হে স্বাধীনতা, তোমায় বুকে জড়িয়ে


              ✍️ প্রিয়াঙ্কা দেবনাথ

তোমায় বুকে জড়িয়ে সুখী হওয়া যায় বলে;
হে স্বাধীনতা,
তোমার কোমল স্পর্শে দাসত্বের কালীমা ঘুঁচে যায় বলে;
পৃথিবীর এক প্রান্ত হতে অপর প্রান্তে
কত দেশমাতৃকা অকালে হারিয়েছে তার প্রাণপ্রিয় বীর সন্তান।

তোমায় বুকে জড়িয়ে দুঃখ ভুলা যায় বলে,
হে স্বাধীনতা,
তোমায় আঁকরে ধরে সসম্মানে বেঁচে থাকা যায় বলে;
অশ্রু সাগরে জীবন ভাসিয়ে দিল কতো গৃহবধূ ,
রাখিহাতে অপেক্ষায় আজও
বোনদের মৃত প্রাণ।

তোমার ছায়ার নীচে নিশ্চিন্তে শৈশব কাটবে বলে,
হে স্বাধীনতা,
তোমায় বুকে জড়িয়ে মুক্ত পৃথিবীর বুকে বেড়ে উঠা যায় বলে,
স্বাধীন পরাধীনের অর্থ বুঝে উঠার আগেই
পিতৃহারা হয়েছে কত অসহায় সন্তান।

তোমার হাতে হাত রেখে উঁচু করে শির, পথ হাঁটা যায় বলে;
হে স্বাধীনতা,
তোমার কোলে মাথা রেখে দিনশেষে নিশ্চিন্তে ঘুমোনো যায় বলে;
কত গ্রাম শহর অচিরেই হারিয়েছে অস্তিত্ব।
আর্তনাদে কেঁপে উঠেছে পৃথিবীর কেন্দ্রস্থল।

তুমি ভুলে যেওনা হে স্বাধীনতা,
তোমার চোখে চোখ রেখে ভবিষ্যতের স্বপ্ন দেখবে বলে,
কত উর্বর ভূমি আপন সত্ত্বা বিলিয়ে দিয়ে মরুদ্যান হয়ে গেছে।
তোমায় বুকে জড়িয়ে মুক্তির হাসি হাসবে বলে,
কত নিষ্পাপ মুখ অপলক দৃষ্টিতে দুবাহু বাড়িয়ে
যুগের পর যুগ কাটিয়ে দিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন