✍️অন্কিতা বর্ধন
একটি বছর পর আজ খোকা আসবে ,
হ্যা , আজ খোকা আসবে।
রুক্ষ মরুভূমির সেই বালুময় বাতাস,
বরফের চাদরে ঢাকা সেই পাহাড়,
প্রবল ঝড়, বৃষ্টি, মেঘের সেই গর্জন, রোদ্রের প্রখর তাপ তুচ্ছ করে দাঁড়িয়ে আছে সেই সিমান্তে।
হাতে বড় একটি রাইফেল,
পিঠে থাকে মস্ত বড় বোঝা,
দেখে মনে হয় ছেলেটা অনেক বড়ো হয়ে গিয়েছে,
যে কিনা সামান্য আঘাতেই মা বলে কেঁদে দিতো।
আজ খোকা আর কাঁদে না ,
ঐ যে আমার খোকা আসছে
মস্ত বড়ো গাড়ী করে।
গাড়ীর চারদিকটা ফুল দিয়ে সাজানো,
চারিপাশে, চারিপাশে কত মানুষের মেলা।
কত যে সেনা আসল খোকাকে দিয়ে যেতে।
গেরুয়া, সাদা, সবুজে মোড়ানো খোকার কফিন!
কফিন খুলতে না খুলতেই উপচ্ছে পরছে মানুষ।
মুখটা যে কালো কাপড়ে মোড়ানো,
সারাটা দেহ গুলিতে ক্ষত বিক্ষত ।
খোকা এখন আর কাঁদে না।
ছোট বেলায় খেলার মাঠে সামান্য আঘাতেই মা বলে ঝাঁপিয়ে ধরত আর বলতো,
" মা ওরা আমাকে মেরেছে" ।
আজ ক্ষত বিক্ষত দেহে কোনো নালিশ নেই মুখে।
আজ চারদিকে ধ্বনিত হচ্ছে , বীর মায়ের সন্তান আজ শহীদ শহীদ শহীদ
আমার খোকা শহীদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন