শুধু বসন্ত

    ✍️ কানু বনিক

তুমি বসন্তের যে প্রান্তে দাড়িয়ে আছো, তার দৈর্ঘ্য বরাবর আমি হেঁটে চলেছি। 

শুধুমাত্র কয়েক গজ এগিয়ে এসো, নীলপদ্ম অরণ‍্যেই দেখতে পাবে আমায়। 

অনেকটা বছর পেরিয়ে আজ যখন জোৎস্না পথে শুধু জোনাকির আলো দেখি, আমি অলকানন্দার জলে তখন শুভ্রতার ছোঁয়া পেতে চাই। 

এখন শুধু একটু খোলামেলা আকাশ চাই; সেই আকাশের গভীরে  তুমি  অনন্তলোকের কথাগুলো ছড়িয়ে দিও। 

আমি এখন নিশি প্রহর গুনছি,  পারলে অমৃতলোকের কথাগুলো  শুনিয়ে যেও। 

ঘন নীল আকাশটা আর আগের মত নেই, 
অনেকটা অভিমানী হয়ে গেছে;
ঘন কালোমেঘে ঢেকে গেছে তার অনেকটাই। 

তবুও তার গভীরে শুধু বসন্তই আছে, এ-কথাটাই শুধু মনে করি। 

আমার বসন্ত  যদি তোমার সহস্রমার্গের বাসনা পূর্ণ করতে পারে, তবে সেরকমটাই করে দিয়ে যাবো, সেটাই বলে গেলাম আজ। 

এতটুকু মনে রেখো, কালোর গভীরেও কিন্তু আলো আছে, তাই-তো আমার কথায় শুধু বসন্ত আর বসন্ত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন