আমরা কবে স্বাধীন হবো?

       ✍️কবিতা সাহা
জিজ্ঞেস করলাম মাকে; জড়িয়ে গলে,
আচ্ছা মা স্বাধীনতা কাকে বলে?
মা বললো;ঐ যে দেখছিস দূর আকাশে,
মুক্ত পাখিটা যেমন আনন্দে ভাসে,
তাকেই বলে স্বাধীনতা,
যাতে নেই কোনো বাধ্যবাধকতা।
তা শুনে মায়ের কোলে বসে;
মাকে বললাম মৃদু হেসে,
জানো মা, মাস্টারমশাই ও মিথ্যে বলে,
আমরা নাকি স্বাধীন সকলে।
স্বাধীন হলে তো মুক্ত হতাম,
যেথায় খুশি সেথায় যেতাম।
ঠিক যেমন ঐ লক্ষ্মী পেঁচাটা
মাঝরাতে ঘোরাঘুরি করে,
স্বাধীন হলে আমরাও তো
চলতে পারতাম রাতের আঁধারে।
স্বাধীন হলেতো তোমাকেও বাবা
উড়তে দিত পাখির মতো,
তোমার যতো ইচ্ছে ছিল
সেইগুলোও পূরণ হতো।
যদি আমরা স্বাধীন হতাম
দিদিতো একাই বাড়ি ফিরত,
দিদিকে নিয়ে বাবার শত ভয়
আর চিন্তাগুলোও দূর হয়ে যেতো।
মা...আমরা কবে স্বাধীন হবো?
আর কতদিন পিছিয়ে রব?
মাস্টারমশাই যে বলেছিলেন,
ঊনিশশ সাতচল্লিশ সালে
ভারত হয়েছিল স্বাধীন।
আমরাও তো ভারতবাসী,
তাহলে আমরা কেন
আজও পরাধীন?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন