ইচ্ছেমতি

✒️শ্রী জনার্দন

আমি ইচ্ছেমাত্র বসন্তের চৌহদ্দি ছুঁয়ে পথিক হয়ে দাড়িয়ে আছি,
যদি অনন্তকাল ধরে দাড়িয়ে থাকতে হয়, তাই বলে মিথ‍্যে প্রতিশ্রুতি দেবো না।

একজন প্রেমিকের হয়তো অনেক ইচ্ছে থাকে, 
কিন্তু তোমাকে বুকে জড়িয়ে রাখবো ' তার চেয়ে বড় ইচ্ছে আর কী হতে পারে।

জানি দ্বিতীয়বার তোমার পার্বতী হওয়ার ইচ্ছেটুকু আর নেই
কিন্তু আমার গভীরতাকে মেপে দ‍্যাখো,
অপার সমুদ্রে জলের নাগরিকতা যেমন হয়, আমি তেমনই আছি।

যদি নিষ্করুণ রৌদ্রের কাছাকাছি এসে রূপ সুন্দরের ছায়া হতে চাও,
তখন আমার ইচ্ছেমতি হয়তো অনাদিকালের গল্পের মতো ধারাবাহিকভাবে চলতে থাকবে।

হঠাৎ যদি মনে পড়ে অতীত থেকে কিছু গোপন কথা আকাশে ছড়িয়ে দেবে, 
আমার বৈদূর্য তখন মেঘে ঢাকা আকাশ থেকে ইচ্ছেগুলো কুড়িয়ে নেবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন