….✍কেয়া শর্মা
এক টুকরো সাদা মেঘ বৃষ্টি হয়ে নামার অপেক্ষায়,
অস্পৃশ্য কল্পনার জগতে পরীদের নৃত্য,
ভেজা রাজপথে জমেছে শ্যাওলা,
আমার গোলাপি অধর ছুঁয়ে নেমেছে বৃষ্টি।
বৃষ্টি নেমেছে তামাক পাতায়,
জানালার কাচ বেয়ে নেমেছে বৃষ্টির ফোঁটা,
ভিজেছে আমার সাদা ওড়না,
তোমার স্প্যানিশ গিটারে বৃষ্টির সুর,
সলতে আলোয় চারপাশের সম্মোহন,
ধূপ কাঠির গন্ধে স্বপ্নিল মায়ায় নেশা লাগা,
ফিরতি পথে দেবীর বিসর্জন এনেছে,
কোনো ভক্তের চোখে বৃষ্টির রং।
ভাং এর গন্ধে বদলায় বৃষ্টির গল্প,
বৃষ্টির চিৎকারে ম্লান হয় যানবাহনের শব্দ,
ভিজুক তোমার বেদুইন বুক,
ধুয়ে যাক আমার ঋতুচক্রের রক্ত,
ভিজুক সব পাখি,
শিহরিত হোক অরন্য।
তুমি আসবে কি হেঁটে,বৃষ্টি ভেজানো পথ ধরে?
যে পথে জ্বালিয়েছি আলো,
যে পথে সাজিয়েছি সবুজ ঘাস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন