খোকার চারাগাছ

✒️দীপক রঞ্জন কর

খোকাবাবু লাগায় গাছ
     দেয় তাতে জল 
বড় হয়ে ছায়া দেবে , 
    দেবে পাকা ফল ।

ডাকবে পাখি শাখায় বসে ,
    সকাল দুপুর বিকালে 
খোকাখুকি দোলনা দোলে
     দিনটি যাবে চলে।

গাছের ছায়ায় বসবে এসে 
রাখাল ছেলের দল 
বর্ষাকালে নামবে এসে
 আকাশ থেকে ঢল।

ডাকবে মা আয়রে খোকা 
     খাবার খেয়ে যা,
বলবো আমি একটু পরে 
       এখন খাবো না ।

সম্পাদকীয়


সম্পাদকীয়..............✍️

অনেকসময় কবিতা নিয়ে আমাদের মনে নানান প্রশ্ন উঁকি মারে। আদোও কবিতা কী? কবিতা কেন লেখা? কবিতার সঠিক সংজ্ঞা কী? 
'কবিতা' সাহিত্যের আদি ও প্রাচীনতম শাখা। সকল ভাষারই প্রাচীন নিদর্শন হল 'কবিতা'। যিনি কবিতা লেখেন, তিনিই কবি।
কবিতার ব্যাপকতার জন্যে আজ পর্যন্ত একে সুনির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায় নি। একেকজন একেকভাবে কবিতার সংজ্ঞা দিয়েছেন। জীবনানন্দের কাছে কবিতা ছিল অনেকরকম। বুদ্ধদেব বসু মনে করতেন,' কবিতা সম্বন্ধে 'বোঝা' কথাটাই অপ্রসঙ্গিক। কবিতা আমরা বুঝিনা, কবিতা আমরা অনুভব করি। 'শামসুর রাহমানের মতে, 'কবিতা আসলে বোধের ব্যাপার। একে সংজ্ঞা দিয়ে বোঝানো মুশকিল।' কবিতা বোঝার জিনিস নয়, অনুভবের, উপলব্ধির জিনিস'বলেছেন হুমায়ুন আজাদ। আবু হাসান শাহরিয়ারের মতে, 'একেকজন কবির কাছে কবিতার অর্থ একেকরকম। আর আমি মনে করি কবিতা মানে মনের খোরাক। সেটা রোমান্টিক হতে পারে কিংবা বিদ্রোহী! 
বৃষ্টির শুভেচ্ছায়...
গৌরাঙ্গ সরকার, সম্পাদক(নবোন্মেষ)
শিবশংকর দেবনাথ, সহসম্পাদক(নবোন্মেষ)

রামধনু


         
                   দীপক রঞ্জন কর

দূর  গগনে রঙ ছড়িয়ে
সাত রঙে  রয় জড়িয়ে,
পাহাড় নদী সব ছাড়িয়ে 
আছে মস্ত স্থির দাঁড়িয়ে।

পড়ে শোভা বেশ গড়িয়ে 
তেপান্তরের মাঠ পেরিয়ে,
দিলো গগন হাত বাড়িয়ে
দেখে হৃদয় যায় হারিয়ে।

পূব দিগন্তে গগন প'ড়ে 
রঙের ছটা বিরাজ করে ,
দেখি অপলক দৃষ্টি ভরে
ছায়া ভাসে নীল সাগরে।

বৃষ্টি কণায় ছবি আঁকা 
গগন মাঝে ধনুক বাঁকা,
প্রকৃতির এ মোহিত রূপ
রামধনু ঐ বেশ অপরূ।

উনিশে মে


                         প্রতিমা দেববর্মা
 উনিশ মানে বিশ্বের কাছে স্মরণীয় দিন 
 উনিশ মানে একাদশ শহীদের জীবন দেওয়া ঋণ   l 
 উনিশ মানে বাঙালি নারী অবলা কমলার শক্তি 
 উনিশ মানে বাংলার আশা, বাংলা ভাষার মুক্তি l
  উনিশ মানে "জান দেবো তবুও জবান দেব না ধ্বনি "
 উনিশ মানে  ১৯৬১ সালে ভাষা সংগ্রামী র বাণী l
 উনিশ মানে নশ্বর ভুবনে শত শহীদের রক্তরেখা 
 উনিশ মানে ভাষার অস্তিত্ব রক্ষায় বীর ইতিহাস লেখা।

 উনিশ মানে কারোর বুক,চোখ ফুটো করে জনজীবন স্তব্ধের পালা 
 উনিশ মানে একাদশ শহীদের রক্তমাখা বর্ণমালা ।
 উনিশ মানে মোদের গর্ব, হিতেশ,কুমুদ রঞ্জন,তারিনী, সুনীল,বীরেন্দ্র 
 উনিশ মানে শ্রেষ্ঠ রত্ন,
 কমলা,সুকুমার, কানাইলাল, চণ্ডীচরণ,সত্যেন্দ্র,শচীন্দ্র l
 উনিশ মানে কমলার স্মৃতি রক্ষায় শিলচর ভাষা শহীদ স্টেশন 
 উনিশ মানে ২০১১ সালে ৫০ বছর পূর্তিতে ব্রোঞ্চের মূর্তি উন্মোচন।
 উনিশ মানে প্রতিবছর উনিশে মে ভাষা দিবস আয়োজন 
 উনিশ মানে -দূর দূরান্ত আগত ভাষা প্রেমীর কবিতা পাঠ,পুষ্পার্ঘ নিবেদন ।
 উনিশ মানে সারা জাগানো বাংলা ভাষাভাষীর মনে 
 উনিশ মানে বাঙালি জয়ের সিংহাসনে,১১ শহীদের অবদানে l
 উনিশ মানে ভাষা সংগ্রামীদের প্রণাম  জানানো 
 উনিশ মানে ভাষার কঠিন পথ মসৃণ বুঝানো।
 

ঘুম


                           -পান্থ দাস

ঘুম ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত একটা পাহাড়। পশ্চিমবঙ্গের অন্যতম পাহাড়ি পর্যটন কেন্দ্র দার্জিলিঙের লাগোয়া ঘুম পাহাড় হল অত্যন্ত গুরুত্বপূর্ণ জমজমাট একটা হিল স্টেশন। দার্জিলিঙ যাবো আর ঘুম ভ্রমণ করবো না, এমনকী আর হয়। এর উত্তরে দার্জিলিং, দক্ষিণে কার্সিয়াং, পূর্বে তিস্তা তথা কালিম্পং এবং পশ্চিমে সুখিয়াপোখরি। 

একঝাঁক আনন্দ আর ভ্রমণ পিপাসু মন নিয়ে বেড়িয়ে পড়লাম ঘুম ভ্রমণে । ভারতের উত্তরপূর্ব সীমান্ত রেলপথের একটা শাখা শিলিগুড়ি থেকে দার্জিলিং রুটের মধ্যে পড়ে ঘুম রেলস্টেশন। এই ঘুম রেলস্টেশন হল পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু রেলস্টেশন। শুধু তাই-ই নয়, এই রেল পরিবহন ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত। কাছাকাছি আছে মনোরম পাহাড়ি সৌন্দর্য উপভোগ করার জায়গা 'বাতাসিয়া লুপ'। সারা পৃথিবীর পর্যটকদের কাছে ঘুম রেল স্টেশন অন্যতম আকর্ষণ।

 ঘুম রেল স্টেশন থেকে আরও ওপরে উঠলে পেয়ে যাবেন ঘুম বয়েজ হাই স্কুল। এই স্কুলের খেলার মাঠে পৌঁছালে মনে হবে পৃথিবীর ছাদে দাঁড়িয়ে আছেন! দার্জিলিং থেকে কালিম্পং, টাইগার হিল, সুখিয়াপোখরি, মিরিক, সান্দাকফু, বিজনবাড়ি যেখানেই যান-না-কেন, ঘুম পাহাড় ছুঁয়েই যেতে হবে, এই ঘুম হল একটি জংশন হিল স্টেশন। 
যাই হোক ঘুম ভ্রমণের এই সুখদ স্মৃতি মনের এক কোণে গাঁথা থাকলো ।

প্রথম তোমায় দেখে


                       লক্ষী পাল

তোমাকে দেখে লাগলো মনে ভীষন দোলা, 
 ঐ মধুক্ষন কিছুতেই কখনো যায় না ভোলা।
 প্রেম রঙ্গে রাঙ্গা হলো অদ্ভুত পুলকিত মন, 
 তোমার দেখা পেতে আকুল তৃষ্ণার্ত নয়ন।
 
 মনের অঙ্গনে যে আজ এলো সুখের ফাগুন, 
 হৃদয়ে লাগলো বসন্ত ভালোবাসার আগুন। 
 হঠাৎ সুখের খুশিতে জোয়ারে বইলো মন,   
 দিনে ও অন্তর দেখে শুধু তোমার স্বপন।

 প্রেমের ডালি নিয়ে প্রিয় কাছে আসবে কখন, 
 চাতকের মত চেয়ে থাকে মন সারাক্ষণ। 
 হৃদয়ে পুলক শিহরণ যায় না বুঝিয়ে বলা,
 অনুরাগের ছোঁয়ায় হৃদয়ে যেন দহন জ্বালা।

ইচ্ছেরা সব ।


                   দীপ্তি চক্রবর্তী 

সাঁঝের বেলায় মেঘলা আকাশ,
কেমন করে মন,
ইচ্ছে করে ছুট্টে পালাই,
যেথায় কাশের বন।
পাগলা হাওয়ার শীতল ধারায়,
পাহাড়ি পথ শেষে,
ইচ্ছে করে প্রেমের ছোঁয়ায়,
একটু চলি ভেসে।
চোখে আমার স্বপ্ন হাজার,
যুথিকা করপুটে,
দু-হাত তখন অঞ্জলীতে,
তোমার পানেই ছুটে।
চোখের কোনে স্বপ্ন বোনে,
ঘোড়সওয়ারী মন,
পলাশ রঙে রঙিন হলে,
অস্তাচলের ক্ষণ।
সীমান্তের ওই স্বপ্নপুরে,
হৃদয় বীণার মাঝে,
বাজবে সানাই, নাচবে শিখী,
নিত্য-নূতন সাজে।
হৃদয় দুয়ার খুলবে তোমার,
মেঘমালিকার সাথে,
বসবো দুজন নীল দিগন্তে,
হাত রেখে দুই হাতে।

দিনান্ত


                    সুবর্ণা চক্রবর্তী
দিনান্তের শেষ আভাটুকু শুষে নিয়ে 
কোনো এক অচেনা নগরীর ভগ্ন প্রায় রাস্তা জুড়ে
বিদায় বেলার শেষ ঘনিয়ে আসে
প্রখর রৌদ্র তাপে জঠরের জ্বালা ক্রমশ 
পাল্লা দিয়ে বাড়ে।

নিকষ অন্ধকার বাদ সাধে
প্রখর তেজের তীব্রতায় 
নগন্য হয়ে যায় স্বপ্ন গুলো 
প্রগাঢ় সংশয় নিয়ে
ধুলিসাৎ করে পথিকের পথচলা।


বরষার আগমনে স্নিগ্ধ হতে চায় বারংবার 
নীরবে নিভৃতে ভিজাতে চায় রুক্ষ পদতল
মায়াময় ছায়ায় রুক্ষ জমির গভীরে 
বপন করতে চায় একমুঠো আশ্রয়ের 
ঝমঝমিয়ে আসুক তবে শান্তির বরষা 
ভিজুক পথিক,  ভিজুক মহানগরীর রুক্ষ রাস্তা।

মানা


                          শ্রীমান দাস 

ছুটতে মানা বসতে মানা মানাই কেবল সার
চলতে মানা জ্বলতে মানা, এখন অন্ধকার !
পুড়ছে বাগান ভাঙছে দোকান,পাকা ধানে মই
লুটছে বাড়ী টানছে শাড়ী কার কাছে তা কই !

ফাটছে মাথা কাটছে গলা যাচ্ছে খোয়া জীবন 
দোষী যেজন-মুক্ত সে'জন, নিরীহকেই শমন !
যাচ্ছে চুলোয় যুক্তি বিষয় নিয়ম নীতির কুটে
মাৎসন্যায়ের কালোধনটা বাড়ছে হরির লুটে।

বলতে মানা দোষের কথা,বললেই রক্ত চোখ 
হরিণছানার বুকের ওপর চিতা বাঘের নোখ।
'নিরীহ' এর তকমা যাদের মুখ বুজে সব সয়
অনিয়মকেই নিয়ম জেনে নীরবে পড়ে রয় ।

ঈশ্বর!


                  ভবানী বিশ্বাস 

তোমার পাশে জমিয়ে রেখেছি দুঃখ--

আগের মতো আর কিছুই নেই
এখন হাওয়ায় গান শুনাই
নদীর জলে দুঃখ ভাসাই

দেখি, কবিতাও কেমন ভেসে যায়!

বুঝতে পারি, তুমি চলে গেলে
কবিতাও আমায় ভুলে যাবে... 

তোমার কাছে তাই লেখা জমিয়ে রাখি
বিশ্বাস করি, ঈশ্বর কখনও ছেড়ে যান না...

বর্ষা এলে


               সুপর্ণা মজুমদার রায় 

বর্ষা এলে পাহাড় জটার বাঁধন খুলে যায়,
ধারাস্নানে সিক্ত হয় উন্মুক্ত পৃথিবী। 
বর্ষা এলে চড়পরা নদীটি হয়ে ওঠে ঋতুমতী । 
বৃষ্টির ছোঁয়ায় সারা শরীর জুড়ে ঢেউয়ের বন্যা। 
বর্ষা এলে বেগতিক নদীটার নাম দিই ভরা যৌবনা। 
মেঘাবৃত আকাশকে তার প্রেমের ফাঁদে  বাঁধতে চায়।
বর্ষা এলে মুক্তোর মতো বৃষ্টি ঝরে সবুজ ঘাসের প্রান্তর জুড়ে। 
ছেঁড়া কলাপাতা গুলো ছেলেবেলার ভেঁপু বাজিয়ে চলে।
বর্ষা এলে জলভরা নরম চাঁদ মায়াবী কবির ভূষণ জড়ায়।
সব তো বর্ষা এলেই হয়।
কবির দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে
 লক্ষ -কোটি কল্পনা শব্দমালায় সেজে ওঠে। 
ঘরছাড়া মৌমাছিরা লেবুতলায় ভীড় জমায়। 
সবই তো বর্ষার মঙ্গল, 
তবে কেন রেলধারে ঝুপড়িবাসীর অজানা আশঙ্কায় বিনিদ্র রাত কাটে? 
কেন?

হোক অবসান তবুও


             -- গোপা রায়।
এক অনন্ত প্রতীক্ষার অবসানে
 থাকুক মোহনার উত্তাপ,
শিশির বেয়ে রৌদ্র নেমে আসুক-
বুকের মধ্যাচলে।
মাধবীর আলিঙ্গনে বৃক্ষটা থাকুক ফুলেল শুভেচ্ছায়।
নিঃসঙ্গ প্রহরগুলো আজ
মেলুক পাখনা শুঁয়োপোকার পরিচ্ছদ খুলে।
আজ আগলের আগল খুলে যাক---
সপ্ত দুয়ার ভেদে।
মেঘের পাঁপড়ি ঝরে পড়ুক 
তৃষ্ণার্ত বারান্দার ঠোঁটে।
আজ বড্ড বেশি সমতল
হোক মৃত্তিকার চড়াই শরীর।
পথের ঠিকানা পথের বুকে
রাখুক সরলরৈখিক নিঃশ্বাস।
আজ তবুও হোক প্রতীক্ষার অবসান।।
      

ত্রিপুরার খার্চি পূজা


          - দীপক রঞ্জন কর
আগরতলা শহরের অনতি দূরে,
চৌদ্দ দেবতার বাড়ি খয়েরপুরে।
মন্দিরটি  হাওড়ার নদীর পাশে,
খার্চিপূজা হয় প্রতি আষাঢ় মাসে।

রাজন্য আমল হতে চালু ঐ প্রথা,
ত্রিপুরার ইতিহাস বলে এই কথা।
বাদ্য বাজনায় জাঁকজমক আড়ম্বরে ,
চৌদ্দ দেবতার মূর্তি উন্মোচন করে।

নিষ্ঠা,ভক্তি সহ বিধি অনুসারে,
রাজ চন্তাই মন্দিরে পূজা করে।
খার্চি ঐতিহ্যবাহী এক মেলা বসে
দূর দূরান্ত হতে পুণ্যার্থীরা আসে।

সাত দিনব্যাপী মূর্তি উন্মুক্ত থাখেন,
দর্শনার্থীরা দেবদেবী দর্শন করেন।
আলোর রোশনাই মন্দিরে চারিধার
দোকানপাট সাজে বেশ চমৎকার।

ত্রিপুরা জাতি উপজাতির মেলবন্ধনে ,
আনন্দের জোয়ার ঐ মন্দির প্রাঙ্গণে।

সমর্পিত জীবন


                       সঙ্গীতা গুপ্ত

শেষ রাত, নিস্তব্ধতার বিদায় 
ভোরের এক পশলা বৃষ্টির পর
অনুভবে রোদ্দুর,
বাতাসের আলিঙ্গন 
শুষ্ক পাতার খসে পড়ার শব্দ 
বাঁধনহীন হৃদয় 
 আকাশের রামধনু রঙ
ভালোবাসার আশ্রয়স্থল,
প্রেমের কাননে
মুক্ত বিহঙ্গের উচ্ছ্বাস ,
মন নির্ভয়ে পাখা মেলুক,
অসীম শূন্যে ভাসুক,
অন্তর্যামীর কাছে 
সমর্পিত জীবনের 
পূর্ণতা প্রাপ্তি হোক।


                    

সেদিন আবার দেখা হোক


                ✍🏼 মৌমিতা দাস 

সেদিন আবার দেখা হোক, 
যেদিন এই পৃথিবী হবে শান্ত।
তোমার আমার মাঝে থাকবে না,
আর কোনো বাধা দ্বন্দ।।
সেদিন আবার দেখা হোক,
যেদিন সুনির্মল বাতাস বইবে আকাশে।
সুনালি ডানা মেলে পাখিরা,
 উড়ে উড়ে ডাকবে চারিপাশে।।
সেদিন আবার দেখা হোক,
যেদিন তুমি চাইবে না আর পিছু ফিরে।
ভালোবেসে বাঁধবে বাসা,
আমার মনের ঘরে।।
সেদিন আবার দেখা হোক,
যেদিন রোদের আলো পরবে নদীর উপরে।
নদীর জমে থাকা শ্যাওলা গুলো,
ভেসে যাবে বহু দূরে।
সেদিন আবার দেখা হোক,
যেদিন আমার খোঁজে ক্লান্ত হবে।
ঘুম হারিয়ে গভীর রাতে,
আমাকে পাওয়ার কথা ভাববে।

নাবিক (২)


                    রিপন সিংহ 

তুমি তার নয় 
তুমি তার নয় 
তুমি তোমার 
তুমি তোমারই দেশের। 
সহজ নয় 
সহজ নয় 
এ' জীবন সহজ নয় 
রথের চাকার মতো
বিদায়ের ধ্বনির মতো 
ফিরে আয় 
আবার ফিরে আয়। 
এ' জীবন
ধেয়ে যায় 
শুধু ধেয়ে ধেয়ে যায়,
আর ফিরে না পাই 
তবুও তারে পাই 
কিন্তু কোথায়!

দাম


                 পৌষালী ভৌমিক

আমি দাম খুঁজি,
ল্যাম্পপোস্টের নীচে আলোতে নয়
আঁধারে চাপা পড়া শত শত চোখের,
নিকোটিনের ধোঁয়ায় যেখানে চারপাশ গুমোট
দীর্ঘশ্বাসের বাষ্পে বেঁচে থাকা এক প্রাণের।
আমি দাম খুঁজি,
আধপেটা গোল রুটির উষ্ণ ঢেঁকুরে
রেস্তোরাঁর উচ্ছিষ্টে জমে থাকা তৃপ্তির,
বৃষ্টির জল যেখানে খানিকটা বেশি ভেজা
মেঘ ছোঁয়া দু-কামরা ফ্ল্যাটের শীতল হাওয়ার।
আমি দাম খুঁজি,
একদলের প্রাইস ট্যাগে ছাপা মূল্যহীন অঙ্কে
দু-টাকায় কেনা অপরিণত স্বপ্নের মান কত?
অজানা নেশায় বন্ধ মস্তিষ্কের দোরগোড়ায়
অস্পৃশ্য একজোড়া হাতের কাঁচের চুড়ির দাম কত?


নারী তুমি বহুরূপী



           অভিজিৎ চক্রবর্ত্তী

নারী জাতি বিধাতার এক বিস্ময়কর উপহার। 
যত শক্তিশালী হোক না পুরুষ নারীর কাছে মানতে হয় হার।। 
কখনো বা স্নেহ দয়া মায়া মমতাময়ী রূপ। 
কখনো আবার সিংহবাহিনী রণ মূর্তি স্বরূপ।।
কখনও কখনও অসহায় অবলা শান্ত নীরিহ ছবি। 
  কখনো আবার বিষন্ন বদন কান্নার ভরাডুবি।। 
পছন্দের স্পর্শে জন্ম হয় প্রেম ভালোবাসা আর প্রণয়।
   অপছন্দের ছোঁয়ায় লাঞ্চিত হয়ে তিলে তিলে হয় ক্ষয়।।