প্রবীর পাঁন্ডে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রবীর পাঁন্ডে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মুক্তির উল্লাস'

✒️প্রবীর পাঁন্ডে
             
সোনার শিকল পায়ে দিলেও থাকব না আর ঘরে, 
অসীম যখন ডাক দিয়েছে কে আমায় রোধ করে। 
আলোক যখন পরশ করে কহেছে প্রিয়ার মতন-
আসবে বধূঁ যেওনা ভূলে রহিল নিমন্ত্রণ। 
বাতাস যখন দ্বারে এসে কহেছে আমারে
আকাশ তলে বিশ্ব তোমায় নিবে বরন করে। 
হৃদয় মাঝে ভাসে যখন শ্যামের বাঁশির স্বর
তখন আমার কীসের বাঁধন কিসের এত ডর। 
অন্তর মাঝে অন্তরতম নিয়েছে যখন পণ
প্রাণের আবেগ রুধিয়া রাখে নাহি সে এমন জন।
কোমল বাহু পারবে না আর আমায় ধরে রাখতে, 
কারো কোনো বাঁধন আমায় পারবে না যে বাঁধতে। 
অধর পটের ওই হাসিতে ভূলবো না আমি আর, 
ভেঙে দিব স্বপ্নে গড়া মায়ার এ সংসার। 
সীমার মাঝে আমার যে আর নাহি কোনো কাজ, 
প্রেমের বাঁধন শিথিল করে যাবই আমি আজ। 
মুক্তি যখন স্বয়ং এসে ডেকেছে আমারে-
তখন আমায় ঘরের মাঝে কে রোধিতে পারে ?

বাঁধনহারা

✒️প্রবীর পাঁন্ডে
        
দাও ভেঙে দাও পাষাণ আগার-
দাও খুলে দাও রূদ্ধ দুয়ার-
থাকব না আর বদ্ধ ঘরে, 
যাই চলে যাই অনেক দূরে। 
প্রেমের শিকল পায়ে দিয়ে
রেখো না আর কারায় পুরে;
মধুর কথায় আমায় ভূলে
হৃদয় খানি বন্দী করে। 
বাঁধনহারা পাখির মতো
যাই উড়ে যাই গগন তলে, 
শূন্যের সাথে মিলন হতে 
নীলাভ দুটি ডানা মেলে। 
রূপের মাঝে অরূপ হয়ে
যাই হারিয়ে মেঘের দেশে, 
স্বর্ণ প্রদীপ জ্বালিয়ে যেথা
মেঘের বালা রয়েছে বসে। 
সবল জোরে বুকের মাঝে
আকাশ টাকে আঁকড়ে ধরে
নন্দন বনে আসন পেতে
ঘুমিয়ে পড়ি দ্যু লোক পরে। 
আকাশ হতে নীলিমা ছেঁকে
নয়ন ভরে করিব পান;
ঝরনা স্রোতে সুর মিলিয়ে
খোলা দিগন্তে গাহিব গান।

বসূধা


প্রবীর পাঁন্ডে ✍️

 হে দেবী প্রশান্ত ময়ী  মধুরে সুন্দরে,-
বাড়ায়ে দক্ষিণ কর আজ চিরতরে
বিরহ প্রবাস হতে নিয়ে চলো মোরে, 
তোমার আলোর দেশে,সৌন্দর্য নগরে;
মল্লিকার বেড়া ঘেরা শেফালির বনে, 
বিটপি লতার কুঞ্জে,কুসুম ভবনে। 
দিয়ো পেতে একখানা কৃষ্ণ কুশাসন, 
তোমার চরণ তলে করি গো শয়ন। 
লভিব অন্তর মাঝে আমি সর্বক্ষণ
মৃন্ময়ী প্রকৃতির শুভ্র আলিঙ্গন। 
আনিবে বহন করে বসন্ত বাতাস
মলয় চন্দন গন্ধ,জ্যোৎস্না প্রকাশ
অঙ্গে অঙ্গে ঢেলে দিয়ে পরিমল সূধা
চুম্বন করিবে শিরে আমর্ত্য বসূধা। 
ঝরনার কলস্রোত কল কল সুরে
বাজিবে কানের পাশে সারাক্ষণ ধরে, 
বনানীর নির্জনতা দুবাহু বাড়ায়ে
সর্বদা বক্ষের'পরে রহিবে জড়ায়ে। 
প্রভাত পাখির গান, রবির কিরণ
আমার নয়ন-মন করিবে হরণ। 
দেখিব নয়ন মেলে হইয়া বিভোর
অনিন্দ্য সুন্দর রূপ, মূর্তি মনোহর।

নিসর্গের টানে

✍️ প্রবীর পাঁন্ডে

মনে হয় যেন কোনো অতিদূর দেশে
যাই চলে,চিরনিশা আঁধারের শেষে-
লোকালয় হতে দূরে তপোবন মাঝে
যেথা স্বর্ণপ্রভা দেবী অপরূপ সাজে;
সোনার আঁচল পেতে মনোহর বেশে
উন্মুক্ত গগন তলে রহিয়াছে বসে। 
হেরি চারিধারে তার সৌন্দর্যের রাশি 
রাঙা চরণের তলে পড়িতেছে খসি।

যেথা দেবী উষারানি ভোরবেলাকায়
কুঙ্কুম রঞ্জিত রাঙা সোনালি আলোয়-
মাধবীলতার মতো বাহুযুগ মেলে
সৌন্দর্যের সুধারস আনে ধরাতলে। 
জ্যোৎস্নার শুভ্রলোকে পূর্নিমার রাতে
যেথা নীল পরীগণ সখিগণ সাথে, 
নির্মল স্ফটিক স্বচ্ছ স্নিগ্ধ সরোবরে 
প্রণয় উচ্ছ্বাসে মেতে জলকেলি করে। 

যেথা মেঘমুক্ত শুভ্র নীলিমা আকাশ-
চারিদিকে বহে শুধু প্রশান্ত বাতাস-
চির বসন্তের সেই সবুজ প্রদেশে
ঝরনার কলস্রোতে গান ওঠে ভেসে;
যেথা নাহি অন্ধকার- আছে মহাদীপ্তি
জীবনের তৃষা নাহি-আছে চিরতৃপ্তি
নাহি কোনো কোলাহল, নাহি কোনোজন
শুধু বন বালিকার নীরব গুঞ্জন। 

জন কোলাহল হীন সেই সে নির্জনে
কুসুম আবাস বাঁধি বড়ই যতনে, 
কেতকীর বেড়া ঘেরা আমলকী বনে
সারাদিন রব বসে সবুজের সনে। 
কত না সৌন্দর্য রাশি এ ভরা ভূবনে-
কত না রূপের খেলা মেঘের কাননে-
পলাতক আলো ছায়া গগনে গগনে
সানন্দে করিব পান আমি তা নয়নে। 

আর কোনো কাজ নয় বসি বৃক্ষতলে
হৃদয়ের রূদ্ধ দ্বার দিব আমি খুলে-
যত কথা আছে মম গোপন হৃদয়ে
লিখে যাব কাব্যগীতে সু্র ছন্দ দিয়ে। 
যত গান, যত সুর আছে মর্মস্হলে
গেয়ে যাব কন্ঠ ছাড়ি শূন্যে-জলে-স্হলে।

প্রেয়সী


✍️ প্রবীর পাঁন্ডে

আজকে জোৎস্না রাতে রূদ্ধ দ্বার খুলে
এসো দেবী জ্যোতির্ময়ী স্নিগ্ধ দৃষ্টি তুলে। 
দুটি করে বদ্ধ করে নিয়ে এসে আলো, 
আমার হৃদয় মাঝে দীপ খানি জ্বালো। 
লক্ষ কোটি বর্ষ ধরে অন্তরে আমার
পুঞ্জীভূত হয়ে আছে যত অন্ধকার
দূর করে দাও আজি আলোর প্রকাশে। 
ধন্য করো হে আমায় নিরব পরশে। 
ওগো প্রেয়সী পূর্নিমা দিব্য ধাম বাসী
অঙ্গে অঙ্গে ঢেলে দিয়ে সুধা রাশি রাশি;
আমার হৃদয়-মন চির তৃপ্ত করে
মিটাও রূপের তৃষ্ণা নিমেষের তরে। 
আলোর ছটায় ভরে আমার আলোয়
সৌন্দর্য প্লাবন এনে ঘটাও প্রলয়।

প্রণয়গীত


✍️ প্রবীর পাঁন্ডে
---------------------
ধন্য রে প্রণয় তুই, ধন্য তোর লীলা! 
মানব হৃদয় নিয়ে যত সব খেলা। 
কখনো হাসাও আর কখনো কাঁদাও, 
বাহু মেলে হৃদ মাঝে কাছে টেনে নাও;
আশা ভালোবাসা দিয়ে দেখাও স্বপন, 
স্নেহ আলিঙ্গন দিয়ে ভরে দাও মন। 
দিবানিশি কর শুধু প্রেম গুনগান, 
শুধু ভালোবাসা আর তাহার বাখান। 
কানে কানে বলে যাও আমি যে তোমার-
একা ছেড়ে যাব না গো কোনোদিন আর। 
তারপর একদিন সব কিছু ভুলে
বহুদূরে চলে যাও মাঝপথে ফেলে। 
ধন্য রে প্রণয় তুই, ধন্য তোর লীলা! 
কাছে টেনে ভালোবেসে কর অবহেলা।

প্রত্যাশা


                   ✍️প্রবীর পাঁন্ডে

অনেক বছর পরে বহু আশা নিয়ে
এসেছি তোমার কাছে অশান্ত হৃদয়ে-
দিয়ো না বন্ধ করে নন্দনের দ্বার, 
উপেক্ষা করো না আজ হে প্রিয় আমার! 
হয়তো অনেক দিন ডাকিনি তোমায়, 
হয়তো ছিলাম ভূলে সংসার মায়ায়;
তাই বলে দিয়ো না ফিরায়ে রিক্ত হস্তে, 
বঞ্চনা করিয়ো না এ চির বঞ্চিতে। 
কত বর্ষ এমনি করে মরুময় পথে
কেটে গেছে জীবনের -ছুটিতে ছুটিতে, 
কখন যে থেমে গেছে বসন্তের মেলা, 
কখন যে হয়েছে হেথা বৈকাল বেলা। 
তবুও চলেছি হেঁটে আমি একাকার;
দুরন্ত এ মরু পথে ধূ ধূ অন্ধকার। 
শুধু আজ এসে এ গোধূলি বেলায় 
দাঁড়িয়েছি তোমার দ্বারে কত না আশায়, 
বন্ধ করিয়ো না প্রভূ নন্দনের দ্বার
দিয়ো না ফিরায়ে প্রিয় পশ্চাতে আবার।

জীবন তৃষ্ণা


                ✍️প্রবীর পাঁন্ডে

জগতের কত রঙ, কত রূপরাশি, 
কত শান্ত ছবি, কত মধুময় হাসি;
কত ফুলের আসব, কত তরুলতা, 
শূন্য তপোবন মাঝে কত নীরবতা;
কত প্রভাতের আলো, কত অন্ধকার, 
কত লুকোচুরি খেলা মেঘবালিকার। 
নয়ন ভরে করেছি পান,তবু মিটেনি পিপাসা। 
একি জীবন তৃষা! 

জীবনের কত কথা, কত সুর গান
কত অনাবিল ছন্দে মধুময় তান;
হৃদয়ের মর্মবাণী, কত ভাব ভাষা, 
আকুল প্রাণের কত মৌন ভালোবাসা;
চঞ্চল ঝরনার  কল কল গীত, 
প্রিয় মিলনের কত বাঁশরী সংগীত। 
হৃদয় ভরে করেছি পান, তবু মিটেনি পিপাসা। 
একি জীবন তৃষা! 

উর্দ্ধে নীলিমা আকাশ, কত তারা শশী, 
নিম্নে অসীম সাগর অতল জলরাশি;
কত বহবান নদী, কত নির্ঝরিনী, 
কত গিরি-মরুভূমি, কত পুস্করিনী;
কত আনন্দ মধুর অধরের সূধা, 
কত হাসি,কত অশ্রু, সৌন্দর্য বসুধা। 
অঞ্জলি ভরে করেছি পান, তবু মিটেনি পিপাসা। 
একি জীবন তৃষা!

ঝরাফুল


                      ✍️প্রবীর পাঁন্ডে

বাগানেতে সারি সারি ফুটেছিল ফুল
শিউলি, রজনীগন্ধা,পারুল, বকুল। 
তারি মাঝে এক ফুল অতীব সুন্দর, 
রূপেতে অতুলনীয় গন্ধে মনোহর। 
আমার নজর কেড়েছিল একদিন
বাগানে বেড়াতে যাই প্রথম যেদিন। 
ছিল আশা একদিন কাছে আমি গিয়ে
চুপি চুপি তুলে নেব দুহাত বাড়িয়ে। 
সে আশায় গেছি আমি কত শত বার, 
তুলে নেব সে সাহস হয়নি 
আমার।
তারপর একদিন প্রভাত বেলাতে
কাছে গিয়ে দেখি আমি ফুল নেই বৃন্তে।

দূরাশা

......✍️ প্রবীর পাঁন্ডে
----------------------------------
কভূ ভাবি শূন্য মনে আমলকী বনে-
ফুটিব কদম্ব হয়ে বনলতা সনে। 
হয়তো কোনো বনবালা সেই ফুল লয়ে
সযত্নে গাঁথিবে মালা প্রেমসূত্র দিয়ে;
তখন সে বালিকার কোমল পরশে
জুড়াবে বিরহ যত মনের হরষে। 
কভূ ভাবি নীল-সাদা মরালের বেশে
ডানা মেলে উড়ে যাই নিরব আকাশে।
মহুয়ার গন্ধ ভরা বসন্ত বাতাসে
একদেহে একমনে যাই আমি ভেসে। 
ভাসমান মেঘপৃষ্ঠে আরোহণ করে
মনে হয় যাই চলে সুখস্বর্গ পুরে;
যেথা দেবসভা মাঝে দিব্য বেশ পরে
রম্ভাদি অপ্সরা যত নৃত্য গীত করে।
নন্দন কানন মাঝে দেব কন্যা গণ 
সখী পরিবৃত হয়ে করে বিচরণ। 
কভূ ভাবি বেণু হয়ে রাগিণীর সুরে
আনন্দে করিব পান অধরে-মধুরে। 
কিংবা কোকিলের বেশে বসি শাখা'পরে
গাহিব প্রণয় গীত কুহু কুহু স্বরে। 
কভূ ভাবি তরী হয়ে কনখল দেশে
কালিন্দীর পূণ্যস্রোতে যাই আমি ভেসে;
সেই তরী'পরে যবে ব্রজগোপীগণ
রাখিবে কোমল রাঙা যুগল চরণ
জীবন হইবে ধন্য চরণের তলে, 
জনম সার্থক হবে এই ধরাতলে।।

সাহিত্য সম্রাট

    ✍️প্রবীর পাঁন্ডে
---------------------------------
বিশ্বজুড়ে কত রাজা, একরাট,বিরাট
তবুও একলা তুমিই সাহিত্য সম্রাট।
বঙ্কিম তোমার সৃষ্ট সাহিত্য আলোকে
করেছে আলোকময় গোটা বাংলাকে।
বঙ্গবাসী বাঙালিকে হে গল্পকার-
কত অদ্ভুত আখ্যান দিয়েছো উপহার। 
ঔপন্যাসের জগতে করিলে রচনা
যে নব ধারার, তার নাহিকো তুলনা।
ইতিহাসকেও তুমি গল্পের আকারে
করেছো রচনা যেন কত না প্রকারে। 
সাহিত্যের সাধু ভাষা করিয়া উদ্ধার
করিলে উন্মোচন নব দিগন্তের দ্বার। 
কত নব নব চরিত্রের করেছো যে সৃষ্টি;
রজনী কে দিয়েছে শেষে আলোকের দৃষ্টি। 
প্রবন্ধে,গল্প-কথায় ত্যাগের মহিমা
সগর্বে তুলেছো ধরে,বিচিত্র উপমা। 
তোমার বন্দনা গীত 'বন্দেমাতরম্'
আজও ভারত মাকে জানাই প্রণাম। 
হে মহান বঙ্কিমচন্দ্র, হে সাহিত্য রাজ
সামান্য তো নও তুমি, ঋষি তুমি আজ।

স্বার্থত্যাগ


             ✍️প্রবীর পাঁন্ডে

নিঃস্ব দুর্বলের প্রতি এত অত্যাচার
ভালো নয়!ভালো নয়!মানব তোমার।
তাহাদের প্রাণ আছে, আছে অনুভব;
তুচ্ছ হোক, ক্ষুদ্র হোক তারাও মানব। 
অর্থ মদে মত্ত হয়ে না করি বিচার
সকলের সাথে একি রূঢ় ব্যবহার। 
প্রেমহীন, স্নেহহীন,নিষ্ঠুর- নির্দয়
কঠিন পাষাণ বৎ হে, বজ্র হৃদয়-
ভূলে গেলে শিষ্টাচার,ভদ্র আচরণ;
সংস্কার-সংস্কৃতি, মিষ্ট সম্ভাষণ। 
গোটা দুই ভূমিখণ্ড করে অধিকার
আপনার শ্রেষ্ঠতার কর অহংকার;
দরিদ্র,ভিক্ষুক জনে তুচ্ছ করি জ্ঞান
সর্বহারা-সর্বস্বান্ত কর অপমান। 
ভালো নয়! ভালো নয়! এত স্বেচ্ছাচার। 
ত্যাগ কর এ বাঁধন স্বার্থপরতার, 
হিংসা-দ্বেষ পরিপূর্ণ এ নর সংহার।
দাও জলাঞ্জলি যত সব ক্ষুদ্রতার। 
বৃথা দম্ভ অহংকার দিয়া বিসর্জন
সকলে আত্মীয় ভেবে কর আলিঙ্গন। 
বিশ্বজুড়ে শ্রেষ্ঠ-নীচে একীভূত করে, 
বাঁধো সবে একসূত্রে পূর্ণ প্রেম ডোরে।

বিশ্বকবির প্রতি

প্রবীর পাঁন্ডে
----------------------------------
ধন্য তুমি কবিবর শ্যামল ধরায়
ছড়ালে জীবন সুধা কাব্য গীতিকায়-
প্রবন্ধে,গল্প কথায়,নাটকে আখ্যানে
বিরহ মিলন ময় মধুর বাখানে। 
কত নব নব ছন্দে, কত সুর গানে 
হৃদয় করিলে পূর্ণ ও গীতিবিতানে। 
তুমি না গাহিলে গান কাব্যবীণা লয়ে-
তুমি না রচিলে গীত সুর ছন্দ দিয়ে-
কে গাঁথিত গীতিমাল্য কবিতার হার! 
কে করিত উন্মোচন নন্দনের দ্বার! 
কে জানিত হৃদয়েও আছে মধুবন! 
চিত্ত সেথা অবিশ্রাম করে বিচরণ। 
সেথাও বসন্ত আসে ধরে যে মুকুল, 
সুমন্দ বাতাস বহে ফুটে শত ফুল। 
তুমি না করাতে যদি পরিচয় খানি-
অন্তরের কথাগুলো বাহিরেতে আনি, 
কে জানিত মানবের হৃদয় গুহায়
এত কথা এত ভাব রয়েছে লুকায়! 
যত কথা ছিল এই মরম মাঝারে
হৃদয়ের দ্বার খুলে আনিলে বাহিরে। 
কল্পনার চিত্র দিয়া করিয়া রচন 
জনে জনে সকলে করিলে বিতরন। 
কুশ্রীতার মাঝখানে বিচিত্র সুন্দরে 
নব রূপে নব রঙে দিলে তুমি ভরে। 
যত কিছু অসুন্দর তব শ্পর্শ পেয়ে
উঠিল নিমেষ তরে চিরশুভ্র হয়ে। 
বাংলার নদী মাঠ,পুস্পিত কানন
সর্বত্র তোমার কবি মানস চারণ। 
মানসীর ভাবোচ্ছ্বাসে; সোনার তরীতে
ভাসালে জগৎ জনে সৌন্দর্যের স্রোতে।

হে বিশ্ব বন্দিত কবি? জগতের রবি;
কোথা হতে পেয়েছিলে এ সুন্দর ছবি। 
কোথা হতে পেয়েছিলে এত ভাব ভাষা;
এত সুর, এত গান, এত ভালোবাসা।
তুমিই প্রথম কবি বিশ্ববাসী জনে 
বেঁধেছিলে একসূত্রে প্রাণের বন্ধনে। 
মিলন সাগর তীরে করিয়া আহ্বান
দিয়েছিলে সবাকারে প্রেমমন্ত্র দান। 
ধন্য তুমি বিশ্বকবি বিশ্বগত প্রাণ 
করালে জগত জনে প্রেমামৃত পান।।

বসন্তোৎসব


               ✍️প্রবীর পাঁন্ডে

চেয়ে দেখো একবার মুক্ত বাতায়নে
বসন্ত এসেছে আজি এ মর্ত্য ভূবনে-
মাতিল জগত সারা কূজনে-গুঞ্জনে, 
ধরিল সবুজ রঙ সবাকার মনে।
গুচ্ছে গুচ্ছে ধরিয়াছে প্রেমাম্র মুকুল, 
শাখায় শাখায় শত ফুটিয়াছে ফুল। 
নির্মল বাতাস বহে মৃদুমন্দ গন্ধে, 
গাহে পিকবর গান মধুময় ছন্দে। 
দলে দলে ধায় অলি কুসুমের বনে
করিবারে মধুপান প্রফল্লিত মনে। 
কপোত- কপোতি যুগ বসি বৃক্ষ'পরে
অধরে-অধর রাখি প্রেমালাপ করে। 
কত বীণা কত বেণু উঠিতেছে বাজি,
প্রকৃতি সুন্দর রূপে উঠিয়াছে সাজি।
শ্যামলিমা বধূ তার আঁচল বিছায়ে
কত যে সৌন্দর্য রাশি দিয়েছে ছড়ায়ে।
কত হাসি কত গান কত আলাপন-
বসন্তের মহোৎসব এ মহা মিলন।
আজি এই ফাগুনের শুভ আগমনে
কি আনন্দ! কি উছ্বাস! মানব জীবনে।

বসন্তোৎসব


               ✍️প্রবীর পাঁন্ডে

চেয়ে দেখো একবার মুক্ত বাতায়নে
বসন্ত এসেছে আজি এ মর্ত্য ভূবনে-
মাতিল জগত সারা কূজনে-গুঞ্জনে, 
ধরিল সবুজ রঙ সবাকার মনে।
গুচ্ছে গুচ্ছে ধরিয়াছে প্রেমাম্র মুকুল, 
শাখায় শাখায় শত ফুটিয়াছে ফুল। 
নির্মল বাতাস বহে মৃদুমন্দ গন্ধে, 
গাহে পিকবর গান মধুময় ছন্দে। 
দলে দলে ধায় অলি কুসুমের বনে
করিবারে মধুপান প্রফল্লিত মনে। 
কপোত- কপোতি যুগ বসি বৃক্ষ'পরে
অধরে-অধর রাখি প্রেমালাপ করে। 
কত বীণা কত বেণু উঠিতেছে বাজি,
প্রকৃতি সুন্দর রূপে উঠিয়াছে সাজি।
শ্যামলিমা বধূ তার আঁচল বিছায়ে
কত যে সৌন্দর্য রাশি দিয়েছে ছড়ায়ে।
কত হাসি কত গান কত আলাপন-
বসন্তের মহোৎসব এ মহা মিলন।
আজি এই ফাগুনের শুভ আগমনে
কি আনন্দ! কি উছ্বাস! মানব জীবনে।