✍️ কৃষ্ণ ধন শীল
প্রথমে তাকিয়ে ছিলাম ঐ নীল আকাশ পানে,
শুভ্র মেঘপুঞ্জের মতন স্বপ্ন জেগেছিল প্রাণে,
তারপর হঠাৎ কালো যবনিকা করে নিল গ্রাস,
স্তম্ভিত আমি ভয়ভীত,ভেঙ্গে গেল স্বপ্ন একরাশ।
নব শ্রাবণের ধারার উত্তেজনায় গা ভাসালাম,
শঙ্কা কাটিয়ে এক রোমাঞ্চকর অনুভূতি পেলাম,
বর্ষা যেন বর্ষায় অমৃত কণা দেহ আর প্রাণে,
সিক্ত হল শুষ্ক আর রিক্ত ধরা নব সুরের গানে।
ভয়ভীত হলাম আবার পিছোল খাওয়ার ভয়ে,
হোঁচট খেয়ে পড়লাম ঘুরে কাদার উপর শুয়ে,
পেলাম তখন সোঁদা গন্ধ বৃষ্টি ভেজা দিনের,
ঐ একই সুবাশ আমার ভেজা নির্জীব প্রাণের।
উঠে দাঁড়ালাম কাঁদা ধুয়ে গেল বৃষ্টির জলে,
হাসলো মিহির অপরান্হে মেঘেরা গেল চলে,
তারপর মুছে গেল শুষ্ক কায়ে আমার যত ভ্রান্তি,
নির্ভয়ে পেলাম নীলিমা,স্বপ্ন আর এক প্রশান্তি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন