ছায়াযুদ্ধে

        
                   ✍️জ্যোতির্ময় রায়
       

ছায়াযুদ্ধে আছে রোজ,
ক্লান্তঘামের আট থেকে আশির জন
অযুত যন্ত্রণাগায়ে
নিশ্ছিদ্র ভদ্রতার টানে
বন্ধুসকলকে সঙ্গ দেয় কালে অকালে ,
হেঁয়ালির এনড্রয়েডে সমবেত সেল্ফি সময়ে 
সেও স্মিতমুখ হয় যন্ত্রণা লুকিয়েই
কয়েক সেকেন্ডের সে হাসিটা যদি 
সময় হাসতো !
হাসতো দিন 
অব্দের সীমা ছাড়িয়ে

নতুনত্ব


                    ✍️শুক্লা চক্রবর্তী
          
   জানিস মা... 
 আমাদের সকলের সবকিছুতেই, 
   নতুনত্ব কিংবা অভিনবত্ব চাই। 
 মাঠে ঘাটে রাস্তায় চাই যে শুধু নতুনত্বের ছোঁয়া। 
হারিয়ে না যায় আমাদের হতে নতুনত্ব তার যে ভয় হয় সদা,
এই নতুনত্ব যেনো তাড়া করে বেড়ায় সর্বদা। 
আমরা যে এই নতুনত্বের পিছু পিছু হাঁটতে থাকি, 
মরুভূমির শুষ্ক বালিচড়ের ওই পিপাসার্ত পথিকদের মতো। 
       এই নতুনত্বের সন্ধানে যেনো... 
 আমরা হারিয়ে বসি আমাদের অস্তিত্বকেই, 
বিসর্জিত হয় সহস্ত্র নতুনত্বের ভীড়ে সহস্র পুরোনো স্মৃতি! 
তবে এই নতুনত্বের তাড়নায় তাড়িত হতে হতে যখন একদিন,
জীবনের সন্ধ্যালগ্নে নেমে আসে আঁধার কালো রাত। 
যখন বয়ে যায় হাজারো প্রশ্ন নদী আমাদের মননে, 
তখনই মনে পড়ে প্রাণের ঠাকুর তোমার ওই গানটি... 
   "তুই ফেলে এসেছিস কারে, মন, মনরে আমার"।

কাজী নজরুল ইসলাম


                ✍️পঞ্চু পোড়েল 

বুকেতে যার বহ্নিশিখা
লক্ষ্যে হয় না ভুল
দেশ মায়ের দামাল ছেলে
বিদ্রোহী কবি নজরুল।
দুঃখী লোকের দুঃখী তুমি
বর্গীদের সংহার
দুঃখের সাগরে জন্ম লয়ে
করেছ পারাপার।
রুক্ষ কেশ মলিন বেশ
বন্দী মাতৃভূমি
শৃঙ্খলে তে কারাবরণ
করেছিলে তুমি।
ডাক দিয়েছ কলম জোরে
আয়রে ছুটে আয়
মা যে মোদের অশ্রু ঝরায়
সময় বয়ে যায়।
ভাঙবো মোরা লৌহকারা
খুলবো হাতের বেড়ি
আর কেঁদো না আসছি মাগো
একটু করো দেরি।
অমর তুমি চির জীবন
এই ধরাধামে
পূজিত তুমি সবার মনে
বিদ্রোহী কবি নামে।

স্বপ্নের উড়ান

 
                ✍️ মৌসুমী গোয়ালা

স্বপ্নগুলোকে কল্পনার ডানায় উড়িয়ে দিয়েছি
চলে গেছে ধরা ছোঁয়ার বাইরে,
হয়ে উঠেছে অমর্ত্যচারী।

বহুকাল গৃহহারা, ধরবার ছলে শেকলে বাঁধবার আকাঙ্ক্ষায়,
চাইছি নিজ নিকেতনে ফিরিয়ে আনতে,
আত্যন্তিকতায় নয় আন্তরিকতায়।

কাল থেকে কালে প্রসারিত আর্তির বিস্তার
অন্তর নিঙড়ানো আকুলতা, বিড়ম্বিত ভাগ্যে,
এক লহমায় মূলছিন্ন।

প্রবঞ্চনা প্রতারণায় ক্ষতবিক্ষত মনোজগত,
এফোঁড় ওফোঁড় করছে প্রতিনিয়ত বেদনাবোধ,
অদ্ভুত যন্ত্রনাজাত উপলব্ধি।

ফিরে পাবার উদগ্র কামনায়, শিকড় সন্ধানে
প্রশান্ত অনুভূতি কাজ করে চলে,
স্বতন্ত্র মনস্বত্বের একমূখীতায়।

অভিমান

             
                 ✍️গোপাল দে

ধীরে ধীরে গাঢ় হচ্ছে
অতীত বর্তমানের কিছু পুঞ্জিত অভিমান।
সুসম্পর্কের মায়াজাল ছিন্ন করে
আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে
হাজারো যন্ত্রণার আত্মকাহিনী।
ইতিবাচকতার আড়ালে ক্রমশঃ ঘুরপাক খাচ্ছে
শতসহস্র নেতিবাচক রক্তলোলুপ দৃষ্টি।

অভিমান

         
            ✍️ পৌষালী ভৌমিক

অভিমানের দাঁড়িপাল্লার ভার ভীষণ ভারী,
অনুভূতির ঝুলিও যেখানে দোল খায়
অভিযোগের আকাশ নয়,শুধুই মনখারাপের হাঁড়ি।
অভিমান অনুযোগে নয়, অপ্রকাশেই প্রকাশ্য,
কেউ বোঝেনা, কেউ বোঝাতে চায়না
অভিমান চিনতে মন জানতে হয় অবশ্য।
অগুনিত না বলতে পারা শব্দেরা ভিড় জমায়,
এরা তবু মুখচোরা, মুখবোজা
কথাদের একা বইতে পারা ভীষণ কঠিন হয়ে দাঁড়ায়।
জগতে অভিমান করার অধিকার একান্ত আপন,
এ অধিকার কেউ হারাতে চায়না
নিজেকে আবদ্ধ রাখার এ এক জীবন্ত কাফন।
অভিমানগুলো তাই নিজের হয়েই থাকনা,
এ জিনিসের ভাগ-বাটোয়ারাতে মনের বড্ড মানা।


আষাঢ় এল


              ✍️সুপর্ণা মজুমদার রায়

চাষার খুশির আষাঢ় এলো
দিকদিগন্ত ছেঁয়ে, 
বন্ধা মাঠ সবুজ হলো
মেঠো পথের গাঁয়ে। 
আষাঢ় এলো, আষাঢ় এলো 
নীল গগনের মাঝে, 
কাজল কালো মেঘের ছোঁয়ায়
আকাশ কালো সাজে। 
আষাঢ় এলো আঁধার রাতে 
গুড়ু গুড়ু বাজ, 
অভিমানি মেঘের মনে 
ভেঙেছে ভয় লাজ। 
আষাঢ় এলো, আষাঢ় এলো 
দিন রাত্রি সারা, 
উজাড় হয়ে ঝরছে মেঘ
অবিশ্রান্ত ধারা। 
আষাঢ় এলো, ফুঁসছে নদী
বেসামাল গতি আজ,
ঘুরপাকে ঘোলা জল 
উথাল নদীর মাঝ। 
বর্ষামঙ্গল আষাঢ় এলো 
হাওয়ারা অস্থির, 
গাছের শাখায় শঙ্কা পাখির
এই বুঝি ভাঙে নীড়!
বীজ বপনের আষাঢ় এলো 
মাটিতে সবুজ প্রাণ, 
নরম মাটির হৃদয় ভরে 
কচি পাতার ঘ্রাণ। 
জল থৈথৈ আষাঢ় এলো 
ছলাৎ ছলাৎ জল,
আষাঢ় জলে প্রাণ পেয়েছে 
বৃক্ষ তরু দল। 
আষাঢ় এলেই মনের মাঝে 
হারানো ছেলেবেলা, 
গল্প বলা মায়ের আঁচল 
যায়না তাকে ভোলা । 
আষাঢ় এলো বৃষ্টি মেখে
বৃষ্টিস্নাত ছবি,
আঁধার রাতে আবছা আলোয়
চাঁদ যেন এক কবি। 
কালো মেঘে দূর বলাকা
কোথা হতে কোথা পাড়ি, 
বর্ষামুখর আষাঢ় এলো 
মেঘবালিকার সারি । 

পরশ


                     ✍️অসীম দেববর্মা
  
 মায়ের স্বপ্ন আঁকা
    থাকুক সন্তানের 
          চোখে, 
  মায়ের ছোঁয়া থাকুক
      মেয়ের হাতে, 
   মায়ের আশা জুড়ে
     থাকুক ছেলের
            বুকে
   মায়ের ভালোবাসা
       মাখা থাকুক
      পাতের ভাতে।

এ বিশ্ব

 
                      ✍️সুমন দাস

এ বিশ্ব এখন থমকে আছে,
মানুষের কু-কর্ম কাজে।
এ বিশ্ব এখন কাঁদছে দেখো,
তীব্র প্রতিবাদে।
এ বিশ্বের বুকে বহুযুগ ধরে চলে আসছে আন্দোলন,
সবকিছুরই প্রকাশ ঘটেছে কবিতায়।
কখনো এই বিশ্বের বুকে চলছে প্রতিবাদ,
মানুষের কু-কর্ম কাজের ফলে।
এ বিশ্বের বুকে কোনো লুকানো ব্যথা থাকে না,
ব্যথা থাকে মানব-মানবীর জীবনে।
এ বিশ্বের কথা বদলায় না কখনো,
বদলায় শুধু মানব-মানবীর কথা।
এ বিশ্বের কোনো হিংসা বোধ থাকে না,
থাকে মানুষের জীবনে।
এ বিশ্ব কখনো বদলায় না,
বদলায় শুধু মানব-মানবীর জীবন।
এ বিশ্বের মধ্যে কখন ও হয়ে উঠেছে ঘুমপাড়ানি গান,
আবার কখন ও হয়ে উঠেছে প্রতিবাদের আগুন ।

প্রত্যাশা


                   ✍️প্রবীর পাঁন্ডে

অনেক বছর পরে বহু আশা নিয়ে
এসেছি তোমার কাছে অশান্ত হৃদয়ে-
দিয়ো না বন্ধ করে নন্দনের দ্বার, 
উপেক্ষা করো না আজ হে প্রিয় আমার! 
হয়তো অনেক দিন ডাকিনি তোমায়, 
হয়তো ছিলাম ভূলে সংসার মায়ায়;
তাই বলে দিয়ো না ফিরায়ে রিক্ত হস্তে, 
বঞ্চনা করিয়ো না এ চির বঞ্চিতে। 
কত বর্ষ এমনি করে মরুময় পথে
কেটে গেছে জীবনের -ছুটিতে ছুটিতে, 
কখন যে থেমে গেছে বসন্তের মেলা, 
কখন যে হয়েছে হেথা বৈকাল বেলা। 
তবুও চলেছি হেঁটে আমি একাকার;
দুরন্ত এ মরু পথে ধূ ধূ অন্ধকার। 
শুধু আজ এসে এ গোধূলি বেলায় 
দাঁড়িয়েছি তোমার দ্বারে কত না আশায়, 
বন্ধ করিয়ো না প্রভূ নন্দনের দ্বার
দিয়ো না ফিরায়ে প্রিয় পশ্চাতে আবার।

স্বপ্ন বদল


              ✍️ কৃষ্ণকুসুম পাল

সীমাহীন স্বপ্ন দেখো ক্ষতি নেই।
স্বপ্ন দেখা শেষ হলে,অন্ধ সকলে,
স্বপ্ন ভাঙবে,স্বপ্ন গড়বে,
তোমাকে তোমার মতো চলতে হবে,
পাঁচ মাথার মোড়ে থেমে থেকো না।
তুমিতো তুমি নও,স্বপ্নে কথা কও,
নিত্য দলবদল হোক,হোক স্বপ্ন বদল,
কৃতদাসের লাল,নীল, সবুজে গতি নেই।

গুরু তোমায় প্রণাম


                   ✍️ তমাল দেবনাথ 

হে প্রভু তুমি কী জানো?
কতটা যে তোমায় আমি ভালোবাসি।।
তুমি কাঁদালে আমি কেঁদে যায়।
তুমি হাসালে আমি হেসে যায়।।
তোমার আশীর্বাদে যে শক্তি পাই।
সেই শক্তিতে আমি এগিয়ে যায়।।
তোমায় রাখি আমার হৃদয়ের মাঝারে।
হারিয়ে যেওনা কাছে থেকে মোরে।।
কত শত যে নাম তোমার।
ননীগোপাল নামটি ভালো লাগে আমার।।
ভোরে জেগে লই তোমার নাম।
নিদ্রার সময় করি তোমার নাম।।
তোমার ঐ মিষ্টি বাঁশির শুঁর।
শুনতে লাগে বেশ অপূর্ব মধুর।।
তোমায় নিয়ে আর লিখছিনা আমি।
সদা সর্বদা ভালো থেকো তুমি।।
আমার কাছে তুমি যে সর্বশক্তিমান।
গুরু তোমাকে জানাই শতকোটি প্রণাম।।

মেঘবালিকা

 
                 ✍️কৃষ্ণ দাস

নীল দিগন্তে মেঘবালিকাদের আনাগোনা।
চিন্ময় রুপ খানি তাহার মিট মিটে কৃষ্ণ বর্নীকা।।
পংক্ষিনির ডানার চিল অবমুক্ত করিয়াছিল উহার এক চিলতে হাসি।
ভাগ্যের পরিহাস তাহার ব্যাপ্ত পরিহারে ছিল সাময়িক দাসী।।
তব চরণ ধরিতে সক্ষম।
যাহা সত্য তাহাই ভাবনায় ছেদ পড়ে যায়, পরিচয় বলে অক্ষম।।
মেঘের আড়ালে আবডালে ফসলের ঘুম ভাঙ্গার আভাস পাইয়াছি, 
জিজ্ঞাসু তাহারে জড়ায়ে ধরিয়া কাঁদি যদি, 
নীল সবুজের সমারোহ ,হে মেঘবালিকা ,
তব কৃষ্ণাঙ্গ বর্নিকার ছায়ার আদলে গড়া অভিমান।

গল্পের উপলব্ধি


                ✍️সুরমা আকতার

জীবনের হাজার গল্পের
অংক কষতে কষতে
অনেক উপলব্ধি জন্মায়।
কিছু গল্প অপূর্ণতা পায়,
আর কিছু সার্থক।
আর কিছু গল্প অপূর্ণতাতেও সার্থক।
পরিভাষায় বলতে গেলে
ব‍্যাক্তির নিজের উপর নির্ভর।
গল্পটা সে কেমন সাজাবে।
জীবনের রং অনেক রকম,
সাজানোর দায়িত্ব নিজের উপর।
যে দায়িত্ব পালনে 
শ্রেষ্ঠত্ব অর্জন করবে
তার গল্প ততটাই
সার্থক হয়ে উঠবে।
প্রকৃতির গল্পটাই দেখা যাক!
এক সময় রুষ্ট 
এতটাই রুষ্ট থাকে যে
সবকিছু তোলপাড় করে চলে যায়,
আর একটা সময় 
এতটাই শান্ত থাকে 
সবার মন তার সৌন্দর্যে মাতোয়ারা করে।
সবকিছুই সবার জন্য সমান
শুধু কাঠামোটাই পাল্টে দেয় বিশ্ব।

রাই


                  ✍️ সম্পা কর্মকার

বিনোদিনী রাই ,
বিরহেতে চক্ষু ভাসাই ।
রাধার মরমে শুধুই কৃষ্ণনাম...
কৃষ্ণের বাঁশির সুরে শ্রীমতি রাধিকার প্রাণ করে আনচান ।।
অন্ধকার পথে অভিসার যাত্রা...
কপালে জুটিলো কলঙ্কিনী মাত্রা ।
গোপীগনের সহিত কৃষ্ণের লীলা...
দেখে শ্রীরাধিকার হইলো ঈর্ষা ।।
শ্রীকৃষ্ণের মথুরা যাত্রায়
রাধিকার অন্তর হইলো নাশ ।
রাধা-কৃষ্ণের প্রেম-বিলাস...
যেথা সেথা সর্বত্র করে বিরাজ ।।

বর্ষা


                 ✍️ বিজয়া শর্মা

বর্ষা মানে মেঘলা আকাশ,
মেঘের গর্জন আর দমকা বাতাস।

পাখিরা সব যায় যে উড়ে,
মেঘে ঢাকা আকাশ ফুঁড়ে।

চাষির মাথায় চিন্তা জানি,
বৃষ্টিতে হয় ফসল হানি।

গাছ গাছালির মাথা নড়ে,
বাতাস যেন আছড়ে পড়ে।

রাখালরা সব যায় যে ছুটে,
এই তো বুঝি ঝড় ওঠে!

মেঘ জমেছে ঘরের কোণে,
বর্ষা নামবে পুষ্প বনে।

স্মৃতি


                  ✍️জয়তী দেবনাথ

হৃদয় জুড়ে কত-শত স্মৃতির আনাগোনা।
রঙিন সেই স্মৃতিগুলো বড্ড যতনে বোনা।।
দিন আসে, দিন যায়, কাটে বছর কত।
সময় যে দিয়ে যায় স্মৃতি শত-শত।।
আর ফেরেনা সেই সময়, সেই সুখের হাসি।।
সময় শুধু দিয়ে যায় সমিতি স্মৃতি রাশি-রাশি।।
এখন যেই দিনগুলো কাটছে হেলায়-খেলায়। 
একসময় এগুলোই ভাসবে স্মৃতির ভেলায়।।
মনে হবে ওই দিন আবার ফিরে পেতাম যদি।
দু - হাতে আগলে তবে রাখতাম আমি বাঁধি।।

ডায়েরির পাতা


                ✍️দেবলীনা ভট্টাচার্য্য

কিছু ডায়েরির ছেঁড়া পাতা ,
কিছু কলমের দাগ। 
প্রতিটি পাতায় লুকোনো কত ;
দুঃখ বেদনা রাগ।।

সেথায় লেখা প্রতিটি গল্প ,
বন্দী জীবনের একেক নাম।
 যত্ন করে রাখা কত স্মৃতি ;
 খোলা, মুক্ত, স্বাধীন উদ্দাম৷৷

গল্পের গল্প লিখে ,
 কেটে গেছে দিনরাত। 
এই কিছু পাতাই যে ছিল ;
তার ভরসার হাত।।

কত দুঃখে হয়েছে বোঝা ,
নিষ্পাপ মুখখানি।
কত কত সুখ, দুঃখ, পরিচিত মুখ ;
এই ডায়রিতেই যে হাতছানি।

কেউ কি জানতো?


                  ✍️সুজন দেবনাথ

কেউ কি জানতো এমনও দিন
জীবনে এসে যাবে?
সমুখেতে রাজভোগ থেকেও
ভিক্ষে করে খাবে।

কেউ কি জানতো এমনও দিন
জীবনে এসে যাবে?
রাজ প্রাসাদ টা গড়েও কেউবা
পথের ধুলায় রবে।

কেউ কি জানতো এমনও দিন
জীবনে এসে যাবে?
শান্তির নীড়ে সদাই অশান্তিরা
জমাট বেঁধে রবে।

কেউ কি জানতো এমনও দিন
জীবনে এসে যাবে?
আঁধার ঘুচাতে আলোর খোঁজে
জীবন বয়ে যাবে।

কেউ কি জানতো? সত্যিই
কেউ কি জানতো?

জোয়ার-ভাটায়, ভাঙ্গা-গড়ায়
এরই নাম তো জীবন,
সবই তো বোঝে তবুও খোঁজে
কি যে অবুঝ মন?

মন অস্থির


                 ✍️পাপিয়া দাস

নদীটার মন অস্থির আজও
 এপার ওপার ভেঙ্গে দিয়ে যায়।
সৃষ্টি তার পাহাড়ের ঢালে।
পাহাড়ের  হাত ধরে ক্রমে
 বাড়ায় সে তার  গতি। 
গতি বৃদ্ধির  দরুণ
চলছে সে উত্তাল  হয়ে।
সে আজ ভুলে গেছে 
পাহাড়  ছিলো তার জন্মদাতা।
যে শিখিয়েছিল  গতি প্রকৃতি।
ভুলে  গেছে তার অস্তিত্ব।
ফিরে যেতে চাইছেনা পাহাড় চূড়ায়।
সে  নিজেকে অধিক বিজ্ঞ ভাবে আজ
অসীম শক্তির অধিকারী।
পাহাড়ের  মায়া ছেড়ে 
সে চলছে অন‍্য নদীর সঙ্গে  মিশতে।
সঙ্গী খুজতে  সে চারিদিকে
ধ্বংস  লীলায় পরিনত করতে 
দিধ্বাবোধ করছে না আজ।
ঐ নদীর মন আজও অস্থির।

জোম্বি

                 
                 ✍️দীপান্বিতা দেব

রূপকথার গল্পরা আজকে স্তব্ধ,নির্বাক অন্ধ সমাজের ক্লান্ত পথে ছুটছে মুক্তির আশায়। 
গল্প যার নাকী কোনো আকার নেই সীমাহীন অবাস্তবতায় ভরা খুবই বিবর্ণ তার চেহারা। 
সমাজের আধুনিকতার বিকৃত রূপ ফুটিয়ে তুলতে গিয়ে গল্পরা নিষ্প্রাণ ধারাবাহিকে পরিণত হয়েছে। 
যার কোনো নায়ক নেই,নেই কোনো পরী । 
আছে শুধু হিংস্র দালাল আর যুদ্ধের দামামা । 
‘শান্তির বাণীর’ ইতিহাস আর কেউ শোনায় না। 
সমাজের হিংস্রতার ভিড়ে হারিয়ে গেছে মুক্তির পথিক । 
বিলীন হচ্ছে সভ্যতা , ধ্বংস হচ্ছে মানবতা   আর ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে আলোর পথ। 
স্বপ্ন দেখতে আমরা ভয় পাই আমরা হিংস্র সমাজের  তৈরি  জীবন্ত লাশ ।


আগন্তুক


                   ✍️রাহুল দেবনাথ

একটা পরিচয়হীন শহর!
ট্রাম লাইন ছুঁয়ে দেখি,
কিছু হিসেবে এখনো বাকি
মানে ব্যর্থতার কথা বলছি।
তবুও বাধ্য হয়েও যে ব্রতী হতে চাই।
কিন্তু ভগ্নহৃদয় কি আর সঞ্জীবনী হয় তখনও,
তবু ক্ষতগুলো স্বাধীনতা চায়।
প্রত্নতত্ত্বে নীরব প্রেম,
অবাস্তব স্বপ্নের কঠিন পথ চলায়।
খামখেয়ালী দৃষ্টিকোণ বলে,
শূন্যতায় পূর্ণতার কক্ষপথ।
নীতিকথার মোটা অক্ষরে
বিষাদ হৃদয় এ আমি অপেক্ষারত

সোশ্যাল নেটওয়ার্ক


                     ✍️চিন্ময় রায়

বিজ্ঞানেরই আশীর্বাদে আজ,
বিশ্ববাসী আনন্দে।
কতকথা প্রকাশিত হয়,
আজ ফেসবুকেরই মধ্যে।
হোয়াৎসঅ্যাপ এর মাধ্যমেতে,
কতো কথাই হয়।
আসুন সকলে মিলে বলি আজ,
সোশ্যাল নেটওয়ার্কের জয়।
ইন্সটাগ্রামের মধ্যে মোরা,
কতো নায়িকাদের দেখে।
কতো যোগসুত্র বেরিয়ে আসে,
সোশ্যাল নেটওয়ার্ক থেকে!
এই সোশাল নেটওয়ার্কের জন্যই আজ,
কত মেয়েরা স্টার।
কেউ করে স্নেক ভিডিও,
আবার কেউবা টিকটকার।
ছেলেরা থাকেন পাবজি-তে আজ,
কেউবা ফ্রি-ফায়ারে।
মোবাইল স্কিনে ক্লিক করে করে,
এনিমিদের মারে।
সোশ্যাল নেটওয়ার্ক মোদের করেছে-
অলস অকর্মণ্য।
তবুও মোরা বেঁচে আছি আজ,
সোশ্যাল নেটওয়ার্কের জন্য।

পথ চলা


               ✍️মনচলি চক্রবর্তী 

প্রভাতে সূর্যের উজ্জ্বল কিরন
আনে জীবনে এক নতুন শিহরন।
চারদিকে হাসে আলো ঝলমল
ধরনীর হৃদয় যেন দোলে টলমল।
নীল গগন, সাথে জুড়ায় পবনে সুভাস 
বয়ে আনে এক সুন্দর দিনের আভাস।
প্রভুর স্মরনে হোক নতুন দিনের জন্ম
জীবনের কোন পথ যেন না হয় অগম্য।

নিউক্লিয়াস


              ✍️ কাজী নিনারা বেগম

এ শহর কাপছে  ধুকছে মানুষ ধুমকেতুর নিউক্লিয়াসে,,
আগামীর হাত ধরে হেটে চলেছি একা। 
প্রতি রোধে প্রতিবাদে জ্বলছে আগুন,, 
শোষণ নৈরাজ্যবাদী শাসন বিরোধী দেওয়ালে পোষ্টার সেঁটে মোমবাতি প্রজ্বলনের দাবদাহে।।
উলঙ্গ মস্তিষ্কের মানবতা কসাইয়ের ছূড়ির ফলার আগাতে টূকরো বিবর্ণ মাংসের পিণ্ডে,,
কখনো কখনো মাছিদের সম্মেলনে। 
বাতায়নে শুধু বেইমানি রক বাজের খেলায় মেতেছে প্রতারনা ভন্ডামি,,
সমাজের একঘেয়ে কলঙ্কিত কামনার পাহাড়ে জীবন জঠরে লাঞ্চিত নির্ভয়া অভয়া ফেলে আসা রাতের অন্ধকারে।। 
বারবণিতার আত্ম চিৎকারের বিলাপ গতির ডানা মিলবে,,
হয়তোবা ফুটপাতের কুকুরের কুন্ডলী দেয়া আস্তাকুঁড়ে মাছিদের মহাভুজ থামবে। 

অভিমান


              ✍️ প্রতীক হালদার 

অভিমান জমে মনের কোণের 
গোপন কুঠুরিতে,
লুকিয়ে থাকে চুপিসারে তারা 
আলো আর আঁধারিতে ।
মনে টানে দাগ সময়ের তালে 
অতীত কে ভূলে যায় ,
মনের ব্যথারা অদেখার তরে 
হাজার কষ্ট পায় ।
অতীত স্মৃতিরা নিশ্চুপ রয় 
জাগে না ঈশারাতে,
অভিমানী মন খোঁজ না নিয়ে 
পাড়ি দেয় অজানাতে ।
দূরত্ব আসে দু-মনের  ঘরে 
বিরহ দোলায় দোলা,
ইচ্ছেরা তবু যায় আর আসে 
স্বপ্নের জানালা খোলা ।
পাহাড় গড়ে অভিমানে রোজ 
সুখের চাবি হারিয়ে,
মিথ্যা পাহাড় নগণ্য করে 
দেয় না দু-হাত বাড়িয়ে ।

আমার প্রিয়া

   
             ✍️ বিপ্লব গোস্বামী

     চাঁদের সাথে আমার প্রিয়ার
                    মিল রয়েছে বেশ,
     যেন জোৎস্না ভরা চন্দ্রকলা
                     রূপের নাই শেষ।
     চোখ দুটো তার পটল পটল
                  মুখ ভরা তার হাসি,
     প্রথম দেখাতেই মন দিয়েছে
              তাই বড্ড ভালোবাসি।

      চাঁদের সাথে আমার প্রিয়ার
                     মিল রয়েছে বেশ,
যেমন আঁঁধার রাতে ইন্দু জ‍্যোতি
                     যোগায় অনিমেশ।
      চলনে মিলনে দেহের গড়নে
                    উর্বশী নয়তো পরী,
       তার প্রেমেতে সব ত‍্যাজেছি
                 তার হয়েছি পূজারী।

মেঘের ওপর মেঘ


                 ✍️ দীপ্র দাস চৌধুরী

মেঘের ওপর মেঘ করেছে কেবল
বৃষ্টি নামুক। শহরে ঝরুক ধারা, 
তখন তুমিও আমার কথাই ভেবো
আমারও তখন কেউ নেই তুমি ছাড়া।

মনমালিন্যে থামুক যতই কথা
কিছু কথা আজও রয়ে গেছে জানি চোখে।
যতবার তুমি দিয়েছ নতুন ব্যথা-
ততবার আমি বেঁচেছি অচেনা শোকে।

বৃষ্টি ঝরুক, জানালার কাঁচ বেয়ে
গর্জে উঠুক, ভেসে যাক বিরহেরা।
তুমিও হারাবে নিজেকে আমার চেয়ে
তোমারও হবে না মেঘলায় ঘরে ফেরা...

তুমিও আমায় ভোলার চেষ্টা করো
না পারলে তুমি হবে স্রেফ দিশেহারা,
পুরনো স্মৃতিকে মুঠো ক'রে আজ ভরো
বৃষ্টিতে কে'বা সাথী হবে আমি ছাড়া?

ঝড়ো তুফানের পর


               ✍️কানু বনিক

সারাটা দিবস পথ চেয়ে আছি তোমার ;
তুমি কখন যে বলবে, এসো আমার বুকে। 

এই ঝড়ো তুফান হয়তো আর বেশীক্ষণ থাকবে না,
তারপরেই শান্ত নীড়ে ফেরা। 

রাত পেরোলেই যে আলোর সন্ধান। 

রাতের গভীরে বুঝতে পারি নি, 
শুধু এইটুকু বুঝেছি;
রাত যতটা গভীর, ঘুম ততটাই সহযাত্রী;
তার গভীরে আছে স্বপ্ন, 
যে স্বপ্ন দিবসে ফুটন্ত পারিজাত;
লুকিয়ে থাকা তোমার মত এক বিশুদ্ধ প্রেমিকা। 

স্বর্ণলতিকা এখন আর শহুরে নয় 
সে এখন বনবাসে,
মৃত্তিকার গর্ভে ঝর্ণাস্নানে পরিশুদ্ধ। 

ভোর হতেই বনশ্রীরা শোভাযাত্রায়, 
পূবাকাশের সূর্যারেণু 
এখন তোমার গর্ভে প্রস্ফুটিত ফুল। 

আর নেই কোনো বিভ্রাট, 
ঝড়ো তুফান থেমে গেলে;
শুধু একটা কথাই বলবো, 
একটি সূর্যমুখী কন‍্যাসন্তান দিও।

শৈশব


                        ✍️স্বরূপা দত্ত

যদি ফিরে যেতে পারতাম
 মায়ের ঘুমজড়ানো  আদুরে কোলে,  
ঘুমপাড়ানির স্বপ্নদেশ থেকে
 রূপকথারা আসত নেমে।
                     
 যদি ফিরে যেতে পারতাম
বাবার ছায়া ছায়া শীতল স্নেহে,
রাতদুপুরে বায়না করা
লজেন্স আর পুতুলের আহ্লাদে।

যদি ফিরে যেতে পারতাম
সবুজে ঢাকা  বিস্তীর্ণ মাঠে
 আমার গ্রামের মেঠো পথ ধরে
 শ‍্যাওলালাগা পুকুরঘাটে।

যদি ফিরে যেতে পারতাম
 একচালার ঐ শান্ত ঘরে,       
   রান্নাবাটি আর লুকোচুরি 
    পুকুরের জলকেলিতে।


ফিরে যেতে চাই আমার শৈশবকালে
এখন যে আর ভাল লাগে না রে।।

কাঁটাতার


                   ✍️ শৌভিক বাগচী


ওরা তো বোঝে না 
কাঁটাতার দিয়ে 
বিভাজন করা যায় না |

আকাশ ভাঙলে 
ভাঙুক না কেউ 
সব তো টুকরো হয় না |

প্রতিদিন দেখি 
পরশপাথর 
ক্ষ্যাপা খুঁজে ফেরে পদ্যে |

সে তার ইচ্ছে 
টুকরো করবে 
আঘাত হানবে গদ্যে ?

ক্ষ্যাপার গদ্যে 
খোঁজাটাই আছে 
সামনেতে কাঁটাতার |

বিভাজন তার 
মনেই আসে না 
ফিরে দেখে বারবার |

তুমিও দেখো না 
জলরঙে আঁকা 
ইচ্ছেরই ওঠানামা 

যতই থাকুক 
বিভাজন রেখা 
ওটা আর পেরুবো  না |

ওরা তো বোঝে না 
কাঁটাতার দিয়ে 
সবটা  টুকরো হয় না |

যতটুকু থাকে 
সেটার হদিশ 
গল্পকথাতে মেলে না |


প্রতারণা

 
                    ✍️সমীরন পাল 


আপনার দোষে হই প্রতারিত
অপরে ক্ষমতা নাহি প্রতারণা করে।
বিবেক-বুদ্ধি, জ্ঞান সহ দিয়ে জলাঞ্জলি  
ক্ষণে ক্ষণে ঠকাইনু আপনে আপনারে। 
দু-চোখ পেয়েছি দেখিবারে আমৃত্যু 
দেখা হয়না সে আপন খেয়ালে,
দেখি পর্দাঢাকা আস্তরনের চোখে
দেখিতে হয় যে অন্তর্চক্ষু মেলে।
কত কিছু জেনেও না জানার ভান 
কালে কালে হয়েছি বঞ্চনার স্বীকার,
যা দেখানো হয় সেইটি কেবল দেখি
দেখা হয়না সার বস্তু-বিষয় যা দেখার।
ভেজাল নানা কিছু দেখি তো প্রায়শই
কই ভেজাল তো বলিনা সেইটি,
না দেখার ভান করে পাশ কাটিয়ে রাস্তা পার 
যাচাই করিনা তো নকল না খাঁটি!
নিজের কাছেই নিজে হই প্রতারিত 
দেখা যে কেবল নয়নের একার কাজ নয়,
দেখিবারে চাই বিবেক চেতনা বিশ্লেষন 
চাই মন অকপট দ্বিধাহীন  নির্ভয়।
যবে মম অন্তর্চক্ষু দেখবে এই জগৎ
তবে সগর্বে বলব আমি নইকো অন্ধ,
জগৎহীতে মর্ম দেখা দেখব আমি 
হবে অন্তঃসারহীন মরীচিকার প্রতারণা বন্ধ।

বিশ্বাস


        ✍️রেহানা বেগম হেনা

একটা গাছ পুঁতেছিলাম আঙ্গিনায়,
সকাল বিকেল যত্নও নিতাম।
সময়মতো জল সার সবই দিতাম,
বেড়েও উঠেছিল তরতর করে।

পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক পেয়ে 
কচিপাতা , ডালপালায় ভরে উঠেছিল।
আঙ্গিনায় ছড়িয়েছিল শীতল ছায়া,
মনেও এসেছিল বিরাট প্রশান্তি।

সবই চলছিল ঠিকঠাক মতো,
দু'চারটা ফুলও আসতে শুরু করেছিল।
ডালপালা গুলোতে বইলো আনন্দের বন্যা,
সুন্দর ভবিষ্যৎ কল্পনায় হলো মগ্ন।

হঠাৎ দেখলাম আঙ্গিনায়  প্রখর রৌদ্র,
মাথা তুলে তাকিয়ে দেখলাম গাছটাকে।
কবে কখন তার ডালপালা শুকিয়ে গেছে
ফুলগুলো ঝরে গেছে খেয়ালই করিনি।

তাড়াতাড়ি ঘড়া ঘড়া জল ঢাললাম ,
কৃষিবিদ এর পরামর্শে 
নানা রঙের সার ঔষধ দিলাম,
তবুও বাঁচানো গেলো না গাছটাকে ,
জানলাম এগাছ একবারই বাঁচে, 
    এ যে বড়ো অদ্ভুত গাছ ---
       নাম তার 'বিশ্বাস' ।


তোমার - আমার


               ✍️মৌমিতা দাস

তোমার আকাশ রঙিন এখন, 
         শুধু রোদের আসা - যাওয়া। 
আমার আকাশ মেঘলা এখন, 
          বয়ে চলেছে শুরু হাওয়া  ।। 
তোমার ঘরের আধার কেটে, 
           শুধু আলোর আনাগোনা। 
আমার ঘরে অন্ধকার নেমে, 
              বইছে শুধু বন্যা ।। 
তোমার মনে রঙ লেগেছে, 
           নানা রঙের ছোয়ায়  । 
আমার মনের রঙগুলো যেন, 
            ভেসে যায় ঝর্ণাধারায়  ।।

অধ্যায়


            ✍️সঙ্ঘমিত্রা নিয়োগী। 

পূর্ণিমা গাঢ় হয়ে গেলে
  আমাদের  চুপ থাকার মুহুর্ত 
   চাঁদের আলোয় স্নান করতে দেখি
যেন সদ্য ঋতুমতী নারী
ব্যালকনিতে ব্যথার পর্দা 
ফাঁকফোকর ঢেকে দিয়েছে
আঁধার জড়িয়ে দিয়েছে বোরকা, 
পেছনে একটি অধ্যায় পোড়ার ধোঁয়া উড়ছে
     
    এভাবে আমরা উপন্যাস লিখে ফেলেছি
                 পাঠ প্রতিক্রিয়া দিচ্ছে সময়।। 

ক্লান্ত বিকেল


              ✍️সংহিতা ভট্টাচার্য্য


আমি জানি এ কবিতা তোমার হাতে পৌঁছবে না কোনদিনও।

জানি...জেনেও লিখি।
কি করি বল?
এক অবাধ্য যন্ত্রণায় ছটফট করে আমার কলম।

আমার বৃত্তের চারিদিকে তোমার বর্ণমালারা সারাক্ষণ ঘুর ঘুর করে।

যে বর্ণমালায়  শুধু গ্রীষ্মের তীব্র  দাবদাহ,কালবৈশাখীর তান্ডব, বানভাসির আর্তনাদ,  আর কনকনে ঠান্ডার অনুভূতি ছাড়া আর কিছু নেই।

আমি হন্যে হয়ে খুঁজে বেড়াই
 শরতের নীল আকাশ
 টুকটুকে লাল পলাশ..
ইলশেগুঁড়ি বৃষ্টি 
আর 
দুটো শালিক। 

দহন ক্লান্ত দিনের শেষে 
আমি শুধু বৃত্তের ব্যাসার্ধ মাপি।

লেজি আফটারনুন


                   ✍️সপ্তশ্রী কর্মকার 

একান্নবর্তী দুপুরের সুখে ইনসমনিয়া বাঁধা বিঁধেছে, 
বিধিলিপির এক চিলতে হাসি আজ অম্লান,
 অসমাপ্ত দেখা চিড়িয়াখানা, শিকার গৃহবন্দি বিকার মন।

চাইছি ঘুড়ি উড়াতে, কিন্তু নিঃসঙ্গ আঙুল।
স্বাদকোরক আজ জব্দ, পড়ন্ত সন্ধ্যায় জাংক ফুড না খেয়ে,
মোবাইল ফোনে গুগল আর ইনস্টাগ্রামের নোটিফিকেশন।

রবিবার বলে ছুটির দিনটা মনে হয়, উঠে যাবে ঘরবন্দি চলাকালীন,
অবসর ঘুমে শুধু স্বপ্ন আর নোনতা ঘাম,
 দুপুরে জুড়ে শুধু ছত্রাক ঘাটাঘাটি আর ওয়েট স্কেল দেখে ওজন কমানোর চেষ্টা ।

নিদ্রা দেবীর সঙ্গে আলোচনায় হয়, শিথিল সমর্পন মন,
অসমর্পনকালীন চিত্তে হয় না কখনো ঘুম ও আনন্দময় মন দর্পণ।

মে সংখ্যা

    ✍️ মে সংখ্যা

প্রকাশিত হল নবোন্মেষ পত্রিকার মে মাসের বিশেষ সংখ্যা। সবাইকে নবোন্মেষ পত্রিকায় স্বাগত। 

সম্পাদকীয়

    সম্পাদকীয়...................................✍️

 "আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে,
কাঁচা ইঁট পাকা হয় পোড়ালে তা আগুনে ।
রোদে জলে টিকে রঙ পাকা কই তাহারে ।
ফলারটি পাকা হয় লুচি দই আহারে ।"
------সুকুমার রায়

বৈশাখ-জৈষ্ঠ্য মাস আসলে শিশু সাহিত্যিক সুকুমার রায়ের কবিতা আজও মনে করিয়ে দেয় এই মাসগুলো কত রসের। মে মাস তথা বাংলা বৈশাখ এবং জৈষ্ঠ্য মাসের মিলন মাস। এই সময়ে শুধু যে আম পাকে তা নয়, এই মাসে কত সাহিত্যিক, সমাজ সংস্কারক আবির্ভূত হয়েছেন আমাদের মাঝে! রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, রাজা রামমোহন রায় আরো প্রমুখ ব্যক্তিরা। তাঁদের ছাড়া সাহিত্য ও সমাজ কল্পনা করা যায় না। নবোন্মেষ তাঁদের পুষ্প স্তবকের সাথে সম্মান জানিয়ে এবং যারা মে মাসের সংখ্যাতে হাতে হাত রেখে লেখা উপহার দিয়ে সাজিয়েছেন তাঁদের প্রতি এই সংখ্যাটি উৎসর্গ করা হল। সবার জন্য রইলো গভীর মনের প্রাণভরা শুভেচ্ছা। 
ধন্যবাদান্তে-
গৌরাঙ্গ সরকার
(সম্পাদক, নবোন্মেষ পত্রিকা)
শিবশংকর দেবনাথ
(সহ-সম্পাদক, নবোন্মেষ পত্রিকা)

ঝড়

    ✍️ সুস্মিতা দাস

আজ ঝড় উঠবে এ তো জানা কথাই
আজ যে ঝড় উঠারই দিন 
সকল ভালবাসার নদী আজ কূল  ছাপিয়ে যাবে,
সাথে নিয়ে পৃথিবীর যাবতীয় সভ‍্যতা
আকাশ ও আজ নুয়ে পৃথিবীর বুকে জীবন জিজ্ঞাসায়,
পৃথিবীতে অযাচিত যা কিছু আছে সব যেন আজ ধুয়ে মুছে নিশ্চিহ্ন হয়ে যায়,
বুক বেঁধে রাখ সন্তানেরা 
মায়ের স্নেহও কিন্তু অযাচিতই
অফুরন্ত,সব হিসেব - নিকেশের বাইরে।

জটিল সমীকরণ

রাহুল দেবনাথ

বেকারত্বের ক্লান্ততা পেরিয়েও,
খানিকটা বিরতি লাগে।
এক, দুটো খুচরো আবদার,
শুধু তুমি।
সীমিত শাসনের আদরে,
যেখানে তোমাতে আমি পূর্ণ পায়।
ভুলে যায়, ফেলে আসা রাতকে!
কিন্তু ব্যথারা সব জানে,
পাঁকা হাতের জটিল সমীকরণে,
সীমিত সম্ভাবনারা বালি চাপা।
তখন মনে হয়, আশাগুলো ঠিক পরিমিত।
দীনতার চৌখাট পেরিয়ে,
সময়কে খানিকটা সময় দিয়ে,
পৃথিবীর সমস্ত নিয়মকানুন ভেঙে 
স্মৃতির অগোচরে বলতে ইচ্ছে করে না?
আমি তোমায় ভালোবাসি.....

৫ই জ্যৈষ্ঠের ভালোবাসাবাসি

ইন্দ্রানী ভট্টাচার্য

প্রেমে পড়ার আরেকটি মাস 
হচ্ছে জৈষ্ঠ্য,
প্রেমে ভাসবার আরেকটি জায়গা হচ্ছে রেল ষ্টেশন ।
প্রেমের আরেকটা ঋতু 
হচ্ছে গ্রীষ্ম ….
ভালোবাসার জিওন কাঠি নিয়ে
বাংলা ভাষায় মাখামাখি হয়ে
কাঠ ফাটা রদ্দুরে 
রক্ত ছড়িয়ে দিয়েছিল 
এগারোটা আলো ।
ত্রিযামা শেষে 
যেখানে জীবন অপেক্ষা করেছিল 
এক আপোষহীন দিনের,
সেখানে গর্জে উঠেছিল..
আগুন…. আগুন !
নৃশংসতার লেলিহানে মাখামাখি হয়েছিল
এগারোটি রংমশাল...

আমরা এখনো ভেসে বেড়াই
ফিনিক পাখীর মতো
জ্যৈষ্ঠের অবগাহনে...

মেঘলা সময়ে

   ✍️  গৌরব নাথ

নৌজোয়ান মনন শিল্পে ভাস্করের মধ্যে
হয়ে ওঠে এক গম্ভীর রূপক শিল্পী;
সায়হ্নের আবছায়া আলোর শরীর,
কারুর আপন সঙ্গী হয়, ন্যাসপালের আড়ালে।

বৈকালিক ডাইরির অদৃষ্ট চিত্রলিপিতে দেখা যায়,
ডাউক যাচ্ছে সমীরণের বিরহে কোনো এক নীড়ে;
কারুর ভালোবাসার রোদ ডুবে প্রেম বিনোদনের রাতে,
হাতেখড়ি হয় সদ্যজন্মা প্রেমিকের।

মেঘ মেদুর নুমনায় আসন্ন নির্বাচিত নির্বাসনে,
ফোঁটা বৃষ্টি আসবে বলছে খানিকক্ষণ পরে
আমাকে ভেজাতে শেষমেশের সমুদ্রে;
সাথে আসবে শো- শোয়াশো এর ভীতি নিয়ে মেঘমন্দ্র।

সমুচিত জবাব

    ✍️ অনুকূল দেবনাথ 

হে যুবক নব ভারতে দিশারী তুমি
এক অনন্য নক্ষত্র তুমি।
তুমি আছো কাজে অবিচল
সব ভাবে তুমি-ই  নিশ্চয়। 
বুকের পাটা কাকে বলে?
দেখিয়ে দাও কার্যক্রমে।
ভারত মায়ের বীর সন্তান
তোমায় জানাই শত প্রণাম।
তুমি এগিয়ে যাও ভাই আছে সাথে সবাই
তোমায় সবাই নিয়ে যাবো জগৎ সভায়। 
আজ যেদিকে চাই শুধু প্রতিবাদ পাই
যুবক ছাড়া মোদের বিকল্প নাই।

ভাবো

    ✍️ সুস্মিতা সরকার

নারী বলে ঘৃনা কর 
ঘৃনা কর মাকে ?
ঘৃনা যদি করতে হয় 
কর শুধু নিজেকে ।
ভুলে কি গেছো তুমি            
জন্ম তোমার কার গর্ভে ?
সন্মান করো নারী জাতীকে 
যে জন্ম দিয়েছে তোমাকে । 

অচেনার ভীড়ে হারাই না আর

    ✍️ সুজন দেবনাথ

অচেনার দেশে কত শত মুখ
আমারে ডাকিয়া কহে,
পথিক তোমার পথ ভুলেও
এতো হাসি কেন বহে?

একগাল হেসে বলিতাম আমি
এইতো পরম সুখ,
আমার মতো তুমিও হাসো
কেটে যাবে সব দুখ।

পথ তো আমি সেদিন ভুলেছি
ধরনী নিয়েছে কোলে,
যত দুখ তাই আর কিছু নাই
সবই যেন গেছি ভুলে।

আজ আমি তাই যেই পথে যাই
সবই যে লাগে চেনা,
অচেনার ভীড়ে হারাই না আর
নেই কোনো লেনাদেনা।

বিষ্ফোরণ

   ✍️  অভ্রজিৎ দেবনাথ

এই দিনটি বেছে নিলাম
স্মরনীয় করে রাখতে,
তুমি প্রস্তুত, উঠে দাঁড়াও
বিদায় নেওয়ার সময় হয়েছে

কাছে এসো ,
তোমার চোখে দেখেছি জ্বলন্ত সক্রেটিস;
মতবিনিময়ের সময় নেই
আমি বিষ্ফোরণ দেখেছি
প্রচন্ড অগ্নিকাণ্ড তোমার জন্য প্রতীক্ষামান,
ভয় নেই,
কমবয়সী বিপ্লবীরাই বেশি বোমা ফাটায়।

নষ্টনীড়

    ✍️ সামিন শুভ

আমার আশপাশটা ভীষণ খালি
দুর্বিষহ , বিষ্ময়ে তাকিয়ে থাকে চোঁখ
অন্ধকার আকাশে, দূরে ।

আমার আশপাশটা ভীষণ খালি
রাত কাটেনা, অচেতন আনচান মন,
ভীষণ মাথা ঘুরে।

আমি খালি ভীষণ একা, ভাঙ্গা কাঁচ
ভুল করে ভীড়ে আসা বাংলার পাঁচ
আমার চারপাশে শুধু ঝিঁ ঝিঁ পোকার ডাক
পাঁজরের ইঞ্চিতে ইঞ্চিতে লাঞ্চনা, অপবাদ।

আমার বুকটা দীর্ঘশ্বাসে ভরে ফুলে আছে
নিশ্বাস ফেলতে পারছিনা,প্রচন্ড রকমের
অদ্ভুত যন্ত্রনা, ধোঁয়াছে।

আমার নষ্টনীড়ে প্রেম নেই ভালোবাসা নেই
কিচ্ছু নেই, আছে শুধু ছাই ছাই আর ছাই,
পিছুটান আর নেই, এগিয়ে যাওয়ার পথ নেই,

স্বপ্নের কঙ্কালগুলো পিছু ধাওয়া করে রোজ
ভয় দেখায়।বেঁচে থাকার ভয়।

এতো এতো যন্ত্রণা তবু চোখে অশ্রু আসেনা। 
চোখে আর জল নেই। 
ইচ্ছে করে বুক চাপড়িয়ে চিৎকার করে কাঁদি,
কই আসেনা কান্না,  আসেনা।

ঘুম আসেনা।  কিচ্ছু আসেনা। কেউ আসেনা।
দীর্ঘশ্বাসটা বেরিয়ে আসেনা।

আসলেই হয়তো !

শিক্ষকতায় প্রাপ্তি

   ✍️  অভিজিৎ সরকার


অনেক বছর ধরে শিক্ষকতা করে আসছি।

এই শিক্ষকতার মধ্যে থেকে যায়,
 যা বলা যায় না।

কিন্ত আজ দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতায়,
এমন এক ঘটনা ঘটেছে যা আমার দুটি চোখ ভরিয়ে দিল।

জানিনা এমন কি ছিল তার কথার মধ্যে,
সে এসেছিল আমায় টিউশনের বেতন নিয়ে,

সে তার ব্যাপারে বলছে, আমিও বলছি কত কি।

সে যেন তার জীবনে সফল হতে পারে সেই আশীর্বাদ টুকু করি।

এই ভাবেই প্রতিটি শিক্ষার্থী যেন তাদের নিজের পায়ে, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে সেই প্রার্থনা প্রভুর নিকট।

কথা বলতে বলতে সে বলে ফেলল যে কাকু, তুমার সেই বকনি, তুমার সেই শাসন, তুমার ওই টিটকারি, তুমার ওই আদর পাব কোথায়?

ঠিক সেই মুহূর্তে আমিও আর কিছু বলে ঊঠতে পারলাম না।

আমার মুখ কিছু সেকেন্ড এর জন্য বন্ধ।

সে চলে গেল কিন্তু আমার চোখের জল টাকে ধরে রাখতে পারলাম না।

শূন্যতা

   ✍️ সম্পা কর্মকার

নির্জন ঘন বনাঞ্চলের মতো সবকিছু অন্ধকারে ঘেরা ।।
কেনো আজ এতো মান অভিমানের পালা ?
কখনো কি ভেবে দেখেছে কেউ...?
সত্যি যদি সে খবর রাখতো কেউ...
তাহলে কি এই শূন্যতা গ্রাস করতো ?
না...
কেউ রাখে না সে খবর ।।
নিজেও যে নিজেকে হারিয়ে ফেলে বারং বার, বহুবার ।।
মনে হয় হারিয়ে যাই দূর থেকে দুরান্তর  ।।
যেখানে থাকবে না কোনো ভয়...
থাকবে না সেই অন্ধকার শূন্যতা নিরন্তর ।।
উদিত হবে নতুন ভোর...
নতুন আলোয় নতুন আশায় ভরে উঠবে অন্তর ।।

........দ্বিতীয় অংশ ।