ভীষণ অসুখ

 


✍️  দীপঙ্কর বিশ্বাস

 

ডাক্তার বাবু ডাক্তার বাবু…

শিরদাঁড়াটা ভীষণ ব্যথা

রাত্তিরে ঘুম নাই,

উপশম কি আছে কিছু

জানতে আমি চাই ।

হঠাৎ করেই কেমন জানি

হয়ে গেছে শক্ত

মনে হচ্ছে দেহে হরতাল

বন্ধ হয়েছে রক্ত !

এতদিন তো ছিল ভাল

বড়ই নমনীয়,

মাঝে মাঝে বেঁকিয়ে বেঁকিয়ে

বানিয়ে ফেলতাম ‘ক্ষ’!

যেখানে সেখানে যেমন খুশি

হয়ে যেত ‘নিল ডাওন’

জীবন আমার ধন্য তখন

জগত সেরা ‘ক্লাউন’!

নৃত্য কত, নিত্য নতুন

ছিল আমার রপ্ত…

সকল প্রকার বাদ্য বাজিয়ে

সুর ছিল সব সপ্ত !

অমুক দাদা, তমুক দাদা,

সকল দাদার ভক্ত…

সকল দাদার পদযুগল

আমার তেলে সিক্ত।

সময় ছিল হাতের মুঠোয়

হামসে বড়া কউন?

আমার দাদা কি আসে যায়

ক্ষমতায় কে হউন…।

হঠাৎ করেই শিরদাঁড়াটা

হয়ে গেল সোজা!

ভীষণ অসুখ কেন হল

যাচ্ছে না তো বোঝা!

সমাজ আমায় কেমন করে

এমন মেনে নেবে

পরিবার কি এমন রূপে

আমায় দাম দেবে?

সারিয়ে দিলে তাড়াতাড়ি

মূল্য পাবেন খাসা

সোনার থালা, রূপার থালা,

নইলে নতুন বাসা।

তাইতো বলি রক্ষা করুন

ওহে ডাক্তার বাবু

মেরুদণ্ড সোজা হয়ে

করেছে আমায় কাবু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন