✍️ দীপ্র দাস চৌধুরী
স্কুল ব্যাগ পিঠ থেকে নামিয়ে দৌড়াই মাঠের দিকে।
শ্যামল মাঠ, ছোট ছোট তৃণ ছড়ানো চারিধারে।
কিছু কিছু চোরকাঁটা তাকিয়ে আছে,
দু' চোখ মেলে, শান্ত বাঘের মতো...
আমি দৌড়াই একমনে
ওই দূরে দাঁড়িয়ে আছে বন্ধুরা,
টস ক'রে ফেলেছে ওরা,
এবার কে কার টিমে যাবে, সেই নিয়ে ঝগড়া চলছে।
আমি উদভ্রান্তের মতো দৌড়াচ্ছি
দেরি হ'লে ওরা আর নেবেনা আমায়।
দয়া ক'রে হয়তো আম্পায়ার করতে পারে,
কিন্তু আজ আমার কাছে আছে নতুন ব্যাট।
তলোয়ারের মতো সেই ব্যাট,
যে তলোয়ারের কাছে দমে যাবে বন্ধুরা
আজ হয়তো আমায় ফার্স্ট ব্যাটিং দিয়ে
রাজার মতো খাতির করবে!
কিন্তু মাঠ শেষ হচ্ছেনা, বহুদূরে দাঁড়িয়ে আছে ওরা...
আর কতদূর যেতে হবে? খুব জোর পা চালাচ্ছি,
তবুও পৌঁছতে পারছিনা!
হঠাৎ একটা আওয়াজ কানে বাজছে
অদ্ভুত আওয়াজ, আগে কোথায় শুনেছি
ঠিক মনে করতে পারছিনা।
পাশ থেকে মায়ের গলা,
বলছে দেরি হ'য়ে গেছে অনেক
আর দেরি হ'লে আজকেও কাজে যাওয়া হবেনা।
তারপর...
চোখের সামনে এক ঝলমলে সকাল
সব পিছুটান মুছে দিয়ে জেগে উঠেছে।
এখন আর মাঠ নেই, বন্ধুরা নেই
ব্যাট নেই, টস নেই, ঝগড়া নেই
আছে শুধুই কাজ, মাইনে, বিষণ্ণতা...
মাঝে মাঝে মনে হয়,
বাস্তবের চেয়ে স্বপ্নই ভালো
সেখানে আর যাই হোক সময় এগোয়না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন