বোনটি আমার

      ✍️গৌতম মজুমদার

"ভাইয়া, ও ভাইয়া, ভাইয়া"এই শব্দটি শুনে,
আঁতকে উঠি হঠাত্‍ আমি ডাকছে ছোট বোনে ।
পেছন ফিরে তাকিয়ে দেখি হাসি মাখা মুখ,
'ভাইয়া 'ডাক শুনতে পেলে ভরে উঠে বুক ।
ছোট থেকেই বিউ আমায় ভাইয়া বলে ডাকে,
এই দিনে যে রাখী পরায় এটাও মনে রাখে ।
একদিন সে বড় হলো গেলো স্বামীর ঘর,
সবাই বলতো," বিয়ে হলে, মেয়েরা হয় পর "।
বোনটি আমার পাল্টায়নিকো খবর নিতো সবার,
কখন আমরা কেমন থাকি খাচ্ছি কিনা খাবার ।
সংসারের কাজ স্বামী ছেলে এসব কিছু নিয়ে,
সব সময়ে ব্যস্ত থাকে কাজের মধ্য দিয়ে ।
স্বামী যখন অফিসে যায় ছেলে কলেজে,
পাক্কা গিন্নি বোনটি আমার সব সামলায় নিজে ।
সব কিছু তার মনে থাকে সকল কাজের কথা,
হুট করে সব করে ফেলে কেউ জানেনা তা।
' ভাইয়া ' বলে ডাকলো যখন তখন ছুটে যাই,
মুচকি হেসে বলল আমায়" হাতটা দেনা ভাই "!
কেন? আবার কি হয়েছে? বলবি তো আমায়,
আজকের দিন যে রাখী
 উত্‍সব তোর কি মনে নাই ?
লজ্জ্বা পেয়ে জিহ্বা কাটি হাত দিই বাড়িয়ে,
প্রণাম করে হাসি মুখে রাখী পরিয়ে ।
আশীর্বাদ করি তাকে,থাকে যেন সুখে;
সারা জীবন সুস্থ থাকুক হাসি মাখা মুখে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন