দীপাঞ্জলি পাল
আমি একটি সাধারণ মেয়ে
না সাধারণ বললে ভুল হবে
আমি অসাধারণ,অসাধারণ মেয়ে
কেন অসাধারণ জানো
আমি স্বাধীন ,মা বাবার একমাত্র মেয়ে
এতই স্বাধীন যে
এক সমাজ বলে যাকে মুক্ত বিহঙ্গ
আর এক সমাজ বলে কর্দমাক্ত ডোবা।
আমি একটি ভালো মেয়ে
না ভালো বললে ও ভুল হবে
আসলে ভালোর সংজ্ঞাটা কি,
কে ভালো আর কে খারাপ--
দশমীতে ভাসানে যায় সেই দুর্গা, নাকি আমার দুর্গা যে অশ্রুজলে বিছানায় ভাসে কাউকে সুখী করতে।
অমাবস্যায় যে নৃত্য করে কঙ্কাল ঝুলিয়ে সেই অভয়া,
নাকি কালো রঙের জন্য বঞ্চিত-লাঞ্ছিত হয় সেই অভয়া।
শুভ্র বস্ত্রের মা সারদা নাকি শুভ্র বস্ত্রের কোনো কলঙ্কিনী বিধবা!
কে ভালো আর কে খারাপ??
যে পড়ায় ভালো নাকি দেখতে ভালো
যে খেলায় পটু নাকি গৃহস্থালিতে নিপুন
যে বড়লোক বাবার একমাত্র মেয়ে নাকি
সে যে অনাথ হয়ে জন্ম নিয়েছে
কে ভালো?
যে সৎ পথে টাকা রোজগার করে পরিবার চালায় সে,
নাকি যে বাধ্য হয় নিজেকে বিক্রি করতে শুধু দুটো অন্নের
অভাবে। আর খারাপ?
যে পরীক্ষায় কম নম্বর পায় সে
নাকি যার ভালোবাসা বারবার ঝরে পড়ে ঝর্ণার সিক্ততায়।
যে কিনা সংসার গড়ার কারিগর ,তবু লুন্ঠিত হতে হয় বসুমাতার কোলে।
যে গর্ভে ধারণ করে তোমাকেও আর আমাকেও
তবু প্রশ্ন ওঠে কন্যা সন্তান কেন?
হয়তো কারো মনের মতো কেউ নয়,হবেও না কোনোদিন
তবু সবাইকে নিজের মতো করে বাঁচতে হয় বাঁচার তাগিদে।
যা বাইরের কেউ বোঝে না,নাকি বোঝার চেষ্টা করেনা,
কেউ দুমুঠো অন্ন তুলে দেয় না আর বলতে আসে ভালো খারাপ?
ভাবুন সময় হয়েছে বিচারের, ভাবনার,প্রতিবাদ করার।
বুঝুন,বুঝতে শিখুন ভালো আর খারাপের বৈষম্যতাকে।
ভালো খারাপ কারোর রং,গুন,চরিত্র, পেশায় লেখা থাকে না।
লেখা থাকে আমাদের চিন্তা,চেতনা আর ভাবাদর্শে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন