✍️প্রীতম শীল
স্বাধীনতার আজ ৭৫ বছরে এসে,
আমার বৃদ্ধ মা থমকে গেছে।
স্বাধীনতার ইতিহাস আর বলেনা,
সব যেন উনার কাছে মিছে।
মায়ের মুখে স্বাধীনতার গল্প শুনে,
নির্ভয়ে প্রশ্ন করতাম আমি।
মা স্বাধীনতার জন্য এতো রক্ত কেন?
স্বাধীনতা কি এতোটাই দামি?
মা তখন একগাল হেসে বলে,
আগে বড়ো হও তুমি।
তখন বুঝবে এ রক্তের দাগ,
ছিলো কতোটা দামি।
আজ আমি আমার মতো চলি,
আমাকে বাঁধা দেয়না কেউ।
ছুটন্ত ঘোড়ার মতো দিকবিদিক,
তেপান্তরে আছড়ে পড়া ঢেউ।
সবই যখন ঠিক আছে তবে,
ভাতের লড়াইটা হবে কেন?
শিক্ষা নিয়ে আমি চলি রাস্তায়,
আরো একটা পরাধীন যেন।
ছিন্ন বসন পরিধানে মাঠে ঘাটে,
বাবুরা চালায় দেশ।
এই সেই স্বাধীনতার গল্প শুনিয়ে,
দিব্যি রয়েছি বেশ।
তাইতো মায়ের হাতের ত্রিরঙা,
আজ কাঁপা কাঁপা হাতে।
স্বাধীন ভারতের সমস্ত অধিকার,
লেখা আছে ত্রিরঙা তে।
তবে মা অশ্রু জলে আমায় প্রশ্ন করে,
খোকা এটাই কি স্বাধীনতা।
আজ আমি বড়ো হয়েছি বলে হয়তো,
শুনতে হচ্ছে মায়ের কথা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন