একটি সুন্দরী মেয়ে

✒️বর্ষা সরকার

সুন্দরী মেয়ে, যে দেখতে বেশ সুন্দর, 
তেমন সুন্দর, তার কথাবার্তাও, 
ভারী মিষ্টি, তার কোমল অন্তর।

গাঁয়ের পথে হেঁটে, যাচ্ছে জল আনতে,
কাঁখে কলসি, মাথায় এক গাঁদা ফুল। 

পায়ে নুপুর, হাত ভর্তি চুড়ি, 
গাঁয়ে যখনই, ফেরিওয়ালা আসতো,
তখনই সে, কিনত চুড়ি। 

বিভিন্ন ধরনের জিনিস কিনত,
সে যে, মনের সাধে সাজত। 

চোখ দুখানি, তার কাজল ভর্তি, 
মাথা ভর্তি, কালো কেশ। 

ওকে সকলে ভালবেসে, ডাকতো ফুলকি বলে, 
যেমন তার সাজ, তেমনিই তার নাচ।

জীবনটা হবে শেষ

✒️প্রতীক হালদার 

খালি হওয়া বুক, অচেনা অসুখ 
বাজনা বাজায় বেশ,
প্রতি নিঃশ্বাসে না পাওয়ায় গল্প 
জীবনটা হবে শেষ!

আশা গুলো আজ বড় অসহায় 
চায় না হিসাব নিতে,
অনুতাপের আগুন ধরিয়ে 
নিজে চায় শেষ হতে!

সব যোগাযোগ বন্ধ হয়েছে 
শেষ যাত্রাটা শুধু বাকি!
নিজের কাছে নিজেই আছি 
দিক না সবাই ফাঁকি।

একাত্মতা বৃদ্ধি

✒️লক্ষী পাল

চেনা, অচেনা, দূর অথবা নিকট, 
কারো সম্বন্ধে কিছু জানতে গেলেই যে তোমাকে লাগে। 
তুমি ছাড়া যে কৌতূহল স্পৃহা কখনোই মিটবে না। 
তোমার উপরে নির্ভর করেই
কত স্থান ঠিকানার মিলে খোঁজ। 
কত অচেনা ও হয়ে যায় চেনা। 
অজানার সাথে মিলে ভাব। 
ভাব তরঙ্গ একই ধাঁচে গড়া হলে
বেড়ে যায় অন্তরঙ্গ।
যেনো দূরকেও আত্মার আত্মীয় লাগে।
তোমার মহিমা এমনই..... 
হঠাৎ দু তিরের মাঝে মিলন স্রোত বয়ে যায়।
মন খুলে তৃপ্তি ভরে
সুখ দুঃখের সাথি করা যায়।
 নিঃশ্বাসে প্রশ্বাসে যা ঘোরে, 
তার সঠিক সমব্যথী পাওয়া যায়। 
ভাববিনিময়ে যেনো চির একাত্মতা স্থাপন হয়।

সময়

✒️মোঃ আলামিন

কিভাবে কেটে গেল এতটা বছর  
একটু একটু করে বেলাটুকু ঘনিয়ে আসছে।

দুচোখে শুধু স্বপ্নের পাহাড়
আগামী দিনগুলোর সন্ধানে।

খসে যাচ্ছে এক একটি দিন,
সময়টাও সমাপ্ত হবে একদিন।

শুন্য দৃষ্টিতে তাকিয়ে থাকি
জানালার পদপানে অনেক দূরে‌।।
হয়তো ফুরিয়ে আসছে দিন!
ঝরে যাওয়ার অসীম প্রতীক্ষায়।।

সময়টা যখন একদিন জোরেই যাবে
একটু হেসেই দিন কাটাই!
কি হবে এত মাথা ভর্তি টেনশন নিয়ে।

অগোছালো স্বপ্ন থেকে বেরিয়ে একটু নিঃশ্বাস ফেলি!
বাকি দিনগুলো একটু ফুলের মত নিঃস্বার্থ হয়ে জীবন যাপন হোক।।

সান্তনা

✒️রিপন সিংহ 

চলে গেছে সে, আমাকে হাজার বছরের সান্তনা দিয়ে,
এক দীর্ঘ ঘুমের মাঝে; বহুদিনের ঘুম -- অভাব ছিল আমার সেই সুযোগে।
কোনও এক দুঃস্বপ্নের মতো তাকে হারালাম
তারপর ভোরের মিছিলে সামিল হয়!
কোনও এক দিন -- কোনও এক রাত
স্বপ্ন দেখবো বলে ডেকেছিলে ছুটির দিনে 
নির্লজ্জের মতো কত অভিনয় করেছি তখন, কেবল এক টুকরো হাসির জন্য;
আজ কোথাও সান্তনা নেই!
একুশের পথে এসে কবেই গিয়েছে মরে,
আজও দাহ হয়নি ! 
পৃথিবীর সমস্ত পোকা মাকড় তাদের শান্তির নীড় এই দেহ
প্রাণ নেই 
রক্ত নেই 
কোনও নতুন স্বপ্ন নেই
তবুও কোনও অভিযোগ নেই

আমার সুকন্যা আজ তাদের ভিড়ে,,,

মা ভারতী

✒️সুস্মিতা দেবনাথ

জনম আমার ধন্য আজি
মা ভারতীর কোলে।
সবুজ শ্যামল মায়ের আঁচল
স্নিগ্ধ হাওয়ায় দোলে ।।

গর্ব করি ভারত আমার
প্রথম পরিচয় ।
পরমাত্মীয় সবাই এথায়
পর যে কেহ নয়।।

মা ভারতীর দামালরা রোজ
দেয় যে আত্মহুতি ।
মায়ের তরে স্বজন ছেড়ে
জ্বালায় স্মারক জ্যোতি ।।

দেশদ্রোহী ঐ হায়না দলের
যত কারসাজি,
খুলতে মুখোশ এই মাটিতে
ওরা বিলীন হতেও রাজি।।

বন,পাহাড় আর বরফ তাদের
জীবন সাহারায় ।
নির্ঘুম রাত ব্যস্ত দিবস 
মায়ের পাহারায় ।।

ওরা কারা?

✒️প্রিয়াঙ্কা 

কয়েক বসন্ত পেরিয়ে,
হিমেল হাওয়া গায়ে জড়িয়ে,
গ্রীষ্মের নোনাজলে বিদায় নিল
ওরা কারা?

প্রস্থান কি এতো সহজ?
তার চেয়ে ঢের বেশি মায়াবী
ছিল বর্ষার ঘোলা জল,
গা ভেজা পাখিরা।

সবুজ ছাতার নীচে দাঁড়িয়ে,
নরম ঘাসের বুকে গা এলিয়ে,
গল্পের ছেঁড়া পাতা, রয়ে যায়
টুকরো কথারা।

এভাবেই কেটে যায় অনন্ত কাল।
ফের বুনে মিথ্যা এক মায়াজাল।
মেঘের গায়ে যাদের দীর্ঘশ্বাস,
ওরা কারা?

নারী

 ✒️পৌষালী ভৌমিক

নারী নাকি সমাজের মুখ,
সেই মুখে তিক্ততা আর অম্ল ছুঁড়ে
পেলে কি অমেয় সুখ?
মুখোশধারী 'ভদ্রলোক',সামাজিক সম্মানে সম্মোহিত,
নারীর সম্মানে শুধুই আত্মসম্মান বাঁচে,বাকিটা আহত।
তোমরা 'ভদ্র' পুরুষ,তোমাদের বীরত্ব কাজে কাজে,
নারীর দেহ বুঝি নির্যাতনের রক্ততেই সাজে?
নারীত্বকে অধীনে রেখে মেটাচ্ছ নিজের পিয়াসা,
পদে পদে অবমাননা করছ নারীর মহিমা।
নারী শুধু মা,বোন,স্ত্রী নয়,নারীও যে আগে মানুষ,
নারীর ছোঁয়া আঁধার ঘোচায়,মেশায় মানে হুঁশ।
নারী শক্তির প্রতীক,পূজিত হয় প্রাণহীন মাটিতে,
প্রাণের মাটি অবহেলায় বাঁচে,অবজ্ঞায় প্রাণ খোঁজে।
নারী নয়কো কারো হাতের পুতুল কিংবা দাসী,
ধৈর্য্য ভাঙলে ঝুলবে 'ভদ্র' পিশাচ মরণের ফাঁসি।
প্রতিবাদ নয়,নারী তুমি গর্জাও বিনাশের সুর,
বর্ষাও অগ্নি,মুছে ফেল পাষাণের অসিত নুর।
আমিও যে নারী,নীতিতে শক্তি মেশাই,
সুর আর কলম,দুয়েতেই আগুন ঝরাই।।

নতুন বৌ ও ভূত

✒️মাধুরী লোধ

নতুন বৌ শ্রাবনী । শিক্ষিতা সুন্দরী রুচিশীলা ।বয়স ত্রিশ এর ঘরে । এটুকু খুঁত ।বি এ পাশ ,এম এ পাশ বি এড করতে করতে বয়স বেড়ে গেছে । চাকুরির ইন্টার ভিউ দিতে দিতে আরো বেড়ে গেলো বয়সের হিসাব ।ত্রিশ এর চৌকাঠ পাড় হতেই বিয়ের সম্বন্ধ আসা বন্ধ হতে লাগলো ।বাব মা নেই এই পৃথিবীতে তাই কন্যা দায় ও নেই । শ্রাবণী একা ।এক বাড়িতে থাকলে ও দাদার আলাদা স্্সার ।সে আছে তিন ঠেলার ঘর খোদা রক্ষা কর ।
এখন ও বিবাহিতা দিদি জামাইবাবু পাত্র খুঁজছেন ,নাক উঁচু শ্রাবণী এটা সেটা বলে কাটছেন বিয়ের প্রস্তাব কেন না তার পছন্দের পাত্র এখনো মেলেনি ।
শেষাবধি পাত্র পাওয়া গেল দোজব । আগে বিয়ে হয়েছিল বাচ্চা প্রসবের সময় মারা গেছেন স্ত্রী । একটা মেয়ে সন্তান আছে দেখাশোনা করছে ঐ শ্বশুর বাড়ির মানুষরা । শ্রাবণী না চাইলে ঐ বাড়িতে থাকবে ,এ নিয়ে ভবিষ্যতে কোন ঝামেলা হবে না ।
বিয়ের সানাই বাজলো , বরপক্ষ এলো বর যাত্রী নিয়ে ।সাধ্যমত দান সামগ্রী দিলো ভাইবোন রা মিলে ।বৌভাত হলো ।কনে পক্ষ বিদায় হবার পর শুরু হলো শুভ রাত্রির আয়োজন । রাত বাড়তে থাকে । আত্মীয় স্বজন দের কাজ আ্য শেষ হয় না । তবুও বর বৌকে নিয়ে আসা হয় ফুল শয্যার খাটে ।
নতুন পোশাক এ শ্রাবণী কে লাগছিলো লাবন্যময়ী রহস্যময়ী । নতুন বর কমলেশ ও সেজে গুজে এসেছে ।বৌদিরা আবার মালা বদল করাবেন ,কড়ি খেলাবেন , মিষ্টি মুখ করাবেন , শেষাবধি আবার আ্্টি বদল এর পর শুভ রাত্রি হবে স্বামী স্ত্রী তে , সারাজীবন পরস্পরের সুখ দুঃখের সাথী হয়ে আজীবন সঙ্গী থাকবেন ।
বৌদিদের সামনেই আচমকা ছিঁড়ে গেল মঙ্গলসূত্র শ্রাবনীর গলার ,সারাঘর তন্ন তন্ন করে খুঁজে পাওয়া যাচ্ছে না বৌকে পড়িয়ে দেবার আ্্টি । বৌদির দল মালা বদল আর পাশা খেলা খেলিয়ে বর বৌ কে ফুল শয্যার অনুমতি দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসে বাইরে । কিছু ক্ষন পর ফুলশয্যার ঘর থেকে আওয়াজ বে্য হতে থাকে হি হি হা হা । কখনো খিলখিলিয়ে হাসি কখনো বা হি হি সি সি করে কান্নার শব্দ ।এ বাড়ি ও বাড়ির আত্মীয় স্বজন দের চোখে মুখে দুশ্চিন্তায় ছাপ ।এ সময় নতুন বর বৌ কে ঘাটানো ঠিক নয় । তবুও বৌদির দল দড়জায় টোকা দেয় ।দড়জা খুলে দেয় নতুন জায়াই ।সকলে দেখতে পায় বর বৌ এর বালিশের মাঝখানে একটা কোল বালিশ শুয়ে আছে ,সেটার কারনে ওদের শুভ রাত্রি তে বিঘ্ন হচ্ছে ।
শ্রাবনী কোলবালিশ টা সোফায় রেখে আসার চেষ্টা করছে বার বার কিন্তু পারছে না ।
বৌদির দল বালিশ টা নিয়ে আসে বাইরে ওরা যাতে শান্তিতে দুজনে কাটাতে পারে দুজন দুজনকে বুঝিয়ে আসে ।
অনেক ক্ষন পর আবার শুরু হয় সোরগোল ।হা হা হি হি হো হো । স্বামী সতরীর মধ্যে কথাকাটাকাটি ,পাছড়াপাছড়ি । ধুমধাম হুটহাট ।হাউ মাউ । কখনো খিলখিলিয়ে হাসি আবার বৌ বলছে কাতুকুতু দিয়ো না লাগছে লাগ্ ছে । ফুল শয্যার রাতে এ হেন পরিস্থিতি হচ্ছে এটা মেনে নেওয়া যায় না । নিশুতি রাতে দল বেঁধে বৌদির দল দিদির দল বুড়ো বুড়ির দল ধাক্কায় নতুন বর বৌয়ের দড়জা ।
দড়জা খুলে হতভম্ব আত্মীয় স্বজন এর দল শ্রাবণী আ্য তার বড় এ্য সারা শরীরে লেপটানো আছে সিঁদুর । দুজনের কি্্ভূত কিমাকার ।সারা ঘরে সিঁদুর ছড়ানো ছিটানো আছে বর বৌয়ের পাশা খেলার হাড়ি সরা ,ছড়ানো আছে মালা বদল এর মালা মুকুট ,দান সামগ্রী ভেঙ্গে চুরে ছড়ানো ছিটানো আছে সারা ঘরে ।বর চুপ থাকলে ও বৌ চুপ থাকছে না ।
শ্রাবনী রুদ্র রুপ ধারণ করে বলছে ভাত কাপড় দিবি বলে বিয়ে করলি ক ই ভাত কাপড় ? সেই তো তুলে দিলি চিতেয় । এখন আমার মা টা কে দুধ খাওয়াবে কে ? ঘুম পাড়াবে কে ? বড় করবে কে ?
ব্যস ,সকলে যা বুঝবার বুঝে গেছে । শ্রাবনী তে ভর করেছে পুরানো বৌ ।যে বাচ্চা প্রসবের সময় মারা গেছে ।তাই নতুন বৌ এর সাথে ফুল শয্যা হতে দিচ্ছে না ।
 ওঝা বৈদ্য ডাকা হলো , বন্ধ করা হলো সারা বাড়ি । আলাদা করে দেওয়া হলো নতুন বর বৌ এর বিছানা ।তার পর ও থামছে না এ বাড়ির রহস্য ময় কানড কারখানা । শ্রাবনী এখন ভয় পায় যে কোন জিনিসে । একটা জিনিষ যদি সে ঠাকুর ঘরে রেখে আসে সেটা নিজে নিজে চলে আসে রান্না ঘরে বা উঠোনে ।
এসব ভূতুরে বিষয়ে মাথা দিয়ে তার মাথা নষ্ট হবার জোগাড় । দিদি কে জানায় সব কিছু । দিদি জামাইবাবু হাতড়ে পায় না কি করা উচিত । সকলের একমত ছাড়াছাড়ি হয়ে যাক সমন্ধ ।বর পক্ষের মানুষ বলছেন নতুন বৌ পাগল ,কনে পক্ষ বলছেন ঐ খানে অপদেবতার বাসা ।এদের সাথে কোন সুস্থ শিক্ষিত লোক বাস করতে পারে না ।
ছাড়া ছাড়িতে মত নেই শ্রাবনীর বর এর ।বৌ পাগল হোক বা সূচিবায়ু বিকার গ্রস্থ হোক শ্রাবনী কে ছাড়বে না সে ।এক বৌ মরে ওকে সর্ব সান্ত করে গেছে এখন নতুন বৌ কে ছেড়ে দিলে সেটা হবে মৃত্যুর সামিল । দমে যান গার্জেন রা । উপায় খুঁজতে থাকেন সকলে মিলে ।
এ বাড়িতে টিকে থাকার অসাধ্য সাধন করে শ্রাবন্তী । বুঝতে পারে বরের আগের বৌ ওকে সহ্য করতে পারে না ।সব ভূতুড়ে কানড ঘটায় । রান্না ঘরে ছাই ছিটিয়ে রাখে আলনার কাপড় ফেলে আসে কলপাড়ে , ভাতের ফেন এন ফেল বারান্দায় অনেক রাতে ঝুমঝুম নূপুর বাজায় ঘুমাতে দেয় না ।
শ্রাবনী কে নেওয়া হয় শিব বাড়ি মনসা বাড়ি ।জীন এর কাছে । তাবিজ জল পরা গা বন্ধ করা হয় ।কদিন ভালো থাকে আবার যে কপাল সে মাথা ।
দিদি জামাই বাবু শান্তি যজ্ঞের আয়োজন করেন শ্রাবনীর বাড়িতে ।ডাকা হয় লাল শালু পরিহিত সাধু সন্ন্যাসী দের ।দল বেঁধে আসেন এলাকার মানুষ । আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এ ভরে গেছে বাড়ি । বসানো হয়েছে শ্রাবণী কে ওর বর কে । হয়েছে খিচুড়ি প্রসাদ এর আয়োজন ।
সাধু সন্ন্যাসী গন যজ্ঞ শুরু করার আগেই ঘটে যায় অদ্ভুত এক কানড ।যজ্ঞ স্থলের পাতা আপনে চীৎকার করে কাঁদতে থাকে এক বছর বয়সী মেয়ে শিশু ।
একজন সন্ন্যাসী শ্রাবণী কে লক্ষ্য করে বলেন , আপনার মেয়ে কে কোলে নিন মা । উনি মেয়েকে আপনার হাতে তুলে দিয়ে শরী ধামে চলে যাবেন ।
শ্রাবনী সকলের আদেশ পালন করলো ।
যজ্ঞ শুরু হলো । অনেক ক্ষন বিশৃঙ্খলা চলার পর থেমে গেল ।
নতুন বর বৌ মেয়েকে নিয়ে থাকবার ঘরে আসে । শ্রাবনী দেখতে পায় খব সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো হয়েছে ফুল শয্যার খাট । সারা ঘর ঝকঝকে তকতকে করে থরে থরে সাজানো গোছানো জিনিস পত্র । কোথাও নেই কোন বিশৃঙ্খলা ।
শ্রাবণীর কোলে মেয়ে শিশুটি খিল খিল করে হেসে চলছে ।
হাসতে থাকে বাড়ির মানুষ রা ।

'নায়ক'

✒️ সৌরপ্রতিম শর্ম্মা 

আজ সাতসকালে আগরতলা থেকে খোয়াই ফিরে আসছি। গতকাল রাতটা কাটিয়েছি দূর্গাচৌহমুনী বাজার সংলগ্ন জনৈক বন্ধুর বাড়ীতে। ফেরার পথটা মনে-মনে ধরে নিয়েছিলাম, প্রথমে বন্ধুর বাড়ী থেকে প্রাতঃভ্রমণে লেইক চৌমুহনীর সাদা ব্রীজটা পর্যন্ত আসবো আর তারপরে সেখান থেকে রিক্সা ধরে রাধানগর বাস স্ট্যান্ড অবধি ও পরে ছোটা গাড়ীতে করে খোয়াই ফিরবো। 

বন্ধুর বাড়ী থেকে রওনা হলাম। হাঁটছি... হাঁটছি... হাঁটছি। একসময় সাদা ব্রীজটার সামনে এসে দাঁড়িয়েছি। ৫ মি... ১০মি... ২০... আধ ঘন্টা! তবুও একটি রিক্সার দেখা নেই। আমি হতবাক! হিসেব মতন তো এখন রিক্সা পাওয়ার কথা, অথচ রিক্সা - টমটম - টোটো সব উধাও! 

হঠাৎ আড়চোখে লক্ষ্য করলাম ব্রীজের পাশের চায়ের দোকানে বসে একটি পশ্চিমা সম্প্রদায়ের ছেলে কৌতুহলী হয়ে আমার দিকে সমানে চেয়ে আছে। কিছুক্ষন পরে ছেলেটি নিজে থেকেই আমার দিকে এগিয়ে এসে এতো সময় ধরে একজায়গায় দাঁড়িয়ে থাকার কারণ জিজ্ঞেস করল। স্বাভাবিক ভাবেই আমি বললাম, "বাস স্ট্যান্ডে যামু, তাই রিক্সার লিগ্গা দাঁড়াইসি।" ছেলেটি মুচকি হাসলো। তারপর বললো, "এইখানো বাস স্ট্যান্ডের লিগ্গা রিক্সা পাওয়া যাইতো না, আমনে ভুল করতাসেন।" ছেলেটির কথায় সম্বিত ফিরে পেয়ে আমি আবিষ্কার করলাম, হায়রে! লেইক চৌমুহনীর ব্রীজ তো নয়ই, উল্টে দূর্গাচৌহমুনীর ব্রীজের সামনে দাঁড়িয়ে আছি! দুটি ব্রীজ দেখতে প্রায় হুবহু একই, অন্য মনস্ক হয়ে ভুল পথ ধরেছি আর ঘন্টাখানেক যাবৎ শুধুশুধু তীর্থের কাকের মতো চেয়ে দাঁড়িয়ে ছিলাম। 

ভাইটির সাহায্য পেয়ে আমি তখন খুশীতে গদগদ হয়ে কৃতজ্ঞ চিত্তে মনে-মনে একটি কথাই ভাবছিলাম যে, ভাইটিকে কিভাবে যে এই উপকারের প্রতিদান দেবো? এরপর বললাম - "ভাই, আমনেরে কেমনে যে ধন্যবাদ জানামু বুঝতাসি না!" উত্তরে সেই ছেলেটি অমনই এক কথা বললো যে আমার মন-প্রাণ সবকিছু এক নিমেষেই জয় করে নিল। সে বললো, "আরে আমার কিচ্সু লাগতো না দাদা। এর তিক্কা যেকোন সময় যদি দেখেন যে কেউ এমন সমস্যাৎ পরসে, তারে তখন সাহায্য কইরা দিয়া দিয়েন... তইলেই মনে কইরেন যে সাহায্যটা আমিই পাইসি।"

অর্ধশিক্ষিত দরিদ্র পশ্চিমা সম্প্রদায়ের ছেলেটির অমন উচ্চমার্গীয় চিন্তাশক্তির কথা ভেবে-ভেবে তাঁর নামটি জিজ্ঞেস করতেই বেমালুম ভুলে গিয়েছিলাম। তারজন্যে পস্তাচ্ছি এখনও। অনন্ত ভদ্রতার খাতিরে তাঁর নামটি জানা উচিত ছিলো। যাইহোক! সবশেষে আমি যেটুকু উপলব্ধি করলাম তা হচ্ছে, আসলে নায়ক বলতে আমরা যা বুঝি, ভাইটি ছিল সেই। তাই এই 'নায়ক' নামেই সে চিরকাল আমার জীবন কাহিনির একজন পথপ্রদর্শক হয়ে থাকবে। তুমি ভালো থেকো 'নায়ক', এই কামনায়.....

                                

চলন্ত ট্রেন

✒️বিশ্বজিৎ মানিক

চলন্ত ট্রেন সময় যার চালক
গন্তব্য রহস্যময় এক স্টেশন
যেখানে কেউ উৎরায় কেউ চড়ে
কেউ জানালার পাশে বসে গল্প জুড়ে।

পথের ধুলো চাকায় মেখে
গতি বদলায় ট্রেন
কখনো প্রচন্ড কখনো ধীর
কখনো সংকেতে স্থিতিশীল।

বাইরের ভূদৃশ্য পাল্টায়
সবুজ মাঠ, ইটের শহর,
বৃষ্টির পরশ, কুয়াশার পর্দা,
রোদে পোড়া গা বাতাসে মেলে শান্তি।

কেউ টিকিট কেটে বসে
আবার কেউ বিনা টিকিটে
সিট খুঁজে নেয় যাত্রীদের ভিড়ে
কারোর গন্তব্য নির্দিষ্ট, কারোর অস্পষ্ট।

স্টেশন আসে, স্টেশন যায়,
নামার সময় কেউ বোঝে, কেউ বোঝে না,
কেউ বলে,"এখনো বাকি অনেক পথ"
কেউ নেমে বলে,"এই তো আমার ঠিকানা।"

চলন্ত ট্রেন চলতেই থাকে
কেউ নামুক বা কেউ উঠুক
সময়ের গতিতে চলে পথ,
জীবনের ট্রেন তবু জানে না তার গন্তব্য।

পরিযায়ী পাখি

✒️অভিজিৎ চক্রবর্তী

ঋতুচক্রে আবদ্ধ এ জীবন। 
সকলের জীবনে বসন্ত আসে 
শীত আসে, আসে শরৎ, হেমন্তও। 
জীবন বসন্তে ফুল না ফুটলেও প্রেমের সুগন্ধ পাওয়া যায়। 
পাওয়া যায় কুয়াশা বিহীন জীবনের শান্ত শীতলতা। 
আবার বর্ষার বানভাসি জল জীবনকে বিষাদ সাগরে বয়ে নিয়ে যায়। 
শরতের ছোঁয়া জীবনকে দেয় নতুন রূপ  
আনন্দে মাতোয়ারা করে সাজিয়ে তুলে।
শীতে পরিযায়ী পাখিরা বেড়াতে আসে জীবনে
আর চলে যাওয়ার সময় রেখে যায় মায়া। 
জীবন অনেক বড়ো, মায়ায় আটকে থাকলে জীবন চলে না। 
তবুও কিছু পরিযায়ী পাখি জীবনে এত গভীর সম্পর্কে আবদ্ধ হয়
যাকে ভুলতে গেলে জীবন শুধু জলহীন মরুভূমি মনে হয়। 
জলের অপর নাম যদি জীবন হয়
জল ছাড়া কি জীবনের কোনো মানে রয়।

আমার ভাষা

✒️ দীপক রঞ্জন কর

ভাব প্রকাশ্ করার মাধ্যম- যাকে বলি ভাষা ,
আবেগ মেশানো মন্ত্র যে কেবল-ই মাতৃভাষা।

যে ভাষাতে মিটে যায় মনের আশা পিপাসা 
আমার প্রাণের গর্ব আমার-ই বাংলা ভাষা।

হৃদয় ছুঁয়ে যাওয়া যেমন ভক্তি ভালোবাসা
সহজ কথা বিনিময় একমাত্র মায়ের ভাষা। 

মাতৃভাষা মায়ের বুলি মনের আদান-প্রদানে 
বাংলার বাদ্য ঢাক ঢোল উৎসব পূজা পার্বণে।

এ ভাষা বলতে সহজ শুনতে বড়ই সুমধুর,
বাংলা ভাষাতেই পাই কেবল অনুভূতির সুর।

কবির ভাষায় এ মাতৃভাষা মাতৃদুগ্ধ সমান,
ভাষার রক্ষায় শহীদ সংগ্রামীর তাজা প্রাণ ।

শিলচরের বরাকের 'উনিশে মে' এর বলিদান
ভাষার প্রতি ভালবাসা, ইতিহাস রাখে প্রমাণ।

ক্যারিয়ার

  ✒️দ্বীপ্তনু দে

হঠাৎ ঘোর ভাঙে, দেখতে পেল আঙুলের ফাঁকে তুলিটা আর নেই, বরং উঁকি মারছে একটা ওয়ান টাইম কলম। ক্যানভাস টাও পরিণত হয়ে গেছে একটা সাদা পৃষ্ঠার খাতায়।
ঘরের রঙিন দেওয়াল গুলিও কেমন ধুসর মনে হল। তাছাড়া দেওয়াল আঁকড়ে ঝুলছে কিছু ক্যালেন্ডার, Periodic Table, Formula of Mathematics, Cell Organelles, Thermodynamics আরও কত কি।
মনটা কেমন করে উঠলো, কালকের তাজা প্রান আজকে নিস্তেজ, শ্বাস রুদ্ধকর একটা পরিবেশ।
দেওয়াল এর যে পাশে কিছুদিন আগেও সেতার রাখা ছিল সেখানে আজ আলমারি, তার মধ্যে থেকে উঁকি মারছে কিছু প্রবেশিকা পরীক্ষার বই,
কিছু দিন আগে ভালো আর্ট করত সে, রুম থেকে শুনা যেত করুন সুর, কিন্তু আজ অবসাদগ্রস্ত ।
গতকালের প্রতিভা, আজকের রোগী, আগামীদিনের কী??...

ইচ্ছেমতি

✒️শ্রী জনার্দন

আমি ইচ্ছেমাত্র বসন্তের চৌহদ্দি ছুঁয়ে পথিক হয়ে দাড়িয়ে আছি,
যদি অনন্তকাল ধরে দাড়িয়ে থাকতে হয়, তাই বলে মিথ‍্যে প্রতিশ্রুতি দেবো না।

একজন প্রেমিকের হয়তো অনেক ইচ্ছে থাকে, 
কিন্তু তোমাকে বুকে জড়িয়ে রাখবো ' তার চেয়ে বড় ইচ্ছে আর কী হতে পারে।

জানি দ্বিতীয়বার তোমার পার্বতী হওয়ার ইচ্ছেটুকু আর নেই
কিন্তু আমার গভীরতাকে মেপে দ‍্যাখো,
অপার সমুদ্রে জলের নাগরিকতা যেমন হয়, আমি তেমনই আছি।

যদি নিষ্করুণ রৌদ্রের কাছাকাছি এসে রূপ সুন্দরের ছায়া হতে চাও,
তখন আমার ইচ্ছেমতি হয়তো অনাদিকালের গল্পের মতো ধারাবাহিকভাবে চলতে থাকবে।

হঠাৎ যদি মনে পড়ে অতীত থেকে কিছু গোপন কথা আকাশে ছড়িয়ে দেবে, 
আমার বৈদূর্য তখন মেঘে ঢাকা আকাশ থেকে ইচ্ছেগুলো কুড়িয়ে নেবে।

খেলাঘর

✒️গণেশ দে

ইঁদুরের দল হামলে পড়েছে
শস্যদানার উপর
নীরবে নিঃশব্দে বন্ধ জানলার
ভিতরে দুমরে মুছরে একাকার।

গলা শুকিয়ে আসছে
চৈত্রের মাঠের মতো আমার পিপাসা
এক কাপ চায়ে চুমুকের অভাবে 
দস্যুরা হামলে পড়েছে বিছানা ছেড়ে
ওঠে দাঁড়ানোর শক্তি হারিয়েছি। 

মাথার ভেতর যেন ইঁদুরের খেলাঘর
চোখ থাকতেও দৃষ্টিহীন
গোটা রাত ইঁদুরের ঠোকর খেতে খেতে
ভোরের প্রহর গুনছি !

শহীদদের শ্রদ্ধায় স্মরণ

✒️মায়া রানী মজুমদার 

ভাষার মান বাঁচতেই 
                   শহীদদের রক্ত ক্ষরণ,
আন্দোলনে রত শহীদ 
                 ভাইদের অকাল মরণ।
ভারাক্রান্ত হৃদয়েই তাই
                     করছি মোরা স্মরণ, 
সব মায়েদেরও আজও
               অশ্রু ভরা সজল নয়ন।
নিস্বার্থ আত্ম ত্যাগের 
          বিনিময়ে 'মাতৃভাষা'র মান। 
জীবন আত্মহুতি বাজি 
               রেখেই পেয়েছে সম্মান।
বুলেটের গুলিতে তরতাজা প্রাণ 
                 কেড়ে নিলো অবশেষে, 
এগারোটি প্রাণ প্রদীপ নিভে 
                    হারিয়ে গেল নিমেষে। 
বাংলা ভাষার তরে শহীদেরা
                  পেয়েছেন যত যাতনা, 
ভুলবো না কোনদিন 
                         মোরা ভুলবো না।
প্রথম মহিলা স্বর্গীয়া শহীদ
              শ্রদ্ধেয়া কমলা দিদিভাই, 
গুলিতে প্রাণ ত্যাগের আগে
                 একটু জল মিলে নাই।
মা জল আনার আগেই 
                      হলো অকাল মরণ, 
শ্রদ্ধায় নত জানু হয়ে 
               করছি শহীদদের স্মরণ।

Triumph of the Blue Tigers

✒️Raja Debroy

The day was 23rd May, 2000, a day that would be etched in the memories of every Indian cricket fan forever. The stage was set for the thrilling final of the Sahara Cup, a bilateral series between arch-rivals India and Pakistan. The venue was the iconic Sharjah Cricket Stadium and the atmosphere was electric.

The Indian team, led by the astute Sachin Tendulkar, was determined to make their mark on the international cricket scene. After a thrilling tournament, India and Pakistan had reached the final, each having won two matches and lost one. The stakes were high and the pressure was palpable.

As the teams took to the field, the tension was palpable. The Pakistani team was looking to cause an upset. However, the Indian team was confident with a strong batting lineup and a potent bowling attack.

The match began with India winning the toss and electing to bat first. The Indian openers, Sourav Ganguly and Sachin Tendulkar, got off to a flying start, putting up a 100-run partnership. Tendulkar, in particular, was in scintillating form, smashing boundaries and sixes with ease. He eventually scored 93 runs off 101 balls, including 12 fours and 2 sixes.

The Indian innings came to an end at 225/6 in 50 overs, with Mohammad Akram picking up 2 crucial wickets. Pakistan, chasing a target of 226, got off to a shaky start, losing their first wicket in the 4th over. However, they fought back with Saeed Anwar and Imran Nazir putting up a 100-run partnership.

But the Indian bowlers, led by Anil Kumble and Javagal Srinath, were determined to restrict the Pakistani run flow. They bowled with precision and accuracy, picking up crucial wickets at regular intervals. Pakistan's innings came to an end at 187/8 in 45 overs, with India emerging victorious by 30 runs.

The Indian team erupted in joy, with the players hugging each other and celebrating their hard-fought victory. The fans, who had been cheering them on throughout the match, waving flags and banners. It was a moment of pure elation, a testament to the team's skill, determination and teamwork.

As the team lifted the trophy aloft, the Indian players couldn't help but feel a sense of pride and accomplishment. They had worked tirelessly throughout the series and their efforts had paid off in the most spectacular way possible. The victory was not just about the team- it was about the nation, the fans and the countless people who had supported them every step of the way.

The final score read India 225/6 (50 overs) and Pakistan 187/8 (45 overs). India won by 30 runs (D/L method) and the Blue Tigers had emerged victorious once again. It was a day that would go down in history, a day that would be remembered for generations to come. The Indian team had proven themselves to be a force to be reckoned with and they would continue to inspire and thrill fans for years to come.

ভিন্নতা

✒️সুমিতা বর্ধন

মনে হয় নিরুত্তাপ, নির্জীব একটি মানুষ,
উত্তাপের মাত্রা কবেই শূন্যের কোঠায়, 
দিন যায়, সময় বয়ে যায়
সেই গতিতে কোন ফারাক পড়ে না,
পার্থিব গতিতেও যে অবিশ্বাস,
চলার পথে কেমন একটা ধোঁয়াশা অন্ধকার,
সেই অন্ধকারের গতি পথ ধরেই
নির্জীব, নিরুত্তাপ মানুষের চলা,
হঠাৎ খেয়ালের বশে দৃষ্টি যায়
অন্ধকারের আকাশ ফুঁড়ে 
ভোরের সূর্য উঠে,
কিন্তু ঐ সূর্যের তাপ ও যে 
বড়োই শীতল ঠেকে।

ডানার আড়ালে

✒️গোপা রায়

মানুষ হয়ে ভাবি, 
 আহা পাখি!
শুধু ডানা মেলে বেড়ায়,
 কি আনন্দ!
নীল আকাশ, মেঘের পাশে বসবাস,
এমন মুক্তি পেলে--
আর কি চাই?

 একদিন বৃষ্টির নিচে দাঁড়িয়ে
এক ভেজা চড়ুইয়ের চোখে দেখেছিলাম কষ্ট।

সেই চোখে ছিল না কোনো আকাশ,
ছিলোনা স্বপ্ন।

অনিশ্চয়তার ঘর তার
উড়ে গেছে ঝড়ে,
 ধুয়ে গেছে স্বপ্ন,

এক বিড়ালেই লুট হয়ে যায় ভালোবাসা।

কে রাখে তার সন্তানের খবর?
কে শোনে তার ছোট্ট আর্তনাদ?
পালকের নিচে লুকানো লাশগুলো
শুধু শকুন জানে, 
   মানুষ জানে না।

সন্ধ্যাবেলায় যখন জানালায় বসি,
দেখি --একটা চিল ঘুরে ফিরে যায়—
ভাবি, কতই না সুখ ওর জীবনে!
সে কি আমার মতোই পথ হারায়?

 ঘুম হারা সে-- 
চোখ বন্ধ করলেই ভয়ের শব্দ পায়—
ডানার নীচে চাপা পড়ে থাকে ভয়,
প্রতিদিন তার জীবন এক যুদ্ধ, একেকটা প্রলয়।

মানুষ ভাবে— পাখি মানেই সুখ,
আকাশ মানেই মুক্তি,
 ডানা মানেই গান।
কিন্তু পাখি জানে, কতোটা নিঃসঙ্গ সে।
এই মুক্তির ভিতরেও বেদনার টান।

আমি আর পাখি হতে চাই না,
ভালোবাসি মাটি, ভালোবাসি ঘর—
আমার সীমা আছে, শান্তি আছে,
ওর ডানায় আছে শুধু ভাঙনের ঝড়।

বসন্তের আনন্দ

✒️শুক্লা রানী দাস

আজি বসন্তে মনের আনন্দে
আছি রঙ আবিরে ছন্দে ছন্দে
বাতাসে রঙে রঙে রঙ বাহার
গাছের ফুল দেখায় চমৎকার। 
আমরা খেলি হোলি 
যৌবন জোয়ারে ভেসেই চলি। 
নাই ভেদাভেদ কেবা নর কেবা নারী
কিসের আপন কিসের পর। 
আমরা নাচি গাই তালে তালে
যুথে যুথে রঙ খেলি সবাই মিলে। 
রঙে রঙে রঙ মিশায়ে রঙের খেলা। 
এই বসন্তে মনের মাঝে দেয় দোলা। 
রঙে রঙে কেউ বা রাধা, কেউ বা শ্যাম
দুজনে রঙ আবিরে হয় রাধেশ্যাম।

জন্মদায়িনি মা

✒️মনচলি চক্রবর্তী 

মা তুমি আমার জন্মদায়িনি মা,
তোমার মতো আছে কজন
তোমার মতো নেইকো মা 
কোন আপন জন। 
মা তোমার আদরেই 
হাসি আমি
মা তোমার বকুনিতে
কাঁদি আমি।
তোমার স্নেহ মমতায় মা গো 
আমার শৈশব হাসবে 
মা তোমার শাসনেই আমার
ভবিষ্যৎ জীবন গড়বে।
জয় করলে মায়ের মন
হাতে পাবো এই বিশ্বভুবন।
মা গো মা তুমি চিরকাল মোরে
রেখোগো তোমার স্নেহের আঁচলে 
রেখো গো মা তোমার সন্তানেরে
তোমার চরন কমলে।

সূর্যোদয় দেখবো বলে

✒️রেহানা বেগম হেনা

সূর্যোদয় দেখবো, তাই
পাহাড়ের গা ঘেঁষে দাঁড়াই।
দেখি, ভোরের সূর্যটি 
পাহাড়ের গা বেয়ে বেয়ে
হামাগুড়ি দিয়ে দিয়ে
আকাশ ধরে,
লাল গোলাপী কোমল আভা দেয় ছড়িয়ে,
সেই আভা মেখে নিই সারা শরীরে।
কবিতা ও আমি,
আমি আর কবিতা,
ইচ্ছে মতো
দুজনে হাত বাড়িয়ে দিই সামনের দিকে,
নরম আলো ছুঁয়ে প্রতিজ্ঞা করি -
মানুষ হওয়ার
আপ্রাণ চেষ্টা চলছে
সূর্যের মতন সত্যের আলোয়।
ধীরে ধীরে মানুষ হয়ে ওঠার চেষ্টা...

নন্দীনির সংগ্রাম

✒️দিব্যেন্দু নাথ 

ভোরের আলতো আলোয় কুয়াশায় ভেঙ্গে দেওনদীর চর দেখা যাচ্ছে। নন্দীনি সাত সকালে এসে দেখে যেত, নদীর হাসি-কান্না গড়ানোর পথ। যেন কোনো বিস্মৃত কবিতার পঙ্‌ক্তি নিয়ে চলে এই নদী। চারদিকে শিউলি আর ধানের সুবাস, বাঁশঝাড়ের ফাঁকে ফাঁকে রোদের ফোঁটা পড়ে ধুলোর মত, আর দূরে কোথাও এক নামহীন পাখির সুর ভেসে আসে—যেন কোনো প্রাচীন কষ্ট ফিসফিস করে ডাকছে।

এই স্বপ্নজাল ঘেরা নন্দনগ্রামে জন্মেছিল নন্দীনি একদিন। চোখে ছিল কোনো এক অচেনা পৃথিবীর প্রতিচ্ছবি - যেখানে ভালোবাসা মানে শুধুই স্পর্শ নয়, আশ্রয়, সম্মান আর নিজেকে চিনে নেওয়ার স্রোত।

একদিন হাটফেরা পথে দেখা হয়েছিল নিখিলের সঙ্গে। সে ছিল আগুনে চোখের বিদ্রোহী এক যুবক। বলেছিল - তোর চোখে নদীর শান্তি আছে নন্দীনি... তুই আমার স্বপ্নের মত।

নন্দীনি ভেবেছিল, হয়তো এটাই প্রেম।
সে স্বপ্ন দেখেছিল একটি ছোট্ট ঘরের, যার ছাদ ফুটো, মেঝেতে জল, কিন্তু অন্তরে ভালোবাসার দীপ্তি। নিখিলকে বলেছিল - চেষ্টা করব, তুই আগে রোজগার কর। 

কিন্তু প্রেম কি কেবল প্রতিশ্রুতি আর ত্যাগের নাম?

কিছুদিন পর দুজনের বিয়ে হয়। মানুষের ভাষায় ভালোবাসার বিয়ে। পাঁচ বছরের মধ্যে দুই কন্যা সন্তান জন্ম।
 
হঠাৎ একদিন নিখিল হারিয়ে গেল। ঠিক যেমন শুকিয়ে যাওয়া নদী একদিন নিঃশব্দে হারিয়ে যায় দিগন্তে। সমাজ বলল, - স্বামী ফেলে গেছে? দুই মেয়ে নিয়ে কোথায় যাবে? আইন বলল, - তোমরা আর স্বামী-স্ত্রী নও।

নন্দীনি কাঁদল না। চোখের জলে না ভিজিয়ে, শুধু বেদনা সেলাই করল বুকে।

এরপর এলো নির্মল সরকারি চাকুরে, শান্ত মনের মানুষ। নন্দীনির ক্লান্ত দৃষ্টিতে সে দেখেছিল নতুন আশার আলো। বলেছিল, - তোমার মেয়েরা আমারও হবে... যদি তুমি রাজি থাকো।

নন্দীনি ভেবেছিল, এবার বুঝি আশ্রয় মিলেছে।
কিন্তু নির্মলের সংসারে ছিল প্রথমা - প্রথম স্ত্রী।
সে মেনে নিতে পারেনি নন্দীনির অস্তিত্ব। দুই সংসারে চলত দ্বন্দ্ব, নির্মল ছুটত দুই ঘর। যখন প্রথমা জানতে পারে, নন্দীনি পোয়াতি হচ্ছে। চরম আকার ধারণ করে ঝগড়া। তার বাপেরবাড়ির লোক এসে শাসিয়ে যায় নির্মলকে। আত্মগ্লানিতে ভুগতে থাকে। পৃথিবীর সব ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে এক ঝড়ের রাতে, ফ্যানের দড়িতে দুলতে থাকে নির্মলের স্তব্ধ দেহ। পেটের সন্তান ও সমাজের কাঁটা নিয়ে একা দাঁড়িয়ে রইল নন্দীনি নদীর ঘাটে। 

মা এসে বলেছিলেন- তুই মরলে তিনটে প্রাণ মরবে। আর না মরলে, সমাজ তোকে ছিঁড়ে ফেলতে পারে, কিন্তু বিচার করার অধিকার একমাত্র তোর।

নন্দীনি আবার মাথা তুলে দাঁড়াল। একদিন এক পত্রিকায় ছোট্ট একটি বিজ্ঞাপন চোখে পড়ল। “স্ত্রী-সন্তানহীন পেনশনার, পরিচারিকা চান। সন্তান থাকলেও চলবে, যদি বিবাহে রাজি থাকেন।”

নন্দীনি দেখা করতে গেল। লোকটি ছিল আশি বছরের বৃদ্ধ। তাঁর ক্লান্ত চোখ, শান্ত মুখ। বললেন, - জীবনের শেষ প্রান্তে আমি কাউকে কিছু দিয়ে যেতে চাই।

নন্দীনি দাঁড়িয়ে আছে, পুরনো মাটির ঘরের বারান্দায়। দূরে সূর্য হেলতে হেলতে হারিয়ে যায় সোনালি ধানের ক্ষেতে। গোরু ফিরে যাচ্ছে গোয়ালে, পাখিরা বাসায়, আর একলা নারীটি আপন আলো-ছায়ায় ভাবছে - নিখিল চেয়েছিল শরীর, নির্মল দিয়েছিল ভালোবাসার প্রতিশ্রুতি, কিন্তু একমাত্র এই বৃদ্ধ....। ছায়ার মতো নিরাপত্তা বিনিময়হীন এক ভরসা, সন্তানদের পদবি। তাদের হাসিই তো একমাত্র উৎসব হতভাগীর। হৃদয়ের সেই আগুন আর লুকাবে না, কাঁন্নাও আসছে না আর মুখ তুলে দাঁড়িয়ে আছে। সমাজ প্রশ্ন করবে! - তিনবার বিয়ে? উত্তর দেয় -না, তিনবার বাঁচা। নারীরা শুধুই ভাঙে না, গড়েও। শুধু সহ্য করে না, নিজেই ইতিহাস লেখে।

নির্ঘুম রজনী

✒️সুখময় মুড়াসিং

নির্ঘুম রজনী কাটেনা সজনী
সময় যেন থমকে দাঁড়ায় ,
হাজারো স্মৃতি ঘোরপাক খায়
মনের সুপ্ত মণিকোঠায় ।

রাতজাগা পাখি ক্ষণিক ডানা 
ঝাপটে কুয়াশা ঝরায় ,
সুবাস ছড়িয়ে নিশীথে ফোটা 
শিউলী ধুলায় লুটায় ।

 শৈশব স্মৃতি হাতড়ে বেড়াই 
প্রাক বর্ষার আঙিনায় ,
অতীত দিনগুলি কি চমৎকার 
ছিল হাসি খেলায় ।

অনুভূতিহীন আত্মা , মরমে মরমে 
হানছে তির্যক হেলায় ,
মৃত্যুকে ঘৃনা করি , তবু হতাশায়
 ভোগাচ্ছে কেন আমায় ।

শুভ জন্মদিনের গান

✒️বিপ্লব গোস্বামী

জ্বালিয়ে আলোর বাতি সবাই আনন্দে মাতি
আশিস শুভেচ্ছা অন্তহীন।
শুভ জন্মদিন শুভ জন্মদিন।।

প্রতিদিন গুণি দিন কবে আসবে শুভদিন
আনন্দ হবে সীমাহীন।
শুভ জন্মদিন শুভ জন্মদিন।।

তোমার জন্মদিনে নানান কবিতা গানে
আনন্দ করি সীমাহীন।
শুভ জন্মদিন শুভ জন্মদিন।।

যেদিন জন্মিলে তুমি মা দিলেন কপালে চুমি
বাবা বাজিয়েছিল বীন।
শুভ জন্মদিন শুভ জন্মদিন।।

সবে দেই শুভেচ্ছা সফল হোক সব ইচ্ছা
বেড়ে উঠো হয়ে বাধাহীন।
শুভ জন্মদিন শুভ জন্মদিন।।

সবার শুভ কামনা সুখ শান্তির বাসনা
ভালোবাসা দেই অন্তহীন।
শুভ জন্মদিন শুভ জন্মদিন।।

জীবন্ত

 ✒️পান্থ দাস 

তুমি জীবন্ত,
অজস্র বিরোধীর দোয়াতে,
জাদুময় প্রকৃতি
বাঁশি সুরে ঠোঁটেতে।

তুমি জীবন্ত,
সবার হৃদয়ের মাঝেতে,
সৈনিক জীবন
শত প্রতিবাদির কলমেতে।

স্বর্ণ আভা

✒️পরিমল কর্মকার 

তোমাকে দেখব বলে, প্রতিদিন জেগে উঠি।
তোমার নবযৌবনার সৌন্দর্য আমাকে প্রাণ চঞ্চল করে তোলে।

তোমার রূপ, তোমার স্বর্ণ আভা সৌন্দর্য, আমার দেহমনে শিহরণ জাগায়।

জীবনটা সুন্দরের পিপাসু,
ভালবাসার উষ্ণ আবেগে পিপাসু হৃদয়ে আজন্ম লালিত লজ্জা ত্যাগ করে তোমাকে আপন করে নিয়েছি।

জীবনের অনেকটা পথ আজ অতীত,
শীতের তৃষ্ণার্ত নদী যেমন ঘন বর্ষার অপেক্ষায় -
ঠিক তেমনি তোমার রূপের ভালবাসায় তৃষ্ণার্ত দৃষ্টি নিয়ে সকালে জেগে উঠি তোমার সান্নিধ্য পাব বলে।

জীবনের ব্যর্থ প্রয়াসে ক্লান্ত অসহায় চোখ জেগে থাকে রাতের স্বপ্ন ছোঁয়া আবেগে,
তবুও ভোরের মলিন বাতাসে কোথায় হারিয়ে যায়,
তোমাকে পাবার আশায় !

তুমিতো জানো, হৃদয়ের শুভ্র আবেগ থেকে ভালবাসার জন্ম,
তাই আমৃত্যু তোমাকে ভালবাসবো বলে প্রতিজ্ঞা করেছি।
চাই না আমি প্রতিদান,
শুধু তোমার সান্নিধ্য পেতে চাই,
দীর্ঘ জীবনের চলার পথে।

ফিরতে চাই

✒️অসীম দেববর্মা 

ফিরতে চাই শৈশবের সেই সন্ধ্যায় 
লোডশেডিং হলে পড়ে 
মন ঠিকতো না ঘরে 
করতাম ছুটাছুটি পূর্ণিমায়
চাঁদের আলোর জ্যোৎস্নায় 
সবাই বলত হও তোরা শান্ত 
রাতেও কী তোদের খেলায় হয় না অন্ত !
অমাবস্যার আঁধারী সন্ধ্যায় চুপচাপ বসে 
শুনতাম বড়োদের কল্পকাহিনীর গল্প
হায়রে ! শৈশব সময়ের ঘরে তোর ঠাঁয় বড়োই অল্প !

অনুভবের বেদনা

✒️জয়ন্তী কর্মকার

দু সংখ্যার বয়সটা বেড়ে চলেছে মনের অজান্তেই।
ফেলে আসা অপূর্ণ মুহূর্ত গুলো মনে করিয়ে দেয় অনুভবের বেদনা।

মোহভঙ্গ হৃদয়ে 
সময়ের কাল যাপনে
সত্যি মিথ্যে আশা ভরসার মাপকাঠিতে সমাজের চালচিত্রে সময় যাপন।

আলোচনা - হৃদয় ছুঁয়ে যাওয়া সমালোচনায়-- এগিয়ে যাওয়া পথে মুখগুলো ভেসে ওঠে।

ইচ্ছে শক্তির প্রেরণায় মনের বয়সটাকে সতেজ করে ঘুরে দাঁড়াতে হবে।

দু সংখ্যার বয়সটা আভা ছড়িয়ে
পড়ন্ত বিকেলের সূর্যাস্তের মত ঢলে পড়তে দাও--
মনের বয়সটা যেন নতুন সূর্যের আলোক বিকিরণে ছড়িয়ে পড়ে।

সম্পদ

 ✒️ভবানী বিশ্বাস 

আগুন জ্বলছে, 
ছাই আছে শুধু। 
বুকজুরে কান্না 
পাথরচাপা– 

সূর্যের আলোয় 
ছেয়ে গেছে সব
অন্ধকার নেই
যেখানে লুকাব ! 

আমি আছি, থাকব
থেকে যাবে স্মৃতি– 
সম্পদ থাকবে
শুধু এ বিরহ…

প্রভাত ফেরী

✒️ড. অপর্ণা গাঙ্গুলী

ভোরের আলো উঠবে
গেয়ে কবিগুরুর সুরে
নৃত্যের তালে তালে
 আকাশ যাবে ভরে।। 
আবৃত্তির ছন্দে ছন্দে 
দুলে উঠবে চারিধার
নানা সাজে এগিয়ে যাবে
প্রভাত ফেরীর বাহার।। 
আকাশে বাতাসে ধ্বনিত
 হবে রবিঠাকুরের নাম
তোমার জন্ম দিনে জানাই
তোমায় শতকোটি প্রণাম।।

বেচু

✒️অনুরাগ ভৌমিক 

অন্যান্য শুক্রবারের মতো আজও বেচু বেরিয়ে পড়লো বোতল কুড়াতে। সঙ্গে তার মা। "আজ কই যাইবা মা?"
"চল ঐ ব্রীজটার কাছে। ঐখানে অনেক দিন হইলো যাইনা।নে এই বস্তাটা ল।"

শুক্রবার সাপ্তাহিক বন্ধ।বাকি ছয় দিন ফুটপাতে,দোকানে দোকানে এটা সেটা কাজ করে, মাঝে মধ্যে চেয়ে টেয়ে কিছু পায়।যা পায় তাই নিয়ে সন্ধ্যার পর চলে আসে শিশুপার্কের উল্টোদিকে যে শপিং মল তার খোলা করিডোরে। অনেক রোদ বৃষ্টি কষ্ট সয়ে শেষ পর্যন্ত এখানে এসে ওরা থাকছে। মোটামুটি স্থায়ী ঠিকানা।

চাইলেও সবাই দিতে চায়না।শহরের দোকানদার এই যে দুই এক টাকা দেয় তা এবেলা না হলেও ওবেলা কাজ করিয়ে পুষিয়ে নেয়।তবে বিকেলের দিকে গ্রাম থেকে যারা শহরে আসে ওরা ফিরে যেতে কিছু দেয় বিশেষ করে মহিলারা।ওরা ভালো মানুষ। ওদের অনেক কে দেখে দেখে মুখগুলো চেনা হয়ে গেছে বেচুর।

দুপুর বেলা অনেকদিন মহাদেববাড়ি বা আরও দু তিনটা আশ্রম, মন্দির অথবা জগন্নাথ বাড়িতে প্রসাদ পেয়ে যায়। মাঝে মাঝে সুপার মার্কেটের পেছনে যে সস্তা হোটেল আছে সেখানে খেয়ে নেয়।মালিক ভালো অনেক সময় টাকা রাখেন অনেক সময় রাখেন না। সন্ধ্যার দিকে পথের ধারে যে ফাস্টফুডের দোকান বসে সেখান থেকে চেয়ে রুটি সবজি খায়, সঙ্গে বেশি খায় বাপান্ত গালি। ওদের জল এনে দেয়।জায়গাটা পরিষ্কার করে দেয়।আবার কখনো কখনো টাকা বেশি উপার্জন হলে কিনে খায়।

ফুটপাতে বসে একটা কোণায় ছোট্ট একটা ছেলে বাদাম বিক্রি করে। মাঝে মাঝে ওর বড় ভাই এসে কিছুক্ষণ থাকে । আবার শহরের অন্য কোথাও এমন বাদাম দোকানে চলে যায়।এই ছোট্ট ছেলেটির নাম বিশু।বিশুর সাথে বেচুর খুব ভাব। মাঝে মাঝে এখানে এসে বসে থাকে সে।দুজনে অনেক কথা বলে।বিশুকে অনেক কাজে সাহায্য করে।বিশু ও বেচু কে বাদাম খেতে দেয়।অনেক সময় বেচু খায় না, মায়ের জন্য নিয়ে যায়।বিশুই বেচুকে খবর দেয় রাতে কার বাড়িতে ঠাকুরের অনুষ্ঠান আছে, খিচুড়ি প্রসাদ আছে।বেচু যায় অনেক অবহেলা পেয়েও প্রসাদ খায়।


ফুটপাতে দোকান সঞ্জুর।কালো ছিপছিপে সবসময় হাসিখুশি চেহারা।একটা ঠেলায় পুরো দোকান।চপ ডালের বড়া,চানা পাপড়,রুটি ঘুগনি, মাংস বিড়িয়ানি ইত্যাদি বিক্রি করে । তার হিসেবে ভালো বিক্রি এবং উপার্জন।এই সঞ্জু ও একসময় ভিক্ষা করতো ,চেয়ে চিন্তে খেতে পেতো।এই শহর সম্পর্কে সে জানে। তখন বেচুর মতো বয়স। বাংলাদেশ থেকে সোজা ত্রিপুরার এই শহরে এসেছে।সে দেশে অত্যাচার সহ্য করতে না পেরে এই সঞ্জুদের মতো অসহায় অনেক লোক এসেছে এবং এখনো আসছে।এইসব ঘটনা খুব করুণ।ভাবলে সঞ্জুর এখন ও কান্না পায়।সঞ্জুর সাথে বেচুদের চেনা জানা।বেচু মঞ্জুকে সঞ্জু মামা বলে ডাকে।সঞ্জু ও আপন মামার মতো খবর নেয় তাদের। মাঝে মাঝে কিছু সাহায্য ও করে।জগতে বেচুর মা ছাড়া আপন এই সঞ্জু মামাই আছে। সঞ্জুর আপন বলতে বৌ আছে, আর একটা মেয়ে, ক্লাস সিক্সে পড়ে।

সবকিছু ঠিকঠাক চলছে। বিশেষ করে প্রচন্ড বৃষ্টির দিনে ভিক্ষা পায় না,পেলেও নেহাত অল্প। ফুটপাতের দোকানেও বিক্রি কম হয়।তাই ওরাও টিফিন দিতে চায় না। ঐ দিনগুলোতে বাঁচতেই কষ্ট হয়ে পড়ে। নিরুপায় হয়ে একবেলা খেয়ে একবেলা না খেয়ে চলে যায় কোনো প্রকারে। তবু এমন কোনো হাহুতাশ নেই বেচুর। সঞ্জু মামা তাকে মাঝে মাঝে ভরসা দিয়ে বলে,"মামা আর একটু বড় হইয়া যা, তইলে  তোরে ঐ বড় মিষ্টির দোকানটাতে একটা কাজ পাওয়াইয়া দেমু।" বেচু খুশি হয়। কিন্তু বড় কীভাবে হয়ে যাবে তাই বুঝতে পারেনা।কখনো একা থাকলে বেচু স্বপ্ন দেখে একটা ঘর ভাড়া নেবে মায়ের জন্য।সে ভিক্ষা করবে না আর,কাজ করে টাকা রোজগার করবে। অনেক টাকা জমাবে। প্রচন্ড কষ্ট পেলে একা একা বেচু কান্না করে। আবার চোখ মুছে ফেলে।স্কুলে যাওয়া ছেলে মেয়েদের দেখলেই ইচ্ছে জাগে সে ও যদি স্কুলে পড়তে পাড়াতো খুব ভালো হতো।

আজ শুক্রবার। সকাল থেকে একটু একটু বৃষ্টি।এক পসলা পড়ে তো আবার চুপচাপ।বেচু একাই যাবে বোতল কুড়াতে।মনটাও ভালো নেই। কিছু টাকারও দরকার।গতকাল দুপুর হতেই চম্পার জ্বর জ্বর ভাব।রাতে কিছুই খায়নি।বেচু মাকে অনেক করে বলেছে। কিন্তু কিছুই লাভ হয়নি।মার শরীর ভালো না থাকলে বেচুর কিচ্ছু ভালো লাগেনা।মনটা কেমন কাতর অস্থির হয়ে ওঠে। শুধু কাঁদতে ইচ্ছে করে।সঞ্জু মামা তখন দোকান গুটিয়ে বাড়ি গেছে ।এমন সময় বেচু কী করবে ভেবে পায়নি।

যাক রাতটা ধীরে ধীরে সকাল হয়ে গেলো। সকাল বেলা মামা দোকান খুললে বেচু মামাকে কাতর হয়ে বলে। মামা কাছের ঔষধের দোকান থেকে দুটো পেরাসিটামল কিনে দেয়।"বেশি জ্বর হইলে ছয় ঘন্টা বাদে বাদে খাওয়াইয়া দিবি।"
"আইচ্ছা মামা।"
"এই নে এইটা আগে খাওয়াই বি।"এই বলে একটা ব্রিটানিয়া থিন বিস্কুটের প্যাকেট বেচুর হাতে দেয়।
বেচু চলে যাচ্ছে এমন সময় সঞ্জু আবার বলে ,"চিন্তা করিস না,মামা একটু পড়ে চাইয়া আমু।"
বেচু মাথা নেড়ে সম্মতি জানিয়ে মায়ের কাছে চলে যায়। 
সকাল বেলা সবাই দোকান খোলার আগেই মাকে নিয়ে চলে যায় পেছনের সুলভ  শৌচাগারের একটু আগে , এখানে অনেকটা খালি জায়গা। সন্ধ্যার পর মার শরীর ভালো হলে আবার সামনের কড়িডরে চলে আসবে এই ইচ্ছায়।

নাহ আজ এমন কিছু পেলোনা খুঁজে।হতে পারে বেচুর আগেই কেউ কুড়িয়ে নিয়ে গেছে। খুব খারাপ লাগছে বেচুর। মাঝে মাঝে এমন হয় তবে খুবই কম।এমন হলে তার মা অন্য যায়গায় কুড়াতে যায়।বেচুর মার জায়গা গুলো চেনা আছে।বেচু এই একটা জায়গাই চেনে।জায়গাটা ব্রীজের দিকে।খালি বস্তাটা হাতে মুখে একটা কষ্টের ছাপ নিয়ে ফিরে এলো।মার জ্বরটা অনেকটা সেরে গেছে।মা তারে ডেকে বলে,"বেচু এই নে ইহানে কুড়িটা টাকা আছে।একটু চা রুটি নিয়া আয়।"

দুপুরের দিকে বেচু চলে আসে জগন্নাথ মন্দিরে।আজ ও এক শ্রাদ্ধ অনুষ্ঠানের প্রসাদ খাওয়ানো হচ্ছে।বেচু অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। একজন বলল "আরোও কিছুক্ষণ দাঁড়া,খাওন ওপুরলে পাবি।"
বেচু বলল"আইচ্ছা,আমি দাঁড়াচ্ছি।"
বিকেল প্রায় সাড়ে তিনটায় বেচু একটা প্লাস্টিকের প্যাকেটে করে ভাত ভাল তরকারি একসাথে নিয়ে চলল তার মায়ের কাছে। এদিকে খুব ক্ষিধে পেয়েছে বেচুর।কোন সকালে অল্প বানরুটি খেয়েছে আর এখন প্রায় বিকেল।

বিকেল চারটা পার করে বেচু এসে পৌঁছায় শিশু পার্কের সামনে।হাতে সেই ভাতের প্যাকেটটা ঝুলছে।বেচু হঠাৎ দেখে লোকটি একটা ছোট্ট মেয়েকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে তার রুটি সবজি চপ চানা ডালের বড়া সাজানো ঠেলা গাড়িটির সামনে থেকে।
আর বলছে,"যা কইতাছি ইখান থাইকা। অহন কিছুই পাইনি না।যা যা কইছি মাথাটা গরম করিছ না।"মেয়েটা কাঁদতে কাঁদতে একটু দূরে সরে গিয়ে তাকিয়ে আছে খাবার গুলোর দিকে। বেচু ঘটনাটা ভালো করে দেখে বুঝে ফেলে ব্যাপার টা কী হতে পারে।
বেচু মেয়েটার কাছে যায়। মেয়েটার ময়লা ও ছেঁড়া জামা,জট বাঁধা চুল,চোখ মুখ শুকনো। দুর্বল।
বেচু জিঞ্জেস করে,"কীরে খাইবি কিছু, ক্ষুধা লাগছে?" মেয়েটির চোখে তখন ও জল।বলে,"হ খামু। কালকের থাইকা কিচ্ছু খাইছিনা।মাও কিচ্ছু চাইছেনা।"
"কই থাইকা আইছত ইহানো?আগে দ দেখছি না।"
"আমরা কাইলকা আইছি ইহানো। বাংলার থাইকা। কয়দিন আগে।পথমে আরেকখানো থাকতাম।মা কইতা পারবো।
" কান্দিছ না।"বলতে বলতে বেচুর ও কান্না পেয়ে গেলো। খুব কষ্টে সংবরণ করে বলে,"এই নে,ইহানো অনেক ভাত আছে।নে ল ইয়া যা।রাত্রে বা কাইলকা সহালে গড়ানো আইচ। আমার মাও থাকবো। আমার সঞ্জু মামা ও আছে।দেখবি খুব যদি হইবো।
মেয়েটা প্যাকেটটা হাতে নিয়ে আনন্দে ছুটতে ছুটতে অদৃশ্য হয়ে যায়।বেচুও তার নিজের ক্ষুধার কথা ভুলে গেছে। অনেক শান্তি পেলো বেচু কেন সে জানে না, ধীরে ধীরে পিঁপড়ের মতো শহরের ভীড়ের দিকে মিশে গেলো।

হাতে একটা কলম ধরিয়ে দিও

✒️সুপর্ণা মজুমদার রায়

শহরের গালিচা বিছানো মরচে পরা উঁচু সিড়িতে উঠার সাধ নেই। 
শুধু  হাতে একটা কলম ধরিয়ে দিও,
যাকে ভর করে উঠে আসবে তোমার শহরের মারণ অসুখের কদর্য চেহারা। 
যাকে ভর করে উঠে আসবে তোমার শহরের সর্বহারা গরীবি শোষননীতি।
উঠে আসবে তোমার শহরের অন্ধকার গলিতে সেই মেধাবী মেয়েটার ধর্ষণের চিত্র। 
মেরুদণ্ডহীন বেকার যুবককে বেলেল্লাপনায় বুঁদ করে রাখার চিত্র, 
সাথে কর্পোরেট বুটের হুঙ্কারধ্বনি।
আমি যশ চাই না ----।
শুধু একটা কলম ধরিয়ে দিও,
যাকে ভর করে উঠে আসবে 
তোমার শহরের 
নেশা কারবারিদের রমরমা পাচারের গল্প। 
রাতের ঘুম কেড়ে নেওয়া ছাত্রের মুঠোফোনে আসক্তি, 
মাঝ বয়সীদের লেপটপে পর্নোগ্রাফিতে ডুবে যাওয়া অবসাদগ্রস্ত জীবন কাহীনি।
আর?????
আর থাকবে সত্যকে দাফন  করার একমাত্র সাক্ষী অসহায় মায়ের বুক ফাঁটা কান্না। 
আমি সুখ্যাতি চাই না। 
শুধু একটা কলম ধরিয়ে দিও। 
যাকে ভর করে তোমার রূগ্ন শহর 
খুঁজে পাবে আরোগ্যের সুদীর্ঘ পথ।

মাতৃভাষার মুখ

✒️আলমগীর কবীর

আমার জিভে যে শব্দেরা খেলে,
তা মা’র কোলের গন্ধ মেখে আসে।
শব্দ নয়, ওরা কানে আসা দুধের ঢেউ—
জন্মভূমির মুখের রেখা টেনে দেয়।

মাতৃভাষা—
তাকে বইয়ের পাতায় খুঁজে পাই না,
সে তো রান্নাঘরের হাঁড়ির পাশে দাঁড়িয়ে
নুন-হলুদের মতো ঝাঁঝ মেশায় কথায় কথায়।

সে চুল বাঁধে সকালে,
দুপুরে ধান শুকায় উঠোনে,
রাতে কুসুম গন্ধে গল্প শোনায়—
“এক দেশে ছিল এক রাজা...”

আমি সেই ভাষায় কাঁদি,
সেই ভাষায় হাসি,
যে ভাষা বুকে দুধের দাগ রেখে যায়—
সে ভাষা শুধু ‘ভাষা’ নয়,
সে আমার ঘরের ছায়া,
আমার চোখে জল হয়ে ঝরে,
আর গোপনে বুকের ভেতর
আকুলতা হয়ে বাজে।

আমার মাতৃভাষা—
তাকে নিয়ে কবিতা লিখি মানে
মায়ের কপালে চুমু খাওয়া,
একটা হারানো শৈশবকে বুকে টেনে ধরা।

তাই বলি,
যারা মাতৃভাষার দুধ ফেলে দেয় মুখের কোণে,
তারা আসলে নিজের মায়ের মুখ চেনে না।

উনিশে মে-ভাষার রক্ত ঝরা দিন

✒️বিশাল দাস

শহীদের রক্তে লেখা ইতিহাস,
পৃথিবীর বাতাসে আজও দোলে,
উনিশে মে’র সেই সকাল, জ্বলন্ত অগ্নিশোলে।
বাংলা ভাষার দাবিতে, উঠেছিল যে কণ্ঠ,
সেই কণ্ঠে লেগে ছিল সাহস, আর অন্তহীন বঞ্চ।

শিলচরের স্টেশনে, মায়ের ভাষা রক্ষায়,
শহীদ হলেন তমাল, কমলা — নাম লেখা প্রাণপণে।
কত প্রাণ নিঃশেষ হলো, বুলেটের ঝড়ে,
তবু বাংলা থামেনি, বুক ছিঁড়ে গিয়েছে ঘরে ঘরে।

সেই অক্ষরে গড়া পথ, এখনো আলো দেয়,
ভাষার অধিকারের শিখা, এখনো দীপ্ত হয়ে বয়।
ভাষা শুধু কথা নয়, আত্মার অভিব্যক্তি,
উনিশে মে তাই আজও, আমাদের চেতনার শক্তি।

উনিশে মে প্রতিটি বাঙালির অহংকার,
শহীদ ভাইদের প্রতি প্রণাম কোটি বার।

অচল প্রেমের পদ্য

✒️পূজা মজুমদার 

এক জীবনের সব হাহাকার বুকে নিয়ে
অভিশাপ তোমাকে দিলাম
তুমি সুখি হবে, খুব সুখি হবে ।
বেদনা আমাকে নিয়ে আশৈশব খেলেছে তুমুল
আর তিলে তিলে শিখিয়েছে সহনশীলতা,
নিলাজ নখের মতো দুঃখ কেটে কেটে আমি
আজকাল অর্জন করেছি ঠিক উদ্ভিদের
অদ্ভুত মৌনতা, ওলো উল্লাসিনী
না জেনে শুনেই কেন দিতে গেলে টোকা ?
তুমি আর কি বেদনা দেবে, কতোটা নাড়াবে ?
বালখিল্য এ খেলায় আমার
চেয়ে বেশি তুমিই হারাবে ।
এক জীবনের সব হাহাকার বুকে নিয়ে
অভিশাপ তোমাকে দিলাম,
ব্রহ্মপুত্রের ছেলে দেখে নিয়ো,
খুব সুখি হবে ।

বিপ্লবী

✒️দিয়া সরকার

ভুলব না কোনোদিন তাদের কথা যারা দিল প্রাণ,
তারাই ছিলেন ভারতের বীর সন্তান। 

তারা রাখতে গিয়ে দেশের মান,
দেশের জন্য দিয়েছে প্রাণ। 

করলো তারা দেশ স্বাধীন,
পরাধীনতার শেকল বিহীন। 

কত জীবন কেড়ে নিল দুষ্কৃতীর গুলি,
সন্তান হারা মায়ের কোল করলো খালি। 

রক্তে লেখা থাকবে তাঁরা ইতিহাসে,
অকালে কত জীবন গেলো ভেসে। 

বুক ফুলিয়ে করলো লড়াই বীর সেনা সব,
দেশ স্বাধীন করে তাঁরা বাঁচিয়েছে কত প্রাণ। 
শহীদদের প্রতি রইলো আমার সশ্রদ্ধ প্রণাম।

উনিশে মে

✒️উপলব্দা দাস

মে মাসের এই দিনে, স্মরণ করি ভাষা শহীদগণে,
বাংলা ভাষার তরে, জীবন দিল যারা স্টেশনে। 

বিশ্ব জুড়ে পালিত হয়, এই মহান দিন,
মাতৃভাষার মান, অক্ষত থাকবে চিরদিন। 

বর্ণমালা গাঁথা, হৃদয়ে শ্রদ্ধা অপার,
ভাষার অধিকার চেয়েছিল বার বার। 

উনিশে চেতনা জাগে, নব উন্মাদনা,
ভাষা মোদের গর্ব, মোদের ঠিকানা। 

শহীদদের রক্তে লেখা হল ইতিহাস,
ভাষা আন্দোলনের বিজয়, ঘুচে গেল সব ত্রাস। 

উনিশে মে'র শপথ, রাখবো হৃদয় জুড়ে,
ভাষার মান রক্ষায়, আমরা থাকবো না দূরে।

নারী তুমি শক্তি

✒️পাপিয়া দাস

নারী তুমি শক্তিস্বরূপা 
তুমি দশভূজার প্রতিরূপ,
তোমায় ছাড়া এই জগৎ
রবে একেবারে নিঃশ্চুপ।
তুমি আজ মহাকাশে রেখেছ পা
দিয়েছ সপ্তসাগর পাড়ি।
তোমার হাত রেখেছো বিমান ,জাহাজে
চালাচ্ছো স্কুটার ,মোটরগাড়ি।
তোমার হাতে গড়েছো শিল্পকলা
প্রতিভা তোমার কবিতা ,গানে।
অসীম সাহস নিয়ে এগিয়ে পড়েছে
সামাজিক উন্নয়ন করতে হবে এখন এ পণ নিয়েছো প্রানে।
তুমি দূর্বল ন‌ও,ন‌ও তুমি অবলা,
ঘর সামলিয়ে, বাহির সামলাতেও তুমি হয়েছ উদ্যত,
হবে আর কতো নির্যাতিত,হবে আর কতো ধর্ষিতা,
দৃঢ় সংকল্পে এগিয়ে চলো জয়ধ্বনি দেবে এ বিশ্ব ত।

ভেজা

✒️সীমা দাস

ভেজা দিন,
      ভেজা আকাশ,
ভেজা ছিলো যে তোমার আওয়াজ। 

ভেজা রাত,
       ভেজা চাঁদ,
ভেজা ছিলো যে তোমার হাত। 

ভেজা বৃষ্টি,
        ভেজা সৃষ্টি,
ভেজা ছিলো যে, তোমার দৃষ্টি। 

ভেজা মন,
        ভেজা রাগ,
তোমাতে ভেসে যাব আজীবন। 

ভেজা সাজ,
        ভেজা আশা,
ভেজা তোমার এই ভালবাসা।

পড়াশোনা

✒️পারমিতা সিং

সারাদিন এক কাজ, ভালো তো লাগে না,
নিত্যদিন করি যাহা, তা হল পড়াশোনা। 

সকাল সাঁঝে রাত, বিকেলের মাঝে,
একটাই কাজ, তা হল পড়াশোনা। 

লেখাপড়া করে, যাই অবিরাম,
নেই কোনো ছুটি, নেই যে বিশ্রাম। 

ছোট্ট থেকে শিখে আসা, অ, আ, ক, খ;
বড় হয়ে ভুলে যাই, এটাই দুঃখ। 

মাঝখান থেকে কেউ, যদি করে প্রশ্ন,
সবকিছু ভুলে যাই, মন হয় বিষন্ন। 

C.G.P.A এই চারটি শব্দ,
কম পেলেই নাকি, জীবন হয় নিস্তব্ধ। 

শিক্ষা মানেই নয়, C.G.P.A বৃত্ত, 
আচার ব্যবহারই, মানুষের জীবনের অর্থ। 

ইচ্ছা আমার, বড় হয়ে করবো সবার সেবা, 
করব সেবা দেশ জাতির, মা এবং বাবার। 

হবো না কোন অহংকারী, অসৎ ও মিথ্যাবাদী, 
হবো সবার বন্ধু আমি, সৎ ও সত্যবাদী।

ছায়াতরু

✒️দীপ্তি চক্রবর্তী

জীবন যুদ্ধে হেরে যাওয়া - 
আমি দিগন্ত পথযাত্রী।
আমি এক কুহকের কুহুতান, 
হৃদয়ের সুতো দিয়ে মালা গাঁথি
হৃদয়ে-হৃদয়ে।
পথ-প্রান্তরে দলে যাই আমি-
অনাহূত অভিমান।
আমি আকাশের টানে- 
নীল সাগরের বুকে আনি বান।
আমি নিঃশব্দে ডানা মেলি,                    
বিধ্বস্ত বিহঙ্গের মতো,
মুক্তির স্বাদ কেড়ে নিতে। 
আমি বৈশাখী ঝড় হয়ে 
তান্ডবে মাতি।
গ্লানি মাখা পরাজয় হতে- 
তমস-রাক্ষস রূপ ক্লেশ নিবারিতে।
মমতার সুধা মাখা, 
অসীম সৌন্দর্যে ঢাকা 
জীবন পথে,
আজও চেয়ে দেখি-
বিশ্ব চরাচরে,
জেগে আছে সেই চির দিবসের 
নির্লিপ্ত, নিরাসক্ত অভিমানী চোখ।
দুই ফোঁটা অশ্রু মুছে,
শান্ত নদীর মতো ফিরে যাই, 
দু-বাহু বাড়িয়ে থাকা, 
তৃষিত বক্ষের তলে, 
আজন্ম ব্যাকুলিত, 
স্নেহ-সুধা বিগলিত মাতৃক্রোড়ে।

বন্যপ্রাণী সংরক্ষণ

✒️প্রতিমা দেববর্মা
 
উদ্ভিদ,জীবজন্তু ও মানুষের সম্মিলিত পরিবেশে 
জীবগোষ্ঠীর সার্বিক মঙ্গল সৃষ্টি অনায়াসে l
বহু প্রজাতির উদ্ভিদ, প্রানীতে মানুষ উন্নত প্রাণী 
বাঘ,সিংহ, হরিণ, হাতি বনাঞ্চলে পাচ্ছে গ্লানি l
চোরা শিকারি অর্থের লোভে শিং,চামড়া, দাঁতের শিকার করে 
বহু প্রজাতির প্রাণী বিলুপ্ত আজ ওদের কবলে পড়ে।
জলবায়ু,মাটি,বনে মিলে জীবের অস্তিত্ব 
পরিচর্যা,রক্ষণাবেক্ষণ,পুনরুদ্ধারেই জীবজগৎ সংরক্ষিত।
নির্বিচারে বন্যপ্রাণী ধরা,গাছ কাটায় পরিবেশের ভারসাম্য নষ্ট 
বন ধ্বংস ও বন্য প্রাণী লুপ্ত হয়ে ফাঁকা জায়গা দৃষ্ট।
বন্য প্রাণীর আবাসস্থল বনভূমি,

সবাই মোরা জানি 
অর্থনীতি নির্ভর বনজ সম্পদ,বনে নির্ভর বন্যপ্রাণী।
লুপ্তপ্রায় হায়না, সজারু আরো চশমা বানর 
ভালোবাসার পরিবর্তে ওদের কপালে জুটে ছিল অনাদর 
বন সৃজন প্রকল্প করে ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা করব 
সেথায় পশু,পাখির অত্যাচার নিষিদ্ধের জন্য লড়াই করব।
সারা বিশ্বে গঠিত হয় আন্তর্জাতিক বিশ্ব বন্যপ্রাণী তহবিল 
বিশ্বব্যাপী সাড়ে আট শ প্রাণি সংরক্ষণের শামিল।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় বনাঞ্চল রক্ষা করব 
বন্যপ্রাণী রক্ষার প্রয়াসে ব্রতী হয়ে সেখানেই বনভোজন করব।

দেনা-পাওনা

✍️ - দীপ্তি চক্রবর্তী



অংকে আমি বরাবরই কাঁচা,


জীবনের ওই সমীকরনটা তাই-


কোনোদিন আর মেলানো গেলো না।


সমীকরনের শেষ টানে,


তৃপ্তিদায়ক ফল পাওয়া আর-


এই জন্মে হল না আমার।


পরের জন্মে আবার আমি বসবো,


কাগজ-কলম সঙ্গে অনেক নিয়ে।


এ জন্মে তো হিসেব বুঝিনি,


পরের জন্মে বুঝবো ভালো করে।


এ জন্মে তুমি নাই বা আমার হলে,


পরের জন্মে হিসেব কষে মিলিয়ে দেখো আবার,


এ জন্মের সব দেনা-পাওনা,


পরের জন্মে চুকিয়ে নেবো দু-জন দু-জনাতে।