ত্রিনাথের নাথ

 মায়া রানী মজুমদার ✍️
     
সজ্জিত হয়ে লজ্জিত হই 
                    এসে তব ভুবনে, 
তব বদন পানে দেখতে নারি
                   শঙ্কিত দুই নয়নে।
কৃষ্ণ-বর্ণ কৃষ্ণ তুমি
                   ত্রি-জগতের পতি, 
তোমারে পূজিতে তাই 
                       সবাই হয় ব্রতী।
সকল দুঃখ নাশিতে
                  অসীম তব ক্ষমতা, 
দুঃখের কথা বলতে
                  মুখে আসে জড়তা।
মোচন করো দুঃখ সবার
                  তুমি ত্রিনাথের নাথ, 
সুস্থ থেকে ধরবো মোরা 
                      সবাই হাতে হাত।
পুষ্প চন্দন তাই তো 
                   তোমায় দিয়ে যাই, 
রেখো মোদের কুশলে 
                   এই তো মোরা চাই।
চতুর্ভূজ তুমি হরি 
               হরেক রকম নাম তব, 
তোমারে পূজিতে তাই 
                   আসে মনুষ্যরা সব।
আশির্বাদ দাও সবারে
                   প্রভু ত্রিনাথের নাথ, 
তুমি সৃষ্টিকর্তা, তুমিই ধ্বংসকারী
                 তুমিই স্বয়ং জগন্নাথ।

মা

অংকিতা বর্মণ ঘোষ ✍️

মা হওয়ার প্রথম অনুভূতি;
হাসিতে খুশিতে স্বর্গসুখে পাগলী।
যে-ই মেয়ে কোন একদিন;
হাসপাতাল,ঔষধ, বড়ি,ইনজেকশন;
নামেতেই হত অতি নারাজ ।
আজকাল এতো প্রতিদিনের কাজ।
তবুও খুশিতে পাগলী ভাব।
আজকাল বমি যখন তখন;
এটা খাবিনা ওটা খাবিনা;
এখানে সেখানে যখন তখন;
আসা যাওয়া আর হবেনা।
সব মানে আনন্দে উৎফুল্লে।
নারী বলতেই কেশকে ভালোবাসে;
মা হতে হলে কেশও ঝরে।
জ্বর,সর্দি,কাশি যাইহোক;
ঔষধ নিলে শিশুর আঘাত হবে;
এই ভয়টি সকলের থাকে।
শত ব্যাথা শত যন্ত্রণা;
কখন আসে কখন যায়;
মায়ের মমতায় বলতে পারেনা।
সবচেয়ে বড়ো যন্ত্রণা তখন;
সন্তান ভূমিষ্ঠ হবে যখন।
৪৫-৪৭ ইউনিটের অধিক ব্যথায়;
মনবজাতিকে প্রাণহীন বানায়।
তবে সন্তান ভূমিষ্ঠের ক্ষণে;
৫৫-৫৭ ইউনিট পর্যন্ত ব্যাথা;
কুড়ি'টি হাড় ভাঙার যন্ত্রণা;
মায়েরাই কেবল সহ্য করে;
সন্তান সুখ দেয় ঘরে ঘরে।
তবুও বড় হয়ে মাকে বলে;
তুমি কি দিয়েছ?তুমি কি করেছ?
আরে বোকা, তোদের প্রাণ দিয়েছে!
তাইতো বলে মায়ের চরণে স্বর্গসুখ রহে।
মা রূপেই ভগবান ধরিত্রীর বুকে।

করিমগঞ্জের শতাব্দী প্রাচীন জয়কালী মন্দির

বিপ্লব গোস্বামী ✍️

করিমগঞ্জ জেলার ঐতিহাসিক রণভূমি মেলেগড়  যাওয়ার পথে লাতু বাজারের কাছেই রাস্তার ধারে আছে শতাব্দী প্রাচীন একটি কালী মন্দির।মন্দিরের নাম হলো জয়কালী মন্দির।অনেক আকর্ষণীয় মন্দিরটি।মালেগড় যাওয়ার পথে দূর থেকে মন্দিরের চূঁড়া দেখতে পাওয়া যায়।আমি মালেগড় ভ্রমণ শেষে ফিরে আসার সময় এই মন্দিরে গিয়ে মা কালীকে প্রণাম করে আসি।মন্দিরে প্রবেশের পথে মোট তিনটি গেট আছে।রাস্তার পাশেই রয়েছে মন্দিরের প্রথম গেট।সেই গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়।তারপর পাওয়া যায় দ্বিতীয় গেট।এই গেটের উপরে রয়েছে দুইটি ময়ূরের মূর্তি ।এই গেট পাড়ি দিয়ে মূল মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে হয়।মন্দিরের সম্মুখেই রয়েছে একটা পুকুর।মূল মন্দিরে প্রবেশ করতে হয় সিংহদ্বার পাড়ি দিয়ে।ভেতরে রয়েছে মা কালীর পাথরের মূর্তি।দেবী মা এখানে দক্ষিণা কালী রূপে পূজীতা হন।প্রতিদিন মায়ের নিত‍্য পূজা দেওয়া হয়।আমার ভাগ‍্য ভালো মায়ের নিত‍্য পূজার আগেই মন্দিরে পৌঁঁছে যাই।আমি পুরোহিত মশাইয়ের কাছ থেকে প্রসাদী ফুল আর আশীর্বাদ চেয়ে নিলাম।
          মন্দিরের বর্তমান পূজারী অন্তু রঞ্জন ভট্টাচার্য্য।তিনি ১৯৯৮ সাল থেকে  মায়ের সেবা পূজায় ব্রতী।উনার কাছ থেকে জানতে পারি এই মন্দিরটি প্রায় আড়াইশো বছর আগের প্রতিষ্ঠিত।আড়াইশো বছর আগে মা কালী তাঁর এক ভক্তকে স্বপ্নাদেশে তাঁর পাথরের বিগ্ৰহ যোগছড়ার কাছে বট গাছের নিচে প্রতিষ্ঠা করার আদেশ দেন।দেবী মায়ের আদেশ মতো সেই ভক্ত এখানেই যোগছড়ার পাড়ে বট গাছের নীচে ( বর্তমান যেখানে মন্দির প্রতিষ্ঠিত) দেবীকে প্রতিষ্ঠিতা করেন।সেই থেকেই মা কালি এখানে দক্ষিণা কালি রূপে পূজিতা হয়ে আসছেন।বর্তমানে যে মন্দির আছে তা ১৪০৫ বাংলায় নির্মাণ করা হয়। 
       মূল মন্দিরের আছে পাঁচটি চূঁড়া।মন্দিরে প্রাঙ্গণের ভিতরে দেবী মায়ের মন্দির ছাড়াও আছে আরো দুইটি মন্দির।একটি হনুমান মন্দির ও অন‍্যটি শনিদেবের মন্দির।মূল মন্দিরের দেয়ালে রয়েছে সুন্দর কারুকার্য।উচুঁ বেদির উপর বিন্দাদেবী স্থাপিত।গর্ভগৃহে রয়েছে দেবী মায়ের পাথরের মূর্তি।পুরোহিত মশাইয়ের কাছ থেকে জানতে পারি প্রথম অবস্থায় মায়ের মূর্তির আকার ছোট ছিল।পরে মা কালীর আশীর্বাদে তিলে তিলে মূর্তি বড় হতে থাকে।মা কালী এখানে খুব জাগ্ৰত।ভক্তদের বিশ্বাস দেবী মায়ের কাছে  মানত করলে ফল পাওয়া যায়।তাই এখানে দূর থেকে ভক্তদের আগমণ হয়।লাতু বাজার থেকে একটু এগোলেই দেখতে পাওয়া যাওয়া  জয়কালী মন্দিরটি।

ভালো লাগা না লাগা

অপর্ণা সিনহা ✍️

আকাশ জানে রঙ নেই তার
কুচকুচে সে কালো
সবাই বলে নীল রঙা সে
ভাবতে লাগে ভালো।

চাঁদের যত রূপ আছে আর
তেমনই তার দাগ
ভাল্লাগেনা দিনের শেষে
করিস যখন রাগ!

স্বপ্ন আমার বাগান জুড়ে
ফুটছে রঙিন ফুল
চোখ খুলতেই কাঁটার ক্ষত
জীবন জুড়ে ভুল!

তোমার ডানা ঋণ করেছি
একটু দেখি উড়ে
সোনার কাঠি ছুঁয়ে দিলেই
ঘুম আসে যে ভোরে।

বনের পাখি বন্দী হলে
কষ্টে কাঁদে খাঁচা, 
শিকার যেন দু'হাত তুলে
বলে বাঁচাও বাঁচা!
                      

অতীত জীবন

 চিন্ময় রায় ✍️

 ছোট থেকেই শুনি যে মুই,
 মানব জীবন সুখের হয়।
 ছোটবেলায় ভয়ের জিনিস!
 ভয়-ও পেতাম মনে হয়।
 কারো কাছে অতীত হয়তো বেঁচে থেকে অর্তনাদ,
 কারো কাছে বর্তমান আজ,
 সূর্যালো ও সুপ্রভাত।
 অতীতে বড়ই কষ্টদায়ক,
 অতীত আবার হাহাকার।
 কষ্টদায়ক জীবন পেরিয়ে,
 বর্তমানের সুখ সংসার।
 অতীতে যিনি রাজা ছিলেন, বর্তমানে ভিখেরি!
 অতীত বড়ই কষ্টদায়ক,
 চোখে জল আসে ভারী।
 অতীত মোদের বাঁচতে শেখায়,
 অতীত সঠিক রাস্তা দেখায়।
 তাইতো বলি অতীতে থেকে শিক্ষা নিও ভাই,
 বর্তমানে চলতে গেলে,
 অতীতে ছাড়া গতি নাই।

Golden Letter

 
Raja Debroy ✍️


Dear Santa,
 
Next time you give me new life. 
Give me the wisdom to think. 
Give the ability to think logically. 
Give me the ability to create. 
This is what I want from you next time. 
Will you give me Santa? 
Stay well, stay healthy.

Your loving guy 
Raja Debroy

হারিয়ে যাওয়া মানুষটা

সুমিতা বর্ধন ✍️

ফোঁটা ফোঁটা বৃষ্টির জল জমিয়ে
মনের ভেতর বানিয়েছিলাম
মস্ত এক পুকুর,
সেই পুকুরের স্বচ্ছ জলে
ডুব দিয়েছিলাম  কবেই,
পানকৌড়িদের সাথে জলকেলিতে
মেতে উঠেছিলাম ,
ভীষন সখ্যতা সেই পানকৌড়িদের সাথে
কিন্তু হঠাৎ সেই জলে ডুব সাঁতারে
হারিয়ে গেলো  ভালবাসার  পানকৌড়িটা,
বুকের ভেতরের  পুকুরটা কেমন শুকিয়ে গেলো,
মরুভূমির চরে হাঁটতে হাঁটতে
মরীচিকার তীব্র আলো তে 
হঠাৎ ই অনুভব করি
আমিই   হারিয়ে  যাওয়া সেই মানুষটা।

এখনও এমন হয়

 কল্যানী ভট্টাচার্য্য ✍️

আমাদের কমপ্লেক্সে নানা ধর্মের লোক আছে। তাই প্রতি বছর দুর্গোপূজো,ঈদ,বড়দিন সবাই মিলে পালন করি। এরই মধ্যে আমাদের কমপ্লেক্সে এক নতুন দম্পতি এল ট্রান্সফার হয়ে। দুই বছর হল তাদের বিয়ে হয়েছে। এখন এডভান্স স্টেজ। আবাসনের মাঝখানে একটি ছোট পার্ক আছে। সেখানে বিকেল হলে ছোটরা সবাই মিলে হৈচৈ করে খেলাধুলা করে। ইন্দ্রাণীর (নতুন দম্পতি) বেশ ভালই লাগে এইসব। একদিন হয়েছে কি পার্কে যখন বাচ্চারা খেলা করছে তখন ইন্দ্রাণী দেখতে পেল পার্কের এক কোনায় একটি বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। সে আস্তে আস্তে বাচ্চাটির কাছে গেল। গিয়ে তার কান্নার কারণ জানতে চাইলে বাচ্চাটি বলল ওর নাম যীশান। কিছুদিন আগে তার মা মারা যায়। বাবা ওকে ক্রেশে রেখে অফিস করে। তাই তার জন্মদিন আর কেউ পালন করে না। ইন্দ্রাণী বলল তোমার জন্মদিন কবে। সে বলল আগামী ২৫শে ডিসেম্বর। ইন্দ্রাণী বলল আমি তোমার জন্মদিন পালন করব। তুমি একদম কাঁদবে না। ইন্দ্রাণী ঘরে ফিরে সকলের সামনে কথাটি বলল। শুনে সকলে খুব খুশি হল। যীশানের বাবাকে খবর দেওয়া হল। তিনি এসে সবকিছু জেনে ছেলেকে জড়িয়ে ধরে আনন্দে কাঁদছেন। ঠিক হলো ২৫শে ডিসেম্বর এই পার্কেই যীশানের জন্মদিন পালন করা হবে। ইন্দ্রাণী নিজের হাতে পায়েস রান্না করেছে এবং একটি বড় কেক বানিয়েছে। আবাসনের সব বাচ্চাদের নিয়ে সেদিন সন্ধ্যায় পার্কে ইন্দ্রাণীর পরিবার উপস্থিত হল। ঠিক সময়ে যীশান কে নিয়ে তার বাবা হাজির হয়। যীশান কে খুব সুন্দর জামা পড়িয়ে মাথায় সান্তা ক্লজ টুপি পড়িয়ে দিল ইন্দ্রাণী। রং
বেরঙের বেলুন দিয়ে সাজানো হয় পার্ক। ইন্দ্রাণীর ঘর ও সাজানো হলো নানা রঙের বেলুন দিয়ে। সবার সামনে কেক ও পায়েস নিয়ে হাজির হল ইন্দ্রাণী। যীশান কেক কাটার সাথে সাথে বাচ্চারা গান ধরল Happy birthday to you.যীশান কে কেক এবং পায়েস খাওয়ানো হল। সেখানে ইন্দ্রাণী সকলের সামনে বলল এখন থেকে যীশানের আরেক মা ইন্দ্রাণী। সেদিন সবাই খুব খুশি হল এবং সকলে মিলে খুব আনন্দ করল। তারপর যে যার ঘরে ফিরে গেল। রাত ঠিক বারোটায় ইন্দ্রাণীর প্রসব বেদনা উঠে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ইন্দ্রাণী এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয়। সকলে খুব খুশি। যীশান অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন তার ছোট মা ভাই টাকে নিয়ে আসবে। ইন্দ্রাণী যখন বাড়ি আসল তখন যীশানের আনন্দ কে দেখে। যীশান তার ভাইয়ের নাম দিল কীষান। তখন থেকে যীশান কীষান একসাথেই থাকে। ইন্দ্রাণী মনে মনে বিড়বিড় করে বলে এখনও এমন হয় বুঝি।

শেষ দেখা, শেষ স্মৃতি

ভোলা(সুশীল দাস) ✍️

       স্মৃতিগুলি যখন মনে পড়ে আবেগকে আরেকটু খোঁচা দিতে ইচ্ছা করে, যতটুকু না হয়েছে 
তার থেকে একটু বাড়িয়ে ভাবতে ইচ্ছে করে।
মহাসাগতিক বস্তুগুলি কেবলই চলমান, চলতেই আছে, চলতেই আছে কিন্তু আমাদের জীবনের কোন্ এক সীমানায় থেমে যেতে হয়।
 টানতে হয় নিজেকে ইতি, বলতে হয় আর নয় এখানেই শেষ।  বোধহয় এমনটা হওয়ার কারন, শেষ হলেই শুরু হবে নতুন কিছুর।

অনেক বছর হয়ে গেল দেখা হয় না, এখন মুঠোফোনেই দেখা ও কথা হয়, তবে অনেক কম। 
শেষ কবে দেখা হয়েছে মনে নেই, তবে মনে পড়ে সেই দিনটির কথা।
তুমি শেষ কথাটুকু বলতে এসেছিলে সেদিন, কিন্তু আমার একটুকুও মনে হয়নি সেদিনই ছিল শেষ দিন।
সেদিন কোন এক মায়ার টানে তুমি এসেছিলে, আজ তুমি নেই কিন্তু আমি বিশ্বাসী আমি যে মায়ার টান তৈরি করে দিয়েছি তা এখনো ফুরিয়ে যায়নি তোমার মধ্যে।
অনেক যুগ পর কোনদিন যদি আমাদের দেখা হয় তবে একটুর জন্যও আমার মনে হবে না যে দীর্ঘদিন পরে আমাদের দেখা হয়েছে, মনে হবে এইতো সেদিন মাত্র আমাদের দেখা হয়েছিল। সেই পুরান তোমাকে আমি ফিরে পাবো, সেই মায়ারটানের বিন্দুমাত্র পরিবর্তন আমি দেখতে পাবো না।  
সেদিন তুমি মুখে বেশি কথা বলোনি, তবে তোমার মন, তোমার চোখ অনেক কিছু বলছিল। 
 তোমাকে আমার করে পেতে পারেনি কিন্তু সেদিনই ছিল "আমার হয়ে" তোমার সাথে আমার শেষ দেখা।
সেই দিন তোমার হৃদয়ে ছিল কিছু পাওয়ার আনন্দ ও আমাদের বিচ্ছেদের শোক। রাধা-কৃষ্ণের প্রেমের মতো কিংবা উপন্যাস লেখার মতো বড়ো প্রেম কাহিনী না হলেও একটি ছোট গল্পতো হতে পারে আমাদের নিয়ে। রাধা- কৃষ্ণের যদি মিলন হতো তবে তা প্রেম কাহিনী হতো না, আমাদের যদি মিলন হতো তবে "শেষ দেখাটি" শেষ স্মৃতি হতো না, অসমাপ্ত গল্প ও হতো না।

কালের নিয়মে

সুজন দেবনাথ ✍️

জীবন নামের রেল গাড়ীটা
ছুটে চলছে অবিরাম,
পৃথিবী নামের এই স্টেশন চত্বরে
কোনো বিরামের স্থান নেই,
শুধু নেওয়ার চেষ্টায় ব্যাস্ত সে গাড়ী।

যতক্ষণ আছে ইঞ্জিনে দম 
ততক্ষণই সে দৌড়ন্ত,
এই স্টেশনে দেখেছি শূণ্যপতি থেকে
কোটিপতি সকলেই একই পথের বাঁকে,
এখানে অনন্ত নিয়মে চলছে অবিরাম 
নিত্য আসা যাওয়ার খেলা।

কেউ খেলতে আসছে, আবার কেউবা 
খেলা শেষে ফিরে যাওয়ার অপেক্ষায়, 
ফেরা অনিবার্য কেউ আগে আর কেউ পরে।
ফেরার টিকিট হাতে নিয়েই তো সবার
এই স্টশনে ভীড় জমানো।

পাওয়া, না পাওয়া, শূন্যতা, পূর্ণতা
এসবের হিসেব কষে আর লাভ কি?
এই স্টেশনে তো সবার শূন্য হাতে আসা
অথচ পূর্ণতার অন্তিম লগ্নেও সেই শূন্যতা!
তবুও এই ব্যস্ত ভূখণ্ডে, ব্যস্ততার ভিড়ে
ব্যস্ত জীবন কালের নিয়মে।

গোত্র বিসর্জন

সুচিত্রা  দাস ✍️

সূর্য  জ্বলছে ধিকিধিকি গহ্বরে ক্ষতের নক্ষত্রের বসত ভিটা।
বছরের পর বছর কাটে ঘষামাজায় সন্ধ্যেটা নিকষকালো রাত্রি নামায়।

 অভিমন্যুর বৃত্তস্থরা কখনো কখনো আশ্বিন মুখি হয় ; কেউ চিলেকোঠায় নিমজ্জিত  অবসাদে মাথা চেপে ধরে 
তেলচিটে  বিছানায়  স্বপ্ন দেখে রাজসিংহাসনের।

একাদশীর বাঁকা  চাঁদ মুচকি  হাসে, স্বপ্নের মহীরুহ  পুড়ছে তোমার  আমার,পৃথিবীর  বৃত্তটা ডিম্বাণুর জন্ম দেয় আমাজনের অক্সিজেনে।

আধোয়া পা দুটো মালকোচা ধুতির আড়ালে লাথি মারে  নিকষকালো রাত্রিটা তখন ভয়ংকর।

চমৎকার  সেই দৃশ্য  জুড়ে বেলোয়াড়ি ফোয়ারার  ফানুস উড়ে বহুতলের ছাদে।

মাটির বিয়োগ  ব্যথায় আকাশ  একঢোক জল গিলে।

ধর্ম বর্ণ কোথায়  গীতা  ভাগবদ, মহাভারতের শকুনির কলা কৌশল নদীর কলকল স্রোতে বয়ে যায় কতশত ডিম্বাণু ;  দুর্যোগের ঘনকালো ছায়া বৃত্ত ঘিরে ধরে আধ্যাত্মিক  যোগ  খুঁজে  গরীবের দল।

কখনো বা সধবারা বৈষ্ণবী হয়ে  উঠোন পেরিয়ে শিথিল  করে দেবে বুকের  ইতিহাস।

আর যাই ঘটুক  সভ্যতার বাউন্ডুলে হৃদয়  তপ্ত  মহাকালের গহ্বরে  গোত্র বিসর্জন  দিয়ে পড়বে হয়ত সাদা থান।

পরম বন্ধু

সুপর্ণা মজুমদার রায় ✍️

বৃহত্বের সাথে আমিত্বকে
বিলিয়ে দিতে চাই, 
আত্মাকে আজ পরমাত্মার
বন্ধু বানাতে চাই। 
পরমাত্মার ক্ষুদ্র কণা 
আত্মাকে সবে জানি, 
পরমাত্মাকে কজনই বা 
বন্ধু বলে মানি? 
প্রকৃতি তো তাঁরই রূপ 
সৃষ্টি স্থিতি লয়, 
বৃহত্বের মাঝে সবই স্থিত 
বৃহত্বের মাঝেই ক্ষয়। 

-----------*******------------

রাত

পান্থ দাস ✍️

খুঁজি যে
একাকীত্বে তোমায়
ক্ষণে ক্ষণে,

অপেক্ষার 
বাঁধ যে ভাঙে,
পড়ে যখন
সন্ধ্যা রাতে
খুব মনে।

দিন যে 
অসহায়
রাতকে খোঁজে,

প্রহরীরা ভাবে,
দিনের তীব্র আলোয়
দিনকে
গভীর রাত করেছে।

শীতের ভোর

মনচলি চক্রবর্তী ✍️

শীতের শিশির ভেজা  ভোরে রোদ আর
কুয়াশার চলছে দারুণ খেলা। 
সোনালী ধানের গাছের শীষে
সোনা রোদ জড়িয়ে সাদা মেঘের ভেলা ।
হিমেল বাতাসে ভেসে 
পাখিরা যায় দূরে পাখা মেলে।
মাঠে কাটছে চাষিরা  সোনার ফসল
 ডিঙ্গি নিয়ে ভেসে যায় মাছের আশায় জেলে।
নতুন চালের পিঠেপুলির গন্ধ ভেসে আসে 
চারপাশে ।
 মন ভরে উঠে  পৌষের তেলেভাজা, আর
নলেন গুড়ের পায়েসে।

অবহেলিত পিতা


অভিজিৎ চক্রবর্তী ✍️

যে বাবা জন্ম দিলো মানব শিশুকে। 
তিলে তিলে মরছে বাবা হীন নরকে।। 
নিজের রক্তে শিশুকে তিনি করেছেন লালন পালন । 
সে শিশু আজ বড়ো হয়ে করছে বাবাকে শোষণ।। 
নিজে না খেয়ে কাঠ হয়ে শিশুকে করালেন ভোজন। 
সে শিশু আজ জীবন্ত পিতার করছে অন্তদহন।। 
প্রতিটি চাহিদা  নিঃস্বার্থে করেছেন বাবা পূরণ। 
ছেলের হাতে তিলে তিলে হচ্ছে তাহার মরণ।। 
ভোগবিলাসী ছেলে তাহার মাটিতে পড়ে না পা। 
কথায় কথায় শিখেছে দিতে পিতার আর্তে ঘা।। 
বড়ো হয়ে ছেলের যখন হয়ে গেলো বিয়ে। 
বউয়ের কথায় বাবার চোখে অশ্রু পড়ে বেয়ে।। 
সংসার করেছে ছেলে, পৃথক হতে চায়। 
মা বাবাকে দূরে ফেলে সুখের নৌকা বায়।। 
চুপটি করে মুখ বুঝে  কান্নায় ফেটে পড়ে। 
ছেলে আমার বউয়ের কথায় গেলো দূরে সরে।। 
সন্তান আজ ভুলে গেছে অতীতের সেই দিন। 
অদ্ভূত রূপে শোধ করল বাবা মায়ের ঋণ।। 
বাবা মা আজ নতুন করে সংসার বানাবে । 
শহর থেকে রিক্সায় চেপে বৃদ্ধাশ্রমে যাবে।। 
আরও কত কীর্তি সন্তানের মা বাবা আছেন চেয়ে।। 
একই সাথে থাকবে দুইজন সঙ্গী সাথী নিয়ে।

সর্বনাশা ফোনের নেশা

প্রতীক হালদার ✍️

ফোন ছাড়া আর চলবে নাকো 
ফোন না থাকলে সবই অচল,
বাজার জুড়ে রাজত্ব তার
তাকে পেলেই জীবন সচল।

ফোনের সাথে রোগ-ব্যাধিরা 
আজ যে বাড়ির দোর গোড়ায়,
অ্যাপগুলোও চালাক ভীষণ 
খুব সহজে মন ঘোরায়।

যন্ত্রণাটা হচ্ছে ঘাড়ের 
সমস্যাও চোখে ,
ঘুমের কথা ভূলে গিয়ে 
দু-চোখ ফোনে ঝোঁকে।

মনের ও যে হচ্ছে ক্ষতি 
পড়ছে ভীষণ চাপ,
ফোনের জন্য যায় এগিয়ে 
তবু সমাজটা এক ধাপ।

ফোন না হলে ঘুম আসে না
হয় না খাওয়া-দাওয়া,
ফোনের নেশায় মত্ত সবাই 
ফোনই চাওয়া-পাওয়া।

অতৃপ্ত আশা-আকাঙ্খা

স্বপন দেবনাথ ✍️

আমার অতল গহ্বরে,
প্রত্যহ সৃষ্টি হয় কতগুলো অতৃপ্ত আশা-আকাঙ্খা ,
যার পূরনের প্রত্যাশা দেয় না চ‌‌ক্ষুবৃন্ত দুটো বুঝতে।
প্রতিটা রাতের অন্ধকারে তাদের আমি
দেখতে পাই - কুয়াশার অন্তরালে ; আর 
আবর্তিত হয় আমার চতুর্দিকে।

জীবন পথ

মিতা বন্দোপাধ্যায়✍️

অসময়ে জীবন বলিদান এক সামাজিক রোগ ,
সুন্দর বলিষ্ঠ প্রাণটাকে নিমজ্জিত  করে গোঁড়ামির অন্ধকারে ।
শত বিদ্রুপে তৃষ্ণার্ত হৃদয় ব্যকুল হয়ে ওঠে ,
মূর্খতায় নষ্ট হয় পরিমিত  গৃহস্থালীর প্রদীপ ।
প্রতিদিন অনন্ত আকাশ দিয়ে যায় কত , রকমের স্বপ্ন ,
এই বোবা কালা সভ্যতার যদি হতো নির্বাসন
মন বাগিচা ভয়ে শিউরে ওঠে ক্ষণে ক্ষণে ,
জীবন নদীর বাঁকে কত স্মৃতি ভরে থাকে ।
মোহনার পথ গরিয়ে যায়  প্রায় সময়ের আগে ,
বুকের আগুন নিয়ে ছিনিমিনি খেলা সয়না।
জীবন সাম্রাজ্যে অমলিন মায়াজালে রেখো স্বজন সৃজন স্মৃতি ,
সুখ নদী পার হয়ে যায় অনায়াসে ;
দুখের মাঝি পার হতে পারেনা পার হতে  কিছুতেই , সহজে।

অজানা ভালোবাসা

মিঠু মল্লিক বৈদ‍্য✍️


আমি ভালোবাসি বলে জোড় করবো না কখনো
তবে ওকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম একদিন,
ওর শীতলতায় নিজেকে নিয়ে যেতাম শান্তির ঘরে,
প্রখরতায় জ্বলে উঠতাম জ্বলন্ত অঙ্গারের মতো।

নিরহংকার চলনে খুঁজে নিতাম সুখ,
মাধুরীতে জীবন সুবাস, দীপ্ততায় তৃপ্তি।
সুমধুর বিভূষণে বাঁচার রসদ, আর নীরব
চাহনিতে এগিয়ে চলার মন্ত্র।

সত‍্যি বলছি; ভালোবাসি বলে জোড় করবো না,কারণ  আমি জানিই না ওকে কি করে ভালোবাসতে হয়।
জানিনা ওকে ভালোবাসার মতো স্পর্ধা আছে কিনা,
জানিনা ওর পাশে আমায় মানাবে কিনা !

তবে হ‍্যাঁ ; ওকে ছাড়া কেমন যেন ছন্নছাড়া আমি,
ওকে নিয়ে ভাবতে, স্পন্ধিত হৃদয়ে ভালোবাসার 
আগুন জ্বালিয়ে শব্দালঙ্কারে ঊর্বশীর রূপে
সাজিয়ে তোলে কেমন যেন তৃপ্তি অনুভব করি।

কারণে অকারণে ওকে নিয়ে অহেতুক মাতামাতিতে
ধমনী করে টগবগ, বয়ে যায় রক্ত প্লাবন।
সে আমার একান্ত প্রিয়, প্রাণপনে অনুভব করি 
বিন্দু মাঝে সিন্ধু দর্শন ওর গভীরতায়।


সে যে আমার ভালোলাগার কবিতা, অজানা ভালোবাসা।

সম্পাদকীয়

 
    সম্পাদকীয়..........................................✍️
নবোন্মেষ- শিল্প, সাহিত্য, সংস্কৃতির পক্ষ থেকে গল্পকার, কবি এবং সাহিত্যিকদের জানাই নাতিশীতোষ্ণ ভালোবাসা। আমাদের এই সংখ্যা শীতের উষ্ণ প্রেমের কবিতা, গল্প এবং বিচ্ছেদের রস, তাছাড়া বিভিন্ন মূল্যবান প্রবন্ধ এবং গবেষণা নিয়ে সজ্জিত হয়েছে। আশা করি পাঠকদের মন মুগ্ধ করতে পারবে। 
ধন্যবাদান্তে,
গৌরাঙ্গ সরকার
সম্পাদক, নবোন্মেষ পত্রিকা

দুর্ভেদ‍্য সত‍্য

✍️ শুভ্রা দেব

মেঘ ও বৃষ্টির লড়াইয়ের মধ্যে দিয়েই শরৎ আর হেমন্ত কিভাবে কেটে গেল। নদীর ধারে কাঁশফুল গুলি ও প্রাণ হারিয়ে নিস্তেজ হয়ে গেছে। এবার শীতের আমেজ নেওয়ার পালা। মেঘ বৃষ্টির অভিমান যেন মিটল এবার । কিসের যে এতো মান - অভিমান ছিল ওদের। আগরতলার পরেই ধর্মনগর; দীপাবলির সময় নানা রঙের ঝাড়বাতি আর  আলোর রোশনাই এ আলোকিত হয় গোটা শহর আর মেতে উঠেছিল শ‍্যামা মায়ের আরাধনায়। ভোরবেলা থেকেই অঝোর বৃষ্টিতে, স‍্যাঁতস‍্যাঁতে রাস্তাঘাটে  দীপাবলির আমেজটাই হয়েছিল পুরো মাটি। ধর্মনগর মিশন রোডের কোয়ার্টারে থাকে মাহি আর নিখিল। নিখিল পি. ডব্লিউ.ডি অফিসে জুনিয়র ইঞ্জিনিয়ার। ঘড়িতে সকাল সাতটা, রবিবার হওয়ার দরুণ অফিস বন্ধ। হালকা শীতের ছোঁয়া লাগতেই ঘুম যেন ভাঙতেই চাইছেনা ; কাজের তাড়নায় তবুও বিছানা ছাড়তে হবে। সবাইকে ঘুমে রেখেই, মাহি যথারীতি দিনের কাজ শুরু করে দিল। মনটা বড্ড কেমন করছে, কারণটা নিজেরই অজানা। কাজের ফাঁকেই মন যেন কোথায় হারিয়ে যাচ্ছে; বারবার অন‍্যমনষ্ক হয়ে পড়ছে। সকালের কাজ প্রায় শেষ। মনোরঞ্জনের জন্য একটু মুঠোফোনে ফেসবুক ঘাটছে। বেশ কিছুদিন আগে হঠাৎ একটি ফ্রেন্ড রিকোয়েস্ট আসল। প্রোফাইল ঘুরতে গিয়ে দেখা গেল তালা ঝুলানো। সচরাচর মাহি সব রিকোয়েস্ট এক্সেপ্ট করেনা। হঠাৎ কি মনে হলো রিকোয়েস্ট টা এক্সেপ্ট করে নিল।
                       তারপর ফোন রেখে আবার শুরু হলো নিত‍্যদিনের রুটিন। মাহি একটা প্রাইভেট অফিসে কাজ করে। করোনাকালীন সময় থেকে ঘরে বসে অনলাইনেই কাজ। কাজের ফাঁকে মেসেঞ্জারে এক আধটু কথা হয় বন্ধুদের সাথে ব‍্যস এভাবেই চলে। বেশ ফুরফুরে মেজাজেই দিন কেটে যায়। হঠাৎ নজর পড়ে নতুন ঐ প্রোফাইলের মেসেজ। গুডমর্নিং এর একগাদা ফটো উয়িশ আসতো রোজদিনই। মন ধরলে লাইক ইমোজি দিতো নয়তো না। 
                        আবৃত্তি করতে মাহি বরাবরই খুব ভালোবাসে; কবিতা অন্ত প্রাণ। একদিন দেখলো অচেনা ঐ একাউন্ট থেকে একটি কবিতার পোষ্ট, কবিতাটা পড়ে বেশ লাগল। তারপর উৎসাহ  নিয়ে পুরোটা প্রোফাইল ঘুরে দেখতে লাগল-- অনেক স্বরচিত কবিতার ফোয়ারা। কবিতা গুলি বেশ বাস্তবমুখী। প্রতিটি লাইনের শব্দের সঙ্গে  নিজেকে কেমন মিশিয়ে নিতে লাগল। আর যার কলম থেকে শব্দের ফুলঝুড়ি ঝড়ছিল, তার প্রতি মনটা ভীষণ দুর্বল হতে থাকল; কথা বলার একটি তীব্র বাসনা জাগতে লাগল। একদিন সাহস করে মেসেজ পাঠিয়েই দিল " আপনার কবিতা গুলো বেশ ভালো লাগে পড়তে। " এইভাবে কিছুদিন কথা হয়, তারপর আবার হঠাৎ থেমে যায়। অফিস আর ঘর সংসার সামলিয়ে কবিতা পড়ার নেশাটা বেড়ে গেল।
                        
                            দীর্ঘদিন পর আবার মাহি ঐ অচেনা একাউন্টে মেসেজ পাঠায়। সেই থেকেই বইতে শুরু করল কথার ঢেউ। যখনই সময় হতো কথা চলতো। এভাবে কেটে যায় মাস চারেক। ওরা যেন একে অন‍্যের পরিপূরক হয়ে উঠল; যাইহোক না কেন শেয়ার না করলে কেমন অধরা থেকে যায়। ছন্দস্রোতে ভেসে ঘনিষ্ঠতা প্রবল থেকে প্রবলতর। অবিবাহিত প্রবীণ মনে কেবল ঘোর অশনি সংকেত; বিবেকের দংশনে বিদ্ধ কোমলমতি হৃদয়। এই পথে আর নয়, ধ্বংসযজ্ঞের অবসানে-- হতে হবে যোগাযোগ বিচ্ছিন্ন। কিন্তু প্রতিবারই প্রচেষ্টায় ব‍্যর্থতার করাল থাবা। অজানা অনুভূতির টানেই বারবার ফিরে আসা। ছোটবেলা থেকেই মাহি যেই ছবি এঁকে কাগজের পর কাগজ ছিঁড়ে গেছে, সেই মানুষটাকে আজ যেন নতুন করে আবিষ্কার করছে ঐ অজানা মানুষকে ঘিরে   ; অন‍্যদিকে তাকেও বিচ্ছেদ গ্রাস করতে চলছে ভেবে-- সে যেন  কেমন উন্মাদপ্রায়। তবুও সৃষ্টির পথে ধ্বংসলীলা সাঙ্গ করতে এই বিচ্ছেদ চিরমঙ্গলময়। মাহি পাগলের মতো হয়ে উঠছে, বাঁচামরা যেন সমান। প্রাণ থেকেও নিষ্প্রাণ দেহ। কেন এমন হচ্ছে, কিসের জন্য এতো মরিয়া? আবেগ - ভালোবাসা;  কি এই সম্পর্কের নাম? যাকে কোনোদিন সামনে দেখেনি, স্পর্শের উর্দ্ধে যার অবস্থান ; যার বাস্তব উপলব্ধি নিশুত রাতে দেখা স্বপ্নসম ; তারজন‍্য কেন এই ব‍্যকুলতা! উত্তর মেলা ভার।  ঈশ্বরের কি লীলা! -- মাহি ওরা ক'দিনের জন্য বেড়াতে গেল দীঘা সমুদ্র সৈকত দেখার উদ্দেশ্যে। ঘোরাঘুরি করতে করতে হঠাৎ শরীরে অদ্ভুত শিহরণ ; কি দেখল নিজের চোখকেই বিশ্বাস হচ্ছেনা। মুখোমুখি এক দুর্ভেদ‍্য সত‍্যের। সেই চোখ, মুখ, দীর্ঘদিনের তপস‍্যা-- যাকে একবার সামনে থেকে দেখার, তার বাস্তবায়নকে মানতেই পারছেনা মাহি, বারবার চিমটি কাটছে নিজেকে, সত‍্যতা যাচাই করার জন্য। 
                         হঠাৎ বিকট আওয়াজ শোনে-- উঠে বসতেই চোখে- মুখে জল ছিটকে পড়ল। নিখিল, মাহির উঠতে দেরী দেখে মজার ছলে জল ছিটাতে লাগল। কনকনে ঠান্ডা বাতাসে জলে ভেজা মুখ নিয়ে আরও কাঁপতে কাঁপতে নিখিলকে জড়িয়ে ধরল আর ডুবে গেল ভালোবাসার অনাবিল স্রোতে।

পৃথিবীর জ্বর এসেছে

   ✍️ সাগর শর্মা

পৃথিবীর জ্বর এসেছে
থার্মোমিটারের শেষ পাঠও আজ অতিক্রান্ত
দিন দিন দেহকে করছে দূষিত-
বাড়ছে রোগের কারখানা
ধীরে ধীরে সে দেহের চামড়া প্লাবিত করবে।

এদিকে ভেতরে প্রতিনিয়তই সে ধ্বংস করে চলেছে-
শ্বেত রক্ত কণিকা তার দ্বারা অবলুপ্ত;
      ঠাঁই পেয়েছে ক্যানসার,
      মারণ ভাইরাস,
    আর কিছু জীবনক্ষয়ী অসুখ।
           এই জ্বর আদতে কোনো অসুখ নয়-
         এটি সব রোগের একটি সম্মিলিত উপসর্গ মাত্র।

শীত

✍️ রেহানা বেগম হেনা

শীত তুমি এসেছো, আবারও আমাদের ছোট গাঁয়ে,
হেমন্তের শিশির ভেজা, কোমল ঘাসের সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে।
তোমার আগমনে -
হিমেল সিংহাসনে হয়েছে আসনখানি পাতা,
তোমার রাজ্যাভিষেকের সাথেই হবে গরিবের হৃদয়ে ব্যথা।
তোমার আগমনে -
বনে বনে, ডালে ডালে শুরু হয় পাতা ঝরা,
ফুলে ও ফসলে তবু সেজে ওঠে আমাদের বসুন্ধরা।
তোমার আগমনে - 
রেশমী পোশাকে ধনীদের দেহ হয় মোড়া,
অভিশপ্ত জীবন কাটায় অসহায় দরিদ্ররা।
তোমার আগমনে -
বিদায় হয়ে যায় -
শিউলির ঘ্রাণ, কাশের মেলা, তা ছিল পথের বাঁকে বাঁকে,
প্রকৃতি আবারও নতুন করে ধরা পালকে রঙিন আলপনা আঁকে।
তোমার আগমনে -
ধনীদের মুখে ফোটে হাসি,
পিঠে পুলি, খেজুরের রস --- খাবে বসে দিনরাত দেশবাসী।
গরিব তবু অসহায়! হিমেল হাওয়ায় কাঁপে থরথর,
রাত্রি যাপনে একটুকু উষ্ণতা পাওয়ার নেই উষ্ণ ঘর।
শীত -
তুমি এসো না কখনও গৃহহীন গরিবের দ্বারে,
তোমার দাপটে ওরা পথেঘাটে, ফুটপাতে পড়ে মরে।
ছিন্ন বস্ত্র, বস্তা, পলিথিন জড়িয়ে থাকে ভিখারির বেশে,
তোমার হাতের কোমল পরশে কত যে চলে গেছে চিরঘুমের দেশে।
তাই তো আমি তোমার কাছে মিনতি করি হায়,
ভুল করেও তুমি এসো নাকো আমাদের ছোট গাঁয়ে।

বাপের হুটেল


✍️ অভিজিৎ চক্রবর্ত্তী

কী ভাইবছত যে তুই, এন্নে আর কয় দিন যাইব। 
মনে করছত কিতা, 
বাপের হুটেল ইয়ান হারাজীবন খোলা থাইব কন। 
বাপ ইয়া একদিনের লাই কাইত্তই যাক তই টের হাইবি তুই 
তোর এত আনন্দ, আনন্দ ন 
সব নিজের কোয়ালের লাই থুইতাছত। 
কবি সুচরিতা পাডারী বাপেরে 'ভাত গাছ' কইছে 'ভাত গাছ '। 
সাহিত্যিক অপক্ক হেরেমচাঁদ ঠাউর "বাবা তো বাবা-ই " কইছে। 
দিগন্ত সাহিত্য হত্রিকার হতিষ্ঠাতা টিংকু হুত্রধর ও সভাপতি হান্থ দাস দুনো জনে বাপেরে 'বটগাছ' কইছে 'বটগাছ ' 
আর তুই অইছত এমন এক কুলাঙ্গার হোলা 
যেতে বাপেরে চাইর হইসা দাম দেছ না। 
বুজবি রে বুজবি,  থাইকতে বুজদি ন 
সব হারাই তই বুজবি বাপ কি জিনিস। 
তুই কিতা ভাইবছত, 
হরালেহা ছাড়ি দি দিনে রাজমেস্থরীর জোয়ালীর কাম করবি 
আর হইন্দা ন অইতে লাল গোলাবী দুই চোকেত্তে চাইর চোখ লাগাই বাইক লই বাইর অই যাবি 
এত সুখ, সুখ ন মেঘে মেঘে বেলা কাডি যার
হগলের বাপ হারা জীবন বাঁচি ন থায়
এন্নে দিন যাইত ন রে মনা 
বাপ জমিনেত্তে কাম করি মাথার ঘাম হাথ হালাই সংসার চালার 
আর হেতের বেলা হইরত্তে হুডানি দেহানি শুরু অই যায়। 
হগল বাপের লঙ্গর-খানা আজীবন খোলা থাইকত ন
একদিনে ন একদিন তোরে এই লঙ্গর-খানার ভাড় নন লাইব
এই কথা মনে রাইছ। 

শরতের শোভা

✍️ প্রতীক হালদার 

কাশফুলেরা মাঠের পাশে 
দুলছে হাওয়ার তালে,
লাগছে তাদের ভীষণ ভালো 
এমন শরৎকালে।

ঘাসের উপর ভোরবেলাতে 
শিউলি পড়ে ঝরে,
সাদা রঙের মেঘের ভেলা 
ঘুরছে আকাশ জুড়ে।

পদ্ম ফোটে পুকুর বিলে 
ছড়ায় শোভা জলে,
রাজহাঁসেরা ঘুরে বেড়ায় 
সবাই সদলবলে।

ঢাকের উপর পড়ল কাঠি 
শিশিরে ভিজে ঘাস,
পুজো এল দিচ্ছে উঁকি 
মনের যত আশ্।

শরতের এই এমন শোভায়
দুর্গা এসে গেল,
দিনরাত্তির দারুণ মজায় 
সবাই গা ভাসালো।

রাসলীলা মাহাত্ম্য


✍️  মায়া রানী মজুমদার

রাসলীলার মাহাত্ম্য
                         শুন দিয়া চিত্ত, 
রাস মানেই রস
                      লীলা মানে নৃত্য। 
এক অঙ্গের'ই দুই রূপ
                    শ্রীকৃষ্ণ আর রাধা,
ভিন্ন দেহে জন্ম নিয়েও
                     ছিল মিলনে বাধা।
গোপীগণ সনে রাধা 
                      জল ক্রীড়া করে,
যত গোপীগণের পরিধেয় 
                     বস্ত্র রাখে উপরে।
শ্রীকৃষ্ণ চুপিসারে বস্ত্র 
                  রাখে বৃক্ষের উপরে,
সবাকার বস্ত্র নাহি হেরে
          গোপীরা উঠে স্নান সেরে।
গোপীদের সাথে লীলা 
                  করে শ্রীকৃষ্ণ কানাই, 
কার্তিকের পূর্ণিমা তিথি
                ছিল শুভ ঐ দিনটাই।
রস রঙ্গে মেতেছিলেন
                 জগতের প্রভু শ্রীনাথ,
প্রতিজন গোপী সনে
            নৃত্যে মত্ত জগতের নাথ।
প্রতি বৎসর কার্তিকের 
                  শুভ পূর্ণিমা তিথিতে,
রাসলীলা হয় উদযাপিত 
                    এই শুভ তিথি মতে। 
রঙ্গরসে আছে কন্টক 
                      আছে কতো বাধা, 
বৃন্দাবনে করে লীলা
                     শ্রীকৃষ্ণ আর রাধা।
রঙ্গ লীলায় হয়ে মত্ত
                      আনন্দে হন মগন, 
নরনারীর লীলাক্ষেত্রও
                         সুমধুর বৃন্দাবন, 
প্রেম লীলায় কৃষ্ণ আর
                        রাধা বিনোদিনী।
অষ্ট সখী রেখে রাধা
                           হন উন্মাদিনী, 
বৃন্দাবনে রাধা কৃষ্ণের
                      দেখে প্রেম লীলা, 
দেখাদেখি নরনারী মর্ত্যে 
                     করে প্রেম খেলা। 
সর্ব কর্মেই আছে বাধা
                রেখো চোখে জড়তা, 
যথাসাধ্য করো চেষ্টা 
                       রাখতে সম্ভ্রমতা।

বর্ণ মালার বর্ণ


✍️ মাধুরী লোধ 

বর্ণ মালার চাদর জরিয়ে দিলাম
তোমার শীতল গায়
ভালবাসার উম ছুঁয়ে দিলাম
পরম প্রতীক্ষায় ।
ফসলের মাঠে তোমার হাওয়া
খেলার মাঠে জিত
নৌকার বৈঠায় তোমার বাঁধন
অট্টালিকায় ভিত।
বটের ছায়ায় পাখীর পাখায়
শাপলা শালুক জলে
মন্দির মসজিদ শঙ্খ ঘন্টায়
পথে পদে মাতৃভাষা বলে ।
নদী সাগরে জোয়ার আসে
আসে ভাটার ক্ষন
আকাশে বাজে মেঘমল্লার
নাচে ময়ূর ময়ূরী র মন।
পাখার হাওয়ায় বর্ণমালা
শিশুর হাসির ছাপ
ওঝার ছু মন্তরে ও বর্ণমালা
পালায় ভূত পেত্নীর বাপ ।
ষড় ঋতু  যায় আসে
 আসে একুশে ফেব্রুয়ারি দিন
ভাষা দিবসে শপথ নিলাম 
শুধতে চাই ভাষা শহীদদের ঋন ।

অনেক তো হাঁটলাম


✍️ গোবিন্দ ধর 

পথ কোথায়?কে যেন কংক্রীট বিছিয়ে রাখে।
এতেও সুখ ওদের।এতেও আনন্দ ওদের।
বেপথে চালিত করে আনন্দ বাজার অব্দি যাওয়া
কঠিন বাস্তব। পথে আরো চলমান যান 
চলাচল গলে ঠিক লক্ষ্যে পৌঁছা পর্যন্ত 
আপনাকে কঠিন একাকীত্বের ভেতর হাঁটতে হয়।
তখনই সামনে একটি সরু পথ মিলে গেলে
নিশ্চিত আপনি ঠিকঠাক রাস্তা পাবেন।
পথের বিকল্প শুধুই পথ।সামনে যেতে যেতে
ঠিক একদিন রাস্তা মিলবেই। 

ব্যর্থ মানুষ


  ✍️ কৃষ্ণকুসুম পাল

অনেক ব্যর্থ মানুষ দেখেছি
যারা কোনদিন এভারেষ্টের চূড়ায় উঠতে পারেনি,
অনেক ব্যর্থ মানুষ দেখেছি
যারা প্রশান্ত মহাসাগরের তলদেশ দেখেনি,
অনেক ব্যর্থ মানুষ দেখেছি
যারা ছায়াপথের নক্ষত্র গুনতে জানেনা,
অনেক ব্যর্থ মানুষ দেখেছি
যারা অক্লান্ত সেবা করেও বিনিময়ে কিছু চায় না,
অনেক ব্যর্থ মানুষ দেখেছি
যাদের অসীম শ্রম করেও অনাহারে থাকতে হয়,
অনেক ব্যর্থ মানুষ দেখেছি
যারা ধনকোবের হয়েও ওদের মনে কোন প্রেম নেই
অনেক ব্যর্থ মানুষ দেখেছি
যারা সন্ন্যাসী হয়েও কামনা বাসনায় পরিপূর্ণ,
এরা সেদিন সকলে সফল হবে
যেদিন সব শয়তানদের মঙ্গলগ্রহে পাঠাবো,
ওরা সেখানে শেয়ানে শেয়ানে কোলাকুলি করবে।

বিশ্বকাপ ফুটবলের অন্যতম সেরা ম্যাচ


✍️ রাজা দেবরায়


এবছর অর্থাৎ ২০২২ ইং অনুষ্ঠিত হচ্ছে ফুটবলের সেরা মঞ্চ 'ফিফা বিশ্বকাপ'। ফিফা অর্থাৎ ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন। এই বছরের বিশ্বকাপ সহ এখন পর্যন্ত ২২টি বিশ্বকাপ হয়েছে। ১৯৩০ সাল থেকেই বিশ্বকাপ শুরু হয়েছে। তবে শুরুতে 'ফিফা বিশ্বকাপ' ছিলোনা, 'জুলে রিমে কাপ' ছিলো। ১৯৭০ সালে ল্যাটিন আমেরিকা ঘরানার অন্যতম পৃষ্ঠপোষক ব্রাজিল বিশ্বকাপ জিতে অর্থাৎ জুলে রিমে কাপ জিতে চিরকালের জন্য ঘরে তুলে নিয়েছে। কারণ এটাই কথা ছিলো, প্রথম যে দেশ তিনবার বিশ্বকাপ জিতবে সেই দেশ চিরকালের জন্য 'জুলে রিমে কাপ' বগলদাবা করবে। 'জুলে রিমে কাপ'-এর পরেই 'ফিফা বিশ্বকাপ' শুরু হয়।

এবছর ২০শে নভেম্বর থেকে শুরু হয়েছে 'ফিফা বিশ্বকাপ', শেষ হবে ১৮ই ডিসেম্বর। বত্রিশটি দেশের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে। গোটা বিশ্ব মুখিয়ে আছে দেখতে কার হাতে বিশ্বকাপ উঠবে। ১৯৩০ সাল থেকে এখন পর্যন্ত বহু বহু ম্যাচ হয়েছে। টানটান উত্তেজনা অনুভূত হয়েছে বহু ম্যাচ। তার মধ্যে মনে রাখার মতো ম্যাচও কম নয়। তবে চিরকাল মনে রাখার মতো ম্যাচের কথা বললে অবশ্যই ১৯৮৬ সালে মেক্সিকোয় অনুষ্ঠিত হওয়া আর্জেন্টিনা এবং ইংল্যাণ্ডের ম্যাচের কথা স্মরণ করতেই হবে।

মেক্সিকোয় অনুষ্ঠিত হওয়া ১৯৮৬ সালের বিশ্বকাপকে বরাবরই 'মারাদোনার বিশ্বকাপ' বলা হয়। যদিও এই কথাটি নিয়ে একটু বিতর্ক আছে বা বিতর্ক করা যায়। কারণ একটা বিশ্বকাপ শুধুমাত্র একজনের নামে উল্লেখিত হলে সেসময়ের বাকি খেলোয়াড়দের অবজ্ঞা করা হয়। আবার এটাও ঠিক যে এই বিশ্বকাপে বাঘা বাঘা খেলোয়াড় থাকলেও অধিক চর্চায় ছিলেন দিয়েগো আর্মান্দো মারাদোনা। বিশেষ করে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যাণ্ডের ম্যাচটি 'মারাদোনার বিশ্বকাপ' এই তকমাটিকে আরও বেশি উজ্জ্বল করেছে। 'হ্যাণ্ড অব গড' এবং 'গোল অব দ্যা সেঞ্চুরি' এই ম্যাচেই দেখতে পেয়েছেন আপামর ফুটবলপ্রেমীরা।

প্রথম হাফটাইম দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলশূন্য অবস্থায় থাকে। দ্বিতীয়ার্ধে শুরু হয় মারাদোনা ম্যাজিক। ৫১ মিনিটে হওয়া প্রথম গোলটিই ফুটবলের ইতিহাসে অন্যতম বিতর্কিত গোল, 'হ্যাণ্ড অব গড'! তিউনিশিয়ার রেফারির চোখকে ফাঁকি দিয়ে এবং ইংল্যাণ্ডের গোলকিপার পিটার শিলটনের মাথা টপকে হেড (হাত!) দিয়ে গোল করলেন 'ফুটবলশিল্পী' মারাদোনা। ১-০ গোলে আর্জেন্টিনা এগিয়ে গেলো। এরপর চার মিনিট পরেই বিশ্ববাসী দেখতে পেলো শতাব্দীর অন্যতম সেরা গোল!

মাঝমাঠ তখন আর্জেন্টিনার দখলে। নিজেদের মধ্যে ছোটো ছোটো পাস দেওয়া চলছে তখন। মারাদোনার মুখ নিজের গোলপোস্টের দিকে। হঠাৎ পাস চলে আসে তাঁর দিকে। তাঁকে ঘিরে রেখেছেন ইংল্যাণ্ডের স্টিভ হজ, পিটার ব্লেটস্লে এবং পিটার রিড। প্রথমে মারাদোনা বাঁ পা বলের উপরে নিয়ে গেলেন এবং এই মুভমেন্টেই এক লহমায় ঘুরে গেলেন ইংল্যাণ্ডের গোলপোস্টের দিকে। পিটার রিড, বুচার এবং উইক তাঁকে আটকানোর চেষ্টা করলেও মারাদোনা দুর্বার গতিতে ছুটেই চলেছেন। গোলপোস্ট ছেড়ে বেরিয়ে এলেন শিলটন। শিলটনকে একপাশে ফেলে এবং ট্যাকল করার জন্য বুচারের শেষ চেষ্টাকে বিফল করে গোল করলেন মারাদোনা। 'গোল অব দ্যা সেঞ্চুরি'!

শীত


    ✍️ পান্থ দাস

শীতের দোলা
লাগলো প্রাণে
শিশিরে মাখা
ঘাস যে খেলে।

গাঁদার ডগায়
নাচে যে জলবিন্দু,
রোদের ঝলমলে
যাই যে চলে সপ্তসিন্ধু।

রোদের জন্য 
থাকি যে অপেক্ষায়,
স্বাদতো মেটেনা
পিঠে পুলি তে,

স্নানের ঘরে
মন যে যায়না,
ঠান্ডায় ভোরে
বলে বিছানা এখন উঠোনা।

প্রতিদান

 ✍️ অনুরাগ ভৌমিক

চোখে জল এনে দিলে,

এই জল ধীরে ধীরে দীর্ঘতর হয়;নদীর মতো।

পাখি গান শুনতে বলে, নৌকা ও গান শোনায়।

দীর্ঘ শরীর চেনা গাঁয়ের পাশ দিয়ে ছুটে চলে।

একসময় দাঁড়ায়,যেখানে বিরাট বিল,পারে তেঁতুল বৃক্ষ,

একটা ডাহুক দুপুর দুপুর বলে ডাকে,

নিবিড় পানাফুল তাকিয়ে থাকে আকাশের দিকে।

এই ফুল চুলে গুঁজে ছুটেছিল শকুন্তলা 
হরিণের পেছন পেছন...

তোমার দেওয়া সমস্ত জল দিয়ে সময় সাজাই,

বয়ে চলাই জীবন,তাই বয়ে চলি,
বুঝতে পারি গাছেদের ও জ্বর হয়,

এসো হাওয়া হয়ে,পথে পথে প্রেমের বকুল ছিটিয়ে যাবে...

হোঁটচ

 
✍️ চন্দন পাল

রাস্তায় এক চতুর্দশীকে বললাম,,,
এই খুকি কাজ ফেল্ , স্কুলে যা। পড় ।
লেখাপড়া ছাড়া দেশটাকি এমনিই গড়বে!

বললো, সবার জন্য খাদ্য নিশ্চিত করতে পারবে !?
স্কুলে গেলে, আমি না হয় 'মিড ডে মিল'টা পাবো--
কিন্তু বাড়িতে আমার কুট্টুটা, সয্যাশায়ী মা' টা,,,  কী খাবে ? আর অষুধ,,,,!
বাপ তো সেই কবেই পালিয়েছে। কারওবা মরেছে।
থাকলেও বা সবার যোগাড় করতে পারে কই।!
দুর্বল, অদক্ষ বলে, অর্ধেক দিয়ে তাড়িয়ে দাও।
দাও না!!

উফ্!  যেন চাবুক! 

ত্বরায় পালানোর পথ খুঁজি,
চলতে চলতে হোঁচট খাই! 

দেখি, তারাতো নির্বল, অসহায় ছিলনা কেহই!!
একবার দেশভাগ, একবার ভাষাভাগ, একবার দলভাগ করে করে গ্রামছাড়া করলে হাতে আর কত থাকে !?
ঝর জল দাঙা ভূকম্পের মার তো আছেই।
দুচারজন না-হয়  বাছাইকর্তার পকেটে গুঁজে দিয়ে রেশনটা, চাকরীটা বাগিয়ে নিলো! বাকিরা ---
বাকি আরও সোয়াকোটি খাদ্য-বস্ত্র-বাসস্থানহীন ।
সংস্কারহীন, শপথহীন, ঘরছাড়ারা ঘুরে ঘুরে বড় হয় নগরে বন্দরে, নৈশালয়ে।
তারপর বছর বছর জন্মদেয় আরও আরও ঝুপড়ি শিশু।
তারাও বড় হয় আবার খাবার খোঁজে, কাজ খোঁজে। 
কেউবা তাদের নিয়ে ব্যবসা ফাঁদে। 
ওফ্! আমার হোঁচট আর শেষ হয় না।

বড় এক লাগে, 
বড় একা লাগে কর্মে ধর্মে প্রতিনিধিত্বে।
যদি সবাই একযোগে পূষন হতে পারতাম,
তাহলে বলতে পারতাম---
শিশু শ্রম নিষিদ্ধ! 

প্রত‍্যেকটা হৃদয় অবহেলায় বাঁচে


✍️ সংগীত শীল

এত বছর পর নীলার সাথে দেখা
আগে কত হেঁটেছি একসাথে,
আনাচে-কানাচে শুধু স্মৃতি আগলে বেড়ে উঠেছে ছায়াশূন‍্য নগরীর বুকে মায়া।

এই শহর বড্ড যন্ত্রণার
তবু কেন এত স্নিগ্ধতা খুঁজে পাই? জানি না।

মনে আছে নীলা,
তোমাকে এক পলক দেখার জন্য
রাত দুপুর দাঁড়িয়ে থাকতাম
যেমন করে শিশু মা'কে চোখেহারায় 
কতকাল দেখিনা এমন তোমায়
সেই চোখে তাকাও না যে
কত বসন্ত পেরিয়ে গেছে।

বাড়ি যাওয়ার জন্য যখন রিক্সা চেপে বসতে,
বুকের ভেতর পাঁজরগুলি প্রতিধ্বনিত হত।

সময় শুধুই সংখ্যা মাত্র
এত কান্না, রক্তপাত
তবুও তোমার জন্য ক্লান্তি আসে না।

এত স্নেহ করেছো কিন্তু,
কই তোমার দুচোখে তো প্রেম দেখিনি আমার জন্য!
যেই আকস্মিক চাওয়াতে
দমকা হাওয়াও আটকে যাবে।
সেইরকম প্রেম!

তোমার দেয়াল সীমারেখা পর্যন্ত পৌঁছোতে পারিনি,
চেষ্টা করার দুঃসাহসও করিনি কোনোদিন।

এই যে এত দীর্ঘশ্বাস 
মিহিন চাপা সংলাপ
রাতের ভাঙা আকাশের আঁচে
নীরবে গোপনে থাকে,
তাকে কি ভুলা যায়?

থেকে যায় স্মৃতি। 
বৃষ্টিভেজা দিনের মতো হৃদয়ে 
শুধু থেকে যায়!

সেই সীমানা

✍️ সুস্মিতা দেবনাথ

      তখন ভোর ৪টা বেজে  ৩০ মিনিট সেই সীমানায় পা পেলা, সেই জায়গা, যেখানে জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলো কাটিয়া আসা। আজ অনেকদিন পরে সেই আগের স্কুলে যাওয়া। কতই না স্মৃতি জড়িয়ে আছে ওখানে। পা ফেলতেই মনে হল খুব আপন একটা জায়গা। এক নিমিষে ডুবে গেলাম সেই ছোট্টবেলাতে সেই হাসি খুশির দিনগুলিতে। গিয়েছিলাম জীবনের একটা ধাপে উত্তীর্ণ হওয়ার জন্য দৌড়ানোর উদ্দেশ্যে।  অবশেষে উদ্দেশ্য পূরণ, আর সূর্যের আলোয় আলোকিত হলো চারপাশটা। একটু পরেই স্কুল স্টুডেন্টদের আসা শুরু হবে। মনটা আজ ভিষণ হালকা। দুঃখ কষ্ট যেন এক নিমিষেই হারিয়ে গেল কোথাও। দৌড়ানোর পরেই জুতোগুলো খুলে বসে ছিলাম সেই স্কুলের বারান্দায়। যাই হোক জুতোগুলো হাতে নিয়েই যাচ্ছি বাড়ির দিকে। ভাবনা গুলো যেন ফুরাচ্ছে না, হাঁটছিলাম ঠিক আপন মনে, সেই মাঠের ঘাসে তারপর বাড়িতে যাওয়ার পথে আবারো মনে পড়ে গেল সেই রাস্তা সেই বাঁশের জার সেই  ছোট পুকুর, সেই ধান খেতের পাশে নালা,  যেখানে  প্রতিনিয়ত মাছেরা করতো খেলা। স্কুল থেকে বাড়ি যেতে প্রায়ই দেরী হয়ে যেত, তার কারণ ছিল দাঁড়িয়ে থেকে মাছেদের খেলা দেখা, রাস্তার পাশে থাকা ফুল গাছ থেকে ফুল ছেড়া, তখন পার্টিকুলার কোন বন্ধু ছিল না। যে মুহূর্তে ঠিক যার সঙ্গে থাকতাম সেই ছিল বন্ধু আর সেই বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে বাড়ি ফেরা হতো । তখন অবশ্য কোন স্বার্থ ছিল না মনে, কোন হিংসা স্পর্শ করিনি তখনও, তাই হয়তো দিনগুলো এত সুন্দর ছিল। হঠাৎ মোবাইল বেজে উঠতেই বন্ধুর কল কিরে আসবি না আজ কলেজে, কিছুটা থমকে উঠে বললাম হ‍্যা হ‍্যা অবশ্যই আসবো। শুভ সকাল বলে শুভেচ্ছা জানাতেই আমি হেসে উত্তর দিলাম হ‍্যা শুভ সকাল। দশটায় বের হব ঠিক সময়ে বেরিয়ে পরিস। ফোন কাটতেই তাড়াতাডি ছুটে গেলাম বাড়ির দিকে, বাড়ি যেতে হবে ভিষন কাজ পরে আছে যে, সেই যে জীবন সংগ্রাম। এখন যে আমি নেই ছেলেবেলাতে। যাইহোক  ফিরেছিলাম কিছুক্ষণের জন্য তো সেই ছেলেবেলার দিনগুলোতে। বাড়ি ফিয়েই তো আবারো সেই জীবন যুদ্ধ।  লড়াই করে চলেছি প্রতিনিয়ত।  পেরিয়ে  যে এসেছি সেই সীমানা।

এটাই বাস্তব

✍️ বিপ্লব গোস্বামী

সস্তায় পাওয়া জিনিসের
মূল্য দিতে জানি না,
পরিচিত লোক বড় হলে
বড় বলে মানি না।

আপন জনের গুণ গাই
পরের গুণ দেখিনা,
নিজেকে বড় নেজেই বলি
পরেকে বড় মানি না।

নিজের দোষের যুক্তি দেখাই
দোষ বলে মানি না,
অন‍্যের দোষের নেইতো ক্ষমা
শান্তি ছাড়া ছারিনা।

স্বপ্নেরা

✍️ দিব্যেন্দু নাথ

যদি তোমার দেখা পাই, বলবো 
আজও ভুলতে পারিনি

ধানভাঙা সোনালি বিকেলে 
তোমাকে পাওয়া যেত
 শিষধানের আলে

মিঠেল রোদ মাখতে-মাখতে,
কখন কুয়াশার চাদর লেপ্টে নিতো দুজকে

আজও আমন আসে গন্ধ মেখে,
শিশিরও ঝরে, সূর্যও ঝুলে
লংতরাই পাহাড়ের ডালে
ম্লান আলোয় ভাসে পাকাধানের মাঠ।

ধুসর কুয়াশা শুষে নেয় 
হৃদয়ের আলেয়া স্বপ্নগুলো। 

চলন্ত ট্রেনে ঝাঁপ দিলেও
স্টেশন ছাড়া হয় না।

একলা জীবন


✍️ মৌমিতা দাস

আমি এক অনাথ শিশু, 
নাই আমার কোনো আপনজন। 
এদিক ওদিক ঘুরে বেড়াই 
   তাই তো আমি সারাক্ষণ। 

সেই কবে একলা করে, 
    চলে যায় বাপ- মা  । 
আছি কত দুঃখে আমি, 
বলে বোঝানোর নাই কোন উপমা। 

অভাব দেখেছি, দুঃখ দেখেছি, 
            বুঝেছি জীবনের মানে। 
ধ্বংস দেখেছি,  সুখ দেখেছি, 
      ক্ষতবিক্ষত হয়েছি মনেপ্রাণে। 

বিশ্বাসের মানে সাহায্যের জন্য, 
          গিয়েছি যাদের দ্বারে দ্বারে। 
তারাই এখন আমায় চোর বলে, 
       লাথি- ঝাঁটা মারে।

দইওয়ালা জ্যেঠু


✍️ দীপক রঞ্জন কর

একডাকে পরিচিত দইওয়ালা জ্যেঠু
হররোজ আসে গাঁয়ে পথ বেয়ে মেঠো।
মাথা ঝাঁকা পাকা চুল গাল ভরা দাড়ি
কাঁধে নিয়ে দই ভার ফিরে বাড়ি বাড়ি।
দূর থেকে হাঁকে জ্যেঠু দই রাখবে দই
সাথে পাবে চিড়ে গুড় নতুন ধানের খই।
মা মাসি আসো ছুটে সোনামনি কই,
নিয়ে যাও কম দরে সেরা পাতা দই।
কে কেমন খাবে দই, আন মাটির পাত্র
এক ভান্ড পেয়ে যাবে বিশ টাকায় মাত্র।
গাঁয়ে গাঁয়ে ঘুরে ঘুরে দই বেঁচে রোজ
ভালোমন্দ কে কেমন,নেয় সবার খোঁজ।
ছেলে বুড়ো সবে তাঁরে জ্যেঠু বলে ডাকে
জ্যেঠুর সুরে খোকা খুকি দই দই হাঁকে।
হাসি খুশি থাকে জ্যেঠু, মিষ্টি মুখের ভাষা
বিনিময়ে কিনে নেন সবার ভালোবাসা।

হরিনাম হরিনাম হরিনাম বইলে (গান)


✍️ প্রসেনজিৎ পাল 


হরিনাম হরিনাম হরিনাম বইলে 
কে যায় দুখের বাজারে, 
সর্বসুখ বিরাজ করে 
মোর প্রভুর মাঝারে।

গানে গানে ভজনে
তাঁরে পাবে কীর্ত্তনে,
সেবা যদি কর হরিজনের
মুক্তি আসবে তোমার মনের। 

ধ্যানে-জপে-কর্মে
ফুটাও তাঁরে মর্মে, 
হরিনামে মেতে বেড়াও
হরিকাজে তরী বাও।

কথা ফুরোলো না

    ✍️   সঙ্গীতা গুপ্ত

আসবে বলে আশায় চোখ মেলেছি,
অশ্রু ফেলেছি কতো,
আহত বক্ষ পেতে আমি তোমার হৃদয়ের কাছে নতজানু,
দ্বার খুললে তুমি অবশেষে।
তোমার হাতে গোলাপ দেখে ভালোবাসার অধিকার পেলাম।
নয়ন ভরে তোমায় দেখে,
তোমার সুরে সুর মেলাতে চেয়েছিলাম।
অ-নে-ক কথা বলার ছিল বলে,
অধীর আগ্রহে মুখোমুখি তুমি
কয়েক পেয়ালা ঠান্ডা কফি,
কথা ফুরোলো না তবুও।

শেষের বেলা


✍️ অন্তরা ভট্ট

চলতি পথে হঠাৎ 
কবে তা কে জানে?
থমকে যাবে সময় খানি
থাকবে শহর চেয়ে।

শুভ্র ফুলের চাঁদর
থাকবে শরীর জুড়ে
মুর্ঝে যাবে চক্ষু যুগল
আবেগে আবডালে।

মুখবিবড় অশ্রু জলে
ভিজবে নিশ্চয়ে
আবেগ মাখা দৃষ্টি দিয়ে
দেখবে যে রয়ে।

শহর জুড়ে থাকবে কেবল
মেঘলা ভরা আকাশ
পিছু টান সব হলো যে শেষ
রইলনা সে আর।

ঘুম

✍️   কৃষ্ণ ধন শীল

কায়া ক্লান্ত হিয়া ক্লান্ত
ক্লান্ত যেন এই সময়,
নিশাধারে তাই কেটে গেছে 
যত আশা আর ভয়!
আবেগ যত চিন্তা যত আর যত অনুভূতি,
ছেড়ে গেছে মুছে গেছে ছিল যত আকুতি!

দিনের আলোর শেষে 
এই আঁধারের আঙ্গিনায়, 
ফিরে আসা সুখের স্মৃতিগুলি 
যেন বড়োই অসহায়!
ক্লান্তি শ্রান্তি অবসাদ যত সবই বাহানা শুধু, 
জানি ঘুমিয়ে পড়লে এ জীবন মরু ধূ ধূ!

নিসর্গের টানে

✍️ প্রবীর পাঁন্ডে

মনে হয় যেন কোনো অতিদূর দেশে
যাই চলে,চিরনিশা আঁধারের শেষে-
লোকালয় হতে দূরে তপোবন মাঝে
যেথা স্বর্ণপ্রভা দেবী অপরূপ সাজে;
সোনার আঁচল পেতে মনোহর বেশে
উন্মুক্ত গগন তলে রহিয়াছে বসে। 
হেরি চারিধারে তার সৌন্দর্যের রাশি 
রাঙা চরণের তলে পড়িতেছে খসি।

যেথা দেবী উষারানি ভোরবেলাকায়
কুঙ্কুম রঞ্জিত রাঙা সোনালি আলোয়-
মাধবীলতার মতো বাহুযুগ মেলে
সৌন্দর্যের সুধারস আনে ধরাতলে। 
জ্যোৎস্নার শুভ্রলোকে পূর্নিমার রাতে
যেথা নীল পরীগণ সখিগণ সাথে, 
নির্মল স্ফটিক স্বচ্ছ স্নিগ্ধ সরোবরে 
প্রণয় উচ্ছ্বাসে মেতে জলকেলি করে। 

যেথা মেঘমুক্ত শুভ্র নীলিমা আকাশ-
চারিদিকে বহে শুধু প্রশান্ত বাতাস-
চির বসন্তের সেই সবুজ প্রদেশে
ঝরনার কলস্রোতে গান ওঠে ভেসে;
যেথা নাহি অন্ধকার- আছে মহাদীপ্তি
জীবনের তৃষা নাহি-আছে চিরতৃপ্তি
নাহি কোনো কোলাহল, নাহি কোনোজন
শুধু বন বালিকার নীরব গুঞ্জন। 

জন কোলাহল হীন সেই সে নির্জনে
কুসুম আবাস বাঁধি বড়ই যতনে, 
কেতকীর বেড়া ঘেরা আমলকী বনে
সারাদিন রব বসে সবুজের সনে। 
কত না সৌন্দর্য রাশি এ ভরা ভূবনে-
কত না রূপের খেলা মেঘের কাননে-
পলাতক আলো ছায়া গগনে গগনে
সানন্দে করিব পান আমি তা নয়নে। 

আর কোনো কাজ নয় বসি বৃক্ষতলে
হৃদয়ের রূদ্ধ দ্বার দিব আমি খুলে-
যত কথা আছে মম গোপন হৃদয়ে
লিখে যাব কাব্যগীতে সু্র ছন্দ দিয়ে। 
যত গান, যত সুর আছে মর্মস্হলে
গেয়ে যাব কন্ঠ ছাড়ি শূন্যে-জলে-স্হলে।

ছলিত

✍️ অসীম দেববর্মা

      যেখানে তোমার আমার 
          হয়েছিল প্রথম দেখা,
        সেইখানেই এখনো আঁকা 
      আছে কাটানো সময়ের রেখা।
ব্যস্ততার বাহানায় আমাকে ভুলতে চাও!
নিজেকে নিজেই কেনো শুধু শুধু ফাঁকি দাও?
তোমাকে তুমি প্রশ্ন করো আমি কী ছিলাম না
                 তোমার প্রয়োজনে,
তাহলে কেনো আমি নেই তোমার আয়োজনে!
যাযাবর দেহ কিন্ত মন পরিযায়ী নয় 
মরীচিকার মরুভূমিতে কে কার হয়।
দিন শেষে রাত উড়িয়ে দেয় তার কালো আবরণ,
  চুপিচুপি কড়ানাড়ে রাতের নির্জনতায় মন 
                 খারাপের কারণ।

আধুনিক চোর


✍️ সুস্মিতা সরকার

সে তো আধুনিক চোর 
রাতে নয় দিনে ও চলে কাজ ওর । 

করে না লুকিয়ে
তবু কেও দেখেও দেখে না ওদের। 
             
চোরের ও বড় জীবন , 
শুধু ধনশালী নয় , রাজ্যর রাজত্ব ও ওদের।

ওদের আবার আবার সন্মানের জীবন 
দরিদ্রের কাছ থেকে লুঠ করে ধনীর সাথে বসে ।

ওরাই মাথা উঁচু করে বাঁচে 
তাইতো ওদের আধুনিক চোর বলে । 

দিব‍্যলোকের পথে


✍️ মিঠু মল্লিক বৈদ‍্য

কখনো দেখেছো কি আকাশকে তার
বিশালতা ছেড়ে সংকীর্ণতায় বিলীন হতে ?
দেখেছো কি শত উত্থান পতনেও
সূর্যকে  দীপ্ততা হারাতে?

চাঁদকে মোহনীয় আভায় না হারিয়ে
চিরান্ধকারে বিলীন হতে ?
দেখেছো কি সমুদ্রকে 
জলোচ্ছ্বাস হারিয়ে থমকে যেতে?

ঠিক তেমনি মিথ‍্যার  অন্ধকারে 
ভালোবাসার বিশালতা যায়না তলিয়ে ,
আলোকস্নাত চোখে  কেবলই স্বপ্ন বুনে
প্রভাতী রবির নির্মল আভায়।

নদীর ধর্ম বহমানতা, 
মোহনায় মিশবে বলে
এগিয়ে চলে  চির অনন্তকাল
সাগর বুকে আঁচড়ে পড়ে পরিতুষ্টির চেতনে।

তেমনি করেই ভালোবাসার স্নেহার্দ্রতা
বিদ্রূপতার সকল গলিপথ পেরিয়ে
এগিয়ে চলে শেষ যাত্রার পানে
শান্তির সোপান বিছানো দিব‍্যলোকের পথে।

রঘুপতি

✍️ প্রশান্ত দাস


হিন্দু ধর্মের পতি তুমি,
                         অযোধ্যা সার। 
রাম রূপে বিষ্ণুর আগমন,
                        সপ্তম অবতার। 
সূর্যবংশে আইলা তুমি,
                      কৌশল্যা নন্দন। 
'পিতা রূপে ধন্য আমি',
                        কহেন দশরথ। 
সত্যনিষ্ঠা - ন্যায়কৌশল, 
                      তুমি মানবপ্রেমি।
পিতৃভক্তি - প্রজাবাৎসল্য,
                 জ্ঞানী, পরোপকারী।
আদর্শ স্বামী-পুত্র-পতি,
                 ক্ষমা ও সততারূপ।
গুনের জগৎ সমাপ্ত তবুও, 
                     অসংখ্য রঘুগুন।
 তব সূর্যবংশ ভূষিত এবে,
                        রঘুবংশ নামে।
বিপদাপদে সাধ্য কার যে,
               রাম-লক্ষনেরে খন্ডে।

অতিথি

আমার আশা


  ✍️ পিয়া কর চৌধুরী


আশায় আশায় বসেছিলাম 
     পাব ভাল বর,
আশার মাঝে বয়ে গেল,
   অনেক প্রবল ঝড়।
আশা ছিল কারো জীবনে,
    ভাল সাথী হব।
সাথী হয়ে চিরদিন,
তার পাশে পাশে রব।
আশা ছিল জীবনে আমি ,
পাব অনেক ভালবাসা।
সেটা আমার হলনা পাওয়া,
  সব হয়ে গেল নিরাশা।
আশা ছিল জীবনে আমি,
  গড়ব সোনার স‌ংসার।
পেলাম না সেই সোনার সংসার
সব হল নিরাকার।
 আশা ছিল আমি তোমার
     হব ভাল সাথী
সেই আশাও হলনা আমার,
    এখন একা একা থাকি।

উপহার একটা স্মৃতি


✍ আলমগীর কবীর। 

আজকের এই উপহার স্মৃতিস্বরূপে রেখে দিলাম, বুঝে নিলাম তা দিয়ে, ভালবাসার বহিঃপ্রকাশ। 
এই উপহার যে শুধুই উপহার নয়,
এক পৃথিবী শ্রদ্ধায় ভরা, নীল আকাশের গ্রহ তাঁরা 
এই উপহার সোনা রুপা, মণি মুক্তা দস্তার সম। 

এই টিশার্ট যবে গায়ে জড়বে, মনে পরবে তোমার কথা
থাকবে মনে স্মৃতি হয়ে, এই রজনীর ইতিবৃত্ত 
কত ভালবাসায় মাখামাখির, দিন রজনী অতীত হল
যখনই তোর স্পর্শে ছিলাম, কত যে মোর লাগত ভাল।

হঠাৎ যখন যাবি ছেড়ে, থাকব আমি একা একা
তখন আমার পড়বে মনে, তোর দেয়া উপহারের কথা।
থাকব একা রইবো পরে, তোর দেয়া স্মৃতির টিশার্ট 
জানি আধার রজনীর পরে, ঠিকই আসবে স্নিগ্ধ প্রভাত।