বেরোলেই বুঝতে পারবি

 


*********************

✍️  টিংকুরঞ্জন দাস



গত বর্ষায় বলেছিলাম

তোকে নিয়ে বৃষ্টিতে ভিজব

কিন্তু শরীর খারাপ করবে ভেবে

বৃষ্টিতে আর ভেজা হলো না।


চল, এই শীতে কুয়াশার চাদর ছিড়ে

ঘুরে আসি কোন গ্রামে

দেখে আসি কোন কৃষাণীর রান্নাঘরে

কতটা ক্ষিধে রান্না হচ্ছে।


জরিপ করে আসি

বেকারত্বের কতটা জ্বালা নিয়ে

এম এ পাস ছেলেটা ভাড়ার অটোতে

যাত্রীর জন্য পথের দিকে তাকিয়ে আছে।


যেতে যেতে পথে যদি

কোন পথশিশুকে দেখতে পাই

তার কাছ থেকে জেনে নেব

গ্রীষ্ম বর্ষা কিংবা শীতের পার্থক্য।


খুব মজা হবে,

বুঝতে পারবি, আট তলার ফ্ল্যাটে

যে সুখ নিয়ে খাচ্ছিস আর ঘুমাচ্ছিস

সেটা ভারতবর্ষের প্রকৃত মানচিত্র নয়।


আমার ভারতবর্ষ এখনও আধপেটা খেয়ে ঘুমায়

আমার ভারতবর্ষ ঋণগ্রস্থ হয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়

আমার ভারতবর্ষ চিকিৎসার জন্য চিৎকার করতে পারে

শুধু ধর্মের কথা বলে দিলেই

দেখবি সবাই কেমন নিজেকে ভুলে যেতে পারে।

আমার স্বদেশ মা আমার গরিমা

 


🙏 রণদীপ সিংহ

নিখিল ভূবন মাঝে

আর তো দেখি না যে,

আমার দেশের মতো

বিশ্ব - ভূবনে যতো ।


এমন সোনার দেশ

নেই যে রূপের শেষ ,

পাহাড় - ঝর্ণা - নদী

বইছে নিরবধি ।


এখানে কোকিল ডাকে 

কাতরে চাতক হাঁকে ,

পাখি গায় গান --   

সেদেশ মা কে লাখো প্রণাম।


জাতি - ধর্ম - বর্ণ ভেদে 

নাগরিক খুশিতে মাতে,

আমার জন্মদাত্রী মায়ের মতো

আমি দেশ মায়ের গরিমায় আপ্লুত !


         ২১/০১/২০২৪

      -----------------------------

আসক্ত

 

✍️ দীপক রঞ্জন কর

-------

ফাস্ট বয় ধনঞ্জয়

স্কুলের মেধাবী ছাত্র ,

ভদ্র শালীন আচরণে

সকলের প্রিয় পাত্র ।


পড়ায় সেরা খেলায় বেশ 

গলাও ভালো গানে ,

মা-বাবার মানিক রতন

সকলের হৃদয় টানে ।


স্কুল কলেজ পড়া সেরে

বহিঃ রাজ্যে গেল পড়তে,

মা-বাবার ইচ্ছা পূরণে

স্বপ্নের আকাশ ধরতে ।


পড়ার খরচে নিচ্ছে টাকা

খরচ হিসাব পায় না ,

মা-বাবার চিন্তার ভাঁজ 

কেবলই টাকার বায়না ।


আসে না বাড়ি চিন্তা ভারী

খবর আসে মেইলে,

মেডিকেলে পড়তে গিয়ে

শয্যায় মেডিকেলে ।


খবর নিয়ে জানা গেছে

আসক্ত হলো নেশায়,

মায়ের স্বপ্ন চুরমার করে

জল ঢেলেছে আশায় ।

অসময়

 


✍️ স্বর্ণা রায়

বুকের পাঁজর খুলে পড়ছে

 অসময়ের অসুখে

রোজ তার রাত কাটে সেই শীতের নিস্তব্ধ আকাশের কুলে

তার সদ্য যৌবনবতী মেয়েটিও রাত জাগে লুকিয়ে 

সংসার, নিজের দায়িত্ব ও নিশাচর প্রেমিকের চিন্তায়,,

এইভাবেই তাদের দিন যায়,,,,

অসময়ে তাদের কোন  বন্ধু নেই,,,,, 

দরজার খিল খুলে দেওয়ার মতো কোন পরিজন নেই,,,,


,,,,,,,,,,,,,,,,,,,,৷ 

ক্লান্ত হয়ে একসময় আতুড়ঘরে ঠাঁই হয়,,,,

ভাবনা

 



✍️ জয়ন্তী চৌধুরী
আগরতলা।
সারাদিন শুধু ভাবা আর ভাবা,
আমি ভাবি তুমি ভাবো, সবাই ভাবে,
ভুগছে সবাই হীনমন্যতায়
যেমন খুশি উড়াই ফানুস
ন্যায় নীতিতে বিশ্বাসী আমরা
কর্তব্যে হই বিচলিত আমরা।
কিছু করলেই ভাবি
কতকিছু করে ফেলেছি।
ভালোবাসা ভুলে যাই,
ভুলে যাই কর্তব্য,
কিছু করলেই মনে হয়
মহান হয়েছি আমরা সবাই।
এই ভাবনা ভুলে গিয়ে,
কাজ করি মিলেমিশে।

ইনফ‍্যাচুয়েশন"


✍️ শ্রীজনার্দন


রাতের গভীরে ঘুম, তার গভীরে স্বপ্ন ;

কালোনিদ্রায় স্বপ্নভঙ্গ, এক আকাশ বিরক্তি ;

পিরামিডের মতো অশান্ত বলয়;

যাকে ঘিরে শুধু বাসনা,

দিবারাত্র শুধু প্রলয়ের হুঙ্কার।


এই তো বেশ আছি,

যেচে গিয়ে মোহগ্রস্ত হয়েছি;

বেলে পথে চলতে গিয়ে,

হোঁচট খেয়েছি কতবার;

আপাদমস্তক ডুবিয়েছি সহস্রবার।


এবার হয়তো একটা ধাপ পিছিয়ে,

শোধনের এক ধাপ এগিয়ে,

ডেকোনা শুধু আমায়;

তোমরাই করে নাও তোমাদের মতো,

জয়জয়কার হোক তোমাদের।


একটু ঠিকঠাক হও,

কল্পনাপথে আড়ি দিয়ে ;

চলতে থাকো দুর্বার গতিতে,

হয়ো না মোহগ্রস্ত আমারই মতো;

তারপর, বিন্ধ‍্যাচলে শুয়ে দেখো,

সবই একটা ইনফ‍্যাচুয়েশন।

এ সময়ে সত্য বলা বড় বোকামি হলেও

✍️ অপাংশু দেবনাথ 

------------------------------------------------------

প্রাক-যৌবনে মাকে বোঝাতে পারিনি 

সত্য বলেছিলাম। 

প্রমাণের পথ না খুঁজে 

আঘাতে নিজেকেই ক্ষতবিক্ষত করেছি। 


বিলম্বিত যৌবনে তোমাকেও বোঝাতে পারিনা, সত্যই বলেছি প্রলম্বিত অন্ধকারে দাঁড়িয়ে। 


সব কিছু মাথা পেতে নিতে পারি বোকার মত, বোকারাও অকারণ হুচোট খেলে মাঝে মাঝে বেঁকে বসে ঠিক। 

জীবনে কোনোকিছুই ঠিকঠাক চলেনা বলে 

এ সময়ে সত্য বলা বড় বোকামির কাজ,

এ কথা জেনেও বহু মানুষের মতো 

তার মুখোমুখি দাঁড় করাই নিজেকে।


জানি,অসংখ্য মিথ্যায়ও স্বধর্মে উজ্জ্বল সে,

জীবনের মতো সময় যতোই অপবাদ দিক,

টের পাই বুকের খোলা বারান্দায় বসে

সুদূরের সে বাউল একতারা বাজায় অহোরাত।

ভাগ্য



✍️ অর্পিতা বৈদ্য



কর্মের ফলে ভাগ্য মিলে

গুনীজনে কয়,

সঠিক কর্ম করলে পরে

জীবন হবে জয়।

নিজের দোষে দোষী হয়ে

ফেলে অন্যের গায়,

তারে কি আর গুণী বলে

মন্দ পানে ধায়।

ভালো কর্ম করলে পরে

সুখে কাটে কাল,

ছলচাতুরি করলে পরে

হয় যে জীবন ঢাল।

কর্ম করলে ভাগ্য ফলে

জীবন সুস্থ হয়,

সত্য পথে সহজ জীবন

মহান স্বর্গ জয়।

মিথ্যা ছেড়ে সত্য ধরি

সত্য পথে চল,

মিলবে তরে ভাগ্য ফলে

আসবে মনে বল।

শর্বরী

 


— ✍️ সংগীত শীল


ষোড়শী জোৎস্না আঁকা একটি আদর বেলায়

শান্ত কুটিরে স্বপ্নময়ীর শ্রোতা হয়েছিলাম।

কল্পনা চিত্রের মতো আঁকড়ে ধরেছিল সময়

বকুলতলায় আলোকচ্ছটা ছড়িয়ে পড়েছিল অভ্র ভেদে।

জীবন তরীর আনন্দঘন অভিলাষে,

থরে বিথরে আশ্রয়ের বাহানা খুঁজেছিলাম; পথের পথিকের মত।


সন্ধ্যারাত অবিরল নিস্তদ্ধ

হার মেনেছে দীর্ঘদিনের বিষন্নতাও!


অবনিত স্মৃতিপাতার কোটরে রয়ে গেছে সেই রাত,

শেষ ট্রেনে বাড়ি ফেরা আর সাক্ষী বকুলতলা।

প্রশ্নবাণ

 


✍️ রেহানা বেগম হেনা

__________________


তীরন্দাজ নই আমি,

তবু তীক্ষ্ণ প্রশ্নবাণ ছুঁড়ে দিলাম

তোমাদের অন্ধ বিবেকের দিকে।

বিদ্ধ হোক তোমাদের হৃদয়

ক্ষত বিক্ষত হোক বিবেক বুদ্ধি চেতনা,

তোমাদের বিবেক থেকে উদ্গারিত -

নোংরা কালো ধোঁয়া গ্রাস করে নিচ্ছে -

প্রতিটি গ্রাম শহর জনপদ।

তোমাদের এই ধর্মান্ধতার বিষাক্ত কালো ধোঁয়ায়

শ্বাস নিতে কষ্ট হচ্ছে কোমলমতি শিশুদের,

ওদের নিষ্পাপ হৃদয় জুড়ে 

   শুধুই তোমাদের প্রতি ধিক্কার।

তোমরা কিভাবে ছড়াচ্ছো এমন বিষবাষ্প?

এতোটুকুও লজ্জা বিবেকবোধ নেই তোমাদের?

এখনও সময় আছে - 

  মুক্তি দাও ওদের,

        বাঁচতে দাও, 

ওরা বাঁচুক নিজের মতো করে,

নির্মল হাসি আর মানুষ হয়ে।

স্পর্শকাতুরে



✍পূজা মজুমদার


কোমল দুটি হাতের স্পর্শ আমায় পাগল করে দেয়

মন মোর মরিয়া হয় ও হাতে আলতো চুমু দিতে

ও ঠোঁটে,গালে কিংবা সর্বাঙ্গে চুমু দিতে বাসনা জাগে

তোমার দর্শন এ মনে তীব্র প্রেমের ঝড় বইয়ে দেয় ।


সব কিছুর মানে অন্তর জানে

কবিতার খাতা টানি অভিমানে।


সত্যিই ক্ষেপে গেছি এবার

চুমুতে চুমুতে ছিঁড়ে নেব ঠোঁট।


    গোগ্রাসে ভালোবেসে যাব এক চোট।

      আমার প্রেমের স্পর্শে তুই খাবি হুচট।


     আমার কল্পনা তোর

শরীর ঘুরে আসে

উরু নয় নাভি নয়

ঠোঁট ভালোবাসে ।


আমি আর পারছি নারে অবশেষে ক্ষান্তি দিলাম

হিসেবটা মিলছে আর নারে কোথায় আছি কোথায় ছিলাম।

পণ প্রথার বিরুদ্ধে

 


✍️ মায়া রানী মজুমদার 


পণ প্রথা এখনও হয় নি একেবারে নির্মূল, 

সমাজে মনুষ্যরাই এখনও করছে ভুল। 

মানব সভ্যতার চরম লজ্জা এই পণ প্রথা, 

এখনও হচ্ছে অবিরাম অবিচার যথা তথা।

অপরের দুঃখকে ভাবে না নিজের দুঃখ, 

নিজে চায় শুধু নিজের পরিবারের সুখ।

কত কষ্ট করে বাবা যে সংসার চালান, 

বাবা'ই জানে শুধু নিজের কষ্টের পরিমাণ।

লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করান বাবা, 

ছেলের বাবা'ই এসে খেলতে চান দাবা।

মেয়ের বাবা বিত্তশালী হলেও অসহায়, 

জন্ম দিয়ে কন্যার একি হল ভীষণ দায়। 

কন্যা-দায় গ্রস্ত পিতা ভাবে বসে নিজে,

একি অরাজকতা চলছে মোদের সমাজে।

এত লেখালেখি,স্লোগানেও হচ্ছে না কাজ।

সমাজ বক্ষে ওদের নাম হয় ঠক্-বাজ।

বোধশক্তি হারিয়ে লোকে করে দরাদরি।

তবু মিঠে না আশ, বিয়েতে করে বাড়াবাড়ি।

নির্মুল হোক পণপ্রথা, চায় কন্যাদায়গ্রস্ত পিতা।

মনুষ্যত্ববোধ ব্যক্তিরাই হয়ে থাকেন ত্রাণ দাতা।

মজারু

 

 

          ✍️   মাধুরী লোধ

 

  হাসতে হাসতে আমি যখন কেঁদে ফেলি

      তুমি নাম দাও লোডশেডিং

ঠাকুরদা ঠাম্মা কে হুঁকো সাজাতে বলে

  তুমি বলো ঠাকুরদা খায় ভাত পাতে পুডিং।  

     মা সেজ বাতিতে তেল ঢালে

তুমি হেসে বলো আসবে পূর্নিমা 

  ছবির পট এ আমার ছবির নেই 

তুমি কেঁদে বলো হারিয়েছে অরুনিমা।

    নিশাচর পোটলা বাঁধে

   তুমি নাম দাও এবার গঙ্গা পাড়

   মানুষ মানুষে বাঁধে শেকলে

তুমি বলো এটার নাম কাঁটাতার।

  মোবাইল ইন্টারনেট নেই  এখানে

  যুবক বলে খাই পেঁপের শুক্ তানি

 মরিচ পোড়া খেয়ে দম লাগায় শ্রমিক রা

   ব্যবসা দার বলেন আমদানি রপ্তানি।

  মুখ ফসকে বলি ছুটি চাই

  মালিক বললো ঠকবাজ

কঠিন সময়ে কঠিন প্রবাদ

   মানুষ ভাবে এ যে মরন ফাঁদ।

  এক করো সব এক করো

  সবাই বলছে ঠকিও না আর

তুলা দন্ডে ফের বসায় ব্যাপারী

 তুমি বলো দেখো না মন হবে অসার।

নবান্ন

 


✍️ মনচলি চক্রবর্তী

হেমন্তের পরশে  প্রকৃতি নূতন রুপে সাজে,

সোনার ধানের আভরণে ধরনী হাসে।

সোনালী ধান আসো কৃষকের ঘরে ঘরে, 

মা লক্ষী আসেন তার সাথে হাসিমাখা মুখে। 

ধানের প্রাচুর্যে পূর্ণ হবে কৃষকের শুন্য ঘড়া-

আনন্দে উচ্ছাসে ভরে উঠে, 

দিনরাত খেটে খাওয়া চাষীদের মুখঝানা।

গোলা ভরা সেনার ধান,

আর বাটা ভরা সবুজ পান।

অন্নপূর্ণা এসো সবার জীবনে 

থাকো সবার ঘর আলো করে।

সবুজ ক্ষেত ভরে উঠে ধনধান্যে

হমন্তের শুভারম্ভে মেতে উঠে সবাই নবান্নে।

বু ক প কে টঃ

 


✍️ দীপ্র দাস চৌধুরী

আমার বুকে বসন্ত খেলা করে

স্বার্থ ভুলে দেখাই মনের কথা,

মনের মাঝে অশান্তিময় ঝড়ে

উপচে ওঠে তোমার আমার ব্যথা।


জীবন সে তো পার ভাঙা এক নদী

দুকূল ভাসে তোমার চোখের জলে...

এমনি কাছে তোমায় পেতাম যদি

বুঝিয়ে দিতাম প্রেম কাহাকে বলে?


একটুখানি শান্তি দিয়ে আমায়

কোথায় গেলে এমন পাগল দিনে

মেঘ-কুয়াশা আটকে নিয়ে জামায়-

বুক পকেটে রাখব আবেগ কিনে।


নন্দনতত্ত্ব



✍️ চৈতন্য ফকির 


ভালোবাসা ফেরি করে বুঝেছি 

মানুষ যতটা হিংস্র যতটা কামুক 

ততোটুকু প্রেমিক নয়।


প্রতিটি মানুষের মাঝেই হায়নার বসবাস 

শুধু দূর্বলকে আঘাত করার কৌশল বুনতে বুনতে 

আজীবন এক চক্রবুহ্যে ঢুকে যায়। 


ভালোবাসা বিলাতে বিলাতে আমি এক ফতুর বালক।


১৪:০১:২০২৪

ভোর :৬টা৫৫মি

কুমারঘাট।

জম্পুই ও তার সিঞ্চন


 ✍️ দিব্যেন্দু নাথ

উত্তর ত্রিপুরার জেলাশহর ধর্মনগর বা পেচারথল স্টেশনে নেমে,  ম্যাক্স (প্যাসেঞ্জার) বা ছোট গাড়ি রিজার্ভ নিয়ে আসা যায় দেওনদীর পারে অবস্থিত; নীল পাহাড়ের প্রান্তিক শহর কাঞ্চনপুর। এখান থেকে পূর্ব মুখিয়ে দাঁড়ালে চোখ ঝলসে যায়। প্রেম


বিষে নীল হয়ে ওঠা যুবতির শরীরের মতো হৃদয় কাতরে ভরা শায়িত, আর কেউ নয়! আমার-ই জম্পুই। কাঞ্চনের বুক থেকে কুড়ি কিলোমিটার আঁকাবাঁকা পাহাড়ি চড়াই উঠলেই তার জানুদেশ, মুনপই। উত্তরে নিতম্ব বেয়ে নেমে গেছে তার আলতা পরা পা, তুঙছুরাই পর্যন্ত। সেখানে থেকে চাইলে সদাইহাম পাড়া ঘেঁষে পূনরায় কাঞ্চনপুর আসা যায়।


জানুদেশ থেকে দক্ষিণে নাভি পেরোলে ডায়েবায়ে সুগভীর খাল। ক্লান্ত হৃৎপিণ্ডের মতো উঠানামা করা সড়ক পথ চলে গেছে  ক্লাঙতালাঙ পর্যন্ত। তারপর কাঁটা তার। নীল কন্যার এক পাশ বিঁধে রাখলেও মন তার খোলা আকাশে নীলময়। 


অনন্যার দুর্বিনীত স্তনযুগলের একটি ভাঙমুনের চার্চে রেখে দিলেও আরেকটি ফুলদুংসাইএর সুগভীর জঙ্গলে, শিবরাইখুং পাথর খণ্ডে। যার বংলা অর্থ শিব মন্দির। মাত্র আশি বছর আগের এই শিবরাইখুং।  মিজোরামের খ্রিস্টান রাজা খাতিন চাওম্যুএর রাজত্ব কালেও মিজোরা এই স্থানটিকে 'থাইদর' নামে জানত। মিজো ভাষায় 'থাই' শব্দের অর্থ, সন্তানহীন বিবাহিত মহিলা আর দর - পূজা। অর্থাৎ সন্তান প্রাপ্তির আশায় তারা এখানে পূজা দিত। 


১৯৪৩ সালের রিয়াং বিদ্রোহের অধিনায়ক সাধু রতনমণি এখানে একটি পাথর খণ্ড দ্বারা এই শিবরাইখুং স্থাপন করে ছিলেন। কিন্তু কে বা কারা এক ঐতিহাসিক রাতের অন্ধকারে, সাধুর পাথর খণ্ড সরিয়ে ক্রশ বসিয়ে দেয়। এটা বিতর্কিত বিষয়; তা নিয়ে নাড়াচাড়া না করাই ভালো। হয়েছে তো ঈশ্বরের কোনও পয়গম্বরের স্থান।


পরবর্তীকালে সরকারি সার্ভে অনুসারে এই স্থানটি ত্রিপুরার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ পরিচিতি লাভ করে এবং নাম হয় বেতলিংশিব। আজও ফুলদংশাই পাহাড়ের কোলে ঘন জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে নিঃসঙ্গ একাকী। তবে আজকেরণ অদৃশ্য ঘণ্টাপাখির ডাকে উন্মত্ত নীল-দুহিতার মুখরিত অঙ্গ আরেক সুরেলা বিহঙ্গের গানে আমোদিত হতো একসময়। ঘণ্টা পাখির কথা সব পর্যটক জানলেও এই পরোপকারী বিহঙ্গের কথা অনেকেই জানেন না। কারণ তারা আর বেঁচে নেই। ঘণ্টাপাখির গানের মতো তাদের গান আর শোনা যায় না। ঘণ্টাপাখির বিদুরিত আওয়াজ, প্রথমে কৌতুকপ্রদ মনে হলেও দীর্ঘক্ষণ বিচরণের পর মনে হয় খুব বিরক্তকর। কিন্তু সেই  সুরেলা বিহঙ্গের গান ছিল মধুময়। তারা শুধু গান করত না! এক পরাগ সংযোগকারী পতঙ্গের জন্য সুস্বাদু খাবার প্রদান করত। তা মুলত তাদের বিষ্ঠা। এই বিষ্ঠা খেয়ে পরোপকারি পতঙ্গরা বেঁচে থাকত। সর্বক্ষণ তারা নীল দুহিতার কমলা রঙা উরুতে ব্যস্ত থাকত পরাগ সংযোগে। আধুনিক বহরতায় ডুবে থাকা এক শ্রেণির সর্বভূক তাদের  পৈচাশিক খাবারের চরিত্রার্থ করতে গুলিবিদ্ধ করে ধ্বংশ করেছে এই বিহঙ্গকে। 


মুক্ত বিহঙ্গকে শূন্য করে নগ্ন করেছে নীল দুহিতার শরীর। যারজন্য লজ্জায় সে, আর কমলা ঠোঁটে হাসে না। শুধু বাঁচার তাগিদে সবাইকে আপ্লুত দেখাতে, সাঁতকরা আর সুপোরির নেশায় আসক্ত হয়ে পড়েছে এখন। মাতাল হয়ে বিচরণ করে কংকীটের কংকালসার বাসরে। প্রায় ভুলতে বসেছে, বাঁশবেতের গাইরিংয়ে( টংঘর) বাধা কাঠের সানসিতে (সিঁড়ি) পা রাখতে। যেন উন্মাদ যুবতী। একদিন যার সুবাসিত কমলা গন্ধে মনে উঠত - বিনোদ আর আহ্লাদ। যার আওলা কেশের সুগন্ধ ছড়িয়ে যেত নীলদিগন্তে। আজ আর সেই সুবাস নেই। নেই সেই বিহঙ্গের সুরেলা গান। তবে আছে জানুদেশে, সুরেলা ঝর্ণার শীতল ঢেউয়ের হাতছানি আর সারা গায়ে সবুজ ভরা কিছু মৌতাতের ডাক। 


বিধাতার বড় প্রিয় এই নীলাম্বরী এখনও। ত্রিপুরার অন্যান্য পাহাড়গুলিকে প্রাকৃতিক সৌন্দর্যের পরিপূর্ণতা দিলেও জম্পুইকে করেছেন রাজরাণী। বিহঙ্গহীন প্রিয়তমা করেও তার মতো কাউকে এতটা শিক্ষা-দীক্ষায়, ধনসম্পদে সমৃদ্ধ করেননি তিনি। কেন তাঁর এই নিষ্ঠুরতা, এই দ্বিচারিতা। আজও সকল পর্যটকের মনে প্রশ্নের বহর তুলে। 


ফুলদুংশাই থেকে আরও কিলোমিটার দশেক এগোলে ইন্দ-বাংলা বর্ডার। এখানে থেকেই আবার মিজোরাম রাজ্যের লুংলে জেলা শুরু। পাহাড়ের  গগনচুম্বী গাছগুলি আকাশের নীল ছুঁতে ছুঁতে পশ্চিমে ঢলে পড়ে। বাতাস বয়ে নিয়ে যায় শাখানের কাছে। ঘন কালো বিনুনীর কমলা সুবাসে মাতাল হয় সে। যুবতীর ঘামেলু কামুক গন্ধে শিউরে ওঠে তার তন্ময় দেহ।  


মৌতাত-ভরা নারীর প্রেম, যুবক কেন কোনও পুরুষ-ই ফিরিয়ে দিতে পারে না। শাখান তো এক সটান চির যুবক! কিছুতেই নীরব থাকতে পারল না। আপ্লুত হয়ে সুমু বাজাতে লাগল মনকাড়া সুরে। একদিন অনুনয় হাতছানি দিয়ে প্রেমের বহরতা মাপতে ধীরে ধীরে নামতে লাগল পাদদেশে।


মায়াময় ইশারায় জম্পুই টগবগে।  সাড়া না দিয়ে পারে? সে-ও প্রেমসিঞ্চনে নামতে লাগল পুরুষ শাসিত সমাজের সব অপবাদ ভুলে।  আদৌ কি সেকথা  ভুলে গেছিল সে? নাকি উন্মাদিনী হয়ে ছিল? নিজকে ভাসিয়ে দিল প্রাগৈতিহাসিক যুগের এক তারা ছাড়া জ্যোৎস্না ভরা সন্ধ্যায়।  তার কমলা রঙা পায়ে কি সেদিন  নূপূরছন্দা ছিল! কে জানত। 


মেয়েদের গোপনে রাখা অন্তর বিকশিত প্রেম সিঞ্চন, অজান্তেই বনানী কল্লোলিত করে দিল। পুরুষ শাসিত সমাজে, কোনো মেয়ে কি আর জানলে? তার অহংকার বিলিয়ে দেয়! অচেনা সুমুর সুরের টানে ছুটে যায়? - যায়, প্রেমের মাধুর্য তো এখানেই। অজান্তেই নিজের সবকিছু হারিয়ে যায়। পাখিরা মিলনের গানে ভরে দিল সবুজ গাছগাছালির ডাল। আলিঙ্গন অভিলাশে তারা অনুসন্ধান করতে করতে দুজন একদিন একত্রিত হল। একে অপরকে ভালো করে দেখার আগেই এক দৈত্য গিলে ফেলল দুজনকে। কোন শাপ থেকে নাকি মুক্তি পেতে! সে কুমারী জম্পুই আর কুমার শাখান দেখে বসেছিল এই পবিত্র উপত্যকায়। তাদের ছোঁয়া পেয়ে শাপমুক্ত হবে। আজ হল তার প্রায়শ্চিত। কাঙ্ক্ষিত প্রেম সিঞ্চনে সুন্দর হতে লাগল তার বিদঘুটে দেহ। প্রেমের অনুরণে বিকশিত হল স্বার্থপর হৃদয়। স্নিগ্ধ উপত্যকা, বিশুদ্ধ বাতাস আর আলো জল পেয়ে তৈরী করল আদর্শ জলবায়ু। তকতকে পলিতে ভরে উঠতে লাগল পাড়। ধীরে ধীরে সবুজে আচ্ছাদিত হল নতুন মাটি। জন্মনিল অগণিত ইতর প্রাণী। কত মাস কাল যুগ পেরিয়ে কত জল গড়াল তার বুক দিয়ে, - কে জানে!


শুরুহল মানুষের আনাগোনা। উপত্যকা দিয়ে প্রথম নাকি হালামদের যাতায়াত ছিল। পাহাড়দ্বয়ের নির্যাসিত প্রেম-সিঞ্চনকে তারা দেওপানী নামে ডাকত। এমনকি প্রায়ই মোহনায় এসে দেখে যেত 'দেও' এখন এক নারীর প্রেমে হাবুডুবু খাচ্ছে। কী অপূর্ব সুন্দরী সে। নাম তার মনু। পিতামহ ভীষ্মর ন্যায় সেখাকার পাড়ে ঠায় দাঁড়িয়ে আছে এক বপুর শিমুল। প্রাগৈতিহাসিক যুগে তার তলা নাকি কুলষিত হয়েছিল, সিলেটের গারো পাহাড় থেকে আগত একদল দৈস্যু দ্বারা। তারা পটিয়ান পূজার নামে মানুষ বলি দিত। ইতিহাস যাদেরকে  নি-র্মুন্ড জাতি হিসাবে আখ্যায়িত করেছে আজ। 


জম্পুই শাখানের অমর প্রেমগাঁথা মিলনস্থল অশুদ্ধ হয়েছে ভেবে তদানীং মহারাজ ধরম-ফা, শ্রীহট্টীয় পাঁচ বেদজ্ঞ পণ্ডিত এনে যজ্ঞ করেছিলেন মোহনার খানিকটা উজানে জয়পর্ব্বতের পাদদেশে। কেউ কেউ মনে করেন মহারাজের এই প্রাগৈতিহাসিক যজ্ঞ নাকি ত্রিপুরার রাজবংশের প্রথম হিন্দু ধর্ম গ্রহণের সোপান। কিন্তু 'রাজমালা'-য় বর্ণিত আছে ত্রিপুরার মহারাজগণ চন্দ্রবংশী। এই বিতর্কিত বিষয়ে যাচ্ছি না; ফিরছি মুল বিষয়ে।


রমণীর মৌতাতে বিলিয়ে যাওয়া 'দেও' প্রথমে - 'দেওপানী'। অনেকযুগ পরে চাকামাদের কাছে 'দেরগাঙ' হল। সর্বশেষ বিবর্তন বাংলার আগ্রাসন - 'দেওনদ' বা 'দেওনদী'।  


যাইহোক, নামে আর কি যায় আসে! 'দেও' তো দেও-ই রইল। জম্পুই-শাখানের অমর প্রেমভরা সিঞ্চনে কল্লোলিত হচ্ছে  আজও। মোহনায় কান পাতলে এখনও শোনা যায় পাঁচ বেদজ্ঞ পণ্ডিতের সুরেলা মন্ত্র উচ্চারণে চাপিয়ে যাওয়া নরবলি প্রথা।


কবি পরিচিতি : দিব্যেন্দু নাথ।

পিতা: শ্রীযুক্ত ইন্দুভূষণ নাথ।

মাতাদেবী: শ্রীমতি বীনাপাণি নাথ।


গ্রাম - শান্তিপুর, 

পো: কাঞ্চনপুর, 

জেলা: ত্রিপুরা (উঃ) কবিতা উপত্যকা; ভারত।

চলভাষ : ৯৮৬২৬০৩৬৪০

জন্ম : ৫ ই মে ১৯৭৭ ইং 

পেশা : পরামর্শদাতা (ভারতীয় জীবন বীমা নিগম)       

 নেশা : সাহিত্য চর্চা।

সম্পাদিত ম্যাগাজিন:  'দোপাতা' সাহিত্য পত্রিকা। 

প্রকাশিত উপন্যাস: - 'আইলাইনার'।

প্রকাশিত গল্প: - জমিন আসমান।

চরিত্রের অধঃপতন

 


                                       ✍️  কলমে - প্রদীপ্ত চক্রবর্তী 

                       এক নারী,মা যশোদা,
                           অন্য নারী, বোন;
                       এক নারী,শিশু সন্তান,
                 আত্মবিশ্বাস বন্ধু, নারী সর্বক্ষন।

              আপন যে, সে সর্বদাই নিজের ধন,
                 ভালোবাসায় আছে, সবার মন;
 দুঃচরিত্র কিছু নরাধমের বিশ্বাসঘাতকের দৌলতে,
পবিত্রতা হারায়, সহজসরল লোকেরা বোকামিতে।

                     কিছু পুরুষ হয়তো খারাপ, 
                   নারীরাও আছে তার মধ্যতে;
                        নিজকে বাঁচাতে গিয়ে,
                দোষ চাপায়,অবুঝের উপরেতে।
 
                কেউ বলে, চরিত্রের অধঃপতন,
                কেউ বলে,ওর স্বভাবটাই খারাপ;
                       আসল সত্য, দুরে ঠেলে,
                   নতুন তথ্য, নতুন সবার বাপ।

         কোথায় গেল? মা যশোদার ভালোবাসা,
            কোথায় গেল? ভাই - বোনের আদর;
            পরের সন্তান যেন, আবর্জনার পাত্র,
       আত্মবিশ্বাস বন্ধু, ভুলে যায়, স্মৃতির কদর।

                     নারীর আছে, অনেক রূপ,
                         শ্রদ্ধা ভক্তি ভালোবাসা;
                   সরল মনে, গড়ল না সাজিয়ে, 
   সৃষ্টি হোক শান্তি প্রেম মৈত্রী ও স্বাধীনতার আশা ।  

           আপন - পর, বুঝি না,  একটু সত্য খুঁজি,
           অগ্নি পরীক্ষা, সীতা মাতার নিতে চাই না;
          মর্যাদা পুরুষত্বম রামচন্দ্রের সীতা বিয়োগ,
                          আর ঘটাতে চাই না।

                    আমরা সবাই ভালো হয়ে বলি, 
                               এক সাথে চলি;
                              জয় শ্রী রাম বলে,
   "আমরা মানুষ", এক হয়ে, সবাই আওয়াজ তুলি।

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


লক্ষ্য

 


✍️ সঞ্চয়িতা শর্মা

কুয়াশায় ঢাকলো শহর,

চামড়ায় নিষ্প্রাণ স্তর,

নদীর বুকেতে দেখা মিলেছে

একাধিক বালুচর।


দুপুর বেলার রোদ,

আর অর্থের অবরোধ,

কপালে শিরা ফুলে ফেঁপে উঠে,

শত চিন্তার স্রোত।


সকালটা ছিলো মিঠে,

ছিলো মুক্ত আকাশ নীল,

দুপুর হতেই মধ্য সারির

কত কথা কিলবিল!


রাতের অন্ধকারে

আলো সঞ্চয় চাই।

তিন পায়ে ভর করেও যেন

কর্মেই রয়ে যাই।

আমি ক্লান্ত

 


✍️ রিপন সিংহ 

     অঘ্রানের শেষ সন্ধ্যায়, তোমার নরম দেহের মতো কুয়াশা
     ঢেকে যায় অন্ধকারে।
     তারপর এই শহরের দক্ষিণ বুঝে, ঐ দূরে
     কুশের ঝাউয়ে শেয়ালের গান,
     অনেক ক্লান্ত, এই সন্ধ্যা ---
     তাই দু'জনের -- রাত্রির আহ্বান।

     আজ দু'জনের মিলনের রাত,
     চারিদিকে গভীর রাত, নরম কুয়াশা,
     গভীর 
              গভীরতর
     মৃত্যুর মতো যখন সন্ধ্যা আসে,
     তখন উষ্ণ ঠোঁটের উপর নরম ঠোঁট
     হৃদয়ে তার সমস্ত দেহ
     তারপর যখন আবার,
                 হৃদয়ে তার গান বাজে।

         সন্ধার সূর্যের মতো,
     পৃথিবীর সমস্ত রঙ কুশের ঝাউয়ে
     তারপর সন্ধ্যামনির মতো তুমি
                 আমার গভীরে।

            শুধু একবার
           তারপর আবার 

     যদি একুশ বছর পর দেখার ইচ্ছা হয়,
     তোমার এই গভীর মন খুঁজে পাবে না আর
     তারপর যদি আবার ইচ্ছা জাগে;
          তারপর আবার
     তখন তুমি চলে এসো
     পৃথিবীর এই শূন্যতার পথে,
     তখনও যদি খুঁজে না পাও
      তখন বুঝে নিয়ো---
             আমি অনেক ক্লান্ত।


মোহাঃ মোস্তাফিজুর রহমান

 
 
 

 ✍️ - মোহাঃ মোস্তাফিজুর রহমান

নিয়তির খেলা


মোহাঃ মোস্তাফিজুর রহমান


কোথায় উধাও


চিত্ত চাঞ্চল্য অনুভূতি




প্রগাঢ় সৌহার্দ্য সম্প্রীতি


কোথায় মানবতার মেলবন্ধন।


মিশে গেছে মিথ্যা জৌলুসে


আর অজুহাতে।




অজুহাত এখন !


ব্যস্ততার নীল দরিয়ায় ঢেউ তুলে 


আর মানবতা !


লুটতরাজ পৈশাচিকের বাম পকেটে 


বৃদ্ধি পায় মিথ্যা জৌলুস


আর চতুর্দিকে চলে


নিয়তির খেলা। 


 
 
 
 
 
 

শীত

✒️অঞ্জলি দেনন্দী

শীত কালে জন্মদিন পালন করি।
পয়লা পৌষ, প্রথম কেঁদেছিলাম, ভূমিষ্ঠ হয়ে।
কোলে নিয়ে মা বলল, খুব সুখী তোরে পেয়ে!
ওরে ও আমার মেয়ে! 
আয় রে, আদরে তোকে লালন পালন করি!
কত বছর গেল বয়ে।
মা পৃথিবী ছেড়ে গেল চলে।
শেষ কথাটা গেল বলে,
নিজের জন্মদিন পালিস, ধুমধাম করে!
এরপর মা গেল মরে।
আজ আমার বয়স আশি।
নিউ ইয়র্কে থাকি, বিদেশবাসী।
ভারত ছেড়েছি বহু বছর আগে।
তবুও আজও বালিকা বেলার জন্মদিনের স্মৃতি
মনে জাগে।
আজও পালি সেই সে পায়েস খাওয়ায় রীতি।
আমার নাতি কেকও আনে।
আর আমাকে দিয়ে কাটায়।
সে তখন আমায় খুশি করে
তার ইংরেজী নাচ আর গানে।
পটাকাও ফাটায়।
অনেক ছবি তোলে, ভিডিও ও করে।
অনেক নিমন্ত্রিত অতিথিতে বাংলো আমাদের ভরে।
কেউ বা ভারতীয় - কেউ বা বিদেশী আবার।
সকলেই খায় দেশী ও বিদেশী খাবার।
বৃদ্ধা আমাকে উপহার দেয় সকলেই ভালবেসে।
উপহার নিই আমি হেসে হেসে হেসে।
অঞ্জলি নাম আমার।
আমার জন্মদিন পালন করা - সে অনুষ্ঠান,
নয় তো কখনই থামার।
আমার মৃত্যুর পরও পালিত হবে সে অনুষ্ঠান।
আমি জানি তা।
মানুষ আমায় ভালবাসে, আমি মানি তা।

কলমশ্রমিকের প্রেমাঞ্জনমিলনান্তক নয়তো !

✒️কনককান্তি মজুমদার 

স্বপ্নটা দেখিয়েছিল আচমকাই। ঠিক যেমন আচমকা এক বৃষ্টির রাত ভেজে ঝমঝমিয়ে। ভিজিয়ে দেয় মন প্রাণ, খোলা জানালার ছাঁট এসে ভিজিয়ে দেয় চোখ মুখ। প্রেমের নাচন তেমনই অনিশ্চিত ভবিতব্যে ঝড়ের ঝঙ্কৃত সেতারের মুর্ছন হয় প্রস্তুতির ব্যতিরেখে। হৃদয় তন্ত্রিতে গুনগুন গুঞ্জন তার বাড়ানো হাতে সমর্পণ।  রূপনারায়নের মাঝ দরিয়ায় বৈঠা হাতে এক অনন্য দ্বিত্ত্ব সত্ত্বার মিলন কামনার দুরন্ত আবেগ প্রসূত অদমিত গতিযান।
     আমার বক্ষ জুড়ে তানিয়ার লালিত স্মৃতির তাড়নায় পায়ে পায়ে সাঁঝের প্রদীপ উতল হলো। নিবুনিবু শিখায় নিভেও নেভে না। সে থেকেও নেই। আমার অস্তিত্ব ঘিরে তারই আনাগোনা। যন্ত্রণার দিন যায় আশার ভাবনায়।
            কথা হয়নি। দেখা দেয়নি। তবুও মনের মনিকোঠায় তানিয়ার কাল্পনিক উপস্থাপনা নিত্য নৈমিত্যিক। বছর ঘুরে গেলো। ঘুর্ণায়মান পৃথিবীর ঋতুচক্রে বসন্ত ধাক্কা দিলো ফুলবাহারে, দক্ষিণা সমীরণে পলাশে শিমুলে ! সে এসেও এলো না। 
           ধীর মন্থরতায় রাত নামে নিশুতির নিস্তব্ধতা নিয়ে মনের গোপন গভীরে। রোজকার ভাবনায় রাতের শয়নে স্বপ্ন হয়ে আসে। নামের আদলে নাম নিয়েই হয় এক তরফা প্রেম বন্দনা। সেতো মন খোলেনি। সে যে মুখ দেখায়নি তবুও তাকে 
ভুলিনি ! অন্ধ আকর্ষিত ভালবাসা ভুলতে দেয়নি। 
          চেনা হলো না আকার আকৃতিতে,জানা হলো না স্বরে ; শুধুই নামের বাঁধনে নব প্রযুক্তিগত লিখিত বন্ধন বেঁধে দিলো দু'টি মনে। ভুল হলো, দু'টি বুঝি নয় একমাত্র মনে একতরফা। সেতো আলেয়ার মত কেবলই মানসিক উদ্ভুটো উদ্ভাবনে। এই লেখালেখির পাশাপাশি অগ্রগমনে কখনো উত্তর আসে কখনও নয়। তবুও এই এক হতাশ তিয়াষায় তৃষ্ণার্ত ছুটে যায়।
            মনের ভ্রমে একটি স্বর ভেসে এল অস্ফুট অস্পষ্টতায় আজ আচমকাই। 
আমায় কোথায় নেও?
উত্তর তেমনই ফিসফিসানির প্রেমের অমৃত ধামে দুজনের মিলনের অমরালোকে।
প্রহসন মনে হলেও নারীর মন বলে এ এক নিশ্চিন্ত জীবনের আশ্বাস। যৌবনের আকর্ষিত উষ্মায় আলিঙ্গনাবদ্ধ উদ্দীপনার উচ্ছল উচ্ছাস। তীব্রতার অন্ধ অনুসরণ। হয়ত কুল ছাপিয়ে অকুলের নিশ্চিন্ত বিশ্বাস...!
তাই বিশ্বস্ত প্রতিটি সকাল আমার তাকেই খোঁজে। প্রতিটি রাত তার অপেক্ষায়। সে থেকেও নেই। হৃদয়ের যেখানটার হদিশ শুধুই বেদনার তার উপস্থিতির সেই ঠিকানা !
উপসংহারে কলমশ্রমিকের উবাচঃ
ভেঙে পড়া মনটার কেউ খোঁজ রাখেনা। এমন কি যে চলে গেলো সেও নয়। কেন এলো আর এভাবে কেনইবা চলে গেলো হিসাব মেলে না। 
বর্তমান সময়ের... মানে দু'বছরের অর্ধেক টা কাটলো তোমাকে চেয়ে, এখন বুঝি বাকিটা তোমাকে ভুলতে লাগবে  - এটাই প্রেম...!

অবজ্ঞা

               
               ✒️সুখ চন্দ্র মুড়াসিং

একটু বুঝার বয়স হতেই ঋষি বুঝতে পারল  সমবয়সীরা তাকে অবজ্ঞা করে , তার সঙ্গে মিশতে ও খেলতে চায়না । দুর্ভাগ্যের বিষয় তার আপন ভাইবোনেরাই এই বিষয়ে অন্যদের উৎসাহিত করে । মা বাবাকে বলেও কোন লাভ হয়নি তাদের মতামত হল - "তাহলে একা একা খেল", একা একা খেলা তো দূর চলাও যায়না এটা কেউ কী বুঝে ? বয়োজ্যেষ্ঠগণের পাশে ঘেঁষতে চাইলে  অনেকে বলেন - "এই হাবলা কেবলা তোর এখানে কি ? ,যা নিজের কাজে পাকনা ঢেঁকি" ! বলে তাড়িয়ে দেয়। পশুপাখি ফুলফল আলোবাতাস গাছপালার সঙ্গে সুখ দুঃখের কথা বলে সে দিন কাটায়।
          কৈশোরের শুরুতে অনেকই পড়াশুনা ছেড়ে দেওয়ার ফন্দি খোঁজছে নানা নেশার স্বাদ নিচ্ছে, জীবনসঙ্গী বাছাই করছে,
নিরুপায় ঋষি পড়াশোনায় মনোযোগ বাড়িয়ে চলছে। যৌবনের শুরুতেই অনেকে সন্তানের পিতামাতা , তারও খুব ইচ্ছা হত নিজের একান্ত মনের মানুষ থাকবে যার হাত ধরে খোলা নীল আকাশ দেখবে ফুলে ফুলে রেণু মাখবে পূর্ণিমার চাঁদ দেখবে তাঁরা   গুনবে । কাউকে একটু ভাল লেগে চোখ তুলে তাকালেই কুৎসিত গালাগাল তীর্যক ভাবে ছুটে আসে । স্বপ্ন দেখা ছেড়ে আজকাল মাথা নিচু করে চলাচল করছে তবুও অনেকে মুখচোরা আইব্রু বলে টিটকারী করে ,অনেক উত্তি যুবতী কুষমান্ড বলে ঢলাঢলি করে হাসাহাসি করে। ঋষির , চিৎকার করে বলতে ইচ্ছা করে -  আমারও মন আছে রূপ যৌবন আছে জ্ঞানবুর্দ্ধি আছে স্বপ্ন সফল করার ক্ষমতা আছে তোমরা কি দেখতে পাওনা ।
   ঋষি আজ বড় অফিসার , গাড়ী বাংলো চাকর বাকর পেয়েছেন অধিনস্ত অনেক কর্মচারী  স্বসম্মানে চাকুরী করছে কিন্তু গ্রামের লোকজন এবং আত্নীয় স্বজনরা অভাব অনটন জরাজীর্ণ লাঞ্ছনা বঞ্চনা বিনা চিকিৎসায় কাতরে মরলে ও তার কাছে সাহায্য চাওয়ার চেয়ে  কেনজানি আজও অবজ্ঞা করতেই বেশি ভালোবাসে।

কখনও...

✒️সুবর্ণা চক্রবর্তী

কখনও এমনি ভাবে 
       মেঠো পথে হাঁটবো দু'জনা
 বৃষ্টি কে সাথে করে।
      মেঘলা আকাশে চেয়ে রব
      রামধনু কে ছুঁয়ে ।
দিগ দিগন্তে ছুটে ছুটে বেড়াবো 
হারাবো দু'জন দু'জনাতে।
ফেনীল সমুদ্রের হাতছানিতে
         হারিয়ে যাবো স্বপ্নের অতলে।
কখনও বা হিমেল পরশ গায়ে মেখে
    উষ্ণ প্রেমে রোদ পোহাবো, 
কখনও বা শিশিরের ভেজা ঘাসে 
   কিংবা মাটির সোঁদা গন্ধ মেখে 
    আদুরে আব্দার রাখবো।
 কখনও বা বিহানবেলায় খুলে বসবো  
  এক নাম না জানা গল্পের ঝুলি।
কখনও বা তুমি আর আমি রয়ে যাবো শুধু
অখ্যাত কোনো উপন্যাসের শেষের পাতা অবধি ॥
কখনও .....!

পথ শিশু

 ✒️হিরণ সেন
                            
পথের ধারে যখন দেখি
               আদর মাখা মুখ, 
মলিন বস্ত্র পরিধানে ওরা
          সর্বদা তাদের দুখ। 
অযত্নে অবহেলায় যে শিশুর
            পথেই জীবন চলে, 
বর্তমান সমাজ ব্যবস্থা তাদের
               পথশিশু বলে। 
কেন তাদের এরুপ জীবন যাপন
  সেটা চিন্তা করার মানুষ ক ই? 
অত্যাধুনিক সমাজে আমরা
    ভদ্র বলে পরিচিত হ ই। 
যাদের কর্মকাণ্ডে পথশিশু র জন্ম
       তারাই সমাজের ভদ্রলোক, 
জীবনে আরাম আয়াশ করে
      এখনও চায় নূতন ভোগ। 
শিশুদের তো কোন দোষ নেই
     কেন পারি না মেনে নিতে, 
আমরা কখনো আপন করে 
    তাদেরকে কিছু চাই দিতে  ? 
অন্যের কারণে পৃথিবীতে আসা
সমাজ কথিত পথশিশুগণ, 
সমাজ যদি তাদের মর্যাদা দেয়
   তবেই শান্তি পাবে তাদের মন। 

দেশ

✒️পান্থ দাস

হলেন শহীদ 
হাজার অমর কিশোর,
হে বীর প্রসবিনী
ভয়টা কি তোর !

দেশ প্রেমের 
অবাধ সাধনায়,
ধ্যান জ্ঞান কি আর
বৃথা যায় !

যায়না যে ভোলা
তোমাদের রক্তে রাঙা
জাতীয় পতাকা,

দেশহীতে যে দিলেন 
ভরা যৌবন 
চাইতো যে শুধুই একতা ।

এই জন্ম

✒️ঊর্মি সাহা

পূর্বের অভিশাপ ঘাড়ে করে 
ঘর ভরেছি আমার। 
সাদা কালো সুতোয় বুনেছি স্বপ্ন।
একটা পাহাড় কিংবা নদী ,
নীল সাগর , বা
অর্ধ উলঙ্গ শহর ;
সবই আমার কাছে নতুন।
আমার কবিতার গায়ে দলা হয়-
বালিকার লুটে নেওয়া সুখ।
মন্দ নয় কিছুই-
বিধবার সাদা শাড়ি,
উদাম যৌবন,
বৃদ্ধ কাঁপা হাত ,
বা হাঁটু ভাঙ্গা শৈশব ,
মন্দ নয় কিছুই।
কশেরুকাহীন ,
আমার ঘর বন্দি অভিশাপ-
আবার স্বপ্ন দেখে ,
জন্ম দেখে ,
দেখে বাতাসের গতিপথ।
দেখে আমার এই জনমের-
বন্ধ্যা কবিতা!
                                              

পথ শিশু

 ✒️হিরণ সেন
                            
পথের ধারে যখন দেখি
               আদর মাখা মুখ, 
মলিন বস্ত্র পরিধানে ওরা
          সর্বদা তাদের দুখ। 
অযত্নে অবহেলায় যে শিশুর
            পথেই জীবন চলে, 
বর্তমান সমাজ ব্যবস্থা তাদের
               পথশিশু বলে। 
কেন তাদের এরুপ জীবন যাপন
  সেটা চিন্তা করার মানুষ ক ই? 
অত্যাধুনিক সমাজে আমরা
    ভদ্র বলে পরিচিত হ ই। 
যাদের কর্মকাণ্ডে পথশিশু র জন্ম
       তারাই সমাজের ভদ্রলোক, 
জীবনে আরাম আয়াশ করে
      এখনও চায় নূতন ভোগ। 
শিশুদের তো কোন দোষ নেই
     কেন পারি না মেনে নিতে, 
আমরা কখনো আপন করে 
    তাদেরকে কিছু চাই দিতে  ? 
অন্যের কারণে পৃথিবীতে আসা
সমাজ কথিত পথশিশুগণ, 
সমাজ যদি তাদের মর্যাদা দেয়
   তবেই শান্তি পাবে তাদের মন। 

শাপগ্রস্ত অপ্সরা

✒️নবীনকিশোর রায়

গায়ত্রীমন্ত্র ধ্যনে 
ডুবে যেতে চেয়েছি---

কমণ্ডলু নিয়ে পাহাড়শীর্ষে উঠার আগে,ভেসে আসে অপ্সরাদের নূপুরের ধ্বনি... 

চৈতন্য ভেঙে গেলে
অধরা থেকে যায় ধ্যানের সকল আয়োজন।

পাহাড়ের তলদেশে জেগে ওঠে 
শুপ্ত আগ্নেয়গিরি, 
মুখোমুখি পাহাড়ের জঙ্ঘা বেয়ে নেমে আসে গলিত লাভা  
জন্ম নেয় নেত্রহীন কবিতা! 

অপ্সরাদের আভরণহীন
সকল অঙ্গ বর্ণনায়
শব্দদৈন্য পংক্তিগুলো 
দুর্বাসার শাপগ্রস্ত হয়ে ,
কবিতাস্বর্গ থেকে বিচ্যুতি ঘটে ... 

তোমায় নব রূপে পাবো বলে

   ✒️বিশ্বজিৎ মানিক

তোমায় নব রূপে পাবো বলে
সাজালাম কত পুষ্প মালিকা
দিনযাপনের গ্লানি ভুলে ।
কত রাত দিলাম পাড়ি
একাকিত্ব দূরে ঠেলে ।
তোমায় নব রূপে পাবো বলে
অন্ধকার পথে দিলাম পা
জোনাকীর আলো ফেলে ।
পথের ধুলোয় বানালাম বাড়ি
থাকব দু'জন মিলে ।
তোমায় নব রূপে পাবো বলে
মনের ভাবনাগুলো বেড়ায় ঘুরে
হৃদয়সাগরে ঢেউ তুলে।
ভাবের ভুবন পূর্ণ হবে
স্বপ্নের পাপড়ি মেলে ।
তোমায় নব রূপে পাবো বলে
লেখার পাশে তুমি বসো
লক্ষতারার প্রদীপ জ্বেলে ।
চাঁদের আলোয় জ্যোৎস্না ঝরে
তোমার চরণ তলে ।

এক যে ছিল নারী

✒️অপর্ণা সিনহা

এক যে ছিল নারী,থাকে গ্রামের বাড়ি
জীবন যেন করেছে,তার সাথে আড়ি।
ধন্য সে এক জনমে,নারী জন্ম পেয়ে
ক্ষুধা দূর করত সে নিজে আধা খেয়ে।
যে ঘরে জন্মছিল,সে নয় তার নিজ,
পরের ঘরে থাকে,পুঁতে জীবন বীজ।
এক যে ছিল নারী,রঙটা ছিল কালো
আঁধার বুকের মাঝে,মনে ছিল আলো।

হঠাৎ রাজা ডাকে ঢোল পিটিয়ে সভা
মাথা নিচু করে দাঁড়ায় অমিয়প্রভা!
নারীর বিচার করে,বসে জ্ঞানীগুণি
বিচারক আসনে,ধর্ষক ঋষি মুণি!
এক যে ছিল নারী মরল শাস্তি পেয়ে
শেষে নারী জন্ম দিল মৃত এক মেয়ে!
                        

আলোর নির্মোহ গীতি

✒️ফরিদ ভূঁইয়া 

ঘরকুনো অন্ধকারে আলো চোখে ছানি
হাঁস-মুরগের ডাকে ভোরের কুশল 
মাঠেঘাটে মাতামাতি বাতাস উছল
প্রতারিত সময়ের ক্ষোভে কানাকানি... 

মাঠের সবুজ ছুঁয়ে আ'লে আ'লে হেঁটে
শিশিরের কুঁচি শুষে দিন যে দুপুর 
গৃহস্থালি অঙ্কগুলো মিলে না দুখুর
শ্রমের ঘামের প্রাপ্য কিছুতে না মেটে

পক্ষপাত ভালোবাসা—বিবেকে বিরোধ
ক্ষতিগ্রস্ত চোখে দেখে—লোভের বিজয়
প্রশ্ন সত্য গুম করে কীভাবে কী হয়
বিদগ্ধ জনতা গড়ে কাম্য প্রতিরোধ...  

নির্মোহ ঐক্যেই আসে ন্যায় ও সম্প্রীতি
আলোর আলোরা গায় সাহসের গীতি। 

সত মা

 ✒️মৌসমী শীল 

অনেক বছর আগের কথা পাশের গ্রামে সজল ও তার স্ত্রী স্বপ্না বসবাস করত। তারা খুব সুখে ও শান্তিতে থাকত। কয়েক বছর পর তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয় যার নাম রীতা । রীতা র জন্মের দুই বছর পর ছোট মেয়ে রীতা কে তার বাবা কাছে রেখে স্বপ্না মারা যায়। তখন রীতা র কথা চিন্তা করে সজল আরেকটি বিয়ে করার সিদ্ধান্ত নেয় এবং আরেকটি বিয়ে করে। রীতা র সত মার নাম ছিল রমা। বিয়ের পর রমা তার সত মেয়ে কে লালন পালন করে বড়ো করে তুলে। রীতা একটু বড় হবার পর রমার ও সজলের আরেকটি কন্যা সন্তান জন্ম নেয় যার নাম ছিল রত্না। রীতা বাড়ির সব কাজ একা একা করত রমা একটুও সাহায্য করত না সজল তা দেখে সহ্য করতে পারত না। রত্না ও তার সত বোনকে একটুও সহ্য করতে পারত না।এ ভাবে চলতে চলতে কয়েক বছর কেটে গেল এবং সত মেয়ে র উপর অত্যাচার আরো বেরে যায় রমার।এরপর হঠাৎ একদিন সজলের খুব অসুস্থ হয় তখন মেয়ে রীতা র কাজ আরো বেরে যায় বাড়ি র সব কাজ শেষ করে বাবা র সেবা ও সে নিজের হাতে হাঁসি মুখে করত । তার কিছু দিন পর সজল হঠাৎ মেয়ে রীতা কে ঢেকে বলে আমি বোধহয় আর বাঁচব না আমি মরে গেলে তোর খুব কষ্ট হবে রে মা কিন্তুু তুই সব সময় সৎ পথে চলিল এখন কষ্ট হলেও পরে তুর ভালো হবে রে মা এই কথা বলেই সজল মারা যায়। তার কিছু দিন পর রীতা র সত মা তার উপর অত্যচার আরো বাড়িয়ে দিয়েছে।বাড়ির সব কাজ একা হাতে করত কিন্তুু রীতা কে খাবার দিত পচা ভাত ও লবণ রীতা হাঁসি মুখে তা খেয়ে নিত। রীতা ছিল খুব সুন্দর তার মাথায় ছিল ঘন কালো চুল আর অন্য দিকে রত্না এতটাও সুন্দর ছিল না। একদিন রমা ও রত্না এসে রীতা কে বলল রত্না কে দেখতে আসবে খুব বড় বাড়ির ছেলে যর বাড়ি খুব সুন্দর ভাবে চকচক করে রাখতে রীতা ঠিক আছে বলে কাজে চলে গেল। রাতে রত্না কে দেখতে আসে তার একটু পর রীতা খাবার নিয়ে গেলে ওরা জানতে চায় কে এই মেয়ে তখন মা রমা বলে কাজের মেয়ে ও বলে রীতা কে চলে যেতে বলে । একটু পর ওরা চলে যায় এবং পরের দিন সকালে তার বলে রত্নাকে তাদের পছন্দ হয় নি । তার পর রমা ও রত্না মিলে রীতা উপর সব দায় চাপিয়ে দেয় এবং বলে রীতা হিংসা করে এমন করেছে।পরের দিন রীতা কে পুকুর পাড়ে বাসন ধুতে দেখে ওই ছেলেটা তার কাছে আসে এবং রীতা কে বলে তার রত্না কে নয় তার রীতা কে পছন্দ হয়েছে।এর পর রীতা র বিয়ে হয় সেই বড় বাড়ির তে এবং তখন রীতা র কোনো কষ্ট হতনা। রীতা সব সময় সৎ পথে চলত‌ সবার কথা শুনত তাই হয়ত এখন সে অনেক সুখী ।সৎ পথের রাস্তা টা কঠিন হতে পারে কিন্তুু পরে ঠিক ভালো সময় আসবে।