দীপ্র দাস চৌধুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দীপ্র দাস চৌধুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মেঘের ওপর মেঘ


                 ✍️ দীপ্র দাস চৌধুরী

মেঘের ওপর মেঘ করেছে কেবল
বৃষ্টি নামুক। শহরে ঝরুক ধারা, 
তখন তুমিও আমার কথাই ভেবো
আমারও তখন কেউ নেই তুমি ছাড়া।

মনমালিন্যে থামুক যতই কথা
কিছু কথা আজও রয়ে গেছে জানি চোখে।
যতবার তুমি দিয়েছ নতুন ব্যথা-
ততবার আমি বেঁচেছি অচেনা শোকে।

বৃষ্টি ঝরুক, জানালার কাঁচ বেয়ে
গর্জে উঠুক, ভেসে যাক বিরহেরা।
তুমিও হারাবে নিজেকে আমার চেয়ে
তোমারও হবে না মেঘলায় ঘরে ফেরা...

তুমিও আমায় ভোলার চেষ্টা করো
না পারলে তুমি হবে স্রেফ দিশেহারা,
পুরনো স্মৃতিকে মুঠো ক'রে আজ ভরো
বৃষ্টিতে কে'বা সাথী হবে আমি ছাড়া?

প্রেমিক মনের লেখা

   ✍️ দীপ্র দাস চৌধুরী

আলতো হাসি কয়েক মিনিট যেই ছড়ালে ঠোঁটে 
হৃদয় আমার পাগল হ'য়ে ঘোড়ার মতো ছোটে।

ছুটতে ছুটতে গ্রীষ্মকালীন আদ্রতাদের ভুলে-
ক্লিপের মতো জড়িয়ে পড়ে, তোমার খোলা চুলে...

সব হিসেবই বেঠিক দেখায়, সঠিক কেবল তুমি
আসলে তুমি কালবোশেখী, নইলে মরুভূমি। 

সব প্রাচীরেই বিভেদ থাকে, সব প্রেমেতে বিষাদ,
তবুও তুমি আসলে এ' মন পায় হারানো দিশা।

যা ছিল সব প্রাচীন কথা,  আজকে তাদের ছুটি
প্রেমেই নতুন ভিত তুলে আজ জীবন বাঁধুক খুঁটি।

তাই তো আমি ছুটছি কেবল, আদ্রতাদের ভুলে
আকাশ জুড়ে মেঘ জমে আজ তোমার খোলা চুলের...

জমতে জমতে বৃষ্টি নামুক, ভিজতে এ'মন চায়
হয় তো সবাই একেই বলে প্রেমিক মনের দায়!

দেয়াল লিখন


              ✍️দীপ্র দাস চৌধুরী

স্বপ্নেরা আজও দেয়ালে লিখছে নাম
বিকেলটা আজও সুতো ছিঁড়ে যাওয়া ঘুড়ি,
পেছনে রেখেছি জলে ডুবে যাওয়া গ্রাম
শহুরে পাখনা ভর ক'রে তাই উড়ি।

কাগজে দেখেছি সংগ্রাম কাকে বলে,
ভেসে যায় কত রক্ততে রাজ পথ।
সে'সব ভাসিয়ে পুকুর-নদীর জলে-
আমরা নিচ্ছি বেঁচে থাকার শপথ।

গেঁথে যায় কত বুলেটের গুলি বুকে!
আমরা দেখেও না দেখার ভান করি...
কানেই নেব না বলবে যা নিন্দুকে
প্রতিদিন হব দুঃখর সহচরী।

স্বপ্নের শুধু দেয়াল লিখন কাজ
আমাদের কাজ সেগুলোকে মুছে ফেলা,
লজ্জারা যদি চোখে নেমে আসে আজ
দু'চোখ ঢাকবো, বন্ধ করব খেলা।


সময়

     ✍️  দীপ্র দাস চৌধুরী
স্কুল ব্যাগ পিঠ থেকে নামিয়ে দৌড়াই মাঠের দিকে।
শ্যামল মাঠ, ছোট ছোট তৃণ ছড়ানো চারিধারে।
কিছু কিছু চোরকাঁটা তাকিয়ে আছে,
দু' চোখ মেলে, শান্ত বাঘের মতো...
আমি দৌড়াই একমনে
ওই দূরে দাঁড়িয়ে আছে বন্ধুরা,
টস ক'রে ফেলেছে ওরা,
এবার কে কার টিমে যাবে, সেই নিয়ে ঝগড়া চলছে।
আমি উদভ্রান্তের মতো দৌড়াচ্ছি
দেরি হ'লে ওরা আর নেবেনা আমায়।
দয়া ক'রে হয়তো আম্পায়ার করতে পারে,
কিন্তু আজ আমার কাছে আছে নতুন ব্যাট।
তলোয়ারের মতো সেই ব্যাট,
যে তলোয়ারের কাছে দমে যাবে বন্ধুরা
আজ হয়তো আমায় ফার্স্ট ব্যাটিং দিয়ে
রাজার মতো খাতির করবে!
কিন্তু মাঠ শেষ হচ্ছেনা, বহুদূরে দাঁড়িয়ে আছে ওরা...
আর কতদূর যেতে হবে? খুব জোর পা চালাচ্ছি,
তবুও পৌঁছতে পারছিনা!

হঠাৎ একটা আওয়াজ কানে বাজছে
অদ্ভুত আওয়াজ, আগে কোথায় শুনেছি
ঠিক মনে করতে পারছিনা।
পাশ থেকে মায়ের গলা,
বলছে দেরি হ'য়ে গেছে অনেক
আর দেরি হ'লে আজকেও কাজে যাওয়া হবেনা।

তারপর...
চোখের সামনে এক ঝলমলে সকাল
সব পিছুটান মুছে দিয়ে জেগে উঠেছে।
এখন আর মাঠ নেই, বন্ধুরা নেই
ব্যাট নেই, টস নেই, ঝগড়া নেই
আছে শুধুই কাজ, মাইনে, বিষণ্ণতা...

মাঝে মাঝে মনে হয়,
বাস্তবের চেয়ে স্বপ্নই ভালো
সেখানে আর যাই হোক সময় এগোয়না।

চিঠি

.....✍️ দীপ্র দাস চৌধুরী

হাজার হাজার প্রেম, বুকে নিয়ে বেঁচে থাকা দায়
কেউ তো খোলেনা এসে, আনকোরা চিঠিদের খাম,
জীবন শোনেনা কথা, দিনশেষে ভালোবাসা চায়
বারবার মনে আনে ছেড়ে যাওয়া মানুষের নাম।

কিছু কিছু ভালোবাসা, জীবন কবর ক'রে ছাড়ে
মেঘপুঞ্জ বৃষ্টি দিয়ে, ভেজায় সে' কবরের মাটি...
মৃতকে জাগাতে শুধু একমাত্র ভালোবাসা পারে
আমরা কাজের শেষে, যে যার নিজের পথে হাঁটি।

নতুন জীবন দেখে, পুরনো সে' চিঠিদের লাশ
কান্নার বদলে তারা, মুখে আনে ক্রুরতার হাসি,
জীবন কবিতা নয়, কঠিন বাস্তব উপন্যাস-
তবুও আমরা শুধু,  অলীক ভাবনায় বিশ্বাসী।

ডাকবাক্সে ধুলো জমে, খোলেনা কেউই তার দ্বার
চিঠিগুলো একা একা থেকে যায়, কিছু ধুলো মেখে,
খামের ভেতরে ঢাকা পড়ে থাকে স্মৃতির পাহাড়...
আমরা এড়িয়ে যাই, দেখেও সব কিছু না-দেখে।

© পশ্চিম বঙ্গ

ফুলদানি

     ✍️দীপ্র দাস চৌধুরী

শহরের ক্যানভাসে জলেদের দাগ
তুমি শুধু ক'রে যাও ভালোবাসা ভাগ।

কার ভাগে বেশি পড়ে? কার ভাগে কম?
এইসব ভেবে হয় মনটা জখম।

মেঘ জমে চুপিসারে। মেলে দেয় ডানা...
আজকে তো কাউকেই ভালোবাসা মানা।

ভালোবাসা জলে মেশে, ঘোলা হয় মন
আজকে সে দূরে গেছে যে ছিল আপন।

যারা চলে যেতে যায় তারা তো থামেনা,
বুকে শুধু মেঘ জমে বারিশ নামেনা।

জমতে জমতে মেঘ ভেঙে পড়ে শেষে
ভেজায় শহর ফের মাটি ভালোবেসে...

ভালোবাসা মিশে যায় মাটিদের সাথে
মনের টুকরোগুলো তুলে নিয়ে হাতে-

ফের তুমি ভাগ করো ভালোবাসা জানি
ফুলের কদর কবে করে ফুলদানি?

কাজ


                     ✍️দীপ্র দাস চৌধুরী

দূর থেকে দূর শুধু দেখা যায় লাশেদের স্তূপ
তার মাঝে একা একা দাঁড়িয়ে রয়েছে এক কবি,
সব কিছু দেখে নিজে সাক্ষী থাকছে তার লেখার
আমরা পড়ার নামে চোখে শুধু এঁকে যাই ছবি।

একলা দুপুরগুলো দিয়ে যায় শ্মশানের ডাক,
মৃত মানুষের মতো আমরাও চেয়ে ব'সে থাকি।
কবি তো দাঁড়িয়ে থাকে আকাশে নিজের চোখ মেলে
লিখতে গেলেই কথা আজ স্রেফ দিয়ে যাবে ফাঁকি।

রাত নামে চুপিসারে মুছে দিয়ে দুপুরের ঘাম
একটা একটা ক'রে কথা নামে ডায়রির ভাঁজে...
তারপর পাহাড়াতে ব'সে যায় কবিতার দল-
কবিকে জ্বালিয়ে মারে সারারাত ঘুমহীন কাজে।
 

গোলাপ


              ✍️দীপ্র দাস চৌধুরী

তোমার জন্যে বসন্ত দিন, নিত্যনতুন ধাপ,
আমার কফিনে তোমার জন্যে রেখেছি এক গোলাপ।

তোমার জন্যে ভ্যালেনটাইন, চৌদ্দ ফেব্রুয়ারী...
আজকে গোলাপ তোমার জন্যে বড্ড অহংকারী।

তোমার জন্যে নিষ্পাপ মন গোলাপী বসন প'রে- 
পাগলের মতো আজকে কেবল পাঁপড়ি বৃষ্টি করে।

তোমার জন্যে ফুলের বাগান আকাশে মেলেছে ডানা
সেখান থেকেই তুমি খুঁজে নিও,কেউ তো করেনি মানা!

সে' সব ফুলের ঠিকানা কেবল তোমার খোঁপার মাঝে,
তাইতো গোলাপ সুযোগ বুঝেই নিজের মতোন সাজে।

এই গোলাপের পাতায় দহন, শরীরে তোমার ছাপ
তাই তো কফিনে শিউলি না রেখে, রেখেছি এই গোলাপ।

আজকে প্রেমটা বিদ্রোহ হোক, বাড়াক রক্ত চাপ...

বিরহের কাঁটা তুলে দিক আজ কাঁটাঘেরা এ' গোলাপ!

গোলাপ


              ✍️দীপ্র দাস চৌধুরী

তোমার জন্যে বসন্ত দিন, নিত্যনতুন ধাপ,
আমার কফিনে তোমার জন্যে রেখেছি এক গোলাপ।

তোমার জন্যে ভ্যালেনটাইন, চৌদ্দ ফেব্রুয়ারী...
আজকে গোলাপ তোমার জন্যে বড্ড অহংকারী।

তোমার জন্যে নিষ্পাপ মন গোলাপী বসন প'রে- 
পাগলের মতো আজকে কেবল পাঁপড়ি বৃষ্টি করে।

তোমার জন্যে ফুলের বাগান আকাশে মেলেছে ডানা
সেখান থেকেই তুমি খুঁজে নিও,কেউ তো করেনি মানা!

সে' সব ফুলের ঠিকানা কেবল তোমার খোঁপার মাঝে,
তাইতো গোলাপ সুযোগ বুঝেই নিজের মতোন সাজে।

এই গোলাপের পাতায় দহন, শরীরে তোমার ছাপ
তাই তো কফিনে শিউলি না রেখে, রেখেছি এই গোলাপ।

আজকে প্রেমটা বিদ্রোহ হোক, বাড়াক রক্ত চাপ...

বিরহের কাঁটা তুলে দিক আজ কাঁটাঘেরা এ' গোলাপ!

যে কথা হয়নি বলা

 ….✍ দীপ্র দাস চৌধুরী

যে কথা হয়নি বলা, তা বলা হবেনা কোনোদিন

আমাদের কথাগুলো রয়ে যাবে মনের গভীরে, 

রাতগুলো ফিকে হবে, চোখেরা হবে স্বপ্নবিহীন

আমরা হারিয়ে যাব ফের জনমানবের ভিড়ে।


শহরে নেমেছে রাত, প্রেমিকেরা ফিরে গেছে ঘরে

তবু আমি প্রতি রাতে হাতড়িয়ে খুঁজছি তোমাকে, 

প্রেমকে বোঝেনা কেউ পরিচিত প্রাচীন শহরে....

প্রেমিক বলেই শুধু খোঁটা দেয় সকলে আমাকে। 


স্মৃতিরা ফিরবে জানি, রোজ রোজ কাহিনির মতো 

তুমি ফিরবেনা তবু গুনে চলি প্রহরের কাঁটা, 

বারিশ মুছিয়ে দিয়ে নিয়ে যায় অভিমান যত 

বসে ভরাতে থাকি ফেলে দেওয়া কবিতার খাতা। 


সময় চলবে ঠিক, থামবনা কেউ আর জানি, 

দেখব না ফিরে আর, কী হেরেছি দুজনে জীবনে? 

স্মৃতিরা আসবে ফিরে, করে দেবে ফের অভিমানী

কখনো দেখবো ছবি, প্রোফাইল ঘাটবো গোপনে।।

যে কথা হয়নি বলা

 ….✍ দীপ্র দাস চৌধুরী

যে কথা হয়নি বলা, তা বলা হবেনা কোনোদিন

আমাদের কথাগুলো রয়ে যাবে মনের গভীরে, 

রাতগুলো ফিকে হবে, চোখেরা হবে স্বপ্নবিহীন

আমরা হারিয়ে যাব ফের জনমানবের ভিড়ে।


শহরে নেমেছে রাত, প্রেমিকেরা ফিরে গেছে ঘরে

তবু আমি প্রতি রাতে হাতড়িয়ে খুঁজছি তোমাকে, 

প্রেমকে বোঝেনা কেউ পরিচিত প্রাচীন শহরে....

প্রেমিক বলেই শুধু খোঁটা দেয় সকলে আমাকে। 


স্মৃতিরা ফিরবে জানি, রোজ রোজ কাহিনির মতো 

তুমি ফিরবেনা তবু গুনে চলি প্রহরের কাঁটা, 

বারিশ মুছিয়ে দিয়ে নিয়ে যায় অভিমান যত 

বসে ভরাতে থাকি ফেলে দেওয়া কবিতার খাতা। 


সময় চলবে ঠিক, থামবনা কেউ আর জানি, 

দেখব না ফিরে আর, কী হেরেছি দুজনে জীবনে? 

স্মৃতিরা আসবে ফিরে, করে দেবে ফের অভিমানী

কখনো দেখবো ছবি, প্রোফাইল ঘাটবো গোপনে।।