকে ধরে রাখা
    যায় না কোন মতে।
ঔষধপত্র খেলেও রোগীর
    কমে না দুর্বলতা,
মনের জোর চাই তখন
    বাড়াতে দেহের সবলতা।
মন স্বাস্থ্য ভালো রয়
    ভালোবাসা পায় যদি,
মানসিক শান্তিতে অর্ধ তৃপ্তি
    সাথে চললে পথ্য ঔষধি।
রোগীর সেবার কাজে ডাক্তার
    সেবিকাদের অক্লান্ত পরিশ্রম,
ধীরে ধীরে সেরে উঠে রোগী
     তবুও দেহের শক্তি রয় কম।

মাতৃ মুখাগ্নিতে অসম্মতি

 ✒️মায়া রানী মজুমদার 

ভব বন্ধন থেকে জননী 
               পেয়ে গেলেন মুক্তি,
তথাপিও দিল না পুত্র 
         মাকে সন্তানের স্বীকৃতি।
বাধা হয়ে দাঁড়ায়
          পিতার পৈতৃক সম্পত্তি। 
মায়ের অন্তেষ্টিকৃত কর্মে 
       পুত্রের মুখাগ্নিতে আপত্তি।
কিছুতেই গললো না পুত্রের
               কঠিন কঠোর হৃদয়,
এই মাতৃগর্ভেই এই সন্তান 
          একদিন হয়েছিল উদয়। 
হায় রে বিধাতা, জন্মের
       কেন দিয়েছিলে অনুমতি ? 
জন্ম দিয়ে মা দিয়েছিলেন 
         কত সোহাগ প্রেম প্রীতি।
সন্তানের তরেই কত কষ্ট 
                মায়েদের আজীবন,
সেই মাকে না সেবিলে সন্তান
      হবে কি তার সুখের জীবন ?
মাতা পিতার অন্তেষ্টি ক্রিয়ায় 
          বিমুখ যে অবাধ্য সন্তান,
বেঁচে থেকেও কোনদিন 
            পাবে না কোন সম্মান।
জন্মদাতৃ মা থেকেই বড় 
       হয়ে গেল পৈতৃক সম্পত্তি,
পরলোকে গমন করে মা 
       পেয়ে গেলেন চরম মুক্তি।

শ্রদ্ধার্ঘ্যে কবি কাজী নজরুল


               ✍️মায়া রানী মজুমদার 
 
শ্রদ্ধায় কবি কাজী নজরুলকে করছি স্মরণ,
পুষ্প মাল্যদানে মোরা করে নিলাম বরণ। 
ভক্তির অঞ্জলিতে নাও মোদের সশ্রদ্ধ প্রণতি,
তব অণুপ্রেরণা, বাড়িয়ে দিয়েছে চক্ষু-জ্যোতি।
তব আদর্শকেই রাখবো সবাই মোরা স্মরণ,
বিদ্রোহী কবি স্মরণেই জাগে মনে আন্দোলন।
করেছো মোদের জাগ্রত, তব জাগ্রত চেতনায়,
মনের মাঝে হুঙ্কার ধ্বনিত হয় অবচেতনায়।
ভয়ে শঙ্কিত ছিলাম মোরা করি নি প্রতিবাদ,
পাছে প্রতিপক্ষরা যদি যেচে সাধে বাদ।
বীর সাহসী সংগ্রামী তুমি, দিয়েছো প্রত্যাশা,
লেখণীর মাঝেই পেয়েছি, প্রতিবাদের ভাষা।
সাম্যের কবি তুমি, দুঃখে কেটেছে কাল,
বুলবুলকে হারিয়ে তুমি হয়েছিলে নাজেহাল।
চুক্তিবদ্ধ হয়েছিলে লিখতে কাব্য কথা,
তবেই মিলল কড়ি, শবদেহের সমাধি হল তথা। 
ফিরে এসো বীর, সৎসংগ্রামীর বড়ো প্রয়োজন,
মসির আঘাতে জর্জরিত করে, শক্তি সঞ্চারো অণুক্ষণ। 
বসে আছি আশায়, আসছো ফিরে বলছে মন,
ছোট্ট শিশুটি হয়ে এলেই, সাদরে করিব গ্রহণ।

প্রকৃতির আজ্ঞা

✒️মায়া রানী মজুমদার 

দাবদাহের তাপদাহ থেকেই চাই মুক্তি,
তাপদাহের কারণ বিশ্লেষণে আছে যুক্তি।
প্রকৃতির মাঝেই মোদের সবকিছু প্রাপ্তি, 
তবুও মিটে না স্বাদ, আরো চাই যে তৃপ্তি।
বৃক্ষাদি ধ্বংস করেই বাড়াচ্ছি সভ্যতা, 
বিনা দোষেই প্রকৃতির সাথেই অসভ্যতা।
আঘাত করবো যেথায়, ফিরবে সেই আঘাত,
প্রকৃতির বিধানের হবে না কোন ব্যাঘাত।
অভিশাপের কি দোষ বল এই দুনিয়ায়,
অভিশাপের পাল্টা জবাব লাগছে সবার গায়।
অঙ্গাঙ্গিভাবে জড়িত মোরা বৃক্ষাদির সনে,
প্রকৃতির বক্ষেই মোরা,পশু পাখিরাও বনে।
বৃক্ষ ছেদন করবো না আর করলাম প্রতিজ্ঞা, 
পাল্টা জবাবের ভয় দেখিয়ে প্রকৃতির আজ্ঞা। 
ভয়ে জড়সড় মোরা করজোরে করি আহ্বান, 
শান্ত করো ধরণী, ভুলবো না বর্ষা তব দান।
প্রকৃতির প্রাকৃতিক নিয়মেই ঝরবে অঝোরে, 
ঝরবে কখন, বলবো মোরা কি করে ? 
অঝোর ধারায় বর্ষাদেবী ধরণীকে করে সিক্ত।
বন্যায় ভাসিয়ে নিয়ে যায় যদি হয় অতিরিক্ত ।

প্রতিকারের দাবি


           ✍️ মায়া রানী মজুমদার 

মনুষ্য জীবনের 
       ঘাত প্রতিঘাত,
নীরবে সহ্য করে 
         সহস্র আঘাত।
কত কথা রয়ে যায় 
          অতি গোপনে,
বিপদের ভয়ে তাই 
         থাকে সন্তর্পণে।
মনের যত সব 
      দুঃখ, ব্যথা বেদনা,
মনের অন্তঃস্থলেই 
             রয় আনমনা।
রণকান্ড বেঁধে যায় 
            কভু শান্তি নাই, 
প্রকাশিতেই ভীতু ভাবে 
            তাই রয় সবাই।
নিরীহ মানুষের উপর
   অকথ্য কত অত্যাচার, 
অন্যায়ের প্রতিবাদে
    চাই মোরা প্রতিকার।

প্রেম বড় অসহায়

মায়া রানী মজুমদার ✒️

প্রেম বড় অসহায় ওগো 
      ফিরে দ্বারে দ্বারে,
কত কাতর আহ্বানে ডাকে 
     প্রেমিকাকে বারে বারে।
আদর সোহাগের মায়া জালে 
        হতে চায় বন্দি,
অথৈ প্রেম সাগর তীরে 
       আঁকে নানা ফন্দি।
কত অনুনয় বিনয় আর
  কত সভয় উদগ্রীবতা, 
প্রেমিকের করুণ চাহনিতে  
   রয় কত না অসহায়তা।
সভয় কাটিয়ে তুমি ওগো 
      নাম প্রেম নীরে,
অভয়ে সিক্ত কর মন
      অতি ধীরে ধীরে।
প্রেম বিনা ধরণী মাঝে 
     বিফল এ জনম,
জীব প্রেমে ধন্য হয়ে 
   সফল করো জনম।

ত্রিনাথের নাথ

 মায়া রানী মজুমদার ✍️
     
সজ্জিত হয়ে লজ্জিত হই 
                    এসে তব ভুবনে, 
তব বদন পানে দেখতে নারি
                   শঙ্কিত দুই নয়নে।
কৃষ্ণ-বর্ণ কৃষ্ণ তুমি
                   ত্রি-জগতের পতি, 
তোমারে পূজিতে তাই 
                       সবাই হয় ব্রতী।
সকল দুঃখ নাশিতে
                  অসীম তব ক্ষমতা, 
দুঃখের কথা বলতে
                  মুখে আসে জড়তা।
মোচন করো দুঃখ সবার
                  তুমি ত্রিনাথের নাথ, 
সুস্থ থেকে ধরবো মোরা 
                      সবাই হাতে হাত।
পুষ্প চন্দন তাই তো 
                   তোমায় দিয়ে যাই, 
রেখো মোদের কুশলে 
                   এই তো মোরা চাই।
চতুর্ভূজ তুমি হরি 
               হরেক রকম নাম তব, 
তোমারে পূজিতে তাই 
                   আসে মনুষ্যরা সব।
আশির্বাদ দাও সবারে
                   প্রভু ত্রিনাথের নাথ, 
তুমি সৃষ্টিকর্তা, তুমিই ধ্বংসকারী
                 তুমিই স্বয়ং জগন্নাথ।

শ্যামা মা


 ✍️ মায়া রানী মজুমদার
                   
আলোর রোশনাই রাঙ্গাও
              অন্ধকারের রাত্রি।
অমাবস্যার তিথিতে মায়ের
              হয় পূজা আরতি।।
শ্যামা মায়ের রূপটি 
                      যে হয় কালো।
তাই তো জ্বালো আরো 
           মঙ্গল প্রদীপ জ্বালো।। 
করে দাও সারা ভুবন
              আলো শুধু আলো।
ঝলমল আলোর প্রশান্তিতে
              লাগে দারুণ ভালো।। 
নাশিতে পিশাচ "তারা মা" 
      ধরেন অগ্নিশর্মা রণমূর্তি।
অসি হস্তে বিবস্ত্র দেহে 
                করেন কত ফুর্তি।। 
রণচন্ডিকা মূর্তি মায়েরে 
           করতে নারে নিবারণ।
পাগলা ভোলা শিবশঙ্কর তাই
      পথ মাঝেই করেন শয়ন।।
উন্মাদিনী 'মা' রণাঙ্গনের পথে
            পদস্পর্শে স্বামী অঙ্গ।
তক্ষুনি "মা" জিহ্বা করে বের
          থামালেন সব রস রঙ্গ।।
স্বামী হয় পরম গুরু
     জানে জগতের সর্বলোকে।
স্বামী গাত্রের পদ স্পর্শে 
     "মা" থমকে দাঁড়ান রুখে।।
সেই রূপেই করে পূজা 
            জগতের সর্বলোকে।
দীপাবলীর রজনী সজ্জিত 
        করে রঙ্গিন আলোকে।।
যে অবহেলা করে মাকে
         হতে হয় তাকে হয়রান। 
বড় ছোট সবারেই করেন
      শ্যামা মা আশির্বাদ দান।।

পুণ্যস্নান


                 ✍️মায়া রানী মজুমদার

পৌষ সংক্রান্তির পূণ্যলগ্নে নদীর তীরে, 
পূণ্যার্থীদের সদলবলে ভিড় হয় নীরে।
পূর্বপুরুষদের সদ্গতি লাভে করে  তর্পণ,
বিনিময়ে ব্রাহ্মণদের করে দক্ষিণা অর্পণ।
যথাসাধ্য চেষ্টায় ব্রাহ্মণদের করে দান, 
পাপ ক্ষয়ার্থে সবাই ভোরে করে পূণ্যস্নান।
দক্ষিণায়ণ থেকেই সূর্যের উত্তরায়ণে আগমন, 
ধনুরাশি থেকে সূর্যের মকর রাশিতে গমণ।
মকরসংক্রান্তি বলেও দিনটিকে করে স্মরণ, 
দান দক্ষিণা প্রদানেতে হয় পূণ্য সঞ্চয়ণ। 
উত্তরায়ণে মৃত্যুতে পুণ্য, ভীষ্মের হল স্মরণ, 
পিতামহ ভীষ্মের শরশয্যায় ইচ্ছামৃত্যু বরণ।
পূণ্যার্থীরা পূণ্যের আশায় ভীড়ে,নদীর তীরে, 
পুত্রার্থীরা পায় পুত্রধন, স্নান করলে নীরে। 
মা গঙ্গা এই দিনেই মিশেছিলেন সাগরে, 
পূণ্যলাভের আশায় তাই সবাই চলে ধীরে। 
পূণ্যস্নানে যায় পূণ্য লাভের আশায় সবাই, 
সবাই মিলে আস তাই, পূণ্য স্নানেই যাই।
এইদিনেই হয় নানা পিঠে পুলির আয়োজন, 
সবাই মিলে বসে আনন্দেতে করে ভোজন।

ফিরে এসো অনির্বাণ

🖋মায়া রানী মজুমদার 

সদ্য স্নাতক ছাত্রটি রেখে গেছে নানা অবদান,
প্রদীপ্ত অগ্নিশিখাসম ছিল মোদের এই অনির্বাণ।
রেখে গেছে স্তরে স্তরে বন্ধুবান্ধব পরিজন, 
শোকার্ত সবাই, মা বাবা আত্মীয় স্বজন পরিজন।
জীবনের মাত্র বাইশ বৎসরে দিয়েছিলে পা, 
নিমেষেই ফেলেছি হারিয়ে আর কি পাব না ? 
যতই করি না কেন সাধন পূজন ভজন, 
শত আরাধনায়ও পাব না মোদের অমূল্য রতন।
তার স্মৃতি স্মরণে মোদের ফেটে যায় বুক, 
কিছুতেই পারছি না ভুলতে মনের দুঃখ। 
এই অসহ্য মনোব্যথায় অন্তরেই হচ্ছে যুদ্ধ, 
নিদারুণ কষ্টে মোদের হয়ে গেছে বাকরুদ্ধ।
স্বজন পরিজনও পারছেন না ভুলতে স্মৃতি,
পাঠরত সময়েও নানা কর্মমাঝে রেখে গেছে বহুস্মৃতি। 
ভুলতে চাই ব্যথা, হারানো মানিক চাই পেতে, 
ফিরে এসো মায়ের কোলে, আদর চুমু খেতে।
বাবা আছেন বসে, ছেলে আসার অপেক্ষায়,
কখন আসবে ফিরে, আছেন সেই প্রতিক্ষায়।
পূর্ণ কর মনোবাসনা ফিরে এসো কোলে, 
তোমায় পেয়ে যেন মা বাবা পূর্বস্মৃতি ভুলে।

আনন্দ বিষাদ


               ✍️মায়া রানী মজুমদার 

পূজোর আনন্দে মাতোয়ারা সবাই গ্রামে শহরে।
হারিয়ে যেতে মন চায় এই মহানন্দের ভীড়ে।।
ষষ্ঠী সপ্তমীতে মাতলো সবাই আনন্দেতে বেশ।
অষ্টমীতে হালকা বৃষ্টি,সুন্দর আবহাওয়ার রেশ।।
নবমীটাও  কাটলো ভাল, বন্ধু পরিজন সাথে।
পূজোতে শুভেচ্ছা বিনিময় হলো দিনে রাতে।।
রাস্তার দু'ধারে দোকানীরা সাজিয়ে বসেছে পসারী।
কেনাকাটা,খাওয়া সেরে চলে পথে সারি সারি।। 
আনন্দেতে কাটলো পূজার এই তিনটি দিন।
দশমীতে স্বামীগৃহে প্রত্যাবর্তনের নির্ঘন্ট দিন।।
পরাজিত করেছিলেন মহীষাসুরকে দশম দিনে।
নিধন করে অসুর, ফিরলেন কৈলাশে ঐ দিনে।।
প্রতিবৎসর তাই দশমীতে ফিরে যান স্বামীগৃহে।
ভঙ্গ হয় মর্ত্যের আনন্দ, মনুষ্যরা রয় বিরহে।।
বৎসরান্তে আবার মায়ের সাথে পুনরায় মিলন।
সেই দিনেরই অপেক্ষাতে সবাই রইবো  সারাক্ষণ।।

বীর শহীদ


           ✍️ মায়া রানী মজুমদার 

ভারত মাতাকে জানাই শত সহস্র প্রণতি, 
স্বাধীন মোরা অদ্য, পূর্ণ করেছো মিনতি।
স্বাধীনতা সংগ্রামীদের দিলাম পুষ্পার্ঘ্য
বীর শহীদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধার্ঘ্য।
ব্রিটিশদের লেলিহান আক্রোশ,অসম্মান। 
পরাধীনতার গ্লানিতে যবে বিধ্বস্ত সম্মান।।
বহু মা হারিয়েছেন আদরের বুকের সন্তান। 
অত্যাচারে হারিয়েছে নারীরা আত্মসম্মান।। 
বোনেরা হারিয়েছেন আদরের প্রিয় ভাই, 
দেখলো যখন হাতে কোন স্বাধীনতা নাই। 
ব্রিটিশের বিরুদ্ধে মোদেরই বীর সন্তান, 
ঝাঁপিয়ে পড়ে কেড়ে আনে স্বাধীনতার মান।
বহু ভাইয়ের রক্তে রাঙ্গালো মোদের মাতৃভূমি, 
দেশমাতৃকার বীর সন্তানদের কাছে মোরা ঋণী।
অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে হারালো সহস্র প্রাণ, 
মাতৃভূমির সম্মান রক্ষার্থে করছিলো প্রাণ দান।
বুক পেতে নিয়েছিলো তাজা বুলেটের গুলি, 
তবুও "স্বাধীনতা চাই", বলেছিল ভাইয়েরা মুখ খুলি।
আনলো যাঁরা স্বাধীনতা, নিজ প্রাণ ভয় তুচ্ছ করে। 
বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই ভক্তি ভরে।।