অবরোধ

✒️প্রদীপ চক্রবর্ত্তী

একদিকে রাস্তার ধারের বৈদ্যুতিন বিলবোর্ডে 
কল্পিত উন্নয়নের রঙিন ফিরিস্তি
অন্যদিকে ডাকাবুকো রাজপথের দু'পাশে
নীরব গাড়ির স্থবির মিছিল 
সভ্যতার গলা টিপে ধরা হিংস্র পশুদের 
অরণ্যে রুদ্ধ হয়েছে জীবনের চাকা।

পিতার কোলে অসুস্থ শিশুর আর্ত চিৎকার 
অ্যাম্বুল্যান্সে মৃত্যুপথযাত্রীর যন্ত্রণাকাতরতা
পাজির পা-ঝাড়াদের দেওয়াল পারে না টলাতে
উর্দিধারী সান্ত্রীদের হেঁটমুন্ড বন্দুক
কাঁধে ঝুলে স্বস্তির নিদ্রায় মগ্ন। 

মুক্তকচ্ছ রাজা শেকল গলায় 
ভোটযুদ্ধে উৎরানোর ভোজবাজি দেখাতে
গণতন্ত্রের অপঠিত অধ্যায় খুলে
অভয়মুদ্রায় বলেন- ওঁ শান্তি, ওঁ শান্তি----

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন