আষাঢ় এল


              ✍️সুপর্ণা মজুমদার রায়

চাষার খুশির আষাঢ় এলো
দিকদিগন্ত ছেঁয়ে, 
বন্ধা মাঠ সবুজ হলো
মেঠো পথের গাঁয়ে। 
আষাঢ় এলো, আষাঢ় এলো 
নীল গগনের মাঝে, 
কাজল কালো মেঘের ছোঁয়ায়
আকাশ কালো সাজে। 
আষাঢ় এলো আঁধার রাতে 
গুড়ু গুড়ু বাজ, 
অভিমানি মেঘের মনে 
ভেঙেছে ভয় লাজ। 
আষাঢ় এলো, আষাঢ় এলো 
দিন রাত্রি সারা, 
উজাড় হয়ে ঝরছে মেঘ
অবিশ্রান্ত ধারা। 
আষাঢ় এলো, ফুঁসছে নদী
বেসামাল গতি আজ,
ঘুরপাকে ঘোলা জল 
উথাল নদীর মাঝ। 
বর্ষামঙ্গল আষাঢ় এলো 
হাওয়ারা অস্থির, 
গাছের শাখায় শঙ্কা পাখির
এই বুঝি ভাঙে নীড়!
বীজ বপনের আষাঢ় এলো 
মাটিতে সবুজ প্রাণ, 
নরম মাটির হৃদয় ভরে 
কচি পাতার ঘ্রাণ। 
জল থৈথৈ আষাঢ় এলো 
ছলাৎ ছলাৎ জল,
আষাঢ় জলে প্রাণ পেয়েছে 
বৃক্ষ তরু দল। 
আষাঢ় এলেই মনের মাঝে 
হারানো ছেলেবেলা, 
গল্প বলা মায়ের আঁচল 
যায়না তাকে ভোলা । 
আষাঢ় এলো বৃষ্টি মেখে
বৃষ্টিস্নাত ছবি,
আঁধার রাতে আবছা আলোয়
চাঁদ যেন এক কবি। 
কালো মেঘে দূর বলাকা
কোথা হতে কোথা পাড়ি, 
বর্ষামুখর আষাঢ় এলো 
মেঘবালিকার সারি । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন