তোমায় বুঝে কয় জনায়

✍️ মিঠু মল্লিক বৈদ‍্য

স্বাধীনতা ;কে তুমি? কি বা পরিচয়?
আচ্ছা সবাই কি তোমায় জানে,চেনে, বুঝে?

ঐ যে ফুটপাতে শুয়ে আছে চাদর মোড়ে,
বড়লোক বাবার বখাটে ছেলেটা 
মাতাল হয়ে ,হুঁচোট খায় যার 'পরে 
তবুও চুপটি করে শুয়ে থাকে পাশ ফিরে
সে জানে স্বাধীনতার মানে?

যে  শিশুটা রাস্তার মোড়ে হাত পেতে খাবার খোঁজে,
আবর্জনার স্তুপে কুকুরের সাথে রুটি ভাগ করে
ক্ষিধের জ্বালায় হন‍্যি হয়ে ছুটে বাবুদের পাশে
দশটা টাকার প্রত‍্যাশায়,সে কি বুঝে
স্বাধীনতা কারে কয়?জানে স্বাধীনতার পরিচয়?

যে মেয়েটি কৈশোরে খুঁইয়েছে সম্ভ্রম
সমাজের লুলোপ দৃষ্টির রোষানলে 
জ্বলেছে আত্মা,ধর্ষিতার তকমা নিয়ে 
আছে বেঁচে,আদমরা,সে কি অনুভব করে
স্বাধীনতার মর্যাদা?

যে মেয়েটা নিষিদ্ধ পল্লীতে গুমরে কাঁদে;
সমাজের অবিচারে সকল স্বপ্নের বিসর্জনে,
প্রতি মুহূর্তে বেঁচে থাকে বিবেকের দংশনে,
সে কি বুঝতে চায় স্বাধীনতার বিশালতা?
চিনতে চায় স্বাধীনতার অস্তিত্ব ?

তুমি যে চিরদীপ্ত,চিরায়মানা
সাগরের চেয়েও সুবিপুল তোমার গভীরতা
আকাশের চেয়েও সুবিশাল তোমার মর্যাদা
কিন্তু তোমায় বুঝে কয়জনা? স্বাধীনতার মানে বুঝে
কেবল আকাশ, সূর্য,তারা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন